📄 সম্পাদকের কথা
আলহামদুলিল্লাহ, 'পরিশুদ্ধ ক্বলব' বইটি সম্পাদনা করে নিজেকে ধন্য মনে করছি। (যদিও এর যোগ্য আমি নই) কেননা, এই বইয়ের প্রতিটি অধ্যায়ে ছিল আমার জন্য নতুন নতুন বার্তা; নতুন নতুন শিক্ষা। এই বইয়ে লেখক এমন সব বিষয় সংকলন করেছেন, যা আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পাদনার প্রাক্কালে প্রতিটি পাতায় পাতায় নিজেকে খুঁজেছি। খুঁজেছি আমার ভুলে ভরা জীবনের বিষাক্ত অধ্যায়।
আত্মশুদ্ধি হচ্ছে প্রতিটি মুমিনের পাথেয়। আর সেই আত্মশুদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে, পরিশুদ্ধ ক্বলব। পরিশুদ্ধ ক্বলব আপনার আমার জন্য কতটা জরুরী; কীভাবে অন্তর পরিশুদ্ধ করবেন-তা এই বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিজেকে জানতে, নিজেকে চিনতে, নিজেকে বুঝতে-এই বইটা খুবই সহায়ক হবে, ইন শা আল্লাহ। আসুন, নিজেকে চিনি, নিজেকে খুঁজি; নিজেকে মুক্ত করি ভ্রান্তির বেড়াজাল থেকে। আসুন, ফুল হয়ে ফুটি; প্রভাতের স্নিগ্ধ আলো গায়ে মেখে, নতুন করে সাজি!
মাও: মাহমুদ বিন নূর
লেখক ও সম্পাদক
১০/০৯/২০২১
📄 অনুবাদকের কথা
আত্মা বা ক্বলব বনী আদমের চালিকাশক্তি। দেহ প্রজা, আত্মা রাজা। এ রাজার আদেশেই প্রজা তার সমস্ত কাজ আঞ্জাম দেয়। তাই দেহের চেয়ে আত্মার শক্তি হয় বেশি। মূল্যের দিক থেকেও আত্মা অমূল্য, দেহ অতি তুচ্ছ।
মানুষ যতই দেহশক্তিসম্পন্ন হোক না কেন, যতই ধনসম্পদের মালিক হোক না কেন, যতই রূপলাবণ্যের অধিকারী হোক না কেন, যদি তার অন্তর শক্তিশালী প্রসন্ন ও সুন্দর না হয়, তাহলে তার শক্তি সম্পদ ও সৌন্দর্যের কানাকড়িও মূল্য নেই। মৃত্যুর সাথে সাথেই এই নিরেট বাস্তবতা আমাদের সামনে প্রস্ফুটিত হয় অত্যন্ত করুণ রূপে।
জীবদ্দশায় আমাদের একটি নাম থাকে, থাকে পরিচয় পদবি। কিন্তু দেহ থেকে অন্তর বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই আমরা আমাদের নাম পদবি সবকিছুই হারিয়ে বসি। অতি আপনজনও আমার দিকে ইঙ্গিত করে বলে 'লাশ'। সৌন্দর্য তো তখন ধূলোয় মিশে যায়। আর সম্পদ চলে যায় অন্যের মালিকানায়।
অতএব, যেহেতু দেহের চেয়ে আত্মার মূল্য ক্ষমতা ও শক্তি বেশি, তাই আমাদের কর্তব্য হলো, দেহের পরিচর্যার চেয়ে আত্মার পরিচর্যার দিকে অধিক মনোযোগ দেওয়া। আত্মাকে পরিশুদ্ধ করা। কেননা আত্মা যদি কালিমাযুক্ত অপরিচ্ছন্ন হয়, তাহলে দেহের পরিশীলতা ও সৌন্দর্য কোনো কাজের নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমাদের খুবই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'নিশ্চয়ই মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে। যদি তা পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি তা বিনষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীরই বিনষ্ট হয়ে যাবে। শুনে রাখ, তা হলো ক্বলব (অন্তর)। (সহিহ বুখারী ৫২)
বক্ষমান বইটি আত্মশুদ্ধি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বই। লিখেছেন মিশরের প্রখ্যাত দাঈ, লব্ধপ্রতিষ্ঠ লেখক এবং বহুগ্রন্থ প্রণেতা শায়খ ডক্টর আহমদ ফরিদ। তিনি মূলত ইমাম গাজালি, ইবনে তাইমিয়া ও ইবনে রজব হাম্বলী প্রমূখ হৃদরোগ বিশেষজ্ঞ উলামায়ে কেরামের কিতাবাদি ও রচনা থেকে বাছাইকৃত কিছু আলোচনা এখানে সন্নিবেশিত করেছেন। যুগপৎ যুক্ত করেছেন কোরআনের অসংখ্য আয়াত, অনেক হাদীস এবং সাহাবি-সালাফদের প্রচুর মূল্যবান উপদেশ বাণী। পাঠক অবশ্যই বইটি পাঠ করার সময় বিষয়টি ঠাওর করতে পারবেন।
মাকতাবাতুল ক্বলব। সদ্য প্রতিষ্ঠিত একটি রুচিশীল প্রকাশনী। নামের সঙ্গে মিল রেখে এবং আত্মশুদ্ধির প্রযোজনীয়তার কারণে এই বইটিকে বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছে। আল্লাহ তায়ালা এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে উত্তম প্রতিদান দান করুন। আমাদের সকলকেই নিষ্কলুষ পবিত্র আত্মা নিয়ে তাঁর সামনে দাঁড়ানোর তাওফিক দান করুন। যেন মরণের সাথে সাথে আমাদের কর্ণকুহরে মধুর তরঙ্গে দোলা দিয়ে যায় এই সুর: 'হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট ও সন্তোষভাজন হযে ফিরে এসো তোমার রবের কাছে। অতঃপর আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে যাও এবং অবগাহন করো আমার জান্নাতে'। (সুরা ফজর ২৭-৩০)
অনুবাদক- ইলিয়াস আশরাফ
📄 লেখকের কথা
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য হলো তাজকিয়াতুন নুফুস তথা আত্মশুদ্ধি। আল্লাহ্ তায়ালা তাঁকে প্রেরণ করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন-
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّنَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا عَلَيْهِمْ أَيْتِهِ وَيُزَكِّيْهِمْ وَ يُعَلِّمُهُمُ الْكِتَبَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِي ضَلْلٍ مُّبِيْنٍ
তিনি উম্মিদের মাঝে তাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ পাঠ করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত (প্রজ্ঞা) শিক্ষা দিবে। আগে তো তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই ছিল। [১]
সুতরাং যারা আল্লাহেক পেতে চায়, আখিরাতের সাফল্য কামনা করে, তাদের জন্য নিজের আত্মশুদ্ধির প্রতি মনযোগী হওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই। কুরআনের একটি সুরায় আল্লাহ্ তায়ালা একাধারে এগারটি কসম করে অতঃপর বান্দার সফলতাকে যুক্ত করে দিয়েছেন নিজের আত্মার পরিশুদ্ধির ওপর। পুরো কুরআনে অন্য কোথাও এভাবে একাধারে এতো দীর্ঘ ও বিচিত্র কসমের সারি পাওয়া যায় না। আল্লাহ্ তায়ালা বলেন-
وَالشَّمْسِ وَضُحْبَهَا وَالْقَمَرِ إِذَا تَلْبَهَا وَالنَّهَارِ إِذَا جَلْبَهَا وَ الَّيْلِ إِذَا يَغْشَهَا وَ السَّمَاءِ وَ مَا بَنْهَا وَ الْأَرْضِ وَ مَا طحبها وَ نَفْسٍ وَ مَا سَوْنَهَا فَالْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوْنَهَا . قَدْ أَفْلَحَ مَنْ زَكَّهَا وَ قَدْ خَابَ مَنْ دَسْهَا
কসম সূর্যের ও তার আলোর, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়, কসম দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে, কসম রাতের যখন তা একে ঢেকে রাখে, কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন তার, কসম জমিনের এবং যিনি তা বিছিয়ে দিয়েছেন তার এবং কসম মানুষের অন্তরের ও সেই সত্ত্বার যিনি তাকে সুষম করেছেন এবং তাদেরকে তার পাপ ও পুন্যের জ্ঞান দিয়েছেন; নিঃসন্দেহে সে সফলকাম, যে মনকে পবিত্র করেছে। আর যে তাকে কলুষিত করেছে, সে বিফল। [২]
আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম তাজকিয়া সম্পর্কে অনেক কিতাব বইপত্র রচনা করেছেন। কিন্তু তার মধ্যে কিছু আছে খুবই দীর্ঘ এবং বড়। তাই সমস্ত মুসলমান সেখান থেকে উপকৃত হতে পারে না। অনুরূপ কিছু বই আছে দুর্বল ও বানোয়াট বর্ণনা ও ঘটনাবলী দ্বারা ভরপুর। তাই তা পাঠ করা নিরাপদ নয়। তাই উম্মাহর উপকারের দিকে লক্ষ্য করে এই বিষয়ক সহিহ ও গ্রহণযোগ্য কিছু বর্ণনা উক্ত গ্রন্থে একত্রিত করার চেষ্টা করেছি। ইবনুল কাইয়িম, ইবনে রাজাব হাম্বলি এবং ইমাম গাজালির মতো প্রাজ্ঞ উলামায়ে কেরামের গ্রন্থ থেকে সেগুলো চয়ন করে এনেছি। আশা করি আল্লাহ্ তায়ালা এর দ্বারা লেখক, পাঠক ও প্রকাশককে উপকৃত করবেন। সম্মানিত করবেন ওই দিন 'যেদিন কোনো সম্পদ কিংবা সন্তানসন্ততি কাজে আসবে না; তবে যে আসবে নিরাপদ অন্তর নিয়ে'। প্রশংসা সব আল্লাহর। তিনি আমাদের মাওলা। তাঁর কাছেই আমরা ফিরে যাবো।
টিকাঃ
[১] সুরা জুমআ ২
[২] সুরা শামস ১-১১
📄 ইলম অর্জন এবং শিক্ষাদানের মর্যাদা
কুরআনে কারিম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে শরীয়তের ইলম তথা জ্ঞান অর্জন এবং শিক্ষাদানের অনেক ফজিলত বর্ণিত আছে। তন্মধ্যে কিছু নিম্নে উল্লেখ করা হলো—
আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনে বলেন- তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ্ তায়ালা তাদের মর্যাদা সমুন্নত করে দেবেন। [১]
অন্যত্র বলেন- 'বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে?' [২]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— 'আল্লাহ্ তায়ালা যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন'। [৩]
অন্যত্র বলেছেন— 'যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, আল্লাহ্ তায়ালা তাঁর জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন'। [৪]
‘ইলম অর্জনের জন্য পথ চলা’—এর মূল মাধ্যম হলো পায়ে হেঁটে উলামায়ে কেরামের মজলিসে যাওয়া। তবে ইলম অর্জনের যাবতীয় মাধ্যম, পন্থা এবং পরোক্ষ উপকরণও এর অন্তর্ভুক্ত。
‘আল্লাহ্ তায়ালা তাঁর জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন'- এ কথা দ্বারা উদ্যেশ্য হলো, আল্লাহ্ তায়ালা তার জন্য কাঙ্ক্ষিত ইলম সহজলভ্য করে দেবেন। সে তা অর্জন করে সে অনুযায়ী আমল করবে এবং জান্নাতে প্রবেশ করবে। এজন্যই ইলমকে জান্নাতে যাওয়ার একটি পথ হিসেবে আখ্যায়িত করা হয়।
আবার জান্নাতে যাওয়ার রাস্তা বলতে কিয়ামতের দিনের কথাও উদ্যেশ্য হতে পারে। সিরাত অতিক্রম এবং তার আগেপরের বিষয়াদিও এর ব্যাখ্যায় বলা যায়。
জনৈক সালাফ বলতেন, 'সাহায্য-সহযোগিতা লাগবে এমন কোনো তালিবুল ইলম তথা ইলম অন্বেষণকারী আছে!' অর্থাৎ তালিবুল ইলমকে সহযোগিতা করার মাধ্যমে তিনিও জান্নাতের পথে আরেক পা অগ্রসর হয়ে যেতে চাইছেন。
ইলম, আল্লাহ্ পর্যন্ত পৌঁছার নিকটতম একটি উপায়। যে ইলমের পথে চলবে, সে অত্যন্ত সহজভাবে আল্লাহ্ তায়ালা এবং জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তদ্রুপ ইলম মূর্খতার অন্ধকার, সংশয় এবং দ্বিধা থেকে পরিত্রাণ পাওয়ার একটি আলোকবর্তিকা। তাই তো আল্লাহ্ তায়ালা তাঁর কিতাবের নাম রেখেছেন 'নূর' তথা আলোক。
আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু আনহুমা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন- 'আল্লাহ্ তায়ালা তাঁর বান্দাদের অন্তর থেকে একবারে ইলম ছিনিয়ে নেবেন না; বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। অবশেষে যখন একজন আলেমও অবশিষ্ট থাকবে না, তখন মানুষ জাহেল মূর্খদের অনুসৃত বানিয়ে নেবে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা ইলমহীন ফতোয়া দেবে। ফলে তারা নিজেরা ভ্রষ্ট হবে এবং অন্যদেরও ভ্রষ্ট করবে।' [৫]
উক্ত হাদিস সম্পর্কে উবাদা বিন সামিত রদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'তুমি যদি চাও, তাহলে আমি বলতে পারি, মানুষ থেকে কোন ইলম উঠিয়ে নেওয়া হয়েছে। তা হলো, খুশু তথা একাগ্রতা'。
উবাদা বিন সামিত রদিয়াল্লাহু আনহুর এ কথা বলার কারণ হলো, ইলম দুই ধরণের হয়ে থাকে। তন্মধ্যে একটি হলো ওই ইলম যা মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে এবং তাকে পরিশুদ্ধ করে। আর তা হলো- আল্লাহ্ তায়ালার সত্ত্বা, তাঁর নামসমূহ এবং তাঁর গুণাবলী সম্পর্কে জানা এবং তাঁর ভয়, গাম্ভীর্য, সম্মান, ভালোবাসা, আশা, এবং নির্ভরতা-সংশ্লিষ্ট যাবতীয় জ্ঞান অর্জন করা। এই জ্ঞানই হলো উপকারি জ্ঞান। একাগ্রতা ও খুশুর সম্পর্ক অন্তরের সাথেই। সুতরাং উবাদা রদিয়াল্লাহু আনহু কেমন যেন অন্তরের জন্য উপকারী ইলম উঠিয়ে নেওয়ার আশংকা প্রকাশ করছেন。
ইবনে মাসউদ রদিয়াল্লাহু আনহু বলেন, 'কিছু মানুষ কুরআন পাঠ করে। কিন্তু কুরআন তাদের কণ্ঠাস্থি অতিক্রম করে না। তবে যদি তা অন্তরে প্রবেশ করে এবং প্রোথিত হয়ে যায়, তখন তা উপাদেয় হয়ে যায়'。
হাসান বসরী রহিমাহুল্লাহ বলেন- 'ইলম দুই প্রকারঃ এক প্রকার ইলম মানুষের জিহ্বার সাথে সম্পৃক্ত। এই ইলম মানুষের বিপক্ষ-দলিল হিসেবে গণ্য (অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর)। যেমন হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কুরআন, হয়তো তোমার পক্ষে অথবা বিপক্ষে'। [৬]
'আরেক প্রকার ইলম মানুষের কলব-সংশ্লিষ্ট। এটিই হলো উপাদেয় ইলম। তবে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে এই উপাদেয় ইলম। যা কলবের সাথে মিশে যায় এবং তাকে পরিশুদ্ধ করে। পরিশেষে বাকি থাকবে জিহ্বা-সংক্রান্ত ইলম। মানুষ তা তাচ্ছিল্যের সাথে গ্রহণ করবে। সে অনুযায়ী আমল করবে না: ইলম বহনকারীরাও না, অন্যরাও না। অতঃপর এই ইলমও বিলীন হয়ে যাবে, তার বহনকারীদের নিঃশেষ হয়ে যাওয়ার দ্বারা। তখন সর্বনিকৃষ্ট মানব সভ্যতার ওপর কিয়ামত সংঘটিত হবে'。
টিকাঃ
[১] সূরা মুজাদালা ১১
[২] সুরা যুমার ৯
[৩] সহিহ বুখারি ১/১৯৭; সহিহ মুসলিম ৭/১২৮
[৪] সহিহ মুসলিম ১৭/২১, ৬৭৪৬
[৫] সহিহ বুখারি ১০০
[৬] সহিহ মুসলিম ২২৩