📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 প্রবৃত্তির অনুসরণের পরিণাম সম্পর্কে অজ্ঞতা

📄 প্রবৃত্তির অনুসরণের পরিণাম সম্পর্কে অজ্ঞতা


কোন কিছুর পরিণতি সম্পর্কে মানুষের জানা না থাকলে তার দ্বারা সেটা বারবার হ'তে পারে। কু-প্রবৃত্তি ও খেয়াল-খুশীর অনেক রকম ক্ষতি ও অনিষ্টতা রয়েছে। সেগুলো জানা থাকলে খেয়াল-খুশীর অনুসারী লোকটি হয়তো তা প্রতিহত করতে পারত। আহমাদ ইবনুল কাসেম আত-ত্বাবারাণী কবিতায় বলেছেন,

سَأَحْذَرُ مَا يُخَافُ عَلَيَّ مِنْهُ + وَأَتْرُكُ مَا هَوَيْتُ لِمَا خَشِيْتُ
'আমার থেকে যা হওয়ার ভয় হয় আমি তা থেকে অবশ্যই সাবধান থাকব। আর যা আমি ভয় করি তার কারণে আমি আমার কামনা-বাসনার জিনিস বর্জন করি'।

টিকাঃ
১৬. ইবনু আসাকির, তারীখু দিমাঙ্ক ৭/৩৭২।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 প্রবৃত্তির অনুসরণের ক্ষতি

📄 প্রবৃত্তির অনুসরণের ক্ষতি


প্রবৃত্তির ইহকালীন ও পরকালীন বহুবিধ ক্ষতি রয়েছে। যা মানুষকে তার কাংখিত বস্তু লাভে বাধা প্রদান করে এবং আল্লাহ্ যে নে'মত সে লাভ করেছে তার কথা বেমালুম ভুলিয়ে দেয়। এজন্যই হযরত আলী (রাঃ) বলেছেন, 'তোমাদের মনের উপর প্রবৃত্তির খবরদারী থেকে তোমরা সাবধান থেকো। কেননা তার তাৎক্ষণিক ফল হ'ল নিন্দা ও লাঞ্ছনা আর সুদূরপ্রসারী ফল হ'ল দুর্বিষহ অবস্থা। যদি তুমি সতর্কীকরণ ও ভীতি প্রদর্শন দ্বারাও মনকে বাগে আনতে না পারার আশংকা কর, তাহ'লে আশা ও উদ্দীপনার মাধ্যমে তাকে সুযোগ দাও। কেননা যখন কোন মানবাত্মার মাঝে আশা ও ভয়ের সন্নিবেশ ঘটে, তখন আত্মা তার অনুগত হয়ে যায়।

টিকাঃ
১৭. আল-মাওয়ার্দী, আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, পৃঃ ২১।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 পরকালীন ক্ষতি

📄 পরকালীন ক্ষতি


আল্লাহ তা'আলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى، وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا، فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى، وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى، فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى 'অতঃপর যে ব্যক্তি সীমালংঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস। আর যে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের নফসকে কামনা-বাসনা থেকে বিরত রাখে, অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা' (নাযি'আত ৭৯/৩৭-৪১)।

ইমাম শা'বী বলেছেন, سُمِّيَ الْهَوَى هَوَى لِأَنَّهُ يَهْوِى بِصَاحِبِهِ فِي النَّارِ 'প্রবৃত্তিকে (হাওয়া) এজন্য হাওয়া নাম রাখা হয়েছে যে সে তার মালিককে জাহান্নামে নিক্ষেপ করবে'। আবুদ্দারদা (রাঃ) বলেছেন, مَنْ كَانَ الْأَجْوَفَانِ همه خَسِرَ مِيزَانَهُ يَوْمَ الْقِيَامَةِ 'দু'টো পেট যার কামনা-বাসনার কেন্দ্রবিন্দু হবে, ক্বিয়ামতের দিন তার দাঁড়িপাল্লার ওযনে ঘাটতি দেখা দিবে'। দু'টো পেট বুঝাতে তিনি উদরের কামনা এবং লজ্জাস্থানের বাসনাকে বুঝিয়েছেন। প্রবৃত্তির পূজারীদের তুমি কিয়ামতের দিন দেখতে পাবে প্রবৃত্তির অনুসরণ হেতু তারা পদদলিত হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের সাথে দৌড়ে তারা তাল রক্ষা করতে না পেরে কুপোকাত হয়ে পড়বে। যেমনভাবে তারা দুনিয়াতে প্রবৃত্তির পূজারীদের সাহচর্যে থাকার জন্য ধরাশায়ী হয়েছিল। মুহাম্মাদ ইবনু আবুল ওয়ার্দ বলেছেন, إن الله عز وجل يوما لا ينجو من شره منقاد لهواه وان أبطأ الصرعى نهضة يوم القيامة صريع الشهوة 'নিশ্চয়ই আল্লাহ্র গযব থেকে এমন একদিন আসবে যেদিনের ক্ষতি থেকে প্রবৃত্তির পূজারীরা রেহাই পাবে না। প্রবৃত্তির কাছে ধরাশায়ী ব্যক্তিরাই কিয়ামতের দিন ভূপাতিতদের মধ্যে সবচেয়ে দেরিতে উত্থিতদের কাতারে থাকবে'।

আতা (রহঃ) বলেছেন, مَنْ غَلَبَ هَوَاهُ عَقْلَهُ وَجَزَعَهُ صَبْرَهُ افْتُضِحَ 'প্রবৃত্তি যার বুদ্ধি-বিবেককে পরাস্ত করেছে এবং তার ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, বিচার দিবসে তাকে অপদস্থ হ'তে হবে'। অর্থাৎ বিচারের দিন পরকালীন লোকসান ও জাহান্নামে প্রবেশের দরুন তাকে মহালাঞ্ছনার সম্মুখীন হ'তে হবে।

ইবরাহীম ইবনু আদহাম বলেছেন, الْهَوَى يُرْدِي، وَخَوْفُ اللَّهِ يَشْفِي، وَاعْلَمْ ، أَنَّ مَا يُزِيلُ عَنْ قَلْبِكَ هَوَاكَ إِذَا خِفْتَ مَنْ تَعْلَمُ أَنَّهُ يَرَاكَ 'প্রবৃত্তি ধ্বংসের পথে নিয়ে আনে, আর আল্লাহভীতি তা থেকে মুক্তি দেয়। জেনে রেখো, তোমার অন্তর থেকে কামনা-বাসনা তখনই দূর হ'তে পারে যখন তুমি সেই সত্তাকে ভয় করবে, যার সম্পর্কে তুমি জান যে, তিনি তোমাকে দেখছেন'।

টিকাঃ
১৮. দারেমী হা/৩৯৫, সনদ যঈফ।
১৯. ইবনুল মুবারক, আয-যুহদ, পৃঃ ৬১২।
২০. ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়াহ ২/৩৯৫।
২১. যামুল হাওয়া, পৃঃ ২৭।
২২. বায়হাক্বী, শু'আবুল ঈমান হা/৮৪১, আবু নু'আঈম ইস্পাহানী, হিলয়াতুল আওলিয়া ৮/১৮।

📘 প্রবৃত্তির অনুসরণ > 📄 প্রবৃত্তি গোমরাহীর দিকে টেনে নিয়ে যায়

📄 প্রবৃত্তি গোমরাহীর দিকে টেনে নিয়ে যায়


প্রত্যেক ভ্রান্তির মূলে রয়েছে আন্দায-অনুমান ও প্রবৃত্তির অনুসরণ। পথভ্রষ্টদের সম্বন্ধে আল্লাহ তা'আলা বলেছেন, إِنْ يَتَّبِعُوْنَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ 'তারা কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে' (নাজম ৫৩/২৩)।

এভাবে আন্দায-অনুমান ও প্রবৃত্তি পূজার কারণে তারা পথভ্রষ্টতায় নিপতিত হয়। খেয়াল-খুশী ও প্রবৃত্তি শুধু তার অনুসারীকেই পথচ্যুত করে ক্ষান্ত হয় না; বরং অন্যদেরও পথহারা করে এবং সরল পথ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তা'আলা এরশাদ করেন إِنَّ كَثِيرًا لَيُضِلُّوْنَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ 'অধিকাংশ মানুষ অজ্ঞতাবশত নিজেদের খেয়াল-খুশী দ্বারা অন্যকে বিপথে চালিত করে' (আন'আম ৬/১১৯)। অর্থাৎ তারা অন্যদেরকে তাদের কুপ্রবৃত্তি দ্বারা পথভ্রষ্ট করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00