📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 আমাদের আরজ

📄 আমাদের আরজ


আপনি কি বিশ্বাস করেন যে, একটি বই আপনার জীবন বদলে দিতে পারে? ইসলামের প্রথম যুগে সব বইই লেখা হত জীবন বদলানোর জন্য। অন্যকোন উদ্দেশ্যে যে বই হতে পারে, অন্তত ইসলামের প্রথম যুগে এমন ধারণা ছিল না। আখলাকের উন্নতির জন্য লেখা হত বই।
কিন্তু বর্তমান যুগের ধারণা ভিন্ন রকম। আজকের অনেক বই জীবন বদলাতে সাহায্য করে; তবে উল্টোভাবে। আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। বই পড়ে ক্রমশ চরিত্রের অধঃপতন ঘটতে থাকে।
এজন্য আজ অনেক লেখককে নতুন করে ভাবতে হচ্ছে। জীবনকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য নতুন ধাঁচে বইপুস্তক লিখতে হচ্ছে। বহু লেখক ইতোমধ্যে অনেক বই মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। সেগুলোর কোন কোনটি যথেষ্ট সফল হয়েছে।
ড. আয়েয আল করনী এমনই এক মেহনতী লেখক। মুসলমানদের চারিত্রিক অধঃপতন রোধ করার জন্য অনবরত লিখে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর কয়েকটি বই বিক্রির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। তাঁর এমন বইগুলোর মধ্যেও ‘লা তাহযান’ ও ‘আস‘আদ ইম্রাআতিন ফিল আলাম’ বিশেষভাবে উল্লেখ করার মত। দুটি বইই বিশ্বের উল্লেখযোগ্য ভাষায় অনুবাদ হয়েছে এবং লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে।
আমরা এর আগে মাওলানা মামুনুর রশীদের মাধ্যমে ‘লা তাহযান’ নামক গ্রন্থটি অনুবাদ করিয়ে পাঠকের হাতে তুলে দিয়েছি। আল-হামদু লিল্লাহ পাঠকের সাড়া আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা পাঠকের কাছে কৃতজ্ঞ।
এবার লেখকের দ্বিতীয় সাড়া জাগানো বইটির অনুবাদ করা হল। পাঠকের অবগতির জন্য জানাচ্ছি যে, এর অনুবাদের কাজটি আল-হামদু লিল্লাহ, আমার হাতেই সম্পন্ন হয়েছে।
ড. আয়েয আল করনী'র একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি একটি বইয়ে সাহিত্যের বিভিন্ন দিক অবলম্বন করার মাধ্যমে এক অভিনব সমৃদ্ধি সৃষ্টি করেন, যা সাধারণত অন্য লেখকদের ক্ষেত্রে লক্ষ করা যায় না। এই বইটিও তেমনই সমৃদ্ধ। এতে তিনি কুরআনের আয়াত, নবী আলাইহিস সালামের হাদীস, বুযুর্গদের বাণী, বিভিন্ন প্রবাদ, ঐতিহাসিক ও আধুনিক কাহিনীমালা, শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণ কবিতাসহ অনেক কিছুই উল্লেখ করেছেন। এজন্য সাহিত্যামোদী পাঠকের আকৃষ্ট হওয়ার মত প্রচুর উপাদান রয়েছে এতে।
আমরা অনুবাদে বইটির সমস্ত উপাদান হাযির করতে চেষ্টা করেছি। তবে কিছু কবিতার অনুবাদ ছেড়ে দিয়েছি। কেননা, কবিতার অনুবাদ যদি গদ্যের মাধ্যমে করা হয়, তা হলে ব্যাখ্যা হয়ে যায়। আর যদি পদ্যে অনুবাদ করা হয়, তা হলে কবিতার সূক্ষ্ম বক্তব্য আরও সূক্ষ্ম হয়ে যায়। তা ছাড়া কবিতার কাব্যানুবাদ করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেটা অধমের কাছে অনুপস্থিত। তবে এ কারণে পুস্তকটির কোন আবেদন ক্ষুণ্ণ হয়নি।
আজকের এই যুগে নারীসমাজের সংশোধনের পথ অনেক রুদ্ধ হয়ে গেছে। পারিবারিকভাবে দীন শিক্ষার ব্যবস্থা আজ অনেক দুর্বল। তা ছাড়া অধিক হারে জীবিকা উপার্জনের কাজে নারীসমাজের অংশগ্রহণ ইসলামী সমাজব্যবস্থার কোমর ভেঙে দিচ্ছে। যে মা ঘরে বসে নিজের ছেলেমেয়েকে দীন-দুনিয়ার বহু বিষয়ে পারদর্শী করে তুলত, সেই মা এখন সন্তানকে গৃহপরিচারিকা অথবা টেলিভিশনের কার্টুনের কাছে সোপর্দ করে সারা দিন ক্লিনিক, শপিংমল, ব্যাংক, গার্মেন্টস ইত্যাদিতে পড়ে থাকে। এভাবে নতুন প্রজন্মের চরিত্র গঠনের কাজ মুখ থুবড়ে পড়ছে।
বক্ষ্যমাণ পুস্তকটি যদি কোন নারী অধ্যয়নের আওতায় রাখেন এবং এর পরামর্শগুলো অনুশীলন করেন, তা হলে অবশ্যই তার জীবন সুবিন্যস্ত হয়ে উঠবে এবং তার পরিবারও পরিপাটি হয়ে উঠবে। একজন পুরুষ যদি বইটি পড়েন, তা হলে তিনিও নিজের জীবন ও পরিবারকে সুশৃঙ্খল করার অনেক তথ্য পাবেন।
বইটির উপস্থাপন ও অঙ্গসজ্জা সুন্দর করার জন্য হুদহুদপরিবার অনেক মেহনত করেছে; কিন্তু তার সাফল্য বিচার করবেন পাঠকসমাজ। যদি বইটি সার্বিকভাবে পাঠককে খুশী করার মত সুন্দর হয়ে থাকে, তা হলে প্রথমত দোআর মধ্যে আমাদেরকে শরীক করার আবেদন থাকবে এবং দ্বিতীয়ত আপনি উপকৃত হলে অপরকে আমাদের বই পড়ার পরামর্শ দেওয়ার আবদার থাকবে।
যান্ত্রিক যুগ যেমনইভাবে অনেক কাজ সহজ করে দিয়েছে, তেমনইভাবে ভুলের সম্ভাবনাও অনেক বাড়িয়ে দিয়েছে, এজন্য ভুলত্রুটি থেকে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয়। যদি কোন ভুলত্রুটি হৃদয়বান কোন পাঠকের নজরে পড়ে, তা হলে সে সম্পর্কে আমাদেরকে অবহিত করা হবে তাঁর ঈমানী দায়িত্ব। এ ছাড়াও যদি কোন পরামর্শ থাকে, তা হলে আমাদের কাছে পৌঁছে দেওয়ার করজোর অনুরোধ থাকবে।
প্রকৃতপক্ষে কোন ভালো কাজ আমরা ততটুকুই করতে পারি, যেটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন। এজন্য এই ক্ষুদ্র খেদমত যদি মাওলায়ে কারীমের দরবারে কবুল না হয়, তা হলে আমাদের যাবতীয় আয়োজন ব্যর্থ। কাজেই তাঁর আলীশান দরবারে আবেদন করছি, হে আল্লাহ! হে রহমান!! হে রহীম!!! তুমি আমাদের ত্রুটিবিচ্যুতির দিকে নজর দিয়ো না। তুমি নিজের রহমত ও মেহেরবানীর দিকে লক্ষ করে আমাদের ত্রুটিপূর্ণ খেদমত কবুল করে নাও। এই কিতাব বাংলাভাষাভাষী প্রত্যেক মুসলমান নারীর হাতে পৌঁছে দাও। তাদেরকে এই গ্রন্থ অধ্যয়ন করার তৌফীক দান করো। এর মর্মবাণী অনুশীলন করার মাধ্যমে তাদেরকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন সুসজ্জিত করার সামর্থ্য দান করো।
ওগো মাওলায়ে করীম! তুমি আমাদেরকে আখেরাত সামনে রেখে যাবতীয় কাজ করার তৌফীক দান করো। ইমাম আবু হানীফা, আহমাদ ইবনে হাম্বল, ইবনে আসাকের, ইবনুল জাওযী, ইবনে তাইমিয়া, ইবনে জারীর তাবারী, ইমাম নববী, ইবনে কাসীর, ইবনে হাজার আসকালানী, বদরুদ্দীন আইনী, খতীব বাগদাদী, ইমাম যাহাবী, জালালুদ্দীন সিয়ুতী প্রমুখের মত প্রচুর পরিমাণে ইলমে দীনের খেদমত আঞ্জাম দেওয়ার সামর্থ্য দাও এবং আমাদেরকে তাঁদের মত কবুল করে নাও। হাশরের ময়দানে তাঁদের সারিতে আমাদেরকে জায়গা দান করো। আমীন, ইয়া রাব্বাল আলামীন।
وَصَلَّى اللَّهُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.
বিনীত
মুহাম্মাদ আবদুল আলীম
মহাপরিচালক, হুদহুদ প্রকাশন
২০/১২/১৪৩৮ হি. (১২/০৯/১৭ ইং)

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 অর্পণ

📄 অর্পণ


ওইসব মুসলিম নারীর হাতে-
যারা আল্লাহ-কে নিজের রব
ইসলামকে নিজের ধর্ম
মুহাম্মাদ-কে নিজের রসূল
বিশ্বাস করে, দিলের গভীর থেকে এবং একথার উপর গর্ব ও স্বস্তি অনুভব করে।
ওইসব মুসলিম বোনদের হাতে-
যারা সীরাতে মুস্তাকীমের উপর চলতে এবং হকের পয়গাম পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ওইসব মা শিক্ষিকাদের হাতে-
যারা হক কথার মেহনত করতে, হক কায়েম করতে এবং নিজের আত্মার তাযকিয়া করতে প্রতিজ্ঞা করেছেন।
যারা সন্তানের যত্ন করেন তাকওয়ার বুনিয়াদের উপর; সুন্নতের বুনিয়াদের উপর এবং তাদের চোখে প্রিয় করে তোলেন উত্তম আখলাককে।
অর্পণ করছি ওইসব পেরেশান ও চিন্তাক্লিষ্ট মাস্তুরাতের হাতে-
যারা মুবারকবাদ, সুসংবাদ; পেরেশানী ও দুঃচিন্তা থেকে মুক্তি, আল্লাহ -এর অনুগ্রহ, মহাপ্রতিদান, মাগফেরাত ও মার্জনার অপেক্ষায়।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 ভূমিকা

📄 ভূমিকা


সমস্ত প্রশংসা আল্লাহ -র জন্য, যিনি সমগ্র কায়েনাতের রব। সালাত ও সালাম বর্ষিত হোক, নবী মুহাম্মাদ -এর উপর, তাঁর আহলে বাইত ও সমুদয় সাহাবীর উপর এবং তাদের উপর, যারা কিয়ামত পর্যন্ত তাঁর উপর ঈমান আনবে এবং তাঁর অনুগত্য করবে।
এই পুস্তকটি মূলত একজন মুমিন নারীকে দীনী সৌভাগ্য এবং আল্লাহ -র ফযল ও অনুগ্রহের মাধ্যমে আপ্লুত করার জন্য লেখা হয়েছে। এই পুস্তক চিন্তাক্লিষ্ট ও নিরাশ অন্তরে আশা ও উচ্ছাস জাগ্রত করে। মুসলিম নারীদেরকে দুঃখবেদনা থেকে মুক্তির পথ দেখায়। তাদের হতাশা দূর করে সামনে অগ্রসর হওয়ার সাহস যোগায়। যাতে প্রভাতী বায়ুর শীতল ঝটকার সাথে আশার সূর্যও উদিত হয়। এই পুস্তক ভাবনান্যুব্জ ভগ্ন হৃদয়া এবং দুঃচিন্তায় আক্রান্ত নারীকুলকে সব ধরণের দুঃখ ও অস্থিরতা থেকে মুক্তির পথে আহ্বান করে।
এই পুস্তক তাদের সুস্থ বিবেক, প্রশস্ত হৃদয় ও পবিত্র মনকে চিন্তা-ফিকির করতে আহ্বান করে। তাদেরকে ডেকে ডেকে বলে, সবর করো এবং আল্লাহ -র কাছে প্রতিদান পাওয়ার আশা রাখো; আল্লাহ -র রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের জন্য যথেষ্ট। রব্বল আলামীন তোমাদের অভিভাবক, সহায়ক, তত্ত্বাবধায়ক। আশার আঁচল তাঁর সাথে বেঁধে রাখো এবং তাঁর উপরই ভরসা করো।
বোনগো! তুমি এই পুস্তকটি অধ্যয়ন করো। এতে অন্তর্ভুক্ত রয়েছে কুরআনের নির্বাচিত আয়াত, সহীহ হাদীস, সোনালী কথামালা, শিক্ষণীয় ঘটনাবলি, হৃদয়স্পর্শী কবিতামালা, সুস্থ ভাবনা ও নানান অভিজ্ঞতা। পুস্তকটি অধ্যয়ন করো এবং দুঃখ, বেদনা, নৈরাশ্য ও দূর-দূরান্তের আশঙ্কা দিলদেমাগ থেকে বের করে দাও। হেকমতের এই ভাণ্ডার অধ্যয়ন করো। এটা তোমার মস্তিষ্ক থেকে সন্দেহ ও শয়তানী ওয়াসওয়াসা সাফ করে দিবে এবং প্রেমের বাগান, সৌভাগ্যের পুষ্পকানন, ঈমানের নগর ও উদ্যোমের বসুন্ধরায় প্রবেশ করাবে। এতে সম্ভাবনা আছে যে, আল্লাহ্‌ তোমাকে উভয় জাহানের সুখ, সাফল্য ও কামিয়াবী দান করবেন এবং ফযল, করম ও এহসানের মাধ্যমে ভাগ্যবান করবেন। নিঃসন্দেহে আসমান-জমীনের ওই মালিক বড়ই অনুগ্রহশীল, দানশীল ও ক্ষমাশীল।
আমি তোমাদের সামনে ইলম ও হেকমতের এমন খাযানা পেশ করছি, যার মধ্যে রয়েছে মূল্যবান হীরা-জহরতের খুবসুরত জেওর। রয়েছে সত্য ও সততার এমনসব মণিমুক্তা, যেগুলোর মোকাবেলায় সোনারূপার অলঙ্কার মূল্যহীন। এগুলো সেই অমূল্য অলঙ্কার, যা তোমার আখলাক-চরিত্রের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিবে। আর এ কারণেই আমি এই পুস্তকের অধ্যায় ও পরিচ্ছেদের নাম রেখেছি বিভিন্ন গয়না-অলঙ্কারের নামে।
যখন তোমাদের কাছে এমন মহামূল্য ভাণ্ডার রয়েছে, তখন আর তোমাদের দুনিয়ার কৃত্রিম, বানোয়াট ও অসার বস্তুরাজির কোন জরুরত নেই। এই মহামূল্য হীরা-জহরত দ্বারা তোমরা নিজেদের আখলাক- চরিত্র সাজিয়ে নাও; জীবনের আনন্দঘন বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে সেগুলো পরিধান করো। ইনশা আল্লাহ তোমরা দুনিয়ার ভাগ্যবতী নারীদের মধ্যে গণ্য হবে।
সৌভাগ্যের রহস্য ইলম ও মারেফাত এবং তালীম ও তারবিয়াতের পরিচ্ছন্নতার মধ্যে নিহিত। রোমানটিক নভেল আর কাল্পনিক গল্পমালা, যেগুলো পাঠককে বাস্তবতার জগৎ থেকে অনেক দূরে স্বপ্নের জগতে নিয়ে যায় এবং সেখানে সে কল্পনার সুরভিময় গোলাপকাননে দৃষ্টিনন্দন পানপাত্রে মুখ লাগিয়ে নেশাচুর ও দেওয়ানা হয়ে যায়; কিন্তু পরিণামে সে নৈরাশ্য, ব্যর্থতা ও হীনমন্যতার শিকার হয়। তার ব্যক্তিসত্তা অচল, অথর্ব হয়ে পড়ে এবং তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই ধরণের বইপুস্তক আখলাকের জন্য হলাহলের পর্যায়ে; বরং তার চেয়েও মারাত্মক। যেমন, আগাথাক্রিস্টির গোয়েন্দাবিষয়ক নভেল- যেগুলো অন্যায়, রাহাজানী, চুরি, ধোঁকাবাজী ও বানোয়াটী শিক্ষা দেয়। 'পৃথিবীর শ্রেষ্ঠ গল্প' শিরোনামে ধারাবাহিক বইপুস্তক প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর অধীনে নবেল পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন নভেল প্রকাশ করা হয়েছিল। আমি সেগুলো ধারাবাহিকভাবে অধ্যয়ন করেছি। শেষে আমি ফল বের করেছি এই যে, এগুলোর মধ্যে হিমালয়সম বহু ভুল আর আহম্মকী কথাবার্তা রয়েছে। এতে কোন সন্দেহ নেই যে, এসব বিশ্বসাহিত্যের মধ্যে কিছু কিছু পুস্তক এমনও আছে, যেগুলো সাহিত্যমান ও রচনাশৈলীর সৌন্দর্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। যেমন, আরনেস্ট হামিংওয়ে'র লেখা 'দি ওল্ডম্যান এন্ড দ্যা সী'। এমন আরও কিছু উপন্যাস আছে, যেগুলোর মধ্যে চারিত্রিক অধঃপতন, অশ্লীলতা, হীনমন্যতা ও সাহিত্যমানের দুর্বলতা এড়ানোর চেষ্টা করা হয়েছে।
হেদায়েতপ্রাপ্তা মুমিন নারীসমাজের কর্তব্য হচ্ছে সেইসব ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, যেগুলো আমাদের ইলম ও সাহিত্যবিষয়ক উত্তরাধিকার। যেমন, তানতাবী, নজীব কিলানী, মানফাল্‌তী, রাফেয়ী ও তাদের মত অন্যান্য ইসলামী সাহিত্যিক, যাদের লেখার মধ্যে পবিত্রতা আছে; যাদের অন্তর জীবিত এবং যারা মনের ভিতরে ইসলামী জাগরণের পয়গাম রাখেন। আমি এমন কথাই লিখছি। কারণ, আমার তীব্র আকাক্সক্ষা যেন আমার পুস্তক বৈদেশিক প্রভাব, বিকৃতি এবং অনর্থক ও অসার কথাবার্তার দুর্বলতা থেকে পবিত্র থাকে। আল্লাহ মাফ করুন! এমন কতজন আছে, যারা সাহিত্যের নামে বিষাক্ত বিষয়বস্তুর শিকার। আরও কত জন আছে, গল্প, নভেল ও নাটক যাদের জীবন ধ্বংস করে দিয়েছে।
যা হোক, আল্লাহ -র কিতাবে বর্ণিত কাহিনী, নবীজী -র মুখে বর্ণিত ঘটনাবলি, ইসলামী ইতিহাসের নেককার শাসকবর্গ ও উলামা-সুলাহা'র শিক্ষাপ্রদ ঘটনাবলির চেয়ে উত্তম ও উন্নত গল্প- কাহিনী আর কী হতে পারে।
তোমাদের সৌভাগ্য ও কামিয়াবী ওইসব বস্তুর মধ্যে, যেগুলো তোমাদের কাছে দীন, হেদায়েত, আকীদা এবং পূর্বপুরুষের ইলমী উত্তরাধিকারের সুরতে বিদ্যমান। সুতরাং আল্লাহ -র বরকত ও সৌভাগ্য এইসব বস্তুর মধ্যেই অনুসন্ধান করো। -আয়েয আল করনী।

📘 প্রিয় বোন! হতাশ হয়ো না > 📄 স্বাগতম

📄 স্বাগতম


স্বাগতম, হে পরহেযগার, এবাদতগুযার, সিয়াম-সালাতের পাবন্দ, সুনির্ভর ও আশাবাদী বোন!
স্বাগতম, হে সম্মানীতা, বুদ্ধিমতী ও পর্দনশীন নারী!
স্বাগতম, হে হেদায়েতপ্রাপ্তা, সচেতন, ইলম অন্বেষী ও পড়াশোনার আগ্রহ লালনকারিণী সাহিত্যপ্রেমী!
স্বাগতম, হে সত্যভাষী, সত্যপ্রেমী, ওয়াফাদার, আমানতদার ও সত্যবাদিনী মুমিনা!
স্বাগতম, হে ধৈর্যশীলা, প্রতিদানের আশাবাদী, অধিক তওবাকারিণী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারিণী নেক বান্দী!
স্বাগতম, হে যাকেরা, শাকেরা ও দায়িআ নারী!
স্বাগতম, হে আসিয়া, মারইয়াম ও খাদীজার অনুসারিণী!
স্বাগতম, হে বিশ্বজয়ীদের জননী, মহানায়কদের প্রতিপালিকা!
স্বাগতম, হে উচ্চ মূল্যবোধের ঠিকানা, তাহযীবী মিরাসের মোহাফেয!
স্বাগতম, হে আল্লাহ -র সীমান্ত হেফাজতকারিণী, হারাম বিষয় বর্জনকারিণী, আত্মমর্যাদাবোধ সম্পন্না খাতুন!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00