📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 গরিব আমির

📄 গরিব আমির


আন্দালুসিয়ায় দুর্ভিক্ষ দেখা দিল। এতে অতিষ্ঠ হয়ে জনগণ ইসতিসকা (বৃষ্টির জন্য বিশেষ উপায়ে প্রার্থনা) করার সিদ্ধান্ত নিল। আন্দালুসিয়ার তৎকালীন আমিরুল মুমিনিন আব্দুর রহমান নাসির বিচারপতি মুনজির বিন সাইদের নিকট বৃষ্টি-প্রার্থনার নামাজের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে দূত প্রেরণ করলেন।

বিচারপতি প্রশ্ন করলেন, 'কী ব্যাপার, এটা তো আমিরের দায়িত্ব, তিনি আমাকে কেন এই দায়িত্ব অর্পণ করলেন?' দূত বললেন, 'তিনি খুব ভেঙে পড়েছেন। এ সময়ে আল্লাহর ভয়ে ভীত তার চেয়ে আর কেউ আছে বলে আমার জানা নেই। তিনি একাকী হয়ে গেছেন। অনাড়ম্বর পোশাক পরিধান করে নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর দরবারে অনবরত কান্নাকাটি করছেন। বলছেন, “অপরাধী আপনার কাছে আত্মসমর্পণ করছে। আপনি তো জানেনই, আমার কারণেই প্রজাদের ওপর আজাব এসেছে। আপনি ন্যায়বিচারকারী। আমার আবেদন মেনে নিলে আপনার কোনো অসুবিধা হবে না।” আমিরের এমন অবস্থার কথা শুনে বিচারপতির মুখে আনন্দের আভা ফুটে উঠল। তিনি স্বীয় খাদিমকে বললেন, 'বেটা, আমার রেইনকোটটি নিয়ে আমার সাথে আসো। আল্লাহ তাআলা আমাদের সিঞ্চিত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।' অপর এক বর্ণনায় আছে, বিচারপতি বলেছেন, 'ওয়াল্লাহি, তোমাদের ওপর করুণা করা হবে এবং তোমাদের ওপর বৃষ্টি বর্ষিত হবে। কারণ, পৃথিবীর প্রতাপশালী ব্যক্তি যখন আল্লাহর ভয়ে ভীত হয়, তখন আকাশের প্রতাপশালী সত্তার মন দয়া ও করুণায় ভরে ওঠে।' এই বলে তিনি বের হলেন। অতঃপর তার কথা অনুযায়ী দুর্ভিক্ষের অবসান ঘটিয়ে নামল রহমতের বৃষ্টি。

টিকাঃ
৩০৫. তারিখুল ইসলাম : ২৫/২৪৫।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 বরকতের প্রকারদ্বয়

📄 বরকতের প্রকারদ্বয়


বরকত মানে প্রবৃদ্ধি। বরকত মানে কোনো বিষয় তোমার ধারণা এবং অনুমানের চেয়ে বেশি পাওয়া। তা দুই প্রকার:

প্রথম প্রকার: প্রদান করার মাধ্যমে বরকত
ইবনুল কাইয়িম বলেন, 'ইমাম আহমাদ তাঁর মুসনাদে একটি হাদিসের আলোচনায় বলেছেন, “আমি বনু উমাইয়ার একটি ধনভান্ডারে খেজুর-বিচির সমান একটি গমের বিচি দেখেছি। যে থলির মধ্যে সেটা সংরক্ষিত ছিল, তার ওপর লেখা ছিল: ন্যায়বিচারের যুগে এ ধরনের গম উৎপন্ন হতো।”

পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর ন্যায়পরায়ণতার যুগ ছিল মুজাদ্দিদে ইসলাম উমর বিন আব্দুল আজিজ -এর খিলাফতকাল। সে যুগ সম্পর্কে মুসা বিন আইয়ুন বলেন, 'উমর বিন আব্দুল আজিজ-এর খিলাফতের সময় আমরা যে মাঠে ছাগল চরাতাম, সে একই মাঠে বন্য হিংস্র জন্তুরা বিচরণ করত। একদিন আমাদের ছাগলপালে বাঘ হানা দিল। তখন আমরা মন্তব্য করলাম, “ভালো মানুষটি বোধহয় আর নেই।” বর্ণনাকারী বলেন, মুসা বিন আইয়ুনসহ আরও অনেকে আমাকে এ ঘটনা বর্ণনা করেছেন। তাদের প্রত্যেকে বলেছেন, এ ঘটনা থেকে মানুষে যেমনটি ধারণা করেছিল, ঠিক তা-ই হয়েছিল। সেদিন উমর বিন আব্দুল আজিজের মৃত্যু হয়েছিল。

দ্বিতীয় প্রকার: রহিত করার মাধ্যমে বরকত
এই বরকতের ধরন হচ্ছে, আল্লাহ তাআলা তোমার ব্যয়ের খাত কমিয়ে দেন। এটি একটি সূক্ষ্ম বরকত। তোমার আয় হয়তো কম, তবে ব্যয়ের খাত কম হওয়ার কারণে সে কম আয় তোমার জন্য অধিক। এই বরকত তোমার পকেটে টাকা বৃদ্ধি করে না ঠিকই; কিন্তু তোমার জন্য ব্যয়ের পথ রুদ্ধ করে রাখে। যেমন, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখেন; ফলে ডাক্তার ও চিকিৎসার খরচ তোমার বেঁচে যায়। এমন মারাত্মক ঘটনা তোমার সাথে সংঘটিত হয় না, যার জন্য তোমার প্রচুর টাকা খরচ হয়।

টিকাঃ
৩০৬. আদ-দাউ ওয়াদ দাওয়া: পৃ. ৬৫।
৩০৭. হিলইয়াতুল আওলিয়া: ৫/২৫৫।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 যে পাঠ ভুলে থাকা যায় না

📄 যে পাঠ ভুলে থাকা যায় না


রাসুল-এর দুআর বরকতে হাকিম বিন হিজাম-কে আল্লাহ তাআলা উভয় প্রকারের বরকত দান করেছিলেন। এই বরকত লাভের সবক তিনি গ্রহণ করেছিলেন নববি মাদরাসা থেকে। এ সম্পর্কে তিনি বলেন:
আমি রাসুল-এর নিকট চাইলাম। তিনি দান করলেন। অতঃপর আবার চাইলাম। তিনি দান করলেন। অতঃপর আবার চাইলাম। এবার তিনি দান করার পর বললেন:
يَا حَكِيمُ ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ، اليدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى
'হে হাকিম, এই সম্পদ শ্যামল সুস্বাদু। যে ব্যক্তি প্রশস্ত অন্তরে (লোভ ব্যতীত) তা গ্রহণ করে, তার জন্য তা বরকতময় হয়। আর যে ব্যক্তি অন্তরের লোভ নিয়ে তা গ্রহণ করে, তার জন্য তা বরকতময় হয় না। যেন সে এমন ব্যক্তির মতো, যে খায়; কিন্তু তার ক্ষুধা মেটে না। ওপরের হাত নিচের হাত হতে উত্তম।'

এখানে রাসুল সম্পদ সম্পর্কে হাকিম বিন হিজাম-কে-যিনি সেসব লোকের মধ্যে ছিলেন, যাদেরকে রাসুল ধন-সম্পদ দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাইছিলেন-মাল সম্পর্কে দিক-নির্দেশনা দিয়েছেন। এই হাদিসে তিনি ধন-সম্পদকে সবুজ বলে আখ্যায়িত করেছেন, যা তার বাইরের সৌন্দর্য দিয়ে দৃষ্টি ও অন্তরসমূহকে আকৃষ্ট করে। একইসাথে তা সুস্বাদুও। ফলে তা ভোগ করতেও মজা লাগে। মোটকথা, সম্পদ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক দিয়ে সৌন্দর্যে পরিপূর্ণ। এ কারণে তা মানুষকে সহজেই ফিতনায় আক্রান্ত করে ফেলে।

এই হাদিসে রাসুল -এর ভাষার অলংকার দেখো। আরবিতে মাল (المال) শব্দটি পুংলিঙ্গবাচক হওয়া সত্ত্বেও তার জন্য স্ত্রীলিঙ্গবাচক দুটি গুণ (خَضِرَةٌ حُلْوَ) ব্যবহার করেছেন। এমন করার উদ্দেশ্য হচ্ছে, তিনি এখানে মাল বলে দুনিয়াকেই বোঝাতে চেয়েছেন। আবার দুনিয়াকে মাল বলার কারণ হচ্ছে, বান্দা দুনিয়াতে সবচেয়ে যে বস্তুটির অন্বেষণ করে, তা হচ্ছে মাল। আর রাসুল -এর উপদেশের সারমর্ম হচ্ছে, মাল যদিও ফিতনা ও প্রভাব বিস্তারকারী, তা সত্ত্বেও কেউ যদি যাচনা ও লোভ ব্যতীত মাল গ্রহণ করে, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করেন। এই বরকতের দুটি ধরন রয়েছে:

প্রথম ধরন: যাচনা ও লোভ ব্যতীত অর্জিত সম্পদ তার মালিকের জন্য ফিতনার কারণ হয় না। তাই এ সম্পদের কারণে তার দুনিয়া ও আখিরাতের কোনো ক্ষতি হয় না। বরং তার প্রয়োজন পূরণে ও দ্বীনকে বিশুদ্ধ রাখতে তাকে সহায়তা করে।

দ্বিতীয় ধরন: এ সম্পদ থেকে অল্প পরিমাণ সম্পদই তোমার জন্য যথেষ্ট হয়। ফলে এর চেয়ে বেশি অর্জনের প্রতি লোভ ও যাচনা করার বাসনা জাগে না।

রাসুল -এর উপদেশ শোনার পরপরই হাকিম শপথ করলেন। ততক্ষণে নবুওয়াতের নুর তার লোভ-লালসার অন্ধকারকে দূর করে দিয়েছিল। তাই স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে তিনি বললেন, 'ইয়া রাসুলাল্লাহ, যে মহান সত্তা আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন—তাঁর কসম খেয়ে বলছি, আজকের পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কারও কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না।'

হাকিম তাঁর ওয়াদাকে সত্য প্রমাণ করেছেন। তাঁর বয়স ষাট অতিক্রম করার পরেও তিনি কারও কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি। আবু বকর সিদ্দিক তাঁকে অনুদান দেওয়ার জন্য ডাকতেন; কিন্তু তিনি গ্রহণ করতে অস্বীকার করতেন। আবু বকর এ-এর পরে উমর-ও তাঁর প্রাপ্য অনুদান তাঁকে দেওয়ার জন্য ডাকতেন; কিন্তু তিনি গ্রহণ করতে অস্বীকার করতেন। ফলে একদিন উমর জনতার সামনে বললেন, 'হে মুসলিম জনতা, আমি তোমাদের এই মর্মে সাক্ষী রাখছি যে, আমি হাকিম বিন হিজামের প্রাপ্য হক তাঁর সামনে পেশ করেছি; কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন।'

এভাবে জনগণকে সাক্ষী করার মাধ্যমে উমর হয়তো নিজ জিম্মা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন অথবা হাকিমকে তাঁর প্রাপ্য গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাসুল-এর পর থেকে হাকিম বিন হিজাম কারও কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি। মুআবিয়া-এর রাজত্বের দশ বছরের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু পর্যন্ত তিনি নিজের ওয়াদার ওপর অটল ও অবিচল ছিলেন।

রাসুল-এর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদে অনেক বরকত দান করেছিলেন। মৃত্যুর সময় তার পরিত্যক্ত সম্পদ সম্পর্কে ইমাম জুহরি বলেন, 'অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সময় তিনি কুরাইশের সর্বোচ্চ ধনীদের একজন ছিলেন।'

অপরদিকে, যে ব্যক্তি মনের চাহিদা ও লোভের বশবর্তী হয়ে সম্পদ গ্রহণ করে, তার মাল থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। ফলে রাসুল-এর পর্যবেক্ষণ অনুযায়ী সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর ন্যায়, যারা যতই খাবার গ্রহণ করুক, কখনো তৃপ্ত হয় না। কেননা, তারা জীবন বাঁচানোর জন্য খায় না; লোভ পূরণ করার জন্য খায়। যে ব্যক্তি লোভের কারণে সম্পদ গ্রহণ করে, তার অবস্থাও ঠিক এদের মতোই।

টিকাঃ
৩০৮. সহিহুল বুখারি : ১৪৭২, সহিহু মুসলিম: ১০৩৫।
৩০৯. ৩২ নং ফায়দা : বার্ধক্যের সময়ে আত্মমর্যাদাবোধ ধরে রাখা বেশ কঠিন। এ সময়ে কেউ যদি আত্মমর্যাদাবোধ ধরে রাখে, সেটা তার সততা ও উচ্চ মনোবলের নিদর্শন। এ জন্যই বলা হয়, বড় শিশুর দুধ ছাড়ানো খুব কঠিন! কবি বলেন: 'গাছের শাখাকে যদি তুমি সোজা করতে চাও, তা সোজা হয়ে যায়। কিন্তু শুকনো কাঠকে সোজা করা সম্ভব নয়। আদব ও শিষ্টাচার বাল্যকালে ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করতে পারে; কিন্তু বার্ধক্যের সময় আদব কোনো উপকার করতে পারে না।'
আরেক কবি বলেন: 'শিশুদের শিষ্টাচার শিখানো থেকে বিরত থেকো না। এতে যতই কষ্ট হোক। বুড়ো লোকদের শিষ্টাচার শিখাতে গিয়ে সময় নষ্ট করো না। আদব-শিষ্টাচার গ্রহণ করা থেকেও তারা বুড়ো হয়ে গিয়েছে।'
৩১০. উমদাতুল কারি: ৯/৫৩।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 একটি শিক্ষণীয় ঘটনা

📄 একটি শিক্ষণীয় ঘটনা


আমার এক বন্ধু তার অর্জিত সকল সম্পদের একটি অংশ বের করে কল্যাণমূলক কাজে ব্যয় করতেন। বিয়ের পর থেকে তার স্ত্রীও এ কাজে তার সাথে শরিক হলেন। তাদের অবস্থা যতই করুণ ও কঠিন হোক না কেন, তাদের সম্পদ থেকে এ অংশটি তারা বের করে কল্যাণমূলক কাজে ব্যয় করতে কখনো ভুল করতেন না। এভাবে অনেক বছর কেটে গেল। একদিন স্বামী কাজের উদ্দেশ্যে বাইরের দেশে সফর করার মনস্থ করলেন। সফরের প্রস্তুতির জন্য অনেক খরচের প্রয়োজন দেখা দিল। এ সুযোগে প্রবৃত্তি ও শয়তান তাকে এবারের মতো কল্যাণমূলক কাজের অংশ বের না করে পুরো সম্পদ রেখে দেওয়ার প্ররোচনা দিল। ফলে তিনি এবার সেই নির্ধারিত অংশটি বের করলেন না।

আমার বন্ধুটি যথারীতি সফরে বেরিয়ে পড়লেন। এক জায়গায় তাকে রাতের খাবারের নিমন্ত্রণ করা হলো। জায়গাটি ছিল একটি ইউরোপীয় দেশের বনাঞ্চলে। তিনি খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বের হয়ে দেখলেন, তার গাড়ির কাচ ভেঙে গেছে এবং তার বিশেষ ল্যাপটপটি চুরি হয়ে গেছে! তিনি খুবই আশ্চর্য হলেন, এই শান্ত পরিবেশে এবং সুনসান নীরব জঙ্গলে কে চুরি করতে পারে!

ল্যাপটপটি কেনার কয়েকদিনের মধ্যেই চুরি হয়ে যাওয়ার কারণে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তার ওপর এমন অনাকাঙ্ক্ষিত বিপদ আসার কারণ কী—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি পেলেন, যদি তিনি পূর্বের নিয়ম অনুযায়ী সম্পদ থেকে কল্যাণমূলক কাজের অংশটি বের করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে এ বিপদ থেকে রক্ষা করতেন। বের করা অংশটির পরিমাণ চুরি হয়ে যাওয়া ল্যাপটপের মূল্যের এক-দশমাংশের চেয়েও কম ছিল! এ অল্প পরিমাণ দান থেকে বিরত থাকার কারণে তার দুনিয়া ও আখিরাত উভয় জাহানে বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এই ঘটনার পর ব্যথাতুর হৃদয়ে তিনি আল্লাহর একটি মূলনীতি ভালোভাবে অনুধাবন করতে পারলেন:
'তুমি আল্লাহর জন্য দান করা থেকে বিরত থেকো না; নাহলে আল্লাহ তা'আলা তোমাকে দান করা থেকে বিরত থাকবেন।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00