📘 প্রচলিত মানহাজ 📄 মতবিরোধপূর্ণ বিষয়ে আমল করার উপায়

📄 মতবিরোধপূর্ণ বিষয়ে আমল করার উপায়


যে বিষয়গুলো ইমামদের কাছে মতবিরোধপূর্ণ তার প্রত্যেকটাই আমলযোগ্য। এর কোনো একটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে, কিন্তু অন্যটিকে তিরস্কার করা যাবে না; বরং উত্তম হচ্ছে-সম্ভব হলে হাদিসে বর্ণিত সব পদ্ধতির ওপর আমল করা।

শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (রহ.) বলেন- 'লোকেরা প্রত্যেকটা হাদিসের ওপরই আমল করবে। তবে হাদিস পরস্পরবিরোধী হওয়ার কারণে যদি সবগুলোর ওপর আমল করতে না পারে, সেটা ভিন্ন কথা। '১৬৭

মাওলানা মওদুদী (রহ.) রফউল ইয়াদাইন করা, আমিন বলা, হাত বাঁধা ইত্যাদির আলোচনা করতে গিয়ে বলেন-'কোনো ব্যক্তি যদি এর মধ্যে কোনো একটি পন্থার ওপর স্থায়ীভাবে আমল না করে সময় সময় হাদিসে বর্ণিত সবগুলো তরিকার ওপর আমল করতে থাকে, তাহলে এটা নবি ﷺ-এর সঠিক ও পূর্ণাঙ্গ অনুসরণ হবে।'১৬৮

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরও একই কথা বলেছেন।১৬৯

শাহ ওয়ালিউল্লাহ (রহ.) আরও বলেন- 'ফকিহদের মধ্যে অধিকাংশ মতবিরোধ সেসব বিষয়ে হয়েছে, যেসব বিষয়ে সাহাবিদের মধ্যে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। যেমন: তাশরিক ও দুই ঈদের তাকবির, মুহরিমের বিয়ে, ইবনে আব্বাস ও ইবনে মাসউদ (রা.)-এর তাশাহুদ, বিসমিল্লাহ ও আমিন সশব্দে কিংবা নিঃশব্দে বলা ইত্যাদি।'১৭০

শাহ সাহেবের বক্তব্য থেকে স্পষ্ট, যেসব বিষয়ে মতবিরোধ করে আমরা এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছি, তার প্রত্যেকটাই সাহাবিদের আমল।১৭১ তাই আমরা দুটির ওপরই আমল করতে পারি অথবা যেকোনো একটির ওপর আমলকে সীমাবদ্ধও রাখতে পারি। কিন্তু নিজের মতের আমলকে শুদ্ধ বলে বিপরীত মতের বিরোধিতা করার অর্থ হলো-সাহাবিদের আমলেরই বিরোধিতা করা, তাঁদের সমালোচনা করা।

শরিয়তের এসব ইখতেলাফি মাসয়ালা নিয়ে আমরা বিতর্কে লিপ্ত, রাসূল ﷺ-এর সুন্নাহ ও পূর্ববর্তী আলিমদের মতামতের আলোকে তা নিয়ে আমরা এখন সংক্ষেপে আলোচনা করব, ইনশাআল্লাহ!

টিকাঃ
১৬৭. দেহলভি, হুজ্জাতুল্লাহিল বালিগাহ: (১/২৩৮)
১৬৮. মওদূদী, রাসায়েল ও মাসয়েল, ১ম খণ্ড, (অনুবাদ: আবদুস শহীদ নাসিম, ৬ষ্ঠ মুদ্রণ-২০০৮) শতাব্দী প্রকাশনী: পৃষ্ঠা-১৫৭
১৬৯. ড খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এহইয়াউস সুনান, (আস-সুন্নাহ পাবলিকেশন্স, ৫ম সংস্করণ, ২০০৭), পৃষ্ঠা-২২৫
১৭০. দেহলভি, ফি বায়ানে আসবাবিল ইখতিলাফ: ১০৭
১৭১. আরও জানতে পড়ুন শাহ ওয়লিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.)-এর লেখা আল ইনসাফ ফি বায়ানে আসবাবিল ইখতিলাফ। বাংলা মতবিরোধ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়, অনুবাদক: আবদুস শহীদ নাসিম।

ফন্ট সাইজ
15px
17px