📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 নিজ হাতে চুর্ণ কোরো না নিজের হৃদয়

📄 নিজ হাতে চুর্ণ কোরো না নিজের হৃদয়


মনসব জিনিস পরিত্যাগ করো, যেগুলো তোমার সময় নষ্ট করে দেয়। রুচিহীন বিষয়বস্তু সম্বলিত পত্রপত্রিকা, নগ্ন ছবি, বাজে চিন্তাচেতনা, অশ্লীল সাহিত্য, কুরুচিপূর্ণ গল্প-উপন্যাস ইত্যাদি। তোমার জন্য আবশ্যক মুফীদ ও উপকারী জিনিসপত্র গ্রহণ করা। যেমন, ইসলামী পত্রপত্রিকা, উপকারী বইপুস্তক, দরকারী বিষয়বস্তু এবং এমনসব প্রবন্ধ-নিবন্ধ, যেগুলো মানুষকে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ফায়দা দেয়। একথা বলছি, তার কারণ, কিছু কিছু বইপুস্তক ও প্রবন্ধ-নিবন্ধ মানুষের মাথায় শকসন্দেহ সৃষ্টি করে এবং অন্তরে অস্বস্তি ও বক্রতা জন্ম দেয়। এগুলো ধর্মহীন তামাদ্দুন ও অপসংস্কৃতির বিষফল, যা অমুসলিম বিশ্ব থেকে আমাদের এখানে আমদানী করা হয়েছে এবং সেগুলো পুরো মুসলিম বিশ্ব গ্রাস করে ফেলেছে।
মনে রেখো, আল্লাহ ﷻ-র কাছে রয়েছে গায়েবের ধনভাণ্ডারের চাবি এবং তিনিই একমাত্র সত্তা, যিনি দুঃখ, বেদনা, অস্বস্তি ও পেরেশানী দূর করতে পারেন। তিনি চিরঞ্জীব এবং তিনি দোআ শ্রবণকারী। তাঁর সামনে দোআর হাত মেলে ধরো এবং বার বার ও সবসময় এই দোআ করতে থাকো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالْحَزْنِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالبَخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই দুশ্চিন্তা ও পেরেশানী থেকে; অপারগতা ও অলসতা থেকে। তোমার কাছে পানাহ চাই কৃপণতা, ভীরুতা, ঋণের ভার ও মানুষের প্রভাব থেকে।
যখন তুমি এই শব্দগুলো আওড়াতে থাকবে এবং চিন্তা করতে থাকবে এগুলোর অর্থ নিয়ে, তখন দেখবে, দুঃখ ও পেরেশানী দূর হয়ে যাচ্ছে। আল্লাহ্‌-র ইচ্ছায় তোমার অবস্থা উন্নত হতে থাকবে।
প্রতি মুহূর্তে আল্লাহ্‌-র যিকির, প্রতি মিনিটে উত্তম ফিকির এবং প্রতি ঘণ্টায় কোন উত্তম আমলের নিয়ম প্রতিষ্ঠা করো।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 তোমার সবকিছু রবের হাতে

📄 তোমার সবকিছু রবের হাতে


সংবাদ গ্রহণ করো। কেননা, আল্লাহ তোমার জন্য মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তিনি নিজেই বলেছেন-
তাদের রব জওয়াবে বললেন, আমি তোমাদের মধ্য থেকে কোন আমলকারীর আমল বরবাদ করব না, চাই সে পুরুষ হোক অথবা নারী। [৩:১৯৫]
আল্লাহ যেমনইভাবে পুরুষদের কাছে ওয়াদা করেছেন; তেমনইভাবে নারীদের কাছেও ওয়াদা করেছেন। তিনি যেমনইভাবে পুরুষদেরকে প্রশংসা করেছেন; তেমনইভাবে নারীদেরও প্রশংসা করেছেন-
নিশ্চয়ই যেসব পুরুষ ও নারী মুসলিম, মুমিন, অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, আল্লাহর সামনে মাথানতকারী, সদকা প্রদানকারী, সিয়াম পালনকারী, নিজের লজ্জাস্থান হেফাযতকারী এবং আল্লাহকে খুব বেশি স্মরণকারী, আল্লাহ তাদের জন্য মাগফেরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। [৩৩:৩৫]
এই আয়াত একথার দিকে ইঙ্গিত করে যে, নারী পুরুষের সাথী, তার বন্ধু ও জীবনের অংশীদার এবং তার প্রতিদান আল্লাহ-র কাছে সুরক্ষিত। সুতরাং তোমার জন্য আবশ্যক পরিবার ও সমাজে এমন কর্মকাণ্ডের প্রতি গুরুত্ব দেওয়া, যেগুলো আল্লাহ-র সন্তুষ্টির মাধ্যম।
তুমি সমাজে একটি সুন্দর আদর্শ কায়েম করো এবং উম্মতের নতুন প্রজন্মের জন্য আলোর মিনার ও উন্নত নমুনা হয়ে যাও।
নিজের জন্য মারইয়াম, আসিয়া, খাদীজা, আয়েশা ও ফাতেমার উত্তম আদর্শকে আনুগত্যের মডেল হিসেবে গ্রহণ করো। (আল্লাহ তাঁদের সবার উপর রাজী ও সন্তুষ্ট হোন।) এঁরা দুনিয়ার নির্বাচিত নারী, যাঁরা পবিত্র মুমিনা ছিলেন। দিনের বেলায় সিয়াম পালন করতেন এবং রাতের বেলায় সালাত পড়তেন। আল্লাহ তাঁদের প্রতি রাজী ও খুশি এবং তিনি তাদেরকে মহাপ্রতিদানে পুরস্কৃত করেছেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে চলো এবং তাদের জীবনচরিত অবলম্বন করো। আল্লাহ তোমাকে কল্যাণ, সুস্থতা, স্বস্তি ও সুখ দান করুন।
এতীমের অশ্রু মুছে দাও। আল্লাহ তোমার জন্য সন্তুষ্টি ও জান্নাতের সুখের ব্যবস্থা করবেন।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 তুমি সর্বাবস্থায় ফায়দার মধ্যে রয়েছ

📄 তুমি সর্বাবস্থায় ফায়দার মধ্যে রয়েছ


তুমি শুধু আল্লাহ -র কাছেই প্রতিদান ও সওয়াবের আশা করো। যদি তোমার উপর দুঃখবেদনা, অস্বস্তি ও পেরেশানীর পাহাড় ভেঙে পড়ে, তা হলে বিশ্বাস করো যে, এগুলো গুনাহের কাফ্ফারা। যদি তোমার কোন সন্তান মারা যায়, তা হলে জেনে রেখো, সে আল্লাহ -র কাছে তোমার জন্য সুপারিশকারী। যদি তোমার কোন অসুখ হয় অথবা কোন কষ্টে পড়ো, তা হলে বিশ্বাস রাখো, এর কারণে আল্লাহ -র কাছে প্রতিদান পাওয়া যাবে এবং আল্লাহ -র কাছে এর সওয়াব সংরক্ষিত থাকবে। আল্লাহ -র কাছে দারিদ্র্য, অভাব ও রোগ-ব্যধির জন্য প্রতিদান রয়েছে। বিপদাপদে ধৈর্যধারণকারীদের জন্য মহাপ্রতিদানের অঙ্গীকার আছে। আল্লাহ -র কাছে কোন বস্তু নষ্ট হয় না এবং আল্লাহ তা হেফাযত করেন। আল্লাহ -র কাছে প্রতিদান ও সওয়াব হেফাযত করা হয় এবং নিশ্চিতভাবে তা পরকালে ফিরিয়ে দেওয়া হবে।
সালাত হৃদয় প্রশস্ত করে; দুঃখ দূর করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00