📘 প্রোডাক্টিভ লেসনস > 📄 ছুড়ে ফেলুন বিশৃঙ্খলা

📄 ছুড়ে ফেলুন বিশৃঙ্খলা


একাগ্র হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকরী উপায় হলো বিশৃঙ্খলাকে ছুড়ে ফেলা। আমরা এমন একটা সময়ে বাস করছি যাকে ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তাল সাগরের ঢেউয়ের সাথে তুলনা করা যায়, যে তীরে দাঁড়িয়ে থাকলে যেকোনো সময়ে ডুবে যেতে পারেন, এজন্য সমুদ্রে নামার দরকার পড়বে না। এ সময়টাতে আপনার হৃদয় নানারকম চিন্তাভাবনায় ভরপুর হয়ে যেতে পারে। আপনি স্থির হয়ে কোনো কিছু ভাবার মতো সময়ও পাবেন না। কারণ বাস্তবে বিক্ষিপ্ততার অনেক উপকরণ চারপাশে আছে।
রাফিয়ি রাহিমাহুল্লাহ একবার বিশৃঙ্খলা ছুড়ে ফেলার বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন সাংস্কৃতিক অবগাহন। যেমন : কোনো মানুষ যদি ইতিহাস নিয়ে লিখতে চায়, তাহলে তাকে ইতিহাসের সব বই পড়তে হবে। ব্যাপক সময় নিয়ে ইতিহাসে এমন একটা ডুব দেবে যে, তার রক্তে ইতিহাস ঢুকে পড়বে। সেসব বিক্ষিপ্ততা থেকে সে মুক্তি পাবে, যেগুলো তার চিন্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। একইভাবে যে লোকটা কবিতা, গদ্য কিংবা সিরাত লিখতে ইচ্ছুক, তার উচিত আশপাশের সব কিছুর প্রভাব থেকে মুক্ত হয়ে সাংস্কৃতিক অবগাহন করা; যাতে তার চিন্তা ও পরিকল্পনার জন্য মনটা একনিষ্ঠ হয়। পরবর্তীতে সে তার পরিকল্পিত চিন্তায় মনোযোগ দিতে পারে।
আপনি যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে চান, তাহলে এমন কোনো লোকের কথা কল্পনা করুন, যে কোনো চিন্তায় গভীরভাবে ডুব দিয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে, বাস্তব জগতে ফিরে আসার আগে সে তা শেষ করেই আসবে। কিন্তু সে লক্ষ করে সারা বিশ্বের সর্বত্র হত্যা, ভাঙচুর এবং বিশৃঙ্খলা। বিভিন্ন রকমের খেলাধুলা ও বিনোদনে ছেয়ে গেছে সব কিছু। এদিক-ওদিক থেকে সামাজিক যোগাযোগ-মাধ্যমে তার ওপর বিভিন্ন দায়িত্ব, প্রোগ্রাম এবং কাজ এসে চেপে বসেছে। তারপরও কি তার কাছ থেকে আপনি ফলপ্রসূ কিছু আশা করতে পারেন? তার চিন্তা-ভাবনায় গভীরতা থাকবে, এটা কি নিছক দিবাস্বপ্ন নয়?
নীরবতা হিরণ্ময়—Silence is golden. আমরা যদি কার্যকরী ও ফলপ্রসূ কোনো চিন্তায় মগ্ন হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই নির্জনতার কাছে যেতে হবে, নীরব পরিবেশ বেছে নিতে হবে। চিন্তার ক্ষেত্রে সব রকম বিক্ষিপ্ততা থেকে মুক্ত হওয়া বাঞ্ছনীয়। আমাদের চিন্তা-পরিকল্পনা-ভাবনায় অভিনবত্ব এনে সম্ভাবনাময় কাজ করতে চাইলে এই পদ্ধতির কোনো বিকল্প নেই। আমি বলছি না, মানুষজন ছেড়ে বনবাসে যেতে। বরং প্রয়োজনে সামাজিক যোগাযোগ-মাধ্যম থেকে বিচ্ছিন্ন হওয়া এবং অনর্থক সময় অপচয়কারী লোকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই একান্তকাম্য।

📘 প্রোডাক্টিভ লেসনস > 📄 আজকের কাজগুলো আজই করে ফেলুন

📄 আজকের কাজগুলো আজই করে ফেলুন


আপনার চিন্তা-চেতনা আর পরিকল্পনার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো কাজ জমিয়ে রাখা। মনোযোগ নামক অভ্যাসটিকে ধ্বংস করার সব থেকে সহজ উপায় হলো এই মুলতবি রাখার মানসিকতা।
i
আমরা প্রায়ই ভাবি, অমুক কাজটা কাল থেকে শুরু করব। এখনো হাতে অনেক সময় আছে! এই রকম চিন্তা এলেই তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই অভ্যাসটিকে বড় হতে দেবেন না; তা আপনি যেমন পরিস্থিতি বা সমস্যারই মুখোমুখি হোন না কেন।
যতই বাধা-বিঘ্ন আসুক না কেন, হাল ছেড়ে দেওয়ার মানসিকতা রাখা যাবে না। আপনার পরিকল্পনায় মনোনিবেশ করুন। আপনি দৈনিক যে প্রায়োরিটি লিস্ট ঠিক করেছেন তা থেকে একচুলও নড়বেন না। যদি অন্যকোনো কাজ একান্তই জরুরি হয়ে পড়ে এবং কোনোভাবে ঠেকানো সম্ভব না হয়, কিংবা স্থগিত রাখাও না যায়; তাহলেও কৌশলে কাজ সারতে হবে। আপনার লক্ষ্য থেকে যতখানি সম্ভব অল্প পরিমাণে হলেও কাজ করতে হবে, যাতে কোনোভাবে আপনার দিনটা একেবারে বিফলে না যায়। এই বিষয়ে গুরুত্ব দিয়েই তো ইমাম শাওকানি বলেছেন, ‘দুয়েক লাইন হলেও লিখি।’
আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, পরিকল্পনা নিয়ে থেমে যাওয়াটা মারাত্মক ক্ষতিকর। বড় মানুষদের কাজ কখনো এমন হতে পারে না। নিজের কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতাটাই সাফল্যের পূর্বশর্ত। আপনার জীবনে উন্নতির সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না, সাবধান!
আখিরাতে সফলতা অর্জনের কত সুযোগ যে এভাবে নষ্ট হয়ে গেছে, আর দুনিয়ার সুযোগ তো বাদই দিলাম। কুরআনে আছে, ‘তোমরা তোমাদের রবের ক্ষমা লাভের প্রয়াসে প্রতিযোগিতায় লিপ্ত হও।’[১] এসব কিছু ইতিবাচক কাজের দিকে উদ্বুদ্ধ করে বলা, জীবনের সময়টা অনর্থক নষ্ট না করার দিকে আগ্রহী করে তোলার জন্য বলা।
বুখারিতে উকবা ইবনু হারিসের বর্ণিত হাদিসে আছে, আমি মদিনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে আসরের সালাত আদায় করলাম। সালাত শেষ হলে তিনি সালাম ফিরিয়ে উঠে দাঁড়ালেন। এরপর মানুষের কাঁধ ডিঙিয়ে তার কোনো এক স্ত্রীর ঘরে চলে গেলেন। লোকজন নবিজির এমন তাড়াহুড়ো দেখে বেশ অবাক হলো। পরে তিনি ফিরে এসে সবাইকে বললেন, ‘আমার মনে পড়ল ঘরে একটি সোনা কিংবা রুপার টুকরো রয়ে গেছে। আমার ভয় হচ্ছিল, না-জানি কাল হাশরের ময়দানে এর জন্য আমার কত কঠিন হিসেব নেওয়া হবে। তাই সালাত শেষ করে তাড়াতাড়ি সেগুলো বিলিয়ে দেওয়ার আদেশ দিয়ে এলাম।’[২]

টিকাঃ
[১] সুরা হাদিদ, আয়াত: ২১
[২] সহিহ বুখারি: ১২২১

📘 প্রোডাক্টিভ লেসনস > 📄 কাজগুলো সব সহজ করুন

📄 কাজগুলো সব সহজ করুন


যদি কারো কাজের প্রতি আগ্রহ না থাকে, তার কাছে যদি এ কাজের গুরুত্বই না থাকে কিংবা কাজটা যে দায়িত্ব নিয়ে করতে হবে সেই বোধ জাগ্রত না হয়, তখনই কাজ ফেলে রাখার প্রবণতা চলে আসে। সে মূলত কাজটা করতেই চায় না। এ সমস্যাটি দূর করার জন্য সে তার মনমতো আনন্দদায়ক কোনো পরিকল্পনা হাতে নিতে পারে।
কাজ ফেলে রাখার মানসিকতা আসার আরেকটা কারণ, লক্ষ্যের মাত্রা বড় হওয়া। এটা ব্যক্তিকে চাপের মুখে ফেলে দেয়। সে তখন দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে।
কাজ ফেলে রাখার আরও কারণ হলো, লিখে রাখা বিষয়টা একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিছুতে পরিণত না হওয়া। অর্থাৎ সে যদি দিনের মাঝে এটার জন্য সময় নির্ধারণ না করে, তাহলে তার পেছানো ছাড়া আর কোনো উপায় থাকে না।
একজন মানুষের উচিত শুরু থেকেই তার চিন্তা আর পরিকল্পনাকে গুরুত্ব সহকারে দেখা। এরপর সে তার সাধ্যের মাঝে যেসব চিন্তা বাস্তবায়ন করা সম্ভব সেগুলো লিখে রাখবে। কতটুকু সময়ের মধ্যে সেগুলো সে শেষ করতে চায় এটাও লিখতে হবে। এই তিনটা জিনিস ঠিক থাকলে আর কোনো কিছু তার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারবে না। অন্য কোনো ব্যাপার জীবনে যত প্রভাব বিস্তারই করুক না কেন, সেটা তার লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করতে সক্ষম হবে না।
মনে রাখবেন, কাজ পিছিয়ে রাখা কিংবা আগামী দিনের জন্য ফেলে রাখা নিজের ওপর জুলুম করা, নিজের সুপ্ত প্রতিভাকে পুড়িয়ে ফেলা এবং সক্ষমতাকে অকার্যকর করার নামান্তর। এটা নিয়মিত করলে আপনার কর্মক্ষমতা যেমন নষ্ট হবে, তেমন আপনার বিশ্রামের মুহূর্তও ফুরিয়ে যাবে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার মাঝে দুশ্চিন্তা এসে ভর করবে। আপনি কেন কাজ শেষ করলেন না, সে জন্য হতাশা ঘিরে ধরবে আপনাকে। অবশেষে আপনি আবিষ্কার করবেন, সব কিছু আপনি হারিয়ে ফেলেছেন।
এই সমস্যার সমাধান হলো, আপনি যে কাজগুলো প্রায়োরিটি লিস্টে রেখেছেন সেগুলোর জন্য আলাদা সময় বরাদ্দ রাখবেন, ঐ সময়টাতে সেই কাজগুলো করে ফেলবেন। তারপর কিছুক্ষণের জন্য থেমে আপনার পছন্দনীয় কোনো একটা কাজে জড়াবেন। কিছুক্ষণ সেটায় ব্যস্ত থেকে আবার ফিরে আসবেন, যাতে করে প্রত্যেকবার আপনি প্রায়োরিটি লিস্টে থাকা কাজগুলো সম্পন্ন করতে পারেন।
এই পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো এতে করে আপনার জন্য পথটা সহজ হয়ে যাবে। আপনার মাঝে ইতিবাচক অনুভূতি জন্ম নেবে। আপনি নিজেই নিজের কাজের অগ্রগতি অনুভব করতে পারবেন। ছোট ছোট টার্গেটগুলো পূরণ হবে। দিনে দিনে কাজ মুলতবি রাখার বদ অভ্যাসও দূর হয়ে যাবে।

📘 প্রোডাক্টিভ লেসনস > 📄 আশায় আশায় দিন কেটে যায়

📄 আশায় আশায় দিন কেটে যায়


জীবনে মনোযোগ অর্জনের অন্যতম সহায়ক বিষয় হলো আশাবাদী হওয়া, রবের ব্যাপারে সুধারণা পোষণ করা। সবসময় মনে রাখবেন, আপনার জীবনের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। আপনি ভবিষ্যতে ব্যতিক্রমী কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য মনোযোগ অর্জন করা সম্ভব। এই অভ্যাসের গুণে আপনি লক্ষ্য অর্জনও করতে পারবেন। তাই ভয়, দুশ্চিন্তা, হতাশা, দুর্ভাবনা সবকিছু ঝেড়ে ফেলুন। এসব বৈশিষ্ট্য আপনার উত্তম গুণাবলিকে মুছে দেবে।
আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আশাবাদী ছিলেন। তিনি জীবনে এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এত নির্যাতন-অত্যাচার সয়েছেন, অথচ কখনোই হতাশ হননি, বিরক্তি প্রকাশ করেননি। তিনি বলেছেন, ‘আমার কাছে ভালো ধারণা পছন্দনীয়।’ তিনি খারাপ কিছু আশা করা কিংবা কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করতে নিষেধ করতেন। কোনো মানুষ যদি এটা বলত ‘লোকে ধ্বংস হয়ে গেছে’—সেটাও তিনি অপছন্দ করতেন।
আপনার উন্নত রুচির প্রমাণ এটাই যে, আপনি সুধারণার ওপর বহাল থাকবেন। এই ধারণা রাখবেন, কোনো মানুষ যদি দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে এবং তৌফিকপ্রাপ্ত হওয়ার সকল আলামত নিজের মাঝে জড়ো করতে পারে; তবে সে লক্ষ্যে পৌঁছতে পারবে এবং উভয় জগতে সাফল্য অর্জন করবে।
তাই আপনার লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করার পর মনের দেওয়ালে এই নোটিশ ঝুলিয়ে দিন, আপনি ভবিষ্যতে কিছু একটা করতে যাচ্ছেন। আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান, সেখানে পৌঁছবেনই; তা যত দীর্ঘ পথই হোক না কেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাওহিদ প্রতিষ্ঠার জন্য ১৩ বছর সংগ্রাম করলেন, তখন অবর্ণনীয় দুঃখকষ্টে নিপতিত হতে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত বিজয় তারই হলো। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনি সারা পৃথিবীর বুকে শান্তি ছড়িয়ে দিয়েছেন।
আসুন আমরা অসাধারণ সব অভ্যাস দ্বারা নিজেদের জীবন গড়ে তুলি। আমরা আশা রাখি, পথের শেষে আমরা পৌঁছাবই। আল্লাহর সাহায্যে আমরা শেষ নাগাদ পৌঁছে যাই। তাই সফলতা দেরিতে আসছে বলে থেমে যাবেন না। হয়তো একদিন আপনি সামান্য পেছাবেন, কিন্তু দেখা যাবে পরদিনই সাফল্য আপনাকে ঘিরে ধরবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00