📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 কাঙ্ক্ষিত বৈধ জিনিস লাভে বেশী তৎপরতা দেখানো

📄 কাঙ্ক্ষিত বৈধ জিনিস লাভে বেশী তৎপরতা দেখানো


মানুষের মন যখন কোন বৈধ জিনিস কামনা করে তখনই সে তা পেতে অনেক সময় দ্রুত ধাবিত হয়। কিন্তু জ্ঞানী-গুণীরা এরূপ কাঙ্ক্ষিত বৈধ জিনিস থেকেও তাদের শিষ্যদের নিষেধ করতেন।
একবার খালাফ ইবনু খলীফা আহওয়াযের শাসনকর্তা সুলায়মান ইবনু হাবীব ইবনুল মুহাল্লাবের সাথে দেখা করেন। তখন তাঁর নিকট বদর নাম্নী এক দাসী ছিল। সে ছিল অত্যন্ত রূপসী ও গুণবতী। সুলায়মান খালাফকে বললেন, এই দাসীকে তোমার দেখতে কেমন লাগছে? খালাফ বললেন, হে আমীর, আল্লাহ আপনার ভাল করুন, আমার এ দু'চোখ তার চেয়ে সুন্দরী নারী কখনো দেখেনি। তিনি বললেন, তুমি এর হাত ধরে নিয়ে যাও। খালাফ বললেন, আমি যখন আমীরকে তাকে ভালোবাসতে দেখেছি, তখন আমার পক্ষে তাকে নিয়ে যাওয়া শোভনীয় নয়। শাসনকর্তা তখন বললেন, আরে রাখ, আমি তাকে ভালবাসলেও তুমি তাকে নিয়ে যাও। এতে করে আমার প্রবৃত্তি বুঝতে পারবে, আমি তার উপর জয়যুক্ত হ'তে পেরেছি।১৫
এভাবে ধৈর্য-সহিষ্ণুতায় অভ্যস্ত হওয়ার মানসে মনকে কিছু কিছু বৈধ জিনিস থেকে বঞ্চিত করার মাঝেও বিশেষ কল্যাণ রয়েছে। বিশেষ করে মনের ঝোঁক ও প্রবৃত্তি যখন হারামের দিকে ধাবিত হয় তখন তো মুবাহ পরিত্যাগ করাই বাঞ্ছনীয়। এরূপ ক্ষেত্রে মুবাহ বা বৈধ বিষয়ে বরাবর অভ্যস্ত হয়ে উঠলে অনেক সময় ব্যক্তির মন হারামের সামনে দুর্বল হয়ে পড়ে।

টিকাঃ
১৫. ইবনুল জাওযী, যাম্মুল হাওয়া, পৃঃ ২৬।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 প্রবৃত্তির অনুসরণের পরিণাম সম্পর্কে অজ্ঞতা

📄 প্রবৃত্তির অনুসরণের পরিণাম সম্পর্কে অজ্ঞতা


কোন কিছুর পরিণতি সম্পর্কে মানুষের জানা না থাকলে তার দ্বারা সেটা বারবার হ'তে পারে। কু-প্রবৃত্তি ও খেয়াল-খুশীর অনেক রকম ক্ষতি ও অনিষ্টতা রয়েছে। সেগুলো জানা থাকলে খেয়াল-খুশীর অনুসারী লোকটি হয়তো তা প্রতিহত করতে পারত। আহমাদ ইবনুল কাসেম আত-ত্বাবারাণী কবিতায় বলেছেন,
سَأَحْذَرُ مَا يُخَافُ عَلَيَّ مِنْهُ + وَأَتْرُكُ مَا هَوَيْتُ لِمَا خَشِيْتُ
'আমার থেকে যা হওয়ার ভয় হয় আমি তা থেকে অবশ্যই সাবধান থাকব। আর যা আমি ভয় করি তার কারণে আমি আমার কামনা-বাসনার জিনিস বর্জন করি'।১৬

টিকাঃ
১৬. ইবনু আসাকির, তারীখু দিমাঙ্ক ৭/৩৭২।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 প্রবৃত্তির অনুসরণের ক্ষতি

📄 প্রবৃত্তির অনুসরণের ক্ষতি


প্রবৃত্তির ইহকালীন ও পরকালীন বহুবিধ ক্ষতি রয়েছে। যা মানুষকে তার কাংখিত বস্তু লাভে বাধা প্রদান করে এবং আল্লাহ্ যে নে'মত সে লাভ করেছে তার কথা বেমালুম ভুলিয়ে দেয়। এজন্যই হযরত আলী (রাঃ) বলেছেন, 'তোমাদের মনের উপর প্রবৃত্তির খবরদারী থেকে তোমরা সাবধান থেকো। কেননা তার তাৎক্ষণিক ফল হ'ল নিন্দা ও লাঞ্ছনা আর সুদূরপ্রসারী ফল হ'ল দুর্বিষহ অবস্থা। যদি তুমি সতর্কীকরণ ও ভীতি প্রদর্শন দ্বারাও মনকে বাগে আনতে না পারার আশংকা কর, তাহ'লে আশা ও উদ্দীপনার মাধ্যমে তাকে সুযোগ দাও। কেননা যখন কোন মানবাত্মার মাঝে আশা ও ভয়ের সন্নিবেশ ঘটে, তখন আত্মা তার অনুগত হয়ে যায়।১৭

টিকাঃ
১৭. আল-মাওয়ার্দী, আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, পৃঃ ২১।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 পরকালীন ক্ষতি

📄 পরকালীন ক্ষতি


আল্লাহ তা'আলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى، وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا، فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى، وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى، فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى 'অতঃপর যে ব্যক্তি সীমালংঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস। আর যে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের নফসকে কামনা-বাসনা থেকে বিরত রাখে, অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা' (নাযি'আত ৭৯/৩৭-৪১)।
ইমাম শা'বী বলেছেন, سُمِّيَ الْهَوَى هَوَى لِأَنَّهُ يَهْوِى بِصَاحِبِهِ فِي النَّارِ 'প্রবৃত্তিকে (হাওয়া) এজন্য হাওয়া নাম রাখা হয়েছে যে সে তার মালিককে জাহান্নামে নিক্ষেপ করবে'।¹⁸ আবুদ্দারদা (রাঃ) বলেছেন, مَنْ كَانَ الْأَجْوَفَانِ هَمَّهُ خَسِرَ مِيزَانَهُ يَوْمَ الْقِيَامَةِ 'দু'টো পেট যার কামনা-বাসনার কেন্দ্রবিন্দু হবে, ক্বিয়ামতের দিন তার দাঁড়িপাল্লার ওযনে ঘাটতি দেখা দিবে'।¹⁹ দু'টো পেট বুঝাতে তিনি উদরের কামনা এবং লজ্জাস্থানের বাসনাকে বুঝিয়েছেন। প্রবৃত্তির পূজারীদের তুমি কিয়ামতের দিন দেখতে পাবে প্রবৃত্তির অনুসরণ হেতু তারা পদদলিত হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের সাথে দৌড়ে তারা তাল রক্ষা করতে না পেরে কুপোকাত হয়ে পড়বে। যেমনভাবে তারা দুনিয়াতে প্রবৃত্তির পূজারীদের সাহচর্যে থাকার জন্য ধরাশায়ী হয়েছিল। মুহাম্মাদ ইবনু আবুল ওয়ার্দ বলেছেন, إن الله عز وجل يوما لا ينجو من شره منقاد لهواه وان أبطأ الصرعى نهضة يوم القيامة صريع الشهوة 'নিশ্চয়ই আল্লাহ্র ওয়াস্তে এমন একদিন আসবে যেদিনের ক্ষতি থেকে প্রবৃত্তির পূজারীরা রেহাই পাবে না। প্রবৃত্তির কাছে ধরাশায়ী ব্যক্তিরাই কিয়ামতের দিন ভূপাতিতদের মধ্যে সবচেয়ে দেরিতে উত্থিতদের কাতারে থাকবে'।²⁰
আতা (রহঃ) বলেছেন, مَنْ غَلَبَ هَوَاهُ عَقْلَهُ وَجَزَعَهُ صَبْرَهُ افْتُضِحَ 'প্রবৃত্তি যার বুদ্ধি-বিবেককে পরাস্ত করেছে এবং তার ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, বিচার দিবসে তাকে অপদস্থ হ'তে হবে'।²¹ অর্থাৎ বিচারের দিন পরকালীন লোকসান ও জাহান্নামে প্রবেশের দরুন তাকে মহালাঞ্ছনার সম্মুখীন হ'তে হবে।

টিকাঃ
১৮. দারেমী হা/৩৯৫, সনদ যঈফ।
১৯. ইবনুল মুবারক, আয-যুহদ, পৃঃ ৬১২।
২০. ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়াহ ২/৩৯৫।
২১. যামুল হাওয়া, পৃঃ ২৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00