📘 পরিশুদ্ধ ক্বলব > 📄 অতিরিক্ত সংযোগ রক্ষা

📄 অতিরিক্ত সংযোগ রক্ষা


এটি একটি দুরারোগ্য ব্যাধি। সমস্ত অনিষ্টের আকর্ষক শক্তি। মানুষের সাথে অধিক মেলামেশা ও সংযোগের কারণে কত নিয়ামত হাতছাড়া হয়ে যায়, রোপিত হয় কত শত্রুতার চাড়া এবং অন্তরে স্থাপিত হয় এমন স্থির বিদ্বেষ, পাহাড় তার আপন স্থান থেকে সরে গেলেও তা অন্তরে নিজ স্থানে অটল থাকে। বস্তুত অতিরিক্ত মেলামেশা এবং সংযোগে দুনিয়ারও ক্ষতি নিহিত, আখিরাতেরও ক্ষতি নিহিত।
ব্যক্তির উচিত মানুষের সাথে ওই পর্যন্ত মেলামেশা করা, যতক্ষণ তা উপকারি থাকে। এজন্য মানুষকে চার ভাগে ভাগ করা হয়। যখন এক ভাগ অন্য ভাগের সাথে মিশ্রিত হয় এবং সেখানে কোনো পার্থক্য রেখা থাকে না, তখনই সেখানে অনিষ্ট সৃষ্টি হয়।
১-কিছু মানুষের সঙ্গ হচ্ছে খাবারের ন্যায়; দিবারাত্রি যে কোনো সময় প্রয়োজন হতে পারে। যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন তাদের সঙ্গ ত্যাগ করবে। আবার যখন সাহচর্যের প্রয়োজনীয়তা অনুভূত হবে, তখন আবার তাদের সংস্পর্শে আসবে- খাবারের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হলেও এই শ্রেণীর মানুষের ক্ষেত্রে তা একদমই প্রযোজ্য নয়; বরং তাদের সঙ্গ অবিচ্ছিন্ন ধারায় চলতে থাকবে। তারা হলেন ওই সমস্ত মানুষ, যারা আল্লাহেক চেনেন, তাঁর আদেশ-নিষেধ সম্পর্কে জানেন, তাঁর শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন, অন্তরের রোগ ও তার প্রতিকার সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ্, তাঁর কিতাব, তাঁর রাসুল ও তাঁর সৃষ্টির জন্য শুভার্থী। এই প্রকারের মানুষের সঙ্গ নিয়ে আসে লাভের ওপর লাভ।
২-কিছু মানুষের সঙ্গ ঔষধের ন্যায়; রোগ হলে তাদের প্রয়োজন হয়। অতএব আপনি যখন সুস্থ থাকবেন, তখন তাদের সংস্পর্শের কোনো প্রয়োজন নেই। তারা হলেন ওই সমস্ত লোক, জীবন ধারনের জন্য, ব্যবসা বানিজ্য পরামর্শ ইত্যাদি করার জন্য যাদের সাথে সংযোগ রাখা অপরিহার্য। সুতরাং যখন তাদের থেকে প্রয়োজন পূরণ হয়ে যাবে, তখন অবশ্যই তাদের সঙ্গ ত্যাগ করতে হবে।
৩-অনেক মানুষ আছে যাদের সঙ্গ, তাদের প্রকার স্তর শক্তিমত্তা ও দুর্বলতার তারতম্যে, রোগের ন্যায়। তাদের মধ্যে কিছু আছে, যাদের সঙ্গ দুরারোগ্য এবং দীর্ঘমেয়াদি রোগের ন্যায়। তারা হলো ওই সমস্ত লোক, যাদের থেকে দুনিয়া যুগপৎ আখিরাতের কোনো লাভ অর্জন হয় না। এরকম মানুষের সঙ্গ যদি আপনাকে পেয়ে বসে এবং তা অব্যহত থাকে, তাহলে তা আপনার জন্য মরণ ব্যাধিতে পরিণত হবে।
অন্যদিকে কিছু লোক আছে, যারা ভালো করে কথা বলতে পারে না যে আপনি তার থেকে উপকৃত হবেন; চুপও থাকতে পারে না যে আপনার থেকে তারা উপকৃত হবে; সে নিজের স্তর জানে না যে সেখানে নিজেকে স্থাপিত করবে। বরং সে যখন কথা বলে, তখন তার বাক্যবাণ হয় বিদ্রোহীর মতো, শ্রোতাদের অন্তরে যা বিস্ময় ও আনন্দের উদ্রেক ঘটায়। সে যখনই সুযোগ পায়, তখনই এমন ওজস্বী কথা বলে আর ধারণা করতে থাকে যে, সে মজলিসকে অমোঘ এক সুরভী দ্বারা সুরভিত করে ফেলেছে। কিন্তু যখন সে কথা বলা থামিয়ে দেয়, চুপ হয়ে যায়, তখন প্রস্ফুটিত হয় যে, সে ছিল জাঁতার বিরাট এক কলের ন্যায়; যাকে বহন করাও সম্ভব নয় আবার জমিনে রেখে টেনে নেওয়াও সম্ভব নয়; তার বাক্যবাণ পুরোটাই নিষ্ফল।
এমন অপোগণ্ড লোকের সংস্পর্শ দুধরণের হতে পারে। আবশ্যিক এবং আকস্মিক। আকস্মিক হলে তো তা এড়িয়ে যেতে সময় লাগে না। কিন্তু যদি ভাগ্যের পরিহাসে কেউ এমন কারও পাল্লায় পড়ে যায়, তার সাথে মেলামেশা করা ছাড়াও কোনো গতি না থাকে, তাহলে সে যেন উত্তমভাবে তার সাথে মেলামেশা করে; বাহ্য দিয়ে তাকে সন্তুষ্ট রাখে কিন্তু অভ্যন্তরকে তার থেকে নিরাপদে রাখে, যতদিন না আল্লাহ্ তায়ালা তার জন্য মুক্তির কোনো পথ বা পন্থা বের করে দেন।
৪- কিছু মানুষ আছে যাদের সংশ্রব ধ্বংসের নামান্তর। কেমন যেন নিজ হাতে বিষ পান করা। অতঃপর যদি বরাত সুপ্রসন্ন হয়, তাহলে প্রতিষেধক পাওয়া যায়। অন্যথায় তার জন্য বিলাপ করা ছাড়া কোনো গতি নেই। এ প্রকারের মানুষের সংখ্যাই অধিক। আল্লাহ্ তায়ালা তাদের সংখ্যা বৃদ্ধি না করুন। তারা হলো বিদআত এবং ভ্রষ্টতা চর্চাকারী, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ উপেক্ষাকারী, অনিসলামের দিকে আহ্বানকারী, সুন্নতকে বিদআত আর বিদআতকে সুন্নত সাব্যস্তকারী। কোনো বুদ্ধিমান ধীসম্পন্ন ব্যক্তি এমন লোকদের সংস্পর্শে যেতে পারে না, তাদের সাথে মেলামেশা করতে পারে না। খোদা না করুন, যদি করেই ফেলে, তাহলে তার অন্তরের জন্য মৃত্যু কিংবা অসুস্থতা অপরিহার্য।
আমরা আল্লাহ্ তায়ালার কাছে নিজেদের এবং তাদের জন্য রহমত ও নিরাপত্তা প্রার্থনা করছি।

📘 পরিশুদ্ধ ক্বলব > 📄 ক্বলবের সঞ্জীবনী এবং উপাদেয় আহারাদি

📄 ক্বলবের সঞ্জীবনী এবং উপাদেয় আহারাদি


মানুষের শরীরের গঠন ঠিক রাখার জন্য যেমন পানাহার অপরিহার্য, তেমনি ব্যক্তির অন্তর জীবিত রাখার জন্য ইবাদত এবং সওয়াবের কাজ করা জরুরী। সমস্ত গুনাহ অন্তরের জন্য বিষাক্ত খাবারের ন্যায়। বান্দা তার রবের ইবাদত করার মুখাপেক্ষী, জাতিগতভাবেই তাঁর ওপর নির্ভরশীল।
ব্যক্তি যেমন নিজের শরীরকে প্রাণবন্ত রাখতে নির্দিষ্ট সময় পরপর উপকারী খাবার ভক্ষণ করে, আবার কখনো যদি দেখা যায় যে, ভুলক্রমে বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছে, তখন নিজের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার জন্য ব্যগ্র হয়ে পড়ে- ঠিক তেমনি বান্দার অন্তর তার শরীরের চেয়ে গুরুত্বপূর্ণ। শরীরের জীবন যদি তাকে দুনিয়ায় সুস্থ জঞ্জালমুক্ত একটি জীবন যাপন করার জন্য যোগ্য করে তোলে, তাহলে অন্তরের জীবন তাকে দুনিয়ায় একটি পবিত্র পরিচ্ছন্ন এবং আখেরাতে অফুরন্ত সুখের জীবনের জন্য উপযুক্ত করে তোলে। তদ্রূপ শরীরে মৃত্যু যেমন তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়, তেমনি অন্তরের মৃত্যু চিরজীবন তার জন্য অসুখ অশান্তিকে অবশিষ্ট রাখে।
আল্লাহ্ তায়ালার একজন সৎ বান্দা বলেছেন-'মানুষের জন্য বিস্ময় জাগে, কারও শরীর মারা গেলে তারা তার জন্য বিলাপ করে। কিন্তু কারও অন্তর মারা গেলে তার জন্য বিলাপ করে না। অথচ অন্তরের মৃত্যুই অধিক কষ্টদায়ক'।
অতএব অন্তরের জীবনের জন্য ইবাদত এবং সওয়াবের কাজ করা আবশ্যক। বান্দার কলবের জীবন এবং তার প্রয়োজনীয়তা অনুভব করে নিম্নে কিছু কার্যকরী ভালো কাজের কথা উল্লেখ করছি। ঈষৎ বিস্তারিত। সেগুলো হলোঃ আল্লাহ্ তায়ালার জিকির, কুরআন তিলাওয়াত, ইসতিগফার, দোয়া, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পাঠ এবং কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামায।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00