📄 জান্নাতের মনোরম জগত
প্রিয় ভাই ও বোন! আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলছেন, فَهُوَ فِي عِيشَةٍ রָاضِيَةٍ - فِي جَنَّةٍ عَالِيَةٍ - قُطُوْفُهَا دَانِيَةً - كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন, সুউচ্চ জান্নাতে। যার ফলরাজী অবনমিত থাকবে নাগালের মধ্যে। তাদের বলা হবে পানাহার করো তোমার অতীত দিনে যা করেছিলে, তার বিনিময়ে। (সূরা আল হাক্কাত ২১-২৪)
যাও বান্দা! তোমরা খাও দাও ফুর্তি করো, জান্নাতে তোমার জন্য পেতে রাখা হয়েছে আলিশান সিংহাসন। ঝুলে আছে ফলের ছড়া। ঝরণা তোমার জন্য প্রবাহমান। খেদমতগার তোমার খেদমতের জন্য প্রস্তুত আছে। সজ্জিত আছে তোমার জন্য জান্নাতের ঘর। জান্নাত তোমার জন্য প্রস্তুত আছে। ভালবাসার ডালি তোমার জন্য প্রস্তুত আছে। তোমাদের মৃত্যু নেই। এ জীবন চিরস্থায়ী। তোমার বার্ধক্য আসবে না। রোগ ব্যাধিকে তোমার থেকে তাড়িয়ে দিয়েছি। চিন্তা তোমায় পেরেশান করবে না। তোমরা পেরেশানী থেকে মুক্ত। দুঃখ তোমাকে কাঁদাবে না। জান্নাতে কোন কান্না নেই। হতাশা নেই। হাহাকার নেই।
এখানে তোমার যৌবন অটুট থাকবে। বাড়তে থাকবে। তোমার রূপ সৌন্দর্য চিরস্থায়ী। বাড়তেই থাকবে, কমবে না। তোমার রাজত্বে তুমিই রাজা। এ রাজত্ব চিরস্থায়ী। প্রেম ভালবাসা বাড়তেই থাকবে, কমবে না। এখানে শুধুই পূর্ণতা। কোন অপূর্ণতা নেই। আজ আমি তোমার জীবনের সেই সূর্যকে উদিত করলাম। যার লিপিতে কোন অস্ত নেই। তোমার রূপ সৌন্দর্যের সেই চাঁদ ভাসিয়ে দিলাম, যা ডুববে না কখনই। তোমার মাথার উপর সেই প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার মুকুট রাখলাম, যেটি কোন দিন পতিত হবে না। তোমাকে সেই জীবন দান করলাম, যা কোনদিন মৃত্যুর শিকার হবে না। কত বিস্ময়কর সে জীবন! প্রতিক্ষণে চমকিত হবে বিস্ময়কর সে দৃশ্য গুলো দেখে। আনন্দিত হবে জান্নাতের মালিক। পুলকিত হবে-
হবে সোনার জমিন। এক ইট সোনার। এক ইট রূপার। এক ইট মুক্তার। এক ইট পান্নার। এক ইট হীরার। প্রলেপ হবে মেশকের। ঘাস হবে জাফরানের। ছাদ হবে আল্লাহর আরশ। সেই মহলের নিচ দিয়ে বইবে দুধের নহর। পানির নহর। মধুর নহর। শরাবের নহর। চতুর্দিকে বাগান। বিভিন্ন রকমের ফল, ঝুলছে গাছে গাছে। থোকা থোকা আঙ্গুর। কোথাও আনার। খেজুর ভরা গাছ। সব রকমের ফল। ইচ্ছে হলেই হাজির সব রকমের ফল।
সেখানে পান করবে জান্নাতীরা, এমন পানীয়, যার মিশ্রণ কাফুর। কাফুর মিশ্রিত পানীয়, যার একটি ফোঁটা যদি জগতে পরে, তাহলে সমগ্র জগত সুরভিত হয়ে যাবে। তাদের পান করাবে ফেরেশতারা। হুরগণ! গেলমানরা। আরও পান করানো হবে যানযাবীল মিশ্রিত পানীয়, যার উপকরণ হলো সাল সাবীল নামক ঝর্ণা।
وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا - عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا
যেখানে তাদের পান করানো হবে যানজাবীল মিশ্রিত পানীয়। জান্নাতের এমন এক ঝর্ণা, যার নাম সাল সাবীল। (সূরা দাহার: ১৭-১৮)
এ হলো আমাদের গন্তব্য। যেখানের জন্য আমাদের মেহনত করা উচিত। আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সবাইকে কবুল করুন, আমীন।
📄 যখন আসবে মৃত্যুর ডাক
প্রিয় ভাই ও বোন!
মৃত্যু এমন এক অটল বাস্তবতা যে, জগতের সব নেশা ছুটিয়ে দেয়। এ জগত খেল-তামাশা ছাড়া কিছুই নয়। আমাদের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মৃত্যুও কিন্তু সাথে সাথেই চলছে। কিন্তু মৃত্যুর কথাটা আমাদের পরিকল্পনার বাইরে থেকে যায়। আমরা ভুলে থাকি মৃত্যুকে। অথচ মৃত্যু আমাদের সাথে সাথেই আছে, ভুলে না। কত সম্পদ উপার্জন করবেন? কবে পর্যন্ত কামাই করবেন? কোনো সীমা পরিসীমা আছে? সীমাতো থাকা দরকার। এক জায়গায় গিয়ে থেমে যাওয়াতো দরকার। আখেরাতের কিছু ভাবনা তো করা দরকার।
প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা হচ্ছে। জীবনকে স্বপ্নীল করার নতুন নতুন প্রোগ্রাম সাজাচ্ছি। আর আমরা হাটছি এক পা এক পা করে কবরের দিকে। একদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরী হচ্ছে। অন্যদিকে কাফনের কাপড় বাজারে আসছে।
সেদিন এক কবরস্থানের পাশে একটি দোকানে দেখলাম অনেকগুলো নতুন কফিন সাজিয়ে রাখা হয়েছে। কয়েকটা সাধারণ কফিন। আবার কয়েকটা সুন্দর কারুকাজ করা। দেখে মনটা আমার হু হু করে উঠল। এই কফিনগুলো কার জন্য তৈরী করা হয়েছে কেউ জানে না। শহরের কবরস্থানগুলো ভরে যাচ্ছে। প্রতি বছর কবরস্থান গুলো নতুন করে জায়গা বাড়াতে হচ্ছে। আমাদের শেষ নিবাসের জন্য। এখানেই সবাই যাচ্ছে, গোপন হয়ে যাচ্ছে। এ কবরস্থান সব মরহুমদের স্থায়ী নিবাস।
আমরা কেন ভাবিনা, লোকটা কেন মারা গেল? খাটিয়ার উপর শুয়ে নিথর দেহটা যাচ্ছে কোথায়? তার তৈরী সুন্দর বাড়ি থেকে তাকে কেন বের করে নেয়া হচ্ছে? খাটিয়ায় চড়ে কেউ একজন কবরে যাচ্ছে। একদিন আমাদেরকেও খাটিয়ায় চড়িয়ে নিয়ে যাওয়া হবে কবরস্থানে। বিশাল বিশাল অট্টালিকায় আমার থাকার কোন অধিকার থাকবে না। আমার বাড়ি আমার থাকবে না। হয়ে যাবে স্ত্রী সন্তানদের। আমার থাকল না কিছুই। আমি তখন একটি লাশ।
প্রিয় ভাই ও বোন! মানুষ এ জগত ছেড়ে চলে যাচ্ছে। সামনে কি আর কোন জীবন আছে? নাকি এখানেই শেষ? মরে গেলাম। স্বজনরা কাঁদলো ক'দিন। তারপর সব স্বাভাবিক। মানুষ বলে, একে ছাড়া কিছুই হবে না। কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সবই হচ্ছে। স্বজনরা কেঁদে কেঁদে বলে, একে হারিয়ে আমার জীবনটা অন্ধকার হয়ে গেল। কিন্তু তার ঘরেই বাতি জ্বলে। যেন কেউ মরেই নি। তো এখানে এসে বিবেক স্থির হয়ে যায়। প্রশ্ন জাগে, সামনে কি আছে?
এখানে কোরআন আমাদের রাহবারী করছে। কোরআন বলছে, মৃতুর পর একটি জীবন আছে। খেল তামাশা নয়।
اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّতْرَكَ سُدًى
মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে? (সূরা কিয়ামাহ : ৩৬)
আল্লাহ রাব্বুল আলামীন বলছেন, হে আমার বান্দা! এই ভাবনা মন থেকে বের করে দাও যে, মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই।
اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَজْمَعِيْنَ
সকলের জন্য নির্ধারিত আছে তাদের বিচার দিবস। (সূরা দুখান : ৪০)
فَتأْتُونَ أَفْوَاجًا
সেদিন আসবে তোমরা দলে দলে। (সূরা নাবা : ১৮)
وَ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
আকাশ খুলে দেয়া হবে। ফলে সেটি হবে বহু দরজা বিশিষ্ট। (সূরা নাবা : ১৯)
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। (সূরা শূয়ারা : ৯০)
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْগَاوِينَ
পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। (সূরা শূয়ারা: ১১)
সেদিন সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সালা হবে। স্পষ্ট হয়ে যাবে, কে সফল, কে বিফল। কোরআনের ভাষায় সা'ঈদ ও সাকী। সা'ঈদ অর্থ কামিয়াবী [সফল], যে নেক আমল করেছে, নেকীর পাল্লা তার ভারি হয়ে যাবে। জিবরাঈল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক সফল। তার নেকীর পাল্লা ভারি হয়েছে, অমুক সফলকাম হয়েছে। তারপর বদ আমলের কারণে যার বদ এর পাল্লা ভারি হবে। সে বিফল হবে। সে লোক চূড়ান্তরূপে হতভাগ্য। জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে।
📄 হযরত আয়েশা (রাযি.)-এর আখেরাতের ভয়
আম্মাজান হযরত আয়েশা (রাযি.) এর জীবনের শেষ মুহূর্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) এসে দেখতে পেলেন তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে তাঁর উড়না ভিজে গেছে। সেটি ছিল মোটা কাপড়ের বড় চাদর। পুরোটাই চোখের পানিতে ভিজে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) জিজ্ঞেস করলেন, আম্মাজান! আপনি কাঁদছেন কেন? আপনিতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী, যার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মোবারক ছিল। আর সেই অবস্থায় তিনি মহান বন্ধুর দরবারে হাজির হয়েছেন। তো আপনি কেন কাঁদছেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় স্ত্রী।
হযরত আয়েশা (রাযি.) বললেন, এসব কথা দ্বারা আমাকে ধোঁকা দিও না। হায়! আমি যদি কিছুই না হতাম!
আমার প্রিয় ভাই ও বোনেরা! বুদ্ধিমানতো সেই ব্যক্তি, যে নিজেকে চিনেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সেই ব্যক্তি বুদ্ধিমান, যে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের জন্য রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। তিনি জগতে সমস্ত জিন ও ইনসানের রাহবার। পথপ্রদর্শক। যে নারী পুরুষ সেই আদর্শে চলল, তাঁর পদাঙ্ক অনুসরণ করল, তার আখেরাতের প্রস্তুতি পরিপূর্ণ হয়ে গেল। আমরা মানুষকে তাঁরই আদর্শের দিকে আহ্বান করি যে, নিজের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় পথে নিয়ে আসুন। তাঁর মত আদর্শবান মানুষ না আল্লাহ কাউকে তৈরি করেছেন, না কেউ তৈরি হতে পারে।
📄 একটি ঘটনা
পাকিস্তানের সাহেওয়াল নামক এলাকার ঘটনা। ধোপার ছেলে চিল্লা লাগালো। তারই গ্রামে এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। দিন তারিখ ঠিক হওয়ার পর সে চিল্লায় গিয়েছিল। যখন ফিরে এলো, তার মুখ ভর্তি দাড়ি। চিল্লায় যাওয়ার সময় ছিল ক্লিনসেভ। বিয়ের তারিখে বরযাত্রী কনের বাড়ি পৌঁছে গেল। ওই এলাকার নিয়ম ছিল বিয়েতে জমিদারও উপস্থিত থাকতেন।
বরযাত্রী কনের বাড়ি পৌঁছলে হাঙ্গামা শুরু হয়ে গেল। মেয়ে পক্ষ বলল, ছেলেকে যখন আমরা দেখেছিলাম, তখন তার মুখের দাড়ি ছিল না। এখন দাড়ি আছে। আগে দাড়ি কাট, তারপর মেয়ে বিয়ে দেব। বরপক্ষের সবাই বিষয়টা মেনে নিল। ভাই মানল, বোন মানল। বাপ মানল, চাচা মানল, সবাই বলল এটা কোনো সমস্যাই না। কয়েক মিনিটের কাজ মাত্র। আল্লাহ অনেক দয়ালু, তিনি মাফ করে দিবেন। সবাই বরকে বলল, তুমি দাড়ি কেটে ফেল, ঝামেলা মিটে যাক।
কিন্তু বর বলল, আমার গলাটা কেটে ফেলুন। গোটা জগত আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে পারব। তবুও দাড়ি কাটতে পারব না। যুবকের কথায় হাঙ্গামা আরো বেড়ে গেল। মেয়ে পক্ষ বলল, দাড়ি না কাটলে মেয়ে বিয়ে দেব না। বর বলল, না দাও, কোন সমস্যা নেই। আমি আল্লাহর রাসূলকে নারাজ করতে পারব না। এ হওয়ার নয়, হতে পারে না। রাসূলের মহব্বতে সব ছাড়তে আমি রাজি। হট্টোগল বেড়েই চলেছে।
ঘটনাটা সম্পূর্ণ দেখার পর উপস্থিত জমিদার সাহেব বললেন, বরপক্ষের সবাই আমার বাড়িতে চলুন। এ ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিব। সমস্ত বরযাত্রী জমিদারের বাংলোয় চলে গেল। জমিদার তার সুন্দরী কন্যাকে এ যুবকের সাথে বিয়ে দিয়ে দিলেন।
তো ভাই! মানুষ এখন বলে কি করব, সামাজিক অবস্থাতো দেখতে হয়, আধুনিকতার যুগ। ছেলে মেয়েরা এখন অনেক আধুনিক। আমি বলি, একথা বলুন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো দেখতে হয়। যার অফাদারীই সত্য এবং জগতের অন্য সকলের অফাদারী মিথ্যা।