📄 মিসরীয় মিডিয়া সম্পর্কে অভিজ্ঞতার ফল
মিসরী সংখ্যাগরিষ্ঠ লোকদের মন-মস্তিষ্ক ও চেতনায় দীনের যে মর্যাদাবোধ রয়েছে এবং যেভাবে সকল সমস্যা সংকটের সমাধান তারা দীন ইসলামকেই মনে করে, মিসরী ইলেকট্রনিক মিডিয়াগুলো সে অনুযায়ী প্রোগ্রাম উপস্থাপন করে না। তাদের সম্প্রচারিত অনুষ্ঠানমালা দেখে মনে হয় দীন দুনিয়া আলাদা আলাদা ঘরে বিভক্ত এবং দৈনন্দিন জীবনের সমস্যা সংকটের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নিম্নে মিসরী মিডিয়া সম্পর্কে অভিজ্ঞতার ফল তুলে ধরা হল-
০১. মিসরী মিডিয়ায় দীনী অনুষ্ঠানমালা সম্প্রচার করার ধরন অতি নিম্ন মানের। তার মধ্যে কোনো আকর্ষণ ও নতুনত্ব নেই। আর না শৈল্পিক চাহিদার প্রতি লক্ষ্য রাখা হয়।
০২. মিসরী নয়টি টিভি চ্যানেল দৈনিক ১৬৬ ঘন্টা অনুষ্ঠানমালা সম্প্রচার করে। এর মধ্যে দীনী প্রোগ্রাম সম্প্রচারের হার মাত্র ৩%। তন্মধ্যে সূচনা অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, কুরআন তিলাওয়াত এবং হামদ-না'ত ইত্যাদিও অন্তর্ভুক্ত।
০৩. ৯০ শতাংশ দীনী অনুষ্ঠানমালা তখন সম্প্রচার করা হয় যখন টিভির সামনে দর্শক-শ্রোতার সংখ্যা খুবই নগণ্য থাকে। এসব প্রোগ্রাম ৫ থেকে ১৫ মিনিটের বেশি দীর্ঘ হয় না, তাও আবার বেশির ভাগ সময় 'দুর্বল শরীরে সর্দি' প্রবাদের মতো কোনো ম্যাচ কিংবা কোনো রাষ্ট্রপ্রধানের আগমন কিংবা পুলিশ অথবা এমনি কোনো আনন্দানুষ্ঠান উপলক্ষে দীনী প্রোগ্রামের সম্প্রচার মুলতবি করে দেয়া হয়।
০৪. ফিলিস্তীন সংক্রান্ত স্পর্শকাতর রাজনৈতিক সমস্যা, বিশেষ করে ফিলিস্তিনী ইন্তেফাদা ও হামাস আন্দোলন এবং ইসরাঈলের সাথে মিসরের সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ইত্যাদি বিষয়ের দিকে মিসরী টিভি কোনো দৃষ্টি দেয় না। অথচ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসরাঈলের সাথে মিসরের সুসম্পর্ক ক্ষতিকর প্রমাণিত হবে কিনা, এমনিভাবে শিক্ষা-দীক্ষা, মাদকদ্রব্য, নারীদের চাকরি এবং মিসরী সমাজ দেহের অনিষ্ট অকল্যাণ নির্মূল করার জন্য দীন ও শরীয়তের ভূমিকা এমন কিছু বিষয়, যা মিসরী জনগণের সাথে সুগভীরভাবে জড়িয়ে আছে, কিন্তু মিডিয়া এর প্রতি কোনো গুরুত্বই দেয় না। অতি সুকৌশলে এ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো এড়িয়ে যায়। যদি ইসলামী শরীয়া বিষয়ে কোনো আলোচনা-পর্যালোচনা হয়ও, তবে তা হয় ইসলামী আইন প্রণয়নের দর্শন নিয়ে। ইসলামী সভ্যতা-সংস্কৃতি বিষয়ে মিসরী টিভি যেসব প্রোগ্রাম উপস্থাপন করে তা পর্যালোচনা করলে জানা যায়, মিসরী মিডিয়া ইসলামী সভ্যতা-সংস্কৃতির মাত্র দু'টি দিক নিয়ে আলোচনা করে। এক. ইসলামী দাওয়াত ও তার চাহিদা। দুই. আধুনিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ও অবস্থান, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে মোটেও আলোচনা করে না। যেমন- অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষা-প্রশিক্ষণ বিষয়ক সমস্যা সংকট সমাধানে ইসলাম কি সমাধান পেশ করেছে এবং মুসলমানদের দীনী, আধ্যাত্মিক ও সামাজিক জীবন কিভাবে সঠিক সুন্দর হতে পারে প্রভৃতি। যারা মিসরী মিডিয়ার জন্য দীনী প্রোগ্রাম তৈরি করেন তারা অত্যন্ত সংকীর্ণ চিন্তা-ভাবনা করেন এবং নিজেদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেন, সাধারণ জনগণের চাহিদা, অভিরুচি, মনোভাব ও দৃষ্টিভঙ্গির প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। তারা গোটা মিডিয়ার ওপর একতরফা ট্রাফিকের মতো থাবা বিস্তার করে আছে।
মিসরী তথ্য মন্ত্রণালয়ের দাবী অনুযায়ী পবিত্র রমযান মাসে অন্যান্য মাসের তুলনায় দীনী অনুষ্ঠামালা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে দেয়া হয়, কিন্তু এই দীনী অনুষ্ঠানমালার আসল বাস্তবতা কি? এ বিষয়ে একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা দৈনিক আশ-শারকুল আওসাত প্রকাশ করেছে, যার সার-সংক্ষেপ নিম্নরূপ-
০১. একেবারে ইফতারের সময় লক্ষ লক্ষ পাউন্ডের পুরস্কার সম্বলিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচার করা হয়, যা মিসরের সুন্দরী তারকাদের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রত্যেক দিন নতুন নতুন নৃত্য ও গানের মাধ্যমে এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আধ ঘণ্টার এই অনুষ্ঠানের পর পরই হাসি-কৌতুক, নাটক কিংবা যৌন সুড়সুড়িমূলক সিরিজ প্রচার করা হয়।
০২. মিসরী টিভির ৯৭% অনুষ্ঠান সুন্দরী নারীরা উপস্থাপন করে।
০৩. ৯৮% বিজ্ঞাপন উপস্থাপন করে নারীরা। ২৫% বিজ্ঞাপনে যৌন সুড়সুড়ি ও উসকানি থাকে।
০৪. ৯০% সিনেমায় নগ্নতা, ইজ্জত লুণ্ঠন, প্রেম-ভালবাসা, যৌন অপরাধ ও নৈতিক অবক্ষয়ের ঘটনা বিদ্যমান থাকে।
০৫. মিসরের সিনেমা হলগুলোতে ৮০% মার্কিন চলচ্চিত্র ও ১৭% ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হয়। এসব চলচ্চিত্রে কট্টরপন্থা ও যৌন মিলনের উন্মুক্ত দৃশ্য প্রদর্শিত হয়।
০৬. মিসরী সেন্সর বোর্ড বিশটি সিনেমাকে অশ্লীল সাব্যস্ত করে তার প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু মিসরী টেলিভিশন পবিত্র রমযান মাসে সেগুলো প্রদর্শন করে।
আইনে শামস ইউনিভার্সিটির উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ মিসরে বিদেশী সিনেমার প্রভাব-প্রতিক্রিয়ার ওপর একটি জরিপ পরিচালনা করে। উক্ত জরিপ থেকে জানা যায়, বিদেশী সিনেমায় মার-দাঙ্গা ও যৌন উগ্রতার আধিক্যের কারণে মিসরীয় নির্মাতারাও সেই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে এবং পশ্চিমা ও ভারতীয় সিনেমাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তাদের নির্মিত বেশির ভাগ সিনেমা এ্যাকশন ও যৌন সুড়সুড়িমূলক। সেসব সিনেমার নায়ক বাহ্যিকভাবে সাদা পোশাকধারী হলেও কিন্তু আন্তর্জাতিক মাফিয়া ডন। যাদের প্রধান বৈশিষ্ট্য হত্যা, লুণ্ঠন ও রক্তপাত। তারা সামান্য কথাতেই রিভলবার ও মেশিনগান দিয়ে ডজনে ডজনে মানুষকে ভূনা করে রেখে দেয়। সশস্ত্র ডাকাতি করে, নারীদের অপহরণ ও ধর্ষণ করে। এসব করেও তারা বেঁচে যায় এবং মন ভরে যাবতীয় আরাম বিলাস ভোগ করে। এমনকি তার বাস্তবতা প্রকাশ হয়ে পড়ে।
📄 মিসরীয় সমাজে মিডিয়ার প্রভাব-প্রতিক্রিয়া ও পরিণতি
এখানে উল্লিখিত সরেজমিন জরিপে পাওয়া কিছু ঘটনার আলোচনা রয়েছে, তা হলো, শিশুরা সিনেমা দেখে কিভাবে তার প্রভাব-প্রতিক্রিয়া গ্রহণ করে। উদাহরণস্বরূপ 'আল ইখওয়াতুল আ'দা' (দুশমন ভাই) নামক একটি সিনেমা দেখে এক শিশু তার ঘুমন্ত ছোট ভাইকে গলা টিপে হত্যা করে। ষোল বছরের এক ছেলে 'মেছালী হিরো' (আদর্শ নায়ক) নামে একটি টিভি সিনেমা দেখে প্যাট্রোসের মোটরগাড়ী চুরি করে। এক ছাত্রী টিভির পর্দায় 'আর রাকেসা ওয়াস সিয়াসী' (নর্তকী ও রাজনীতিবিদ) নামক সিনেমা দেখে ড্যান্স ক্ল্যাবে চাকরি নেয়। এ সিনেমা দেখে সে মনে করে বসে, নর্তকী তার নৃত্য শিল্পের মাধ্যমে রাজনীতিক ও সম্পদশালীদের সহজেই মাত করতে পারে।
মিসরী সমাজে অপরাধের বিশ্লেষণ করতে গিয়ে প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাতা সালাহুদ্দীন আবু ইউসূফ বলেন, প্রতি যুগেই অপরাধ ছিল এবং এমন লোকও বিদ্যমান ছিল, যারা সামাজিক বন্ধন ও নৈতিক-চারিত্রিক সীমা লংঘন করে চলত। পূর্বে নেশা ও প্রতিশোধমূলক অপরাধ সংঘটিত হত, কিন্তু খুবই কম। তবে বিগত শতাব্দীর ষাটের দশকে অর্থনৈতিক অপরাধ বৃদ্ধি পায়, যেমন চুরি, ডাকাতি ও প্রতারণা ইত্যাদি। এর পাশাপাশি রাজনৈতিক অপরাধেরও প্রবৃদ্ধি ঘটে, কিন্তু বর্তমানে পরিস্থিতি এত ভয়ানক আকার ধারণ করেছে যে, এ্যাকশন, মার-দাঙ্গ, সন্ত্রাস, অপহরণ, ধর্ষণের ঘটনা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সালাহুদ্দীন আবু ইউসুফ আরো বলেন, ১৯৭০ সালের পর যেসব সিনেমা নির্মিত হয়েছে তা সব হলিউড ও বলিউডের এ্যাকশন ছবির অবিকল প্রতিচ্ছবি। উদাহরণস্বরূপ এক নাযুক সুন্দরী নারী, আদালত, মৃত্যুর ফাঁদ, তের কাজ, তিন শয়তান, প্রতিশোধের আগুন, মন্দ মানুষ, তিন ঝগড়াটে, প্রতিশোধের চক্কর প্রভৃতি সিনেমাগুলোতে এ্যাকশন, মারদাঙ্গা, যৌনতা ও নগ্নতার ছড়াছড়ি রয়েছে। ভারতীয় নির্মাতা অমিতাভ বচ্চনের সিনেমাগুলোও মিসরে খুব জনপ্রিয়। কারণ তার নির্মিত বেশির ভাগ সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত এ্যাকশন ও যৌন সুড়সুড়ি বিদ্যমান রয়েছে। মিসরী সেন্সর বোর্ডের এক সদস্য হামদী সারওয়ার বলেন, অপরাধ বৃদ্ধিতে শুধু সিনেমাকেই কারণ সাব্যস্ত করা ঠিক নয়; বরং এতে অর্থনৈতিক ও সামাজিক কারণও রয়েছে। এছাড়া দীনী শিক্ষা ও প্রশিক্ষণের অনুপস্থিতিও একটি মৌলিক কারণ।
মিসরী মিডিয়ার ওপর ইহুদী খৃস্টান ও নাস্তিক বেদীন গোষ্ঠীর আধিপত্যের কারণে বেশির ভাগ সিনেমা নাটকে ইসলাম, ইসলামী শিক্ষা ও ব্যক্তিত্ব এবং দীনী পরিচায়ক বিষয়াবলীকে অত্যন্ত উপহাস বিদ্রূপের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যাতে ইসলামের আকার আকৃতি বিকৃত করা যায় এবং মন-মস্তিষ্ক থেকে তার প্রাণ ও মূল্যবোধ বের করে দেয়া যায়; বরং অন্তরে ইসলাম সম্পর্কে আরো ঘৃণা সুদৃঢ় হয়। যেমন পশ্চিমা সমাজে তাদের দীন ধর্ম সম্পর্কে করা হয়। তবে পশ্চিমা সিনেমায় এ্যাকশন, যৌনতা, নগ্নতা ও অশ্লীলতা ছাড়া সাধারণতঃ তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা হয় না। যদিও ব্যতিক্রম কিছু সিনেমা রয়েছে, যেখানে হযরত ঈসার যৌন জীবনকে পাশ্চাত্য ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এর বিরুদ্ধে কোথাও কোথাও কিছু প্রতিবাদও হয়েছে, কিন্তু সাধারণত: পশ্চিমা সিনেমায় তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদাবান আকার আকৃতিতে হাসপাতাল ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসমূহে রোগী, নিঃস্ব দুঃস্থ এবং দুর্বল মানুষের সাহায্য সহায়তাকারীরূপে দেখানো হয়। এসব ক্ষেত্রে ইঞ্জিলের আয়াত এমনভাবে উপস্থাপন করা হয়, যা দ্বারা খৃস্টীয় শিক্ষা ও নীতিমালা সুস্পষ্ট হয়ে যায় এবং দর্শক-শ্রোতাদের মন-মস্তিষ্কে ভালো প্রভাব পড়ে, কিন্তু পশ্চিমের এই মিডিয়াই যখন ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে কোনো অনুমান উপস্থাপন করে, তখন তাতে ইসলামকে সম্পূর্ণ বিকৃত করে দেখানো হয়। মিসরী সিনেমা যেহেতু পাশ্চাত্যে নির্মিত সিনেমারই চর্বিত চর্বণ, সে জন্য এক শতাব্দী ধরে মিসরী সিনেমায় ইসলাম, মুসলিম উম্মাহ, ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও ব্যক্তিত্বকে বিকৃত করা, খাটো করা ও হেয় করার ধারাবাহিকতা চলে আসছে। এসব সিনেমায় একাধিক বিবাহ, তালাক, ইবাদত, চরিত্র, লেনদেন ও সামাজিকতা সম্পর্কে ইসলামী শিক্ষা ও অবয়বকে বিশেষভাবে টার্গেট বানানো হয়। পিতা-মাতার যে সম্মান মর্যাদা ইসলামী সমাজে আছে, যুগ যুগ ধরে ইসলামী সমাজে যেভাবে যৌথ পারিবারিক ব্যবস্থা প্রচলন রয়েছে, পর্দাপ্রথার যে ইসলামী ধ্যান-ধারণা, অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কে ইসলামের যে প্রাকৃতিক কানুন ও ইনসাফপূর্ণ বন্টন পদ্ধতি রয়েছে, সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য পরোক্ষ প্রত্যক্ষ উসকানি দেয়া হয়। সূক্ষ্মভাবে এই ধারণা দেয়া হয়, এই ধর্ম অনেক কঠিন।
সমস্যা সংকটের কোনো সমাধান এতে নেই। ইসলামে প্রতিটি সমস্যার সমাধান কঠোরতা ও তলোয়ারের মধ্যে খোঁজা হয়। অতএব কট্টরপন্থা থেকে বাঁচার জন্য পশ্চিমা জীবনপদ্ধতি গ্রহণ কর। অন্য ভাষায়, মানব সোসাইটির সকল অনিষ্টের মূল কারণ ইসলাম। এর সমাধান পশ্চিমা জীবনপদ্ধতি গ্রহণ করা। যেমন 'উরীদু হাল্লান' (সংকটের সমাধান কাম্য)-মিসরী সিনেমায় ধারণা দেয়া হয়েছে।
মিসরী সিনেমায় সাধারণতঃ দীনী ব্যক্তিত্বে অভিনয়কারীদের নাম এমন রাখা হয়, যা দ্বারা কঠোরতা, জুলুম ও ত্রাসের প্রতিচ্ছবি মস্তিষ্কে ভেসে ওঠে। যেমন আবদুল জব্বার, আবদুল কাহহার, আবদুল জালাল ইত্যাদি। অতঃপর সেসব অভিনেতারূপী ব্যক্তিত্বকে সব সময় ক্রোধভরা ভয়ানক চেহারায় দেখানো হয়, যার চোখ লাল, ভ্রু টানা, চেহারা ভাঙ্গা, কথায় কথায় ক্রুদ্ধ কঠোর হয়, নিষ্পাপ শিশু ও স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে, কন্যাদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা ও খেলাধুলার ওপর অবরোধ আরোপ করে। এক কথায় ঘরকে জেলখানা বানিয়ে দেখানো হয়, আর ঘরের বাইরে উক্ত অভিনেতার জীবন অন্য দেখানো হয়। একদিকে নামাযী অপরদিকে খারাপ ও অনৈতিক কাজে লিপ্ত। হাতে লম্বা তাসবীহও আছে আবার বন্ধুদের সাথে মদের আড্ডায়ও বিভোর।
দীনদার ও ভদ্র মানুষদের জন্য মিডিয়ায় সাধারণতঃ নিম্নের অভিযোগগুলো ব্যবহার করা হয়-সহজ, সরল, সাদাসিধা, বেওকুফ, নির্বোধ, কম জ্ঞানী, নাদান, ত্রুটিপূর্ণ বিবেকসম্পন্ন, স্থবির, অন্ধকারপ্রিয়, গোঁড়া, প্রতিক্রিয়াশীল, পশ্চাদপদ, উজ্জল চিন্তা ও মুক্তবুদ্ধির বিরোধী, উন্নতি ও প্রগতির অন্তরায়, কট্টরপন্থী, প্রাচীনতাপ্রিয়, সাম্রাজ্যবাদের ক্রীড়নক, অসভ্য, অভদ্র, সভ্যতা-সংস্কৃতি থেকে দূরে, যুগের চাহিদা সম্পর্কে বেখবর, ধর্ম ব্যবসায়ী, ইসলামকে অপহরণকারী, মৌলবাদী, মোল্লা ইত্যাদি। এর চেয়ে ভয়ানক হল, দীনী অভিধার সাথে উপহাস বিদ্রূপের বিষয়টা, যার প্রভাব-প্রতিক্রিয়া এর চাইতেও সঙ্গীন ও সুদূরপ্রসারী। যেমন অন্যায়-অপকর্ম এবং দুষ্কৃতির দৃশ্যে অভিনয়কারী অভিনেতা-অভিনেত্রীদের নাম কোনো প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্বের নামে রাখা হয়। এসব নামের বিকৃতি ঘটিয়ে নিন্দনীয় অর্থে ব্যবহার করা হয়। যেমন যয়নব ও ফাতেমাকে যানুবা ও ফাতুমা বলা হয়, আবার বিশেষ হাওয়াই চেলাদেরও যানুবা ফাতুমা নামে ডাকা হয়। নায়ক যখন নায়িকার সাথে অনৈতিক কাজ করে তখন এটাকে চার রাকাত নামায ও যৌন প্রমোদকে জান্নাতে প্রবেশের সাথে তুলনা করা হয়। নায়ক নায়িকা সমুদ্র তীরে আমোদ-প্রমোদ করতে থাকে আর একে অপরকে বলতে থাকে, আমরা সমুদ্রে নামার সময় বিসমিল্লাহ বলে কেন আল্লাহর রাসূলের সুন্নতের ওপর আমল করব না। এভাবেই মিসরী মিডিয়া পশ্চিমা মিডিয়ার অনুকরণে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে অঘোষিত ক্রুসেড চালিয়ে যাচ্ছে।
মিসরী সমাজে ইবনূল কালব (কুকুরের বাচ্চা), ইবনুল খিনযীর (শুয়েরের বাচ্চা) ইত্যাদি শব্দের ব্যবহার ব্যাপক। বাপ তার ছেলেদের, বড় ভাই ছোট ভাইকে এসব শব্দে সম্বোধন করে। সাধারণতঃ আদর-ভালবাসা ও ক্রোধ-গোস্মা উভয় অবস্থাতেই একই পরিভাষা ব্যবহার করা হয়, কিন্তু সিনেমার যে নায়ক-নায়িকার নাম কোনো প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্বের নামে রাখা হয়েছে, তার ক্ষেত্রে এই পরিভাষাগুলো বার বার ব্যবহার করা হয়। এতে দর্শকদের ওপর অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া পড়বে। নাটক, সিনেমা ও উপন্যাসে বিভিন্নভাবে ইসলাম ও তার শিক্ষামালার বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালানো হয়।
৫
দৈনিক আল আহরাম এবং সাপ্তাহিক রোজ আল ইউসুফসহ সংবাদ পত্রের কার্টুনে বছরের পর বছর শায়খ মাতলূফ (আযহারী শায়খ) এবং মুহাম্মদ আফেন্দিয়া (মোনাফিক আলেমেদীন)-এর নামে দীন সম্পর্কে কৌতুক করেছে।
টিকাঃ
৫. এ অভিধা পদ্ধতি এতটাই ব্যাপক যে, ইসলামপ্রিয় আরবী সাহিত্যিকদের মধ্যে নাজীব কিলানীও তাঁর উপন্যাসসমূহে এ পদ্ধতি ব্যবহার করেছেন।
📄 কায়রো টেলিভিশন
কায়রো টেলিভিশনের প্রথম চ্যানেল সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত মোট ১৯ ঘন্টা সম্প্রচারিত হয়।
দ্বিতীয় চ্যানেল সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত মোট ১৯ ঘন্টা সম্প্রচারিত হয়।
তৃতীয় চ্যানেল দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত মোট ১২ ঘন্টা সম্প্রচারিত হয়।
চতুর্থ চ্যানেল রাত ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৯ ঘন্টা সম্প্রচারিত হয়।
পঞ্চম চ্যানেল সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত ১৫ ঘন্টা সম্প্রচারিত হয়।
ষষ্ট চ্যানেল দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১০ ঘন্টা সম্প্রচারিত হয়।
সপ্তম চ্যানেল দুপুর ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪ ঘন্টা সম্প্রচারিত হয়।
নীল টিভিতে সকাল ১০টা থেকে রাত সন্ধা ৬টা পর্যন্ত মোট ৮ ঘন্টা সম্প্রচার হয়।
ডিশ এন্টিনার মাধ্যমে বিবিসি, স্টার টিভি ও সিএনএন ২৪ ঘন্টা সম্প্রচার হয়।
এম বি সি মিডলইস্ট ব্রডকাস্টিং সেন্টার লন্ডন থেকে ১২ ঘন্টা সম্প্রচারিত হয়।
📄 কায়রো রেডিও
রেডিও কুরআন সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ১টা ৫৫ মিনিট পর্যন্ত ১৯ ঘন্টা সম্প্রচারিত হয়।
সাধারণ অনুষ্ঠান সর্বমোট ২২ ঘন্টা সম্প্রচারিত হয়।
সওতুল আরব সকাল ৭টা থেকে রাত ৪টা ১০ মিনিট পর্যন্ত সর্বমোট ২০ ঘন্টা সম্প্রচার চালায়।
মধ্যপ্রাচ্য বিষয়ক অনুষ্ঠান সর্বমোট ১২ ঘন্টা সম্প্রচারিত হয়।
রেডিও কুরআন শুধু তিলাওয়াতের জন্য নির্ধারিত। অন্যান্য রেডিও চ্যানেল থেকে দৈনিক মাত্র ২ ঘন্টা ২০ মিনিট 'দীনী ও নৈতিক অনুষ্ঠান প্রচারিত হয়।
কায়রো শহরে ২২টি সিনেমা হল, ৫টি নাট্যমঞ্চ, ২৫টি নাইট ক্ল্যাব, এবং সমুদ্রের ভেতরে ৮টি নাইট ক্লাব রয়েছে, যা নীল দরিয়ার উপকূলে অবস্থিত। এখানে চলন্ত নৌকার মধ্যে বিদেশী পর্যটকদের জন্য প্রোগ্রাম হয়। কায়রো সিনেমা হলগুলোতে দৈনিক ২৫টি মার্কিনী, ৮টি ফরাসী এবং ৬টি ভারতীয় সিনেমা প্রদর্শন করা হয়। সামগ্রিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মোট ৩৯টি বিদেশী সিনেমা প্রদর্শন করা হয়।
মিসরী টেলিভিশনের সকল চ্যানেল থেকে দৈনিক ৬টি মার্কিনী, ১টি ফরাসী, ২টি ভারতীয়, ৬টি আরবী সিরিজ এবং ২টি আরবী নাটক সম্প্রচার করা হয়। রেডিও কায়রোতেও আরবী সিরিজ, নাটক ও সিনেমা সম্প্রচার করা হয়। এসব তো টিভি রেডিওর কথা। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে নগ্নতা, অশ্লীলতা ছড়ানো হচ্ছে তা তো আলাদা কথা।
পবিত্র রমযান মাসে এমবিসির বিশেষ অনুষ্ঠান দুপুর ১১টা থেকে রাত ২টা পর্যন্ত আরব বিশ্বের সকল দেশের জন্য সম্প্রচার করা হয়। ১৫ ঘন্টার এই অনুষ্ঠানে ১৪১৬ হিজরীতে দৈনিক ৩টি আরবী সিরিজ, ২টি আরবী সিনেমা ও ২টি মার্কিন সিনেমা সম্প্রচার করা হয়েছে। কায়রো টিভির সকল চ্যানেল রোযাকে সার্থক বানানোর জন্য একে অপরে প্রতিযোগিতায় লিপ্ত হয়। সাপ্তাহিক আল মুজতামা আরব বিশ্বে মার্কিন সিনেমার আমদানী সম্পর্কে এক জরিপে লেখেছে, ডিশ এন্টিনার এই যুগে আরবরা সরাসরি ৩৫টি চ্যানেল থেকে তাদের ইচ্ছামতো অনুষ্ঠান উপভোগ করতে পারা সত্ত্বেও অতি চড়া মূল্যের রয়েলিটি দিয়ে সরকারী পর্যায়ে মার্কিন সিনেমা আমদানী করা হয়। জরিপে বলা হয়েছে, মিসরে ৮৫%, জর্ডানে ৬৫%, আরব আমিরাতে ৭৭%, তিউনিসিয়ায় ৭৮%, আলজেরিয়ায় ৭৯%, মরক্কোতে ৮২% এবং কুয়েতে ৭৭% মার্কিন সিনেমা প্রদর্শিত হয়। এসব দেশে প্রতিমাসে চারশ' নিষিদ্ধ ঘোষিত সিনেমার ভিডিও ক্যাসেট অনুপ্রবেশ করে। শিশুদের ৮৯% টিভি অনুষ্ঠানের জন্য অমুসলিম দেশ আমেরিকা জাপান থেকে প্রোগ্রাম আমদানী করা হয়। নতুন প্রজন্মের মন মস্তিষ্কে শেরেকী আকীদা-বিশ্বাস সুদৃঢ় করার জন্য অত্যন্ত শৈল্পিক দক্ষতা ও চতুরতার সাথে বিভিন্ন সিরিজ, নাটক, গেমস এবং কার্টুনও তৈরি করা হয়।
মুসলিম বিশ্বের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার যুদ্ধ কত ভয়াবহ, ব্যাপক, সুগভীর, সুদূরপ্রসারী, শক্তিশালী ও চতুর্মুখী, তার অনুমান এভাবে করা যেতে পারে, ভয়েস অফ আমেরিকা দৈনিক আরবীতে ৪৯ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করে।
ফ্রান্সের রেডিও মোনিয়ে কার্লো ৫২ ঘন্টা, বিবিসি ৮ ঘন্টা আরবী ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও ফ্রিতাস, যা ভেটিকন সিটির তত্ত্বাবধানে খৃস্টবাদ প্রচার-প্রসারের জন্য উৎসর্গীকৃত-আরব বিশ্বের শ্রোতাদের জন্য ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচারের উদ্দেশ্যে বিশেষ রেডিও স্টেশন স্থাপন করেছে।
পশ্চিমা মিডিয়ার সরাসরি মুসলিম সমাজের ওপর আগ্রাসন এবং বিনা অনুমতিতে মুসলিম পরিবারে অনুপ্রবেশের শক্তিশালী চেষ্টা-প্রচেষ্টা দেখুন, অন্যদিকে সেসব মুসলিম দেশগুলোকেও দেখুন, যারা কোটি কোটি ডলার দিয়ে পশ্চিম থেকে এ বিষ আমদানী করছে এবং স্বদেশের দীনী ভাইদের হলকে জোরপূর্বক ঢেলে দিচ্ছে। ১২টি ইসলামী দেশ ৫০%, দশটি ইসলামী দেশ ৬৫%, নয়টি ইসলামী দেশ ৭২% এবং চারটি ইসলামী দেশ ৮০% টিভি রেডিও প্রোগ্রাম পশ্চিম থেকে আমদানী করে। মুসলিম দেশগুলোতে সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে পশ্চিমা দেশে তৈরি দেড় থেকে দুই লাখ ঘন্টার অনুষ্ঠান দেখানো হয় এবং এর জন্য লাখ লাখ পাউন্ড ও ডলার ব্যয় করা হয়।
১৪১৬ হিজরীর রমাযান মাসে কুয়েতের তথ্য মন্ত্রণালয় লেবানন ও সিরিয়া থেকে একটি নৃত্য ও কণ্ঠশিল্পী দলকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এর জন্য ৪৫ লাখ ডলার নগদ, ৩০ লাখ ডলার হোটেল ও ভ্রমণ বিল বাবদ ব্যয় করা হয়েছিল।