📄 কুরআন সুন্নাহয় আশা
আল্লাহ্ তায়ালা বলেন- 'বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ্ সব গুনাহ মাফ করে দেন। তিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু' । [৩]
অন্যত্র বলেন- 'আর মানুষের অন্যায় সত্ত্বেও (অনুতপ্ত হলে) তোমার প্রভু তাদের প্রতি অবশ্যই ক্ষমাপরায়ণ' । [৪]
আবু মুসা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'যখনই কোনো মুসলিম মারা যায়, তখন আল্লাহ্ তায়ালা তার স্থলে একজন ইয়াহুদি বা খৃষ্টান লোককে জাহান্নামে প্রবেশ করান' । [৫]
উমর বিন খাত্তাব রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু বন্দী আসলো। বন্দীদের মধ্যে একজন নারী হঠাৎ দৌড়ানো শুরু করলো। বন্দীদের মধ্যেই একটি শিশু পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো। এই দৃশ্য দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-'তোমরা কি বল, এই মহিলা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে?' আমরা বললাম, অবশ্যই না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- 'এই মহিলা তার সন্তানের প্রতি যতটা না দয়ালু, আল্লাহ্ তায়ালা নিজ মুমিন বান্দার ওপর তার চেয়ে অধিক দয়াবান' । [৬]
আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'আল্লাহ্ যখন সৃষ্টির কাজ শেষ করলেন, তখন তিনি তাঁর কিতাব লাওহে মাহফুজে লিখেন, 'নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রবল'। এটি তাঁর নিকট আরশের ওপরে সংরক্ষিত আছে । [৭]
আনাস রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, 'আল্লাহ্ তায়ালা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে (ক্ষমা পাওয়ার) আশা করতে থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক, তোমাকে আমি ক্ষমা করবো। এতে কোনো পরোয়া করবো না'।
'হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেবো'।
'হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তাহলে তোমার কাছে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হবো'।
ইয়াহিয়া বিন মুয়াজ রহিমাহুল্লাহ বলেন- ‘গুনাহ অব্যহত রেখে অনুতপ্ত না হয়ে আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় থাকা, ইবাদত না করে আল্লাহর নৈকট্য অর্জনের প্রত্যাশায় থাকা, জাহান্নামের বীজ বপন করে জান্নাতের প্রতিক্ষা করা, গুনাহ করে ইবাদতকারিদের আবাসে থাকার কামনা করা, আমল না করেই প্রতিদান পাওয়ার অপেক্ষা করা, সীমালঙ্ঘন অপ্রতিহত রেখে আল্লাহর তায়ালার ওপর ভরসা করা—আমার কাছে সবচেয়ে প্রবঞ্চনাকর ব্যাপার’।
'আপনি মুক্তি চাইবেন কিন্তু মুক্তির পথ মাড়াবেন না, জাহাজ তো আর শুকনোর ওপর চলে না!'
টিকাঃ
[৩] যুমার ৫৩
[৪] সূরা রাদ ৬
[৫] সহিহ মুসলিম ৬৯০৫
[৬] সহিহ মুসলিম ৬৮৭১
[৭] সহিহ বুখারি ৩১৯৪