📘 পীরতন্ত্রের আজবলীলা > 📄 ওসীলা হওয়ার দাবীও ভিত্তিহীন

📄 ওসীলা হওয়ার দাবীও ভিত্তিহীন


পীরদের আর এক দাবী হল, তাঁরা জনগণকে সম্বোধন করে বলেন, আদালতে ইষ্ট সিদ্ধির জন্য যেমন উকিল মোক্তারের দরকার, ঠিক তেমনি তোমরা সংসারের ক্ষুদ্র কীট, সরাসরি আল্লাহর কাছে যেতে পারবে না। আল্লাহর কাছে যেতে গেলে ওসীলা বা মাধ্যম তোমাদেরকে ধরতেই হবে, আর সেই মাধ্যম বা উকিল মোক্তার হচ্ছি আমরা এই পীরের দল।
পীরদের এ দাবীও ভিত্তিহীন। কারণ যে আল্লাহ প্রেমময়-বান্দার অন্তরের অন্তঃস্থলের যাবতীয় খবর রাখেন, যে আল্লাহ বান্দার আকুল ফরিয়াদ সরাসরি শ্রবণ করতে সক্ষম, সেই আল্লাহকে দুনিয়ার সংকীর্ণ দৃষ্টি, সসীম জ্ঞান, একেবারে অক্ষম বিচারকদের সাথে তুলনা করে পীরদের উকিল মোক্তার সাজার দাবীটা শির্ক ছাড়া আর কি হতে পারে?
এদের সম্পর্কে কুরআনের সূরা ইউনুসের ১৮ আয়াতে বলা হয়েছে- وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحْنَهُ وَتَعَلَّى عَمَّا يُشْرِكُونَ *
'তারা আল্লাহ ব্যতীত যাদের পূজায় লিপ্ত রয়েছে, তারা তাদের লাভ ও ক্ষতি কিছুই করতে পারে না, আর এই অপকর্মের কৈফিয়ত স্বরূপ তারা বলে থাকে, ওরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী মাত্র।' কুরআনে সূরা আয-যুমারের তৃতীয় আয়াতে বর্ণিত আছে- الَّا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ كَمَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّ بُونَا إِلَى اللَّهِ زُلْفَى ... *
"উপাসনাকে শুধু আল্লাহর জন্য নির্ধারিত কর। যারা আল্লাহকে ছেড়ে আরও পৃষ্ঠপোষকের দল গ্রহণ করেছে, তারা বলে থাকে আমরা ওদের পূজা অর্চনা শুধু এই আশাতে করি যে, তারা 'ওসীলা' হয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে।"
কোন কোন পীরভক্ত হয়তো এখানে বলবেন, মুরীদরা কি পীরের পূজা উপাসনা করে নাকি? অবশ্য এরূপ প্রশ্ন আদি বিনে হাতিম আল্লাহর রসূল -কে করেছিলেন। একদিন আল্লাহর রসূল কুরআনের সূরা তাওবার ৩১ নং আয়াতটি পাঠ করছিলেন-
اتَّخَذُوا أَحْبَارَهُمْ رُهْبَانَهُمْ أَرْبَابًا مِّنْ دُونِ اللَّهِ *
"ইয়াহুদী আর খৃষ্টানরা তাদের পণ্ডিত পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে।”
এমন সময় খৃষ্টান পণ্ডিত আদি বিনে হাতিম সেখানে হাজির হয়ে বললেন, কই আমরা তো তাদের পূজা অর্চনা করি না। আল্লাহর রসূল তখন বললেন, আল্লাহ যা হালাল করেছেন, সেগুলোকে যদি তারা হারাম বলে ঘোষণা করে, তাহলে তোমরা কি সেই হালালকে হারাম বলে গ্রহণ কর না? আর আল্লাহ যা হারাম করেছেন, সেগুলোকে যদি তারা হালাল বলে ফতোয়া দেয়, তাহলে তোমরা কি সেই হারামকে হালাল বলে স্বীকার কর না? আদি বললেন, জী হাঁ। আল্লাহর রসূল আলাইহি বললেন, এটাই হচ্ছে তাদের পূজা অর্চনা করা। (ইবনু জারীর) ওয়াসাল্লাম
মোটকথা, আল্লাহ কোন মানুষকে পাপমুক্ত করার শক্তি, হিদায়াত করার শক্তি, দেহ ও মনের পবিত্রতা সাধন করার শক্তি পাপের বোঝা বহন করার শক্তি এবং আল্লাহ ও বান্দার মধ্যে উকালতি করার শক্তি দেননি। এখন যদি কেউ বলে, মানুষ মেরেছি, দুর্নীতি করেছি, গুণ্ডামী করেছি, লাখ লাখ টাকা আত্মসাৎ করেছি, গাড়ি বাড়ি করেছি, পর্বত প্রমাণ গুনাহ্ বোঝা হয়েছে, চতুর্দিক অন্ধকার। আমাকে বাঁচাবে কে- আমার ঐ পীর; আমাকে হিদায়াত করবে কে- আমার ঐ পীর; উকালতি করবে কে- আমার ঐ পীর। তাহলে এটাই হবে পীরের পূজা করা।
পূর্বেই বলেছি, পীর বা পুরোহিতের অস্তিত্ব ইসলামে নেই। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রত্যেক মুসলমান স্বয়ং তার পুরোহিত। প্রত্যেক মুসলমানকে মহান আল্লাহর সাথে সরাসরি আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করতে হবে। ইমাম ইবনু তাইমিয়াহ বলেছেন- 'রাজা ও প্রজাদের মধ্যে যেমন মধ্যস্থ ধরা হয়, তেমনি আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে মধ্যস্থ ধরা হারাম। যারা কাফির, মুশরিক এবং বিদআতী, তাদের ধারণা রাজা আর প্রজাদের মধ্যে যেমন আড়াল বা ব্যবধান থাকে, ঠিক তেমনি আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে আড়াল বা ব্যবধান আছে। যারা সাধারণ মানুষ, হিদায়াতের ব্যাপারে, রুযী-রোজগারের ব্যাপারে বা অন্যান্য • দরকারী ব্যাপারে সরাসরি আল্লাহর কাছে আবেদন জানানোর অধিকার তাদের নেই, কাজেই মাঝখানে একটা মধ্যস্থের দরকার। এই মধ্যস্থের মাধ্যমেই তাদেরকে প্রার্থনা জানাতে হবে। তারা আরও মনে করে, এই মাধ্যমের মারফতে আল্লাহ তাঁর বান্দাদেরকে হিদায়াত করে থাকেন ও রুযী-রোজগারের বিতরণ করে থাকেন। অতএব সাধারণ লোক এই মধ্যস্থদের কাছে আকুল ফরিয়াদ জানাবে আর মধ্যস্থগণ তাদের আবেদন আল্লাহর কাছে পৌঁছে দিবে, যেমন রাজার পরিষদরা রাজার সান্নিধ্য লাভ করার দরুন তাদের কথা যেমন রাজার কাছে অধিক কার্যকরী হয়ে থাকে, ঠিক তেমনি এই পীর ফকিরের দল মধ্যস্থরূপে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে বলে তাদের সুপারিশ ও আল্লাহর কাছে অত্যধিক কার্যকরী হবে, এরূপ ধারণা নিয়ে কোন ব্যক্তি কাউকে পীর, মুর্শেদ, গুরু বা পুরোহিত যে নামেই হোক না কেন, মধ্যস্থ মান্য করলে সে কাফির ও মুশরিক হয়ে যাবে। তাদের তাওবাহ্ করা ওয়াজিব। (রাসায়েলে সুগ্রা)
ইবনু তাইমিয়ার এই মন্তব্যের পর কুরআন মাজীদের একটি আয়াতের দিকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। কুরআনের একটি আয়াতে বলা হয়েছে: يأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِيُسَبِيْلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ *
"হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর আর তাঁর 'ওসীলা' অন্বেষণ কর এবং তাঁর পথে জিহাদ কর, তাহলে তোমরা পরিত্রাণ পাবে।"
এই আয়াতের মাঝে যে 'ওসীলা' শব্দ আছে, পীর সাহেবরা বলছেন, এই ওসীলার তাৎপর্য হচ্ছে মাধ্যম। তাঁরা 'ওয়ার্ তাগু ইলাইহিল ওসীলা'র অর্থ করেছেন 'আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসীলা বানাও'। পীর সাহেবরা জোর দাবী করে বলছেন, আমরা সেই ওসীলা। আমাদেরকে না ধরলে তোমাদের রক্ষা নেই। আর মুরীদরাও এই ওসীলাকে ঠেলে নিয়ে যেয়ে পীরপূজা ও কবরপূজায় রূপ দিয়ে দিয়েছে। তারা বলে- شيئا لله چوں غداء مستمند ال مدد خاهم جے خاجا نقش بند
'শায়আন লিল্লাহ চুঁ গাদায়ে মুস্তামান্দ আল্‌ল্মদদ খাহাম যেখাজা নক্শ বন্দ।'
আমি নেহায়েত বাধ্য ও অভাবগ্রস্থ হয়ে নক্শ বন্দ সাহেবের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাচ্ছি।
পাঠকগণ এখানে বিশেষভাবে লক্ষ্য করুন। যেখানে দাবী করা হচ্ছে ঐ সব বুজরুগ পীররা আমাদের ওসীলা। ওদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আল্লাহ তা'আলাই আমাদেরকে ওদের মাধ্যমে দিবেন, কারণ আল্লাহই হচ্ছেন আসল কর্তা। কিন্তু হয়ে গেল তার উল্টা। নক্শ বন্দ সাহেবকে ওসীলা না বানিয়ে ওসীলা বানানো হল আল্লাহকে। 'শায়আন লিল্লাহ, অর্থাৎ হে বুজুর্গ, আল্লাহর ওয়াস্তে কিছু দিন। এ কথার দ্বারা এটাই সাব্যস্ত হচ্ছে যে, আসল দেনেওয়ালা এ পীর আর আল্লাহ হলেন ওসীলা। কি তাআজ্জুব ব্যাপার।
যাক, এখন কথা হচ্ছে, 'ওয়ার্ তাগু ইলাইহিল ওসীলা'র নৈকট্য লাভ করতে হলে কুরআন হাদীস মোতাবেক আল্লাহর দ্বারা আল্লাহ একথা আমাদের বলেননি যে, তোমরা পীর ধর।' ওসীলা শব্দের আসল অর্থ হচ্ছে 'নৈকট্য'। আর আল্লাহর ইবাদত বন্দেগীর দ্বারাই করতে হবে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী এর অর্থ করেছেন- 'আল্লাহর নৈকট্য অন্বেষণ কর। কামুস নামক বিখ্যাত অভিধান গ্রন্থে বলা হয়েছে- 'বাদশাহ বা মহান আল্লাহর নৈকট্যের নাম ওসীলা।' কুরআনের ভাষ্যকারগণ সমবেতভাবে ওসীলার অর্থ 'নৈকট্য' বলে উল্লেখ করেছেন। তফসীর জালালায়িনে 'ওয়ান্তাগু ইলাইহিল ওসীলা'র মানে করা হয়েছে- 'ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ কর।' তফসীর জামেউল বয়ানে ওসীলার অর্থে বলা হয়েছে- 'ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য অন্বেষণ করা।' তফসীর খাযেনে ওসীলার তাৎপর্যে বলা হয়েছে- ইবাদত ও সৎকর্মের দ্বারা আল্লাহর নৈকট্য অন্বেষণ কর। তফসীর মাদারিকে 'ওসীলা' প্রসঙ্গে বলা হয়েছে- 'ওসীলা' ঐ কাজের নাম যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তফসীর ফতহুল বয়ানে বলা হয়েছে- 'ওসীলা' আল্লাহর নৈকট্যের নাম। হাফেয ইবনু কাসীর বলেছেন- 'আল্লাহর নৈকট্যের নাম যে 'ওসীলা' এ বিষয়ে কুরআনের ভাষ্যকারদের মধ্যে কোন মতভেদ নেই। তফসীর কাবীরে বলা হয়েছে- 'ওসীলা' ওরই নাম, যার সাহায্যে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারা যায়। এই ওসীলার উদ্দেশ্য- ঐ ওসীলা যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগে। এ ওসীলা ইবাদত ও আনুগত্যের সাথে সম্পর্কিত।
মোটকথা সমস্ত অভিধান ও তফসীরের কিতাব থেকে এ কথাই জানা যাচ্ছে যে, ওসীলা ঐসব ইবাদত ও সৎকর্মের নাম, যা আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হয়। আল্লাহকে পেতে হলে ইবাদত বন্দেগীর মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে, কুরআন ও হাদীসের নির্দেশের মাধ্যমেই পেতে হবে। এ নয় যে, কোন মানুষকে মাঝখানে রেখে প্রার্থনা কর, আর শেষ পর্যন্ত ঐ বুজুর্গের কাছেই চাইতে শুরু করে দাও।

📘 পীরতন্ত্রের আজবলীলা > 📄 মূর্খ পীর

📄 মূর্খ পীর


যেখানে সেখানে হঠাৎ গজিয়ে উঠা কতকগুলো পীর আমরা দেখতে পাই।
এরা আসলে কুরআন হাদীসের ইল্ম কিছুই জানে না। বি.এ, এম.এ, ডাক্তারী, মাষ্টারী, উকালতি, ব্যারিষ্টারী সার্টিফিকেট কারো কারো থাকতে পারে কিন্তু কুরআন হাদীসের বিদ্যায় এরা একেবারে ইয়াতিম। কুরআন মাজীদের যে কোন তফসীরের কিতাব অথবা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ প্রভৃতি হাদীসের যে কোন একখানা কিতাব খুলে দিলে, এদের হিম্মত নেই যে, একটা লাইন শুদ্ধভাবে পড়ে দিতে পারে, অথচ এরাই সেজেছে মুসলিম সমাজের পথপ্রদর্শক। এরাই পীরে কামেল, হাদিয়ে জামান।
মহিমান্বিত আল-কুরআনের কোন্ আয়াত, কোন্ ঘটনাকে কেন্দ্র করে, কোন্ অবস্থার পরিপ্রেক্ষিতে, কি উদ্দেশে অবতীর্ণ হল, কুরআনের ধারক বাহক ও প্রচারক, সৃষ্টির সেরা, নবীকুল শিরোমণি, মুহাম্মাদ মোস্তফা তাঁর জীবনে যত কথা বলে গেছেন, যে সব কাজ করে গেছেন আর যে সব বিষয়ে মৌন সম্মতি দিয়ে গেছেন, সেগুলি জানবার, বুঝবার ও পড়বার সুযোগ যে হতভাগার কপালে জুটল না, সে যদি হঠাৎ চাকরী করতে করতে, ডাক্তারী বা উকালতি করতে করতে, ব্যবসা বা কৃষিকাজ করতে করতে, পীরি-মুরীদির দু’একখানা কিতাবের দু’চারটা গৎ মুখস্থ করে, লম্বা পিরাহান গায়ে দিয়ে ও লম্বা পাগড়ী মাথায় বেঁধে, হঠাৎ পীর সেজে বসে যায় আর লোকজনকে বলে যে আমার হাতে তোমরা মুরীদ হও, আমি আল্লাহ আর তোমাদের মাঝখানে মধ্যস্থ হয়ে তোমাদের সব ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছে দিব, আর এই কথা শুনে হাজার হাজার লোক যদি সেই মূর্খের কাছে ভীড় জমায়, তাহলে সে সমাজ কোন্ স্তরে পৌঁছে গেছে- চিন্তা করা দরকার।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই সব মূর্খরা নিজেরাই নিজেদেরকে সাইনবোর্ড, পোস্টার, বিজ্ঞাপন ও খবরের কাগজের মাধ্যমে, পীরে কামেল, হাদীয়ে জামান, আওলীয়া কুল শিরোভূষণ, মুজাদ্দেদে মিল্লাত, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী প্রভৃতি বিশেষণে বিশেষিত করে প্রচার করতে বা কিছু দালালের দ্বারা প্রচার করাতে একটুকুও লজ্জাবোধ করে না বা দিল কাঁপে না। হায়রে স্বার্থ- তোমার মহিমা বুঝা ভার।

📘 পীরতন্ত্রের আজবলীলা > 📄 পীর বংশ

📄 পীর বংশ


আমি সমাজের ছোট বড় সকলের কাছে অনুরোধ করছি, আপনারা এই ধরনের মূর্খদের কাছে যাবেন না। এরা কথাবার্তা যতই কায়দা করে বলুক, জেনে রাখবেন, বিরাট এক আর্থিক স্বার্থের জাল পেতে এরা বসে আছে। তবে হ্যাঁ, যাবেন কার কাছে, ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি শিখবেন কোথায়, ইনশাআল্লাহ সে কথা পরে জানাচ্ছি।
হিন্দু সমাজে দেখা যায় ব্রাহ্মণের পুত্র হয় ব্রাহ্মণ, পুরোহিতের পুত্র হয় পুরোহিত। ব্রাহ্মণই পৌরহিত্য করার একমাত্র অধিকারী। কেননা হিন্দু ধর্মমতে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ হতে উৎপন্ন হয়েছে। সেজন্য ব্রাহ্মণকে বলা হয় বর্ণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণ মারা গেলে তার ছেলে হয় পুরোহিত। ছেলে মারা গেলে তার ছেলে, ছেলের ছেলে তস্য ছেলে- এভাবে বংশানুক্রমে এ পৌরহিত্য চলতেই থাকে। পাণ্ডিত্য থাক আর না থাক, কিছু যায় আসে না। কারণ পৌরহিত্য করাটা হচ্ছে ব্রাহ্মণদের বংশগত ব্যাপার।
বলাবাহুল্য, হিন্দু সমাজের মত আমাদের সমাজেও এক শ্রেণীর বংশ গজিয়ে উঠেছে আর সেটা হচ্ছে এই পীর বংশ। পীর বংশের সবাই পীর, পীর বাবা, পীর মা, পীর দাদা, পীর দাদী, পীর নানা, পীর নানী, পীর খালা, পীর খালু, পীর ভাই, পীর বোন ইত্যাদি সবাই পীর। পীরে পীরে সব একাকার। পীর সাহেব ইন্তিকাল করলেন, ব্যাস্ তাঁর ছেলে হয়ে গেলেন গদ্দীনশীন পীর। ছেলে ইন্তিকাল করলে তাঁর ছেলে, ছেলের ছেলে তস্য ছেলে- এভাবে ব্রাহ্মণদের মত বংশানুক্রমে পীরগিরি চলতেই থাকে। পীর সাহেবের একাধিক ছেলে থাকলে করে নেন সব এলাকা ভাগ। অনেক সময় এলাকা ভাগ নিয়ে গদ্দীনশীনদের মধ্যে লাঠালাঠি, ফাটাফাটি, এমনকি কোর্টকাছারী পর্যন্ত ছুটাছুটি করতেও দেখা যায়। ঠিক এ যেন ফারায়েজ সূত্রে পৈত্রিক সম্পত্তির ভাগ বাঁটোয়ারা, ঠিক এ যেন বাপের জমিদারী নিয়ে কাড়াকাড়ি। পীর সাহেবের ছেলে না থাকলে ভাই, ভাতিজা, জামাই বা নাতি-পুতা যেই থাক, সেই সেজে বসে গদ্দীনশীন। কারণ এহেন লাভজনক জমিদারীটা বংশের বাইরে যেন চলে না যায়। বিদ্যা না থাক, ইল্ম-কালাম না থাক, কি তাতে আসে যায়। পীরের গন্ধতো আছে। পীরের 'নুৎফায়' পয়দা তো বটে।

📘 পীরতন্ত্রের আজবলীলা > 📄 বিনা পুঁজির ব্যবসা

📄 বিনা পুঁজির ব্যবসা


পাঠক হয়তো ভাবছেন, মানুষ পীরগিরি করার জন্য এত লালায়িত কেন? মানুষ পীর বলে দাবী করে, বিভিন্ন বিশেষণে নিজেকে বিশেষিত করে, পোষ্টারে, বিজ্ঞাপনে, খবরের কাগজে ও মাইকিং করে নিজকে এত প্রচারণা করে বেড়ায় কেন? কেউ কাছে যেয়ে একটু বসে মুরীদ না হয়ে যদি চলে আসে, তাহলে পীরের মনটা খারাপ হয় কেন? কুরআন হাদীস না পড়েই মানুষ পীর সেজে লোকের দ্বারে দ্বারে ভক্ত বানাবার জন্য ঘুরে বেড়ায় কেন? অধিকতর যোগ্য লোক থাকা সত্ত্বে পীরের অযোগ্য বা মূর্খ বেটা, ভাই, ভাতিজা বা জামাই পীর হয় কেন? কেন পীরগিরিটাকে বংশের বাইরে যেতে দেয়া হয় না। এই পীরগিরিতে আছে কি? পাঠক একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এখানে বিরাট এক স্বার্থের খেলা চলছে। সত্যি কথা বলতে কি- পীরগিরির মত লাভজনক ব্যবসা আর কিছুই নেই। আর এতে পুঁজি লাগে না, বিনা পুঁজির ব্যবসা। আপনার ইনকামে আপনার সংসার চলে না, বেড়ার ঘর আপনার পাকা হয় না। চিন্তার কোন কারণ নেই। লম্বা পিরাহান গায়ে দিয়ে, মাথায় একটা পাগড়ি বেঁধে, যিক্র বক্সে যান আর ওখানে খানকা শরীফ চিশতিয়া, খানকা শরীফ কাদেরিয়া, খানকা শরীফ জালালিয়া, খানকা শরীফ আহমাদিয়া প্রভৃতি নামের যে কোন একটা নাম চয়েস করে সাইনবোর্ড লিখে ঝুলিয়ে দিন। আর নিজেকে কোন এক পীরের খলিফা বলে দাবী করুন। দেখবেন লোক জুটবে, টাকাও যথেষ্ট পাবেন। বেড়ার ঘর আপনার পাকা হয়ে যাবে। তারপর মাঝে মধ্যে ইসালে সওয়াব কিংবা উরুশ শরীফের মেলা বসাবেন, তখন দেখবেন কোথায় লাগে জমিদারী। হাজার বিশেক লোক যদি জুটাতে পারেন আর কি চাই। খালি হাতে কেউ আসবে না। গড়ে প্রত্যেকের কাছ থেকে দশটা করে টাকা পেলেও লাখ দুয়েক টাকা হয়ে যাবে। আর যাদের বিশ পঞ্চাশ লাখ ভক্ত আছে তাদের কথা তো চিন্তাই করা যায় না। তারপর ভক্তরা শুধু যে টাকাই আনবে তাই নয়। কেউ আনবে তেল, কেউ আনবে ঘি, কেউ আনবে চাল, কেউ আনবে ডাল, কেউ আনবে আলু, কেউ আনবে লাউ-কুমড়া, কেউ আনবে খাসি, কেউ আনবে মোরগ, কেউ আনবে হরিণ, কেউ আনবে গরু। অবশ্য সব উরুসের মেলায় গরু নিয়ে যেতে দেয়া হয় না। কারণ, যে সব পীর ধর্মনিরপেক্ষ পীর বা যেসব খানকায় হিন্দু, মুসলমান, মেথর, মাড়োয়াড়ী সবাই তীর্থ করতে যায়, সেখানে গোমাংস কেন যাবে। গরুর গোশত ধর্মনিরপেক্ষ খাদ্য নয়, ওটা হচ্ছে মুসলমানদের প্রিয় খাদ্য- সাম্প্রদায়িক খানা।
যাক ভক্তরা যা নিয়ে আসবে, তাই তারা খেয়ে শেষ করতে পারবে না, মোটা অংকের কিছু বেঁচে যাবে। তাহলে বুঝুন, পীরগিরি ব্যবসাটা কতবড় লাভজনক ব্যবসা। এ ব্যবসার নেশা যাকে পেয়ে বসেছে- সেকি সহজে তা ছাড়তে চায়, তাছাড়া কেউ রাজনীতি করেন, ইলেক্শনে নেমেছেন, ভোট চাই হোমরা চোমরা একটা কিছু হতেই হবে। দেখলেন ওমুক পীরের ভক্ত এখানে অনেক। লাখখানেক টাকা নিয়ে যেয়ে পীর সাহেবের হাতে দিয়ে বললেন হুজুর, জারা মেহেরবানী কিজিয়েগা। হুজুর ভক্তদেরকে বলবেন, তোমরা ভোটটা ইনাকেই দিও, কারণ ইনি আমার খাস ভক্ত। এভাবে কতদিক থেকে কতভাবে যে টাকার আমদানী হয় তা কল্পনাই করা যায় না। আমি এমন এক এলাকার খবর রাখি, যেখানে বর্তমানে কোন পীর নেই। পীর সাহেব কিছুদিন আগে ইন্তিকাল করায় আসন একেবারে খালি। ব্যাস্ আর যায় কোথায়, দু'তিনজন বুজরুগ ব্যক্তি পীর হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। একজন প্রত্যেক জামাআতে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন, আমি বুজরুগ ব্যক্তি, আমিই পীর হওয়ার একমাত্র উপযুক্ত, অতএব তোমরা আমার কাছেই মুরীদ হও। আর একজন যেয়ে বলেছেন, শুনলাম নাকি ওমুক তোমাদের কাছে পীর হওয়ার জন্য এসেছিল। খবরদার হুশিয়ার! আমি ওমুকের বেটা ওমুক, ওর থেকে পীর হওয়ার যোগ্যতা আমার মাঝেই বেশী, অতএব আমার কাছেই তোমরা মুরীদ হও।
একদিন ঐ এলাকার এক শিক্ষিত যুবক বলল, আচ্ছা বলুন তো বুজরুগ্রা এমন করে বেড়াচ্ছেন কেন? আমি বললাম, উনাদের কি অন্য কোন এলাকায় মুরীদ আছে? বলল, কিছু কিছু আছে। আমি বললাম বুঝতে পারছনা, শুনো তোমাদের এলাকা হল ধানের এলাকা, প্রচুর ধান হয়। আলু পেঁয়াজও মন্দ হয় না। এখন কোনমতে শতখানেক গ্রাম যদি একজন বুঞ্জুগ হাতে রাখতে পারেন, তো আর যায় কোথা; প্রত্যেক গ্রাম থেকে কমপক্ষে গড়পরতা মণ দশেক করে ধান যদি আদায় করতে পারেন তো একহাজার মণ ধান পাওয়া যাবে। পাঁচ মণ করে আলু পেয়াজ আদায় করতে পারলে, পাঁচশ' মণ আলু পেয়াজ হবে। তারপর যাকাত, ওশর, ফিতরা ও কুরবানীর চামড়ার অর্ধেক বা সিকি তো আছেই, তাহলে দু'চার শ' বিঘা জমির চেয়ে এই পীরগিরিতেই বেশী ফায়দা। আর এ দুনিয়াটা হল বড় বিচিত্র, আর এখানকার মানুষগুলোও বড় বিচিত্র। কাজেই এ দুনিয়ার একদল সুযোগ সন্ধানী এ সুযোগটা ছাড়বে কেন?
ভক্তদের কাছ থেকে টাকা আদায়ের আরও ফন্দী আছে। যেমন পীর সাহেব একটা মাদ্রাসা ঘর তৈরী করলেন। ভক্তদের মধ্য হতে দু'একজন উসতাযী রাখলেন। দু'চারটা তালবিলিমকে জা'গীর করে দিলেন। এবার হাজার হাজার ভক্তদের মাঝে যেয়ে বলতে লাগলেন- বাবারা! এবার ওরশ, যাকাত, ফিতরা কুরবানী সবই আমাকে দাও। বাগান দাও, সম্পত্তি দাও। কারণ, আমি বিরাট এক কাজে হাত দিয়েছি। এদেশের কোন ছেলেকে দিল্লী, লাক্ষ্ণৌ, সাহারনপুর আর মিসর যেতে দিব না। ওখানকার পড়া আমার এখানেই হবে। বিরাট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, তোমরা কেবল টাকা দাও- টাকা দাও। ভক্তরা দিতে লাগল টাকা, দিতে লাগল জমি, দিতে লাগল আরো অনেক কিছু।
মাদ্রাসার নামে পাওয়া গেল জমি, পাওয়া গেল বাগান, পাওয়া গেল পুকুর, পাওয়া গেল প্রচুর অর্থ কিন্তু মাদ্রাসার উন্নতি আর হল না। বিরাট পরিকল্পনা পীর সাহেবের কলবের মধ্যেই থেকে গেল। এখন কৈফিয়ৎ তলব করবে কে? পীর সাহেবই তো সব। তিনিই প্রতিষ্ঠাতা, তিনিই পরিচালক, তিনিই সেক্রেটারী, তিনিই ক্যাশিয়ার- তিনিই সব। তাঁর কাজে ভুল ধরতে গেলে চরম বেআদবী হবে। শিষ্য থেকেই সে খারিজ হয়ে যাবে। কিয়ামতের মাঠে সে পীর সাহেবের শাফাআতই পাবে না। অতএব, যা করেন বাবা পীর কেবলা। পীর সাহেবের ইন্তিকালের পর দেখা গেল, তাঁর ছেলেরা পীরত্ব ঠিকই বজায় রেখেছেন, মাদ্রাসার নামে টাকাও আদায় করছেন; মাদ্রাসাটি কাজীর গরু কিতাবের মত ঠিকই বহাল রেখেছেন, আর মাদ্রাসার যাবতীয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে সুখে স্বাচ্ছন্দে ভোগ দখল করছেন।
মোটকথা পীর বংশটা বংশানুক্রমে বিনা পরিশ্রমে আরামসে যাতে দিন গুজরান করতে পারে, পীরগিরিটা হচ্ছে তারই একটা শ্রেষ্ঠ অবলম্বন। তবে সুখের বিষয় এই, বর্তমানে অধিকাংশ লোক পীরগিরির এসব ছলচাতুরী ধরে ফেলেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00