📘 প্রবৃত্তির অনুসরণ 📄 বান্দার জন্য সামর্থ্যের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া

📄 বান্দার জন্য সামর্থ্যের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া


ফুযাইল ইবনু ইয়ায (রহঃ) বলেছেন, من استحوذ عليه الهوى واتباع الشهوات انقطعت عنه موارد التوفيق 'খেয়াল-খুশী ও প্রবৃত্তির তাবেদারী যার উপর বিজয়ী হয়, তাওফীক বা সামর্থ্যের সকল রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়'। প্রবৃত্তির অনুসারী তার জীবনপথে উদ্ভদ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। সরল পথের দিশা লাভে সে সমর্থ হয় না। কারণ সে হেদায়াত ও তাওফীকের মূল উৎস থেকেই মুখ ফিরিয়ে নিয়ে সে তার প্রবৃত্তির অনুসারী হয়ে পড়েছে। কুরআন-সুন্নাহ্র অনুসারী সে নয়; তাহ'লে সে কী করে সঠিক পথের দিশা লাভে সমর্থ হবে? আল্লাহ তা'আলা এরশাদ করেন, أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ , 'যে নিজের প্রবৃত্তিকে তার প্রভু বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তা'আলা জেনেশুনে তাকে গোমরাহ করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন আর তার চোখে এঁটে দিয়েছেন পর্দা। এমন ব্যক্তিকে আল্লাহ তা'আলার পরে কে হেদায়াত দান করবে? তারপরও কি তোমরা কোন উপদেশ গ্রহণ করবে না'? (জাছিয়া ৪৫/২৩)।

টিকাঃ
৩১. রাওযাতুল মুহিব্বীন, পৃঃ ৪৭৯।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 আল্লাহ্ আনুগত্য বিলীন হওয়া

📄 আল্লাহ্ আনুগত্য বিলীন হওয়া


প্রবৃত্তির অনুসারী ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে। ফলে তার পক্ষে অন্যের আনুগত্য করা কঠিন হয়ে পড়ে। এমনকি তার স্রষ্টার আনুগত্যও। কিছু লোককে তো একমাত্র তাদের প্রবৃত্তিই কুফরীতে নিক্ষেপ করেছে। কারণ প্রবৃত্তি তার মনে বাসা বেঁধেছে এবং তার নফসের উপর একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে। ফলে সে প্রবৃত্তির হাতে বন্দী ও তার প্রতারণার শিকার হয়েছে। মানুষের মধ্যে তো দু'টো অন্তর নেই। অন্তর একটাই। হয় সে তার প্রভুর আনুগত্য করবে, অথবা তার নফস, প্রবৃত্তি ও শয়তানের আনুগত্য করবে।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 পাপ-পঙ্কিলতাকে তুচ্ছ মনে করা

📄 পাপ-পঙ্কিলতাকে তুচ্ছ মনে করা


প্রবৃত্তির অনুসারী ব্যক্তির মন কঠোর হয়ে যায়। আর মন যখন কঠোর হয়ে যায় তখন সে গুনাহকে তুচ্ছ মনে করে। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হ'তে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেছেন, إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ، وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوْبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ - فَقَالَ بِهِ هَكَذَا 'একজন মুমিন তার পাপকে এমন মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সে পাহাড়টা তার উপর ধ্বসে পড়ার ভয় করছে। কিন্তু পাপাচারী ব্যক্তি তার পাপকে তার নাকের উপর বসা মাছির তুল্য মনে করে (যাকে সে হাত দিয়ে জড়িয়ে ধরে)। রাসূলুল্লাহ (ছাঃ) তার নাকের উপর হাত নিয়ে ইশারায় তা বুঝিয়ে দিলেন।

টিকাঃ
৩২. বুখারী হা/৬৩০৮।

📘 প্রবৃত্তির অনুসরণ 📄 দ্বীনের মধ্যে বিদ'আত চালুর মাধ্যম

📄 দ্বীনের মধ্যে বিদ'আত চালুর মাধ্যম


হাম্মাদ ইবনু আবী সালামা বলেন, রাফেযী বা শী'আদের একজন গুরু- যে কি-না তার ভ্রান্ত মত থেকে তওবা করেছিল, সে আমার নিকট বলেছে, 'আমরা কোন সভায় জড়ো হয়ে কোন কিছুকে ভাল মনে করলে আমরা সেটাকে হাদীছ বানিয়ে নিতাম'।

টিকাঃ
৩৩. খতীব বাগদাদী, আল-জামে' লি-আখলাকির রাবী, ১/১৩৮।

ফন্ট সাইজ
15px
17px