📄 এই নীচু জমীনে আসমান হয়ে থাকো
সৌন্দর্যের বেলায় তুমি সূর্যের চেয়েও ঊর্ধ্বে; সুগন্ধির ক্ষেত্রে উদ, মেশক ও গোলাপের চেয়েও উত্তম; ইজ্জত ও আব্রুর ক্ষেত্রের চাঁদের চেয়েও উঁচু ও উন্নত এবং মায়া, মমতা ও ভালোবাসার ক্ষেত্রে মুষলধারার বৃষ্টির চেয়েও বেশি। ঈমানের সাথে নিজের সৌন্দর্য হেফাযত করো। অল্পেতুষ্টির মাধ্যমে হেফাযত করো আল্লাহ-র সন্তুষ্টি; হেজাবের মাধ্যমে পবিত্রতা ও সতীত্ব। তোমার অলঙ্কার সোনা, রূপা, হীরা ও জহরত থেকে বানানো নয়; বরং তোমার অলঙ্কার হচ্ছে শেষরাতের দুই রাকাত সালাত; আল্লাহ-র উদ্দেশ্যে পালনকৃত রোযা ও গোপন সদকা, যার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমার অলঙ্কার তপ্ত অশ্রু দিয়ে চেহারার উযু, যা গুনাহখাতা ধুয়ে ফেলে। বন্দেগীর বিছানায় দীর্ঘ সেজদা এবং আল্লাহ থেকে শরম ও লজ্জা, যখন শয়তান খারাপ কাজের উৎসাহ দেয় এবং পাপের দিকে আকর্ষণ করে।
মূল্যবান ও খুবসুরত লেবাস হচ্ছে তাকওয়ার লেবাস। এই লেবাস পরিধান করো, তা হলে নিঃসন্দেহে তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দরী হয়ে যাবে, চাই তোমার বাহ্যিক লেবাস মামুলী, ফাটা ও পুরোনোই হোক না কেন।
ইজ্জত-আব্রুর গাউন পরিধান করো। কেননা, তুমি দুনিয়ার সবচেয়ে সম্মানীতা নারী, যদিও বাহ্যত তোমার পায়ে জুতো নেই।
খবরদার! কাফেরা, ফাজেরা, সাহেরা ও আবু বিক্রেতা নারীদের বাহ্যিক জাঁকজমক দেখে তোমার চোখ যেন ধাঁধায় না পড়ে। কেননা, তারা জাহান্নামের ইন্ধন হতে চলেছে।
সেই আগুনে শুধু তাদেরকেই দগ্ধ করা হবে, যারা হতভাগা। [৯২:১৫]
তুমি জীবনের প্রতিটি মোড়ে আঁধারের মুখোমুখি হবে। নিজের মধ্যে হেদায়েতের মশাল জ্বেলে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।