📘 পর্দার বিধান 📄 পর্দা না করেও সতী হলে

📄 পর্দা না করেও সতী হলে


'আমি পর্দা না করলেও আমার উদ্দেশ্য কোন পুরুষকে আকর্ষণ করা নয়। তাতেও কি আমার গোনাহ হবে? আমি সতী থাকলে এবং পাপের উদ্দেশ্য না থাকলেও কি পাপ হবে?'

পাপের উদ্দেশ্য না থাকলে পাপ হয় না ঠিকই। কিন্তু ক্ষতি তো হয়। আর যে ক্ষতির জন্য তুমি দায়ী, তার দায়িত্ব তো বহন করতেই হবে। এই ধর, যারা গাড়ি অথবা গুলি চালাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মানুষ খুন করে, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হয়। তুমি সিগারেট পছন্দ কর না। একজন যদি তোমার পাশে বসে সিগারেট টানতে লাগে এবং তার ধোঁয়া তোমার নাকে-মুখে লাগে, তাহলে তাতে কি তুমি ক্ষতিগ্রস্ত ও বিরক্ত হবে না? যদিও তার উদ্দেশ্য তোমার ক্ষতি করা নয়।

অনুরূপ তুমি সতী থেকে পর্দা না করলে এবং তার পশ্চাতে কোন ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলেও ফিতনা হবে। এক শ্রেণীর যুবক তোমার দেহ-কান্তি দর্শন ক'রে তৃপ্তি অনুভব করবে, আর তাতে তাদের ক্ষতি হবে এবং তার জন্য দায়ী হবে তুমি।

তাছাড়া ক্ষতি তোমারও হতে পারে। লকলকে সবুজ ফসলের যদি বেড়া দিয়ে হিফাযত না করা হয়, তাহলে গরু-ছাগল এসে সে ফসল নষ্ট করতে পারে। দামী জিনিস ঠিকমতো নিরাপদ জায়গায় না রেখে যেখানে-সেখানে ফেলে রাখলে, চোর তা তুলে নিয়ে যেতে পারে। সুতরাং নিজের শৈথিল্যের কারণে নিজের বিপদ আনা মহিলার উচিত নয়। নিজে অযত্ন ও উন্নাসিকতা প্রদর্শন ক'রে নিজের অমূল্য রত্ন হারিয়ে ফেলা মোটেই বাঞ্ছনীয় নয়।

📘 পর্দার বিধান 📄 সাদা-মাঠা পোশাক পরলেও কি পর্দা জরুরী?

📄 সাদা-মাঠা পোশাক পরলেও কি পর্দা জরুরী?


'আমি পর্দা না করলেও আকর্ষণীয় প্রসাধন ও সাজগোজ ক'রে নিজেকে প্রদর্শন করি না। খুব স্বাভাবিকভাবে বাইরে যাই। তাতেও কি পাপ হবে?'

অবশ্যই। নারীর দেহটাই পুরুষের নজরে বড় আকর্ষণীয়। নারী নিজে তা অনুভব নাও করতে পারে। সাজগোজে আকর্ষণ বেশি বাড়ায় তাই। তাছাড়া বিনা সাজেও মহিলার দেহ কমনীয় ও রমণীয়। আর মহানবী ﷺ বলেছেন, "রমণী গুপ্ত জিনিস; সুতরাং যখন সে (বাড়ি হতে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় ক'রে দেখায়।” (সহীহ তিরমিযী ৯৩৬নং)

📘 পর্দার বিধান 📄 পাপী মহিলার পর্দায় কী লাভ?

📄 পাপী মহিলার পর্দায় কী লাভ?


অনেকে বলে, 'আমি অন্য পাপ বর্জন করতে পারি না, তাহলে পর্দা করেই বা কী হবে?'

আমরা বলব, পর্দা ক'রে অন্ততঃ একটি অতিরিক্ত পাপ থেকে তো বাঁচা যাবে। সেই সাথে চেষ্টা রাখতে হবে, যাতে সকল পাপ থেকে দূরে থাকা যায়। আর যদি তোমার চরিত্রে পুরনো কলঙ্কও থাকে, তবুও পর্দা না করে কলঙ্কের কালিমার পরিসরকে বাড়িয়ে তুলো না। আল্লাহর কাছে সঠিকভাবে তওবা কর। তওবা তোমার সকল পাপকে পুণ্যরাশিতে পরিণত ক'রে দেবে। শয়তানের কুমন্ত্রণা থেকে পানাহ চাও, কারণ সে তোমাকে সৎপথে ফিরে আসতে বাধাদান করবে। সমাজের কথাকে পরোয়া করো না, সমাজ তোমার হয়ে হিসাব দেবে না।

শৈথিল্য করো না বোনটি! এখনও সময় আছে। পাপের বোঝা হাল্কা কর, নচেৎ তার শাস্তি বড় কঠিন! মহান আল্লাহর এই বাণী পাঠ ক'রে একান্তে একটু চিন্তা কর,

[وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْকুম مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ ] (ফাত্বিরঃ ৩৭)

অর্থাৎ, সেখানে (জাহান্নামে) তারা আর্তনাদ ক'রে বলবে, 'হে আমাদের প্রতিপালক! আমাদেরকে (এখান হতে) বের কর, আমরা সৎকাজ করব; পূর্বে যা করতাম, তা আর করব না।' আল্লাহ বলবেন, 'আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল। সুতরাং শাস্তি আস্বাদন কর; সীমালংঘনকারীদের কোন সাহায্যকারী নেই।'

📘 পর্দার বিধান 📄 পর্দা করলে আপন পর হয়ে যায়

📄 পর্দা করলে আপন পর হয়ে যায়


অনেকে বলে, 'আমি পর্দা করলে অনেক আত্মীয় পর হয়ে যাবে। আর সেটা আমার জন্য ক্ষতিকর হবে।'

খালাতো ভাইকে পর্দা করলে, সে ভাই তো রাগ করেই, খালাও রাগ করে এবং সেই জেরে মাও রাগ করে! নন্দাইকে পর্দা করলে ননদ ও শ্বাশুরী রাগ করে! যাদেরকে পর্দা করি, তারা আমাদের বাড়ি আসাই বন্ধ ক'রে দেয়। আমরা বলি, আল্লাহর আনুগত্য করলে যে আত্মীয় পর হয়ে যায়, সে আত্মীয় তোমার আত্মীয় থাকাই ভাল নয়। ভাল কাজ করলে যে তোমাকে ভালবাসে এবং খারাপ কাজ করলে যে তোমাকে ঘৃণা করে, সেই হল পরম আত্মীয়; যদিও তার সাথে তোমার কোন রক্তের সম্পর্ক নেই।

ধৈর্য ধর বোনটি আমার! আর জেনে রেখো, যারা ভাল কাজ করে, তাদেরকে আল্লাহ ভালবাসেন। আর যাদেরকে আল্লাহ ভালবাসেন, তারা অন্য কারো ভালবাসার মুখাপেক্ষী নয়। তবুও মহান আল্লাহ বলেছেন,

[إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا ] (মারয়্যামঃ ৯৬)

অর্থাৎ, যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে, পরম দয়াময় তাদের জন্য (পারস্পরিক) সম্প্রীতি সৃষ্টি করবেন।

অর্থাৎ, পৃথিবীতে মানুষের অন্তরে সৎকর্ম ও পরহেযগারীর জন্য ভালবাসার সৃষ্টি করবেন। যেমন হাদীসে এসেছে, "যখন আল্লাহ কোন বান্দাকে নিজের প্রিয় করে নেন, তখন তিনি জিবরীল (আ)-কে বলেন যে, আমি অমুক বান্দাকে ভালবাসি, তুমিও তাকে ভালবাস। সুতরাং জিবরীলও তাকে ভালবাসতে শুরু করেন। অতঃপর তিনি সারা আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ অমুক বান্দাকে ভালবাসেন, তোমরাও তাকে ভালবাস। আকাশের সমস্ত ফিরিশতা তাকে ভালবাসতে শুরু করেন। তারপর পৃথিবীতে তার বরণ ও গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। (বুখারী)

আস্থা রাখো, তুমি যদি সত্যিসত্যিই ভাল কাজ কর এবং শরয়ী পর্দা করার মতো জিহাদী ভাল কাজ কর, তাহলে তোমার আত্মীয়-পর সকলে তোমাকে ভালবাসবে। তবে একটি কথা মনে রেখে সান্ত্বনা নিয়ো, সবচেয়ে বেশি ভাল কাজ যিনি ক'রে গেছেন, সবচেয়ে বেশি আল্লাহর ভালবাসা যিনি লাভ করেছেন, তাঁরও শত্রু ছিল। আর তুমি কে?

ভাল লোকের হিংসুক থাকে। তুমি পর্দানশীন বলে তোমারও হিংসুক থাকতে পারে। হিংসুককে নিজের জ্বালায় পুড়ে মরতে দাও। সে যত জ্বলে, তত তার জ্বালায় আরো ঘি ঢালো।

যদি তুমি তাদের হিংসায় কষ্ট পাও, তাহলে ধৈর্য ধরো এবং পর্দা বর্জন করো না। মানুষের সাময়িক কষ্টদানকে আল্লাহর আযাবের মতো ভেবো না। কারণ সে আযাব আরো কঠিন। মহান আল্লাহ বলেন,

[وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِالله فَإِذَا أُوذِيَ فِي اللَّهُ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهُ ]

অর্থাৎ, মানুষের মধ্যে কিছু লোক বলে, 'আমরা আল্লাহকে বিশ্বাস করি'; কিন্তু আল্লাহর পথে যখন ওদেরকে কষ্ট দেওয়া হয়, তখন ওরা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মত গণ্য করে। (আনকাবুতঃ ১০)

তুমি যদি তোমার আত্মীয়কে খোশ করতে গিয়ে পর্দার ফরয বর্জন কর, তাহলে শত ধিক্ তোমাকে। সর্বনাশ তোমার!

মহানবী ﷺ বলেন, “যে ব্যক্তি লোকেদেরকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, সে ব্যক্তির জন্য লোকেদের কষ্টদানে আল্লাহই যথেষ্ট হন। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট ক'রে লোকেদের সন্তুষ্টি খোঁজে, সে ব্যক্তিকে আল্লাহ লোকেদের প্রতিই সোপর্দ ক'রে দেন।” (তিরমিযী, সিলসিলাহ সহীহাহ ২৩১১নং)

“যে ব্যক্তি লোকেদেরকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, সে ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং লোকদেরকেও তার প্রতি সন্তুষ্ট করেন। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট ক'রে লোকদের সন্তুষ্টি অন্বেষণ করে, সে ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন এবং লোকদেরকেও তার প্রতি অসন্তুষ্ট ক'রে দেন।” (ইবনে হিব্বান প্রমুখ)

ফন্ট সাইজ
15px
17px