📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 কুরআনী উপদেশ দ্বারা উপকৃত না হওয়া

📄 কুরআনী উপদেশ দ্বারা উপকৃত না হওয়া


প্রবৃত্তি মানুষকে কুরআন বুঝতে এবং কুরআনের উপদেশ ও হুকুম-আহকামের দ্বারা উপকৃত হ'তে বাধা দেয়। প্রবৃত্তির পূজারীরা তো নবী করীম (ছাঃ)-এর মুখ থেকে সরাসরি কুরআন মাজীদ শুনত, এতদসত্ত্বেও তারা তা দ্বারা উপকৃত হ'তে পারেনি। তাদের সম্বন্ধে আল্লাহ তা'আলা বলেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا أُوْلَئِكَ الَّذِيْنَ طَبَعَ اللهُ عَلَى قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْا أَهْوَاءَهُمْ 'তাদের মধ্যে এমন লোক আছে যারা তোমার কথা শোনে। কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের নিকট গিয়ে বলে, 'এইমাত্র কী বলল লোকটি?' মূলতঃ এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরাই নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে' (মুহাম্মাদ ৪৭/১৬)।
সুতরাং কুরআন ও সুন্নাহ্র আদেশ-নিষেধে সাড়া না দেওয়া প্রবৃত্তি ও খেয়াল-খুশীর অনুসরণের প্রমাণ বহন করে। আল্লাহ তা'আলা বলেন, فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُوْنَ أَهْوَاءَهُمْ 'যদি এরা তোমার আহবানে সাড়া না দেয় তাহ'লে জেনে রেখ এরা কেবল নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে' (ক্বাছাছ ২৮/৫০)।
আলী (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেছেন,
إِنَّمَا أَخْشَى عَلَيْكُمُ اثْنَتَيْنِ : طُولَ الْأَمَلِ، وَاتَّبَاعَ الْهَوَى، فَإِنَّ طُوْلَ الْأَمَلِ يُنْسِي الْآخِرَةَ، وَإِنَّ اتَّبَاعَ الْهَوَى يَصُدُّ عَنِ الْحَقِّ، وَإِنَّ الدُّنْيَا قَدْ تَرَكَّلَتْ مُدْبِرَةً، وَإِنَّ الْآخِرَةَ مُقْبِلَةٌ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُوْنَ، فَكُوْنُوْا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ، فَإِنَّ الْيَوْمَ عَمَلٌ وَلَا حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلَا عَمَلَ -
'আমি তোমাদের জন্য কেবলই দু'টি জিনিসকে ভয় করি। ১. দীর্ঘ আশা ২. খেয়াল-খুশীর অনুসরণ। কেননা দীর্ঘ আশা পরকালের কথা ভুলিয়ে দেয়; আর খেয়াল-খুশীর অনুসরণ হক পথ অনুসরণে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। দুনিয়া ক্রমান্বয়ে পিছনে সরে যাচ্ছে, আর আখিরাত সামনে এগিয়ে আসছে। দুনিয়া-আখিরাত প্রত্যেকেরই সন্তান রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান হও। কেননা আজ শুধুই আমল বা কাজের সুযোগ রয়েছে। কোন হিসাব দাখিল করতে হচ্ছে না। কিন্তু কাল (পরকালে) শুধুই হিসাব দিতে হবে। আমল করার কোন সুযোগ থাকবে না'।²³

টিকাঃ
২৩. মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩৪৪৯৫।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 অন্তর নষ্ট করে দেয় এবং অন্তর ও নিরাপত্তার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়

📄 অন্তর নষ্ট করে দেয় এবং অন্তর ও নিরাপত্তার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়


আল্লামা ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেছেন, পাঁচটি জিনিস থেকে দূরে না থাকা অবধি মানুষের অন্তর নিরাপদে থাকে না। (১) শিরক থেকে, যা কি-না তাওহীদের বিরোধী (২) বিদ'আত, যা সুন্নাহ্ পরিপন্থী (৩) লোভ-লালসা, যা আল্লাহ্র হুকুমের বিরুদ্ধাচরণকারী (৪) অলসতা, যা আল্লাহ্র স্মরণের বিপরীত (৫) প্রবৃত্তি, যা দ্বীনের মধ্যে মশগুল হওয়া এবং খাঁটি মনে ইবাদত করার পরিপন্থী। এই পাঁচটি বিষয় আল্লাহকে পাওয়ার পথে বাধা। এদের প্রত্যেকটার অধীনে আবার অসংখ্য ভাগ রয়েছে। সেজন্য বান্দাকে সর্বদা আল্লাহ্র নিকট 'ছিরাতুল মুস্তাকীম' বা সরল পথের দিশা লাভের জন্য অবশ্যই দো'আ করতে হবে। আল্লাহ্র নিকট বান্দা সরল পথ লাভের জন্য দো'আ থেকে অন্য কোন কিছুর বেশী মুখাপেক্ষী নয় এবং দো'আ থেকে অধিক উপকারীও অন্য কিছু নেই।²⁴

টিকাঃ
২৪. ইবনুল কাইয়িম, আল-জাওয়াবুল কাফী, পৃঃ ৫৮-৫৯।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 বিবেক ও বিদ্যা লোপ

📄 বিবেক ও বিদ্যা লোপ


খলীফা মু'তাছিম একদিন আবু ইসহাক আল-মুছীলীকে বলেছিলেন, 'হে আবু ইসহাক! যখন প্রবৃত্তি জয়যুক্ত হয় তখন বিবেক-বুদ্ধি লোপ পায়'।²⁵
ইবনুল ক্বাইয়িম বলেছেন, আমি আমাদের মহান শিক্ষক ইবনু তায়মিয়াহ (রহঃ)-এর নিকট এক ব্যক্তিকে বলতে শুনলাম, إذا خان الرجل في نقد الدراهم سلبه الله معرفة النقد أونسيه فقال الشيخ : هكذا من خان الله تعالى ورسوله في مسائل العلم 'যখন কোন ব্যক্তি দিরহাম যাচাই করতে গিয়ে জোচ্চুরি করে, তখন আল্লাহ তা'আলা তার থেকে মুদ্রা যাচাইয়ের যোগ্যতা ছিনিয়ে নেন অথবা সে যাচাই পদ্ধতি ভুলে যায়। তিনি শুনে বললেন, এমনিভাবে যে বিদ্যার বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ)-এর সাথে গাদ্দারি করে তার পরিণতিও একই ঘটে'।²⁶ সুতরাং জ্ঞানচর্চার ক্ষেত্রে যে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তা'আলা তার বিবেক ও বিদ্যা ছিনিয়ে নেন।

টিকাঃ
২৫. খতীব বাগদাদী, তারীখু বাগদাদ ২/৩১১।
২৬. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৮০।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 নিজের অজান্তে ঈমান শূন্য হওয়া

📄 নিজের অজান্তে ঈমান শূন্য হওয়া


আল্লাহ তা'আলা এরশাদ করেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ - وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ 'তাদেরকে ঐ ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনাও, যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম, তারপর সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে। পরে শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গোমরাহ লোকদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমরা চাইলে তাকে এ নিদর্শনসমূহ দ্বারা উচ্চমর্যাদা দান করতে পারতাম। কিন্তু সে দুনিয়ার প্রতিই আসক্ত হয়ে পড়ল এবং তার প্রবৃত্তির অনুসরণ করল। তার উদাহরণ হচ্ছে কুকুরের মত, তুমি তার উপরে বোঝা চাপালে সে হাঁপাতে থাকে, আবার তুমি তাকে ছেড়ে দিলেও সে হাঁপাতে থাকে। এটা হচ্ছে ঐসকল লোকের দৃষ্টান্ত যারা আমাদের আয়াত সমূহ অস্বীকার করেছে। সুতরাং এসব কাহিনী তুমি বর্ণনা কর, হয়তবা তারা চিন্তা-ভাবনা করবে' (আ'রাফ ৭/১৭৫-১৭৬)।
জনৈক আলিম বলেছেন, চারটি আচরণের মধ্যে কুফর নিহিত। রাগের মধ্যে, কামনা-বাসনার মধ্যে, আসক্তির মধ্যে এবং ভয়-ভীতির মধ্যে। তন্মধ্যে আমি নিজে দু'টো দেখেছি। এক ব্যক্তিকে দেখেছি সে রেগে গিয়ে তার মাকে খুন করে ফেলেছিল। আরেক ব্যক্তিকে দেখেছি প্রেমের টানে খ্রিষ্টান হয়ে গিয়েছিল।২৭
একবার এক ব্যক্তি কা'বা ঘর তাওয়াফ করছিল। এ সময় সে একজন সুন্দরী মহিলা দেখে তার পাশে পাশে হাঁটতে থাকে আর বলতে থাকে, আমি তো দ্বীনের প্রেমে দিওয়ানা অথচ সুন্দরের আকর্ষণ আমাকে পাগলপারা করে তুলেছে। এখন আমি এই সুন্দরী আর দ্বীনের মহব্বতের কীভাবে কি করি? সেই মহিলা তখন বলল, তুমি একটা ছাড় তাহ'লে অন্যটা পাবে।২৮ এতেই বুঝা যায়, কামনা-বাসনা আর দ্বীন কখনই একত্রিত হ'তে পারে না।

টিকাঃ
২৭. যাম্মুল হাওয়া, পৃঃ ২৪।
২৮. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৭৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00