📘 পরিশুদ্ধ ক্বলব > 📄 ইখলাস সম্পর্কে সালাফদের কিছু উক্তি

📄 ইখলাস সম্পর্কে সালাফদের কিছু উক্তি


ইয়াকুব রহিমাহুল্লাহ বলেন, 'মুখলিস (একনিষ্ঠ) ওই ব্যক্তি, যে নিজের গুনাহ ও মন্দকাজগুলো যেভাবে গোপন রাখে, সেভাবে নিজের নেক কাজগুলোও গোপন রাখে'।
সুসি রহিমাহুল্লাহ বলেন- 'ইখলাস হলো ইখলাসকে না দেখতে পারা; যে ব্যক্তি নিজের ইখলাসের মধ্যে ইখলাস প্রত্যক্ষ করে, তার ইখলাস ইখলাসের মুখাপেক্ষী'। উক্ত কথা দ্বারা উদ্যেশ্য হলো, নিজের আমলকে আত্মশ্লাঘা থেকে নির্মল রাখা। কেননা নিজের আমলকে ইখলাস-মণ্ডিত করা আবশ্যক। কিন্তু নিজেকে মুখলিস একনিষ্ঠ ভাবা এবং তার দিকে পরিতৃপ্তির দৃষ্টিতে তাকানো এটাও একটা বড় ব্যাধি। যার নাম হলো 'উজব' তথা শ্লাঘাবোধ। আর একনিষ্ঠ তো তাই হয়, যা সমস্ত আপদ ও ব্যাধি থেকে মুক্ত হয়। তাই এমন ব্যক্তির ইখলাসের মধ্যেও সমস্যা দেখা দেয়। ফলে তার ইখলাসও নতুন করে পরিশুদ্ধির মুখাপেক্ষী।
আইয়ুব রহিমাহুল্লাহ বলেন—'আমলকারিদের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো নিয়তকে স্বচ্ছ করা'।
কেউ বলেছেন, 'এক মুহূর্তের ইখলাসই চিরকালীন নাজাতের জন্য যথেষ্ট; কিন্তু ইখলাস বড়ই দুর্লভ'।
সুহাইল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, 'মানুষের নফসের জন্য কোন জিনিষ সবচেয়ে বেশি কষ্টকর?' তিনি বললেন, 'ইখলাস; কেননা অন্তরের ইখলাস খুবই বিরল জিনিষ'।
ফুজাইল বিন ইয়াজ রহিমাহুল্লাহ বলেন-'মানুষ দেখে এজন্য আমল ছেড়ে দেওয়া 'রিয়া' তথা আত্মপ্রদর্শনের অন্তর্ভুক্ত। আর মানুষকে দেখানোর জন্য আমল করা হলো শিরক। আল্লাহ্ তায়ালা তোমাকে উভয় থেকে নিরাপদ রাখেন, এটিই হলো ইখলাস'।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00