📄 উচ্চমর্যাদা লাভ
হযরত মু'আবিয়া (রাঃ) বলেছেন, ،المروءة ترك الشهوات وعصيان الهوى، فاتباع الهوى يزمن المروءة ومخالفته تنعشها 'পৌরুষ হ'ল কামনা-বাসনা বর্জন এবং কুপ্রবৃত্তির বিরোধিতার নাম। কুপ্রবৃত্তির অনুসরণ পৌরুষকে ব্যাধিগ্রস্ত করে দেয়, আর তার বিরোধিতায় পৌরুষ সুস্থ-সবল থাকে'।⁵¹ মুহাল্লাব বিন আবু ছাফরাকে বলা হ'ল, 'কীভাবে আপনি এত উচ্চমর্যাদা লাভ করলেন'? উত্তরে তিনি বলেন, 'বিচক্ষণতা ও দূরদর্শিতা অবলম্বন এবং প্রবৃত্তির বিরোধিতার মাধ্যমে'।⁵²
জনৈক ব্যক্তি বলেছেন, 'বিদ্বানদের মধ্যে সেই বেশী মহৎ, যে তার দ্বীন সাথে নিয়ে দুনিয়ার হাত থেকে পালিয়ে বাঁচে এবং কামনা-বাসনার উপর তার কর্তৃত্ব মযবৃত করে'।⁵³ আবু আলী আদ-দাক্কাক বলেছেন, من ملك شهوته في حال شبيبته أعزه الله تعالى في حال كهولته 'যে যুবক তার যৌবনে কামনা-বাসনার উপর কর্তৃত্ব বজায় রাখতে পেরেছে, বার্ধক্যে আল্লাহ তা'আলা তাকে সম্মান দান করবেন'।⁵⁴
কবি ইবনু আব্দিল কাভী বলেছেন,
فَمَنْ هَجَرَ اللَّذَّاتِ نَالَ الْمُنَى وَمَنْ + أَكَبَّ عَلَى اللَّذَّاتِ عَضَ عَلَى الْيَدِ
وَفِي قَمْعِ أَهْوَاءِ النُّفُوسِ اعْتِرَازُهَا + وَفِي نَيْلِهَا مَا تَشْتَهِيْ ذُلُّ سَرْمَدِ
وَلَا تَشْتَغِلْ إِلَّا بِمَا يُكْسِبُ الْعُلَا + وَلَا تُرْضِ النَّفْسَ النَّفِيسَةَ بِالرَّدِي
وَفِي خَلْوَةِ الْإِنْسَانِ بِالْعِلْمِ أُنْسُهُ + وَيَسْلَمُ دِيْنُ الْمَرْءِ عِنْدَ التَّوَحُدِ
وَيَسْلَمُ مِنْ قِيْلٍ وَقَالَ وَمِنْ أَذَى + جَلِيْسٍ وَمِنْ وَاشٍ بَغِيْضٍ وَحُسَّدِ
فَكُنْ حِلْسَ بَيْتٍ فَهْوَ سِتْرٌ لِعَوْرَةٍ + وَحِرْزُ الْفَتَى عَنْ كُلِّ غَاوِ وَمُفْسِدِ
وَخَيْرُ جَلِيْسِ الْمَرْءِ كُتُبٌ تُفِيدُهُ + عُلُوْمًا وَآدَابًا وَعَقْلاً مُؤَيِّدِ
'যে স্বাদ-আহ্লাদ ত্যাগ করেছে সে আশা পূরণ করতে পেরেছে। আর যে স্বাদ-আহ্লাদের মাঝে হুমড়ি খেয়ে পড়েছে সে অনুশোচনায় হাত কামড়ে ধরেছে। মনের কামনা-বাসনাকে দমন করাতেই তার সম্মান নিহিত রয়েছে। কিন্তু মন যা চায় তাই জোগাতে থাকলে এক সময় চিরস্থায়ী লাঞ্ছনায় ডুবে যেতে হবে। কাজেই উচ্চমর্যাদা অর্জিত হয় এমন কাজ বাদে অন্য কোন কাজে মশগুল হয়ো না। মূল্যবান জীবনটাকে নিকৃষ্ট জিনিসের মাঝে সন্তুষ্ট থাকতে দিও না। একান্তে বিদ্যাচর্চা মানুষের জন্য বন্ধুত্ব বয়ে আনে আর একাকীত্বের মাঝেই মানুষের দ্বীন-ধর্ম-নিরাপদ থাকে। সে সমালোচনা, খারাপ সঙ্গীর কষ্টদান এবং বিদ্বেষপরায়ণ নিন্দুক ও হিংসুকের হিংসা থেকে রক্ষা পায়। সুতরাং তুমি সর্বদা তোমার ঘরে অবস্থান কর। এটাই তো তোমার গোপনীয়তার জন্য হবে পর্দা এবং প্রত্যেক ভ্রষ্টাচারী ফিতনা-ফাসাদ সৃষ্টিকারী থেকে (তরুণের) রক্ষাকবচ। উপকারী বই-পুস্তকই তো মানুষের উত্তম সঙ্গী । যা তাকে বিদ্যা-বুদ্ধি ও শিষ্টাচার শিক্ষা দেয়'।⁵⁵
টিকাঃ
৫১. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৭৭-৪৭৮।
৫২. ইবনু আবিদ্দুনিয়া, আল-আকলু ও ফাযলুহু, পৃঃ ৯২।
৫৩. যাম্মুল হাওয়া, পৃঃ ২৭।
৫৪. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৮৩।
৫৫. আল-আদাবুশ শারঈয়্যাহ ৩/৩০৩-৩০৪ ।
📄 সংকল্পের দৃঢ়তা
কুপ্রবৃত্তির অনুসরণ মানুষের সঙ্কল্পকে দুর্বল করে দেয় এবং তার বিরোধিতা সংকল্পকে দৃঢ় ও শক্তিশালী করে। এই দৃঢ় সংকল্পই বান্দার জন্য আল্লাহ্ ও আখিরাতের পথের বাহন। সুতরাং যানবাহন যখন বিকল হয়ে যাবে তখন মুসাফিরের যাত্রাও পণ্ড হয়ে যাবে। ইয়াহইয়া বিন মু'আযকে জিজ্ঞেস করা হ'ল, 'সবচেয়ে বিশুদ্ধ সংকল্পের অধিকারী কে'? তিনি বললেন, 'যে তার প্রবৃত্তির বিরুদ্ধে জয়লাভকারী'।⁵⁶
টিকাঃ
৫৬. যাম্মুল হাওয়া, পৃঃ ২৬।
📄 স্বাস্থ্য রক্ষা
ইবনু রজব বলেছেন, জনৈক বিদ্বান ১০০ বছর বয়স পার করেছিলেন, তখনও তার দেহ সুঠাম এবং বোধশক্তি সতেজ ছিল। একদিন তিনি খুব জোরে এক লাফ দিলেন। সেজন্য তাকে গালমন্দ করা হ'ল। কিন্তু তিনি প্রত্যুত্তরে বললেন, ছোটকালে এই অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে আমরা পাপ-পঙ্কিলতা থেকে রক্ষা করেছি, তাই বুড়োকালে আল্লাহ আমাদের জন্য সেগুলো রক্ষা করছেন। এর বিপরীতে জনৈক পূর্বসূরি ব্যক্তি এক বৃদ্ধকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে দেখে বললেন, এই লোকটা অবশ্যই দুর্বল। সে শৈশবে আল্লাহ্র হক নষ্ট করেছিল, তাই তার বার্ধক্যে আল্লাহ তাকে কষ্টে ফেলেছেন'।⁵⁷
টিকাঃ
৫৭. ইবনু রজব, জামেউল উলূম ওয়াল হিকাম, পৃঃ ১৮৬।
📄 দুনিয়ার বালা-মুছীবত থেকে মুক্তি
ইবরাহীম বিন আদহাম (রহঃ) বলেছেন, أَشَدُّ الْجِهَادِ جِهَادُ الْهَوَى، وَمَنْ مَنَعَ نَفْسَهُ هَوَاهَا فَقَدِ اسْتَرَاحَ مِنَ الدُّنْيَا وَبَلَائِهَا، وَكَانَ مَحْفُوظًا وَمُعَافَى مِنْ أَذَاهَا 'কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদই সবচেয়ে কঠিন জিহাদ। যে নিজের মনকে প্রবৃত্তির তাড়না থেকে হেফাযত করতে পারবে, সে দুনিয়া ও দুনিয়ার বালা-মুছীবত থেকে আরামে থাকবে। সে দুনিয়ার কষ্ট-ক্লেশ থেকেও রক্ষা পাবে'।⁵⁸
টিকাঃ
৫৮. হিলয়াতুল আওলিয়া ৮/১৮; শু'আবুল ঈমান, পৃঃ ৮৭৬।