📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 তোমার ঘর মহব্বত ও ইজ্জতের প্রাসাদ

📄 তোমার ঘর মহব্বত ও ইজ্জতের প্রাসাদ


ম্মানিতা বোন! ঘরের আশ্রয়ে থাকো। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের চৌকাঠ অতিক্রম কোরো না। তোমার সৌভাগ্যের রহস্য ঘরের আঙিনার চার দেয়ালের সুপ্ত।
(তোমরা তোমাদের ঘরের মধ্যে দৃঢ়তার সাথে অবস্থান করো। [৩৩:৩৩])
তুমি এই সুদৃঢ় কেল্লার মধ্যে অবস্থান করেই নিজের পবিত্রতা, পরিচ্ছন্নতা, ইজ্জত, সম্মান, মর্যাদা ও প্রভাব হেফাযত করতে পার। সেইসব নারী মূল্যহীন, যারা বিনা প্রয়োজনে বাজারে বাজারে ঘুরে বেড়ায়। তাদের উদ্দেশ্য শুধু নতুন ফ্যাশন ও নতুন ডিজাইন পরিদর্শন। তারা বিভিন্ন শপিং মল ও সুপার মার্কেটে শুধু নতুন ও আধুনিক প্রসাধনী সামগ্রী অনুসন্ধান করার জন্য যায়। এই চরিত্রের নারীদের সামনে দীনের কোন গুরুত্ব নেই; দীনের দাওয়াতের গুরুত্বও নেই; হেদায়েতের পয়গাম অন্যদের কাছে পৌঁছানোর জযবা নেই; এমন কি তাদের মধ্যে ইলম ও মারেফত এবং ইসলামী তাহযীব হাসিলের সংকল্পও নেই। এরা বরং সময় অপচয় ও সম্পদ নষ্টকারী নারী। এদের তামান্না ও আরজু শুধু মজাদার খাবার, আর অত্যাধুনিক দামী কাপড়চোপড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে।
খবরদার! নিজের ঘরের খেয়াল রাখবে। কেননা, এই ঘরই তোমার আরাম-আয়েশের উৎস এবং আশ্রয় কেন্দ্র। নিরাপত্তা ও স্বস্তির জায়গা। সুস্থতা ও নির্জনতার আশ্রম। এটাই শান্তির ঠিকানা, যা মানুষকে অন্যায় বিচরণ থেকে বিরত রাখে। নিজের ঘরকে মহব্বত, মমতা, আনন্দ, বরকত ও বখশিশের ভাণ্ডারে পরিণত করো।
নিজের পেরেশানী অন্যের কাছে প্রকাশ করবে না; তবে সেই চিন্তাবিদ ব্যক্তির কাছে প্রকাশ করতে পার, যিনি ফিকির ও খেয়ালের মাধ্যমে, হিম্মত বৃদ্ধিকারী কথাবার্তার মাধ্যমে, উপদেশ ও পরামর্শের মাধ্যমে তোমার দুঃখ ও বেদনায় শরীক হবেন। যিনি তোমার দুঃখকে আনন্দে, পেরেশানীকে আয়েশে এবং নৈরাশ্যকে সৌভাগ্যে বদলে দিবেন।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 অনর্থক কথাবার্তা বলার সময় কোথায়?

📄 অনর্থক কথাবার্তা বলার সময় কোথায়?


অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ো না। অসার আলোচনায় লিপ্ত হয়ে নিজের মূল্যবান সময় নষ্ট কোরো না। কেননা, এমন কথাবার্তা অন্তরের সংকীর্ণতা ও অপরিচ্ছন্নতার কারণ হয়। যেসব বিষয়ে মানবসমাজে মতবিরোধ পাওয়া যায়, কাউকে সেগুলোর পক্ষপাতী বানানোর জন্য চেষ্টা কোরো না। নিজের দৃষ্টিভঙ্গি অল্প কথায় খুব সাদাসিধাভাবে ব্যক্ত করে দাও। গলা ফেঁড়ে, চেঁচামেচি করে নিজের কথা প্রতিষ্ঠিত করার চেষ্টা অনর্থক। অন্যদেরকে সমালোচনার লক্ষবস্তু বানিয়ো না এবং তাদের অন্তরে নিজের ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি কোরো না। কেননা, এতে তুমি নিজের স্বস্তি হারিয়ে ফেলবে। এসব বিষয় থেকে পরহেয করো।
তোমার যা বলা দরকার, তা নরম ও মধুমাখা স্বরে ভদ্রতা রক্ষা করে বলে ফেলো। এভাবে তুমি অন্যদের অন্তরের উপর শাসন চালাতে এবং তাদের হৃদয় আচ্ছন্ন করতে পারবে। অন্যথায় গীবত, পেরেশানী, বিরক্তি ও দুঃখবেদনা সৃষ্টি হয়। অন্যদের দোষ অনুসন্ধান, তাদেরকে তুচ্ছ জ্ঞান করা এবং তাদেরকে তিরস্কার করা সওয়াব বরবাদ হওয়া এবং গুনাহের বোঝা ভারী হওয়ার কারণ। এতে অন্তরের স্বস্তিও দূর হয়ে যায়। নিজের দোষ সংশোধনের চেষ্টা করো। অন্যের দোষের উপর যদি দৃষ্টি পতিত হয়, তা হলে উপদেশ গ্রহণ করো। চেষ্টা করো, যাতে উক্ত দোষ তোমার মধ্যে না পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে পুরোপুরি নিষ্পাপ করে সৃষ্টি করেননি; বরং আমরা গুনাহগার এবং ভুলত্রুটির আকর। সুসংবাদ তাদের জন্য, যাদের দৃষ্টি পড়ে নিজের দোষত্রুটির প্রতি এবং অন্যদের ত্রুটিবিচ্যুতি যারা এড়িয়ে যায়।
যদি ছেলে উঁচু স্থান থেকে পড়ে আহত হয়, তা হলে বুদ্ধিমতী মায়ের কাজ কান্নাকাটি নয়; বরং যখমে মলম ও পট্টি লাগানোয় মনোযোগ দেওয়া।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 হৃদয় আলোকিত করো চিরন্তন জীবন পারে

📄 হৃদয় আলোকিত করো চিরন্তন জীবন পারে


জীবনের উপর মমতাভরা দৃষ্টি নিক্ষেপ করো। কেননা, জীবন মানুষের জন্য আল্লাহ -র উপহার। এই অনন্য ও বেনজির উপহার গ্রহণ করো এবং অত্যন্ত প্রফুল্লচিত্তে, খুশি ও আনন্দের সাথে গ্রহণ করো। ভোরকে তার মিষ্টি আলোর সাথে, রাতকে তার গাম্ভীর্য ও নীরবতার সাথে এবং দিনকে তার উজ্জ্বলতা ও বড়ত্বের সাথে গ্রহণ করো। স্বচ্ছ ও পরিচ্ছন্ন পানি আল্লাহ -র প্রশংসা ও তাঁর শোকরগুযারীর সাথে পান করো। পরিচ্ছন্ন ও নির্মল বাতাসে শ্বাস ফেলতে গিয়ে খুশি ও আনন্দ অনুভব করো। ফুল আর কলির খোশবু গ্রহণ করে নিজের অভ্যন্তরকে খোশবুদার করো। এরপর এগুলোর স্রষ্টার পবিত্রতা বর্ণনা করো। সৃষ্টিরাজির উপর শিক্ষাগ্রহণের দৃষ্টি নিক্ষেপ করো এবং সৃষ্টিকৌশল নিয়ে ভাবো। জমীন আল্লাহ -র একটি বরকতময় উপহার। এ থেকে খুব উপকৃত হও। বসন্তকালের বাগানে প্রস্ফুটিত মোহনীয় কমনীয় ফুল, মনোহর কলি ও নির্মল বায়ুর মধ্যে সূর্যের আলো ও চাঁদের কিরণে রয়েছে আল্লাহ -র অজস্র দান। ওগুলো পুরোপুরি উপভোগ করো। এভাবে এসব নেয়ামত ও উপহার তোমার মধ্যে শোকরের জযবা জাগ্রত করবে এবং এবাদত-বন্দেগীর প্রতি উৎসাহ দিবে। এসব দান ও এনআম আল্লাহ -র এবাদত ও আনুগত্যের বেলায় সুদৃঢ় হওয়ার ক্ষেত্রে তোমার সহায়ক ও মদদগার।
হোক। সমস্ত প্রশংসা ও শোকর সেই আল্লাহ-র জন্য, যিনি আমাদের উপর এসব নেয়ামতের বন্যা বইয়ে দিয়েছেন এবং ফযল ও অনুগ্রহ দ্বারা ধন্য করেছেন।
খবরদার! তোমার দুঃখবেদনা, তোমার হীনমন্যতা ও নৈরাশ্য যেন তোমাকে অকৃতজ্ঞ হতে উৎসাহিত না করে। হে আল্লাহ-র প্রশংসাকারিণী এবং তাঁর শোকর আদায়কারিণী! একটি সত্য খুব ভালো করে বুঝে নাও, আল্লাহ যিনি স্রষ্টা, তিনিই রিযিকের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রেখেছেন। এসব নেয়ামত, যা তিনি দিয়ে রেখেছেন, সবকিছুই আমাদেরকে তাঁর এবাদত-বন্দেগী করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। যেমন, তিনি বলেছেন-
হে রসুলগণ! তোমরা পবিত্র বস্তু খাও এবং নেক আমল করো। [২৩:৫১]
স্বচ্ছলতার সম্পর্ক অন্তরের সাথে; সম্পদের সাথে নয়। বড় অনুগ্রহ তাঁর, যার কাছে কিছুই নেই; কিন্তু সে মমতাভরা শব্দমালা আর আন্তরিক মুচকি হাসির মূল্য সম্পর্কে অবগত। অনেকে বখশিশ ও উপহার দেয়; কিন্তু এমন পদ্ধতিতে দেয় যে, মনে হয় সর্বশক্তি নিয়োগ করে থাপ্পড় মারছে।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 সৌভাগ্য ও কল্যাণ কারও পরিপূর্ণ হয় না

📄 সৌভাগ্য ও কল্যাণ কারও পরিপূর্ণ হয় না


তুমি বড় ভুল বুঝাবুঝির মধ্যে লিপ্ত থাকবে, যদি তুমি ধারণা কর যে, অবস্থা শতভাগ তোমার অনুকূল হয়ে যাবে। এই বিষয়টি শুধু জান্নাতের মধ্যেই সম্ভব হবে। মানুষের ছোটবড় সমস্ত খায়েশ পূর্ণ হবে সেখানে। দুনিয়ার আবহাওয়ায় সমস্ত হাসিআনন্দ সাময়িক।
তুমি যা-কিছু কামনা কর, এখানে তুমি তার সবকিছু পাবে না। এখানে সব বিষয় ঝামেলাপূর্ণ। অসুখ-বিসুখ, বালামসিবত, পরীক্ষা-নিরীক্ষার এক বিশাল বৃত্ত, মানুষকে ঘিরে রেখেছে। অভাবের সময় সবর এবং স্বাচ্ছন্দ্য ও আনন্দের সময় শোকর আদায় করো। খাব ও খেয়ালের দুনিয়ায় ডুবে থেকো না।
রোগমুক্ত স্বাস্থ্য, দারিদ্র্য ও অভাবমুক্ত স্বাচ্ছন্দ্য, দুঃখ ও বেদনামুক্ত আনন্দ, দোষমুক্ত স্বামী, ত্রুটিমুক্ত বন্ধুবান্ধব- এমন চিন্তা থেকে নিজের দেমাগ পরিষ্কার করো এবং এসব জিনিসের তামান্না রেখো না। এগুলো পাওয়া সম্ভব নয়।
নেতিবাচক দিক কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কীভাবে ত্রুটি সংশোধন করতে হয়, সেই তালীম হাসিল করো। ত্রুটিবিচ্যুতি, তিরস্কার ও নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলো। সৌন্দর্য আর ইতিবাচক দিকের উপর দৃষ্টি নিবদ্ধ রাখো। সুধারণা পোষণ করো। মানুষের ওজর শ্রবণ করো এবং আল্লাহ্-র সত্তার উপর ভরসা রাখো। কেননা, নির্ভরযোগ্য মানুষ পাওয়া যায় না। তা ছাড়া কেউ এমন উপযুক্তও নয় যে, নিজের বিষয়াদি তার উপর ন্যস্ত করা যেতে পারে।
আল্লাহর বিপক্ষে তারা তোমার কোন কাজে আসবে না। [৪৫:১৯]
নিজের জীবনের অন্ধকার অংশের উপর দৃষ্টি নিবদ্ধ রেখো না। অন্যদিকে আলো রয়েছে। তোমাকে শুধু ওই দিকেই দৃষ্টিপাত করতে হবে এবং আলো হাসিল করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00