📄 অর্পণ
ওইসব মুসলিম নারীর হাতে-
যারা আল্লাহ-কে নিজের রব
ইসলামকে নিজের ধর্ম
মুহাম্মাদ-কে নিজের রসূল
বিশ্বাস করে, দিলের গভীর থেকে এবং একথার উপর গর্ব ও স্বস্তি অনুভব করে।
ওইসব মুসলিম বোনদের হাতে-
যারা সীরাতে মুস্তাকীমের উপর চলতে এবং হকের পয়গাম পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ওইসব মা শিক্ষিকাদের হাতে-
যারা হক কথার মেহনত করতে, হক কায়েম করতে এবং নিজের আত্মার তাযকিয়া করতে প্রতিজ্ঞা করেছেন।
যারা সন্তানের যত্ন করেন তাকওয়ার বুনিয়াদের উপর; সুন্নতের বুনিয়াদের উপর এবং তাদের চোখে প্রিয় করে তোলেন উত্তম আখলাককে।
অর্পণ করছি ওইসব পেরেশান ও চিন্তাক্লিষ্ট মাস্তুরাতের হাতে-
যারা মুবারকবাদ, সুসংবাদ; পেরেশানী ও দুঃচিন্তা থেকে মুক্তি, আল্লাহ -এর অনুগ্রহ, মহাপ্রতিদান, মাগফেরাত ও মার্জনার অপেক্ষায়।
📄 ভূমিকা
সমস্ত প্রশংসা আল্লাহ -র জন্য, যিনি সমগ্র কায়েনাতের রব। সালাত ও সালাম বর্ষিত হোক, নবী মুহাম্মাদ -এর উপর, তাঁর আহলে বাইত ও সমুদয় সাহাবীর উপর এবং তাদের উপর, যারা কিয়ামত পর্যন্ত তাঁর উপর ঈমান আনবে এবং তাঁর অনুগত্য করবে।
এই পুস্তকটি মূলত একজন মুমিন নারীকে দীনী সৌভাগ্য এবং আল্লাহ -র ফযল ও অনুগ্রহের মাধ্যমে আপ্লুত করার জন্য লেখা হয়েছে। এই পুস্তক চিন্তাক্লিষ্ট ও নিরাশ অন্তরে আশা ও উচ্ছাস জাগ্রত করে। মুসলিম নারীদেরকে দুঃখবেদনা থেকে মুক্তির পথ দেখায়। তাদের হতাশা দূর করে সামনে অগ্রসর হওয়ার সাহস যোগায়। যাতে প্রভাতী বায়ুর শীতল ঝটকার সাথে আশার সূর্যও উদিত হয়। এই পুস্তক ভাবনান্যুব্জ ভগ্ন হৃদয়া এবং দুঃচিন্তায় আক্রান্ত নারীকুলকে সব ধরণের দুঃখ ও অস্থিরতা থেকে মুক্তির পথে আহ্বান করে।
এই পুস্তক তাদের সুস্থ বিবেক, প্রশস্ত হৃদয় ও পবিত্র মনকে চিন্তা-ফিকির করতে আহ্বান করে। তাদেরকে ডেকে ডেকে বলে, সবর করো এবং আল্লাহ -র কাছে প্রতিদান পাওয়ার আশা রাখো; আল্লাহ -র রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের জন্য যথেষ্ট। রব্বল আলামীন তোমাদের অভিভাবক, সহায়ক, তত্ত্বাবধায়ক। আশার আঁচল তাঁর সাথে বেঁধে রাখো এবং তাঁর উপরই ভরসা করো।
বোনগো! তুমি এই পুস্তকটি অধ্যয়ন করো। এতে অন্তর্ভুক্ত রয়েছে কুরআনের নির্বাচিত আয়াত, সহীহ হাদীস, সোনালী কথামালা, শিক্ষণীয় ঘটনাবলি, হৃদয়স্পর্শী কবিতামালা, সুস্থ ভাবনা ও নানান অভিজ্ঞতা। পুস্তকটি অধ্যয়ন করো এবং দুঃখ, বেদনা, নৈরাশ্য ও দূর-দূরান্তের আশঙ্কা দিলদেমাগ থেকে বের করে দাও। হেকমতের এই ভাণ্ডার অধ্যয়ন করো। এটা তোমার মস্তিষ্ক থেকে সন্দেহ ও শয়তানী ওয়াসওয়াসা সাফ করে দিবে এবং প্রেমের বাগান, সৌভাগ্যের পুষ্পকানন, ঈমানের নগর ও উদ্যোমের বসুন্ধরায় প্রবেশ করাবে। এতে সম্ভাবনা আছে যে, আল্লাহ্ তোমাকে উভয় জাহানের সুখ, সাফল্য ও কামিয়াবী দান করবেন এবং ফযল, করম ও এহসানের মাধ্যমে ভাগ্যবান করবেন। নিঃসন্দেহে আসমান-জমীনের ওই মালিক বড়ই অনুগ্রহশীল, দানশীল ও ক্ষমাশীল।
আমি তোমাদের সামনে ইলম ও হেকমতের এমন খাযানা পেশ করছি, যার মধ্যে রয়েছে মূল্যবান হীরা-জহরতের খুবসুরত জেওর। রয়েছে সত্য ও সততার এমনসব মণিমুক্তা, যেগুলোর মোকাবেলায় সোনারূপার অলঙ্কার মূল্যহীন। এগুলো সেই অমূল্য অলঙ্কার, যা তোমার আখলাক-চরিত্রের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিবে। আর এ কারণেই আমি এই পুস্তকের অধ্যায় ও পরিচ্ছেদের নাম রেখেছি বিভিন্ন গয়না-অলঙ্কারের নামে।
যখন তোমাদের কাছে এমন মহামূল্য ভাণ্ডার রয়েছে, তখন আর তোমাদের দুনিয়ার কৃত্রিম, বানোয়াট ও অসার বস্তুরাজির কোন জরুরত নেই। এই মহামূল্য হীরা-জহরত দ্বারা তোমরা নিজেদের আখলাক- চরিত্র সাজিয়ে নাও; জীবনের আনন্দঘন বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে সেগুলো পরিধান করো। ইনশা আল্লাহ তোমরা দুনিয়ার ভাগ্যবতী নারীদের মধ্যে গণ্য হবে।
সৌভাগ্যের রহস্য ইলম ও মারেফাত এবং তালীম ও তারবিয়াতের পরিচ্ছন্নতার মধ্যে নিহিত। রোমানটিক নভেল আর কাল্পনিক গল্পমালা, যেগুলো পাঠককে বাস্তবতার জগৎ থেকে অনেক দূরে স্বপ্নের জগতে নিয়ে যায় এবং সেখানে সে কল্পনার সুরভিময় গোলাপকাননে দৃষ্টিনন্দন পানপাত্রে মুখ লাগিয়ে নেশাচুর ও দেওয়ানা হয়ে যায়; কিন্তু পরিণামে সে নৈরাশ্য, ব্যর্থতা ও হীনমন্যতার শিকার হয়। তার ব্যক্তিসত্তা অচল, অথর্ব হয়ে পড়ে এবং তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই ধরণের বইপুস্তক আখলাকের জন্য হলাহলের পর্যায়ে; বরং তার চেয়েও মারাত্মক। যেমন, আগাথাক্রিস্টির গোয়েন্দাবিষয়ক নভেল- যেগুলো অন্যায়, রাহাজানী, চুরি, ধোঁকাবাজী ও বানোয়াটী শিক্ষা দেয়। 'পৃথিবীর শ্রেষ্ঠ গল্প' শিরোনামে ধারাবাহিক বইপুস্তক প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর অধীনে নবেল পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন নভেল প্রকাশ করা হয়েছিল। আমি সেগুলো ধারাবাহিকভাবে অধ্যয়ন করেছি। শেষে আমি ফল বের করেছি এই যে, এগুলোর মধ্যে হিমালয়সম বহু ভুল আর আহম্মকী কথাবার্তা রয়েছে। এতে কোন সন্দেহ নেই যে, এসব বিশ্বসাহিত্যের মধ্যে কিছু কিছু পুস্তক এমনও আছে, যেগুলো সাহিত্যমান ও রচনাশৈলীর সৌন্দর্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। যেমন, আরনেস্ট হামিংওয়ে'র লেখা 'দি ওল্ডম্যান এন্ড দ্যা সী'। এমন আরও কিছু উপন্যাস আছে, যেগুলোর মধ্যে চারিত্রিক অধঃপতন, অশ্লীলতা, হীনমন্যতা ও সাহিত্যমানের দুর্বলতা এড়ানোর চেষ্টা করা হয়েছে।
হেদায়েতপ্রাপ্তা মুমিন নারীসমাজের কর্তব্য হচ্ছে সেইসব ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, যেগুলো আমাদের ইলম ও সাহিত্যবিষয়ক উত্তরাধিকার। যেমন, তানতাবী, নজীব কিলানী, মানফাল্তী, রাফেয়ী ও তাদের মত অন্যান্য ইসলামী সাহিত্যিক, যাদের লেখার মধ্যে পবিত্রতা আছে; যাদের অন্তর জীবিত এবং যারা মনের ভিতরে ইসলামী জাগরণের পয়গাম রাখেন। আমি এমন কথাই লিখছি। কারণ, আমার তীব্র আকাক্সক্ষা যেন আমার পুস্তক বৈদেশিক প্রভাব, বিকৃতি এবং অনর্থক ও অসার কথাবার্তার দুর্বলতা থেকে পবিত্র থাকে। আল্লাহ মাফ করুন! এমন কতজন আছে, যারা সাহিত্যের নামে বিষাক্ত বিষয়বস্তুর শিকার। আরও কত জন আছে, গল্প, নভেল ও নাটক যাদের জীবন ধ্বংস করে দিয়েছে।
যা হোক, আল্লাহ -র কিতাবে বর্ণিত কাহিনী, নবীজী -র মুখে বর্ণিত ঘটনাবলি, ইসলামী ইতিহাসের নেককার শাসকবর্গ ও উলামা-সুলাহা'র শিক্ষাপ্রদ ঘটনাবলির চেয়ে উত্তম ও উন্নত গল্প- কাহিনী আর কী হতে পারে।
তোমাদের সৌভাগ্য ও কামিয়াবী ওইসব বস্তুর মধ্যে, যেগুলো তোমাদের কাছে দীন, হেদায়েত, আকীদা এবং পূর্বপুরুষের ইলমী উত্তরাধিকারের সুরতে বিদ্যমান। সুতরাং আল্লাহ -র বরকত ও সৌভাগ্য এইসব বস্তুর মধ্যেই অনুসন্ধান করো। -আয়েয আল করনী।
📄 স্বাগতম
স্বাগতম, হে পরহেযগার, এবাদতগুযার, সিয়াম-সালাতের পাবন্দ, সুনির্ভর ও আশাবাদী বোন!
স্বাগতম, হে সম্মানীতা, বুদ্ধিমতী ও পর্দনশীন নারী!
স্বাগতম, হে হেদায়েতপ্রাপ্তা, সচেতন, ইলম অন্বেষী ও পড়াশোনার আগ্রহ লালনকারিণী সাহিত্যপ্রেমী!
স্বাগতম, হে সত্যভাষী, সত্যপ্রেমী, ওয়াফাদার, আমানতদার ও সত্যবাদিনী মুমিনা!
স্বাগতম, হে ধৈর্যশীলা, প্রতিদানের আশাবাদী, অধিক তওবাকারিণী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারিণী নেক বান্দী!
স্বাগতম, হে যাকেরা, শাকেরা ও দায়িআ নারী!
স্বাগতম, হে আসিয়া, মারইয়াম ও খাদীজার অনুসারিণী!
স্বাগতম, হে বিশ্বজয়ীদের জননী, মহানায়কদের প্রতিপালিকা!
স্বাগতম, হে উচ্চ মূল্যবোধের ঠিকানা, তাহযীবী মিরাসের মোহাফেয!
স্বাগতম, হে আল্লাহ -র সীমান্ত হেফাজতকারিণী, হারাম বিষয় বর্জনকারিণী, আত্মমর্যাদাবোধ সম্পন্না খাতুন!
📄 হাঁ
হাঁ, তোমার খুবসুরত মুচকি হাসি অন্যদের কাছে বন্ধুত্ব ও উন্নতা ছড়িয়ে দিক।
হাঁ, তোমার পবিত্র কথাবার্তা, আন্তরিক মহব্বত ও ভালোবাসা সৃষ্টির এবং দুশমনী ও শত্রুতা বিলুপ্তির কারণ হোক।
হাঁ, তোমার মকবুল সদকা ফকীর-মিসকীনের সাহায্য করুক, অভুক্তদের উদর পূর্তি করুক এবং দরিদ্রকে সন্তুষ্ট করুক।
হাঁ, তোমার কিছু মুহূর্ত কুরআনের তেলাওয়াতে, কুরআন নিয়ে ভাবনায়, কুরআন অনুযায়ী আমলের প্রত্যয় ও তওবা-এস্তেফারে অতিবাহিত হোক।
হাঁ, বেশি বেশি যিকির, আল্লাহ-র কাছে ক্ষমাপ্রার্থনা, অধিক দোআ ও তওবায়ে নাসূহার পাবন্দী।
হাঁ, ইসলামী কায়দায় সন্তান প্রতিপালন, তাদেরকে সুন্নতে নববী শিক্ষাদান এবং দুই জাহানের কামিয়াবীর দিকে নির্দেশনা তোমার কাছে কাম্য।
হাঁ, সতীত্ব ও পর্দা অবলম্বনের হুকুম দিয়েছেন আল্লাহ, এটাই নিরাপত্তার রক্ষাকবচ।
হাঁ, চাই নেককার নারীদের সহচার্য ও বন্ধুত্ব, যারা তাকওয়া অবলম্বন করেন; দীনের জন্য মহব্বত করেন এবং উন্নত মূল্যবোধ পছন্দ করেন।
হাঁ, মা-বাবার সাথে সদ্ব্যবহার, আত্মীয়-স্বজনের হক আদায়, পড়সীদের প্রতি অনুগ্রহ ও এতীমদের দায়িত্বগ্রহণ তোমার কর্তব্য।
হাঁ, উপকারী গ্রন্থ-পুস্তক পড়া, সেগুলো মনোযোগ দিয়ে অধ্যয়ন এবং উত্তম লিটারেচার ও সাহিত্য থেকে ফায়দা লাভ করা চাই।