📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 আল্লাহর পথে ব্যয় করাকে করজ বলা হয়েছে কেন?

📄 আল্লাহর পথে ব্যয় করাকে করজ বলা হয়েছে কেন?


আল্লাহ তাআলা ইরশাদ করেন:
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً
‘এমন কে আছে, যে আল্লাহকে করজ দেবে, উত্তম করজ; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দেবেন।’

ইবনুল জাওজি এ আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। অতঃপর তাঁর তাফসিরগ্রন্থ জাদুল মাসিরে আমাদের জন্য চমৎকার ব্যাখ্যা তুলে ধরেছেন। লিখেছেন:
যদি প্রশ্ন করা হয়, সদাকাকে করজ বলা হয়েছে কেন?' এর তিনটি উত্তর দেওয়া যায়:
১. যেভাবে করজ পরিশোধ করে দেওয়া হয়, তেমনিভাবে সদাকার বিনিময় দিয়ে দেওয়া হবে।
২. সদাকার বিনিময় কিয়ামত পর্যন্ত বিলম্বিত হয়, যে রকম করজের বিনিময় নির্ধারিত সময় পর্যন্ত বিলম্বিত হয়।
৩. সদাকার সাওয়াবের আবশ্যিকতা বোঝানোর জন্য। অর্থাৎ যে রকম বিনিময় ছাড়া করজ হয় না, তেমনই সদাকারও অবশ্যই বিনিময় রয়েছে এ কথা বোঝানোর জন্য।

ইবনুল কাইয়িম আরও গভীরে গিয়ে এর রহস্য উদঘাটন করেছেন। বলেছেন:
ব্যয়কারী ব্যক্তি যদি জানতে পারে, সে যা ব্যয় করছে, তা একদিন অবশ্যই তার নিকট ফিরে আসবে, তখন ব্যয় করা তার জন্য সহজ হয়। যে ঋণ দেয় সে যদি জানে, ঋণগ্রহীতা অনেক বড় মনের মানুষ; যদি জানতে পারে, ঋণগ্রহীতা তার থেকে ঋণ নিয়ে ব্যবসা করবে এবং সে ব্যবসার লভ্যাংশ তাকে দিয়ে দেবে; যদি জানতে পারে, ঋণগ্রহীতা তার ঋণ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আরও অনেক কিছু তাকে দেবে, সে কোনোভাবেই ঋণ দেওয়া থেকে বিরত থাকতে পারে না। অবশ্য কেউ চূড়ান্ত পর্যায়ের কৃপণ হলে কিংবা ঋণগ্রহীতার (আল্লাহর) প্রতি বিশ্বাস না থাকলে তার কথা ভিন্ন।

এ জন্যই জনৈক উদারমনস্ক দানবীরকে যখন কেউ বলল, 'তুমি তো সম্পদ নষ্ট করছ,' উত্তরে তিনি বললেন, 'বদান্যতা থেকে বিরত থাকা মাবুদের প্রতি খারাপ ধারণা পোষণ করার নামান্তর।'

আয়িশা-এর হতবাক করে দেওয়া গল্পটি শোনো :
এক মিসকিন তাঁর কাছে ভিক্ষা চাইল। সেদিন তিনি রোজা রেখেছিলেন এবং বাড়িতে মাত্র একটি রুটি ছাড়া আর কিছুই ছিল না। তবুও তিনি তাঁর দাসীকে বললেন, 'রুটিটি তাকে দিয়ে দাও।' দাসী বললেন, 'তাহলে তো আপনি ইফতার করার জন্য কিছুই পাবেন না!' আয়িশা বললেন, 'তাকে দিয়ে দাও।' দাসী বলেন, 'অতঃপর আমি রুটিটি ভিক্ষুককে দিয়ে দিলাম। সন্ধ্যায় কোনো এক বাড়ির লোক অথবা একজন ব্যক্তি-যে সাধারণত আমাদের কাছে হাদিয়া পাঠাত না-আমাদের জন্য রুটির কাফনমোড়ানো১২ একটি ভুনা ছাগল হাদিয়া পাঠাল। আয়িশা আমাকে ডেকে বললেন, "এখান থেকে খাও। এটা তোমার সেই রুটি থেকে উত্তম।”

তবে দানের এমন তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার জন্য শর্ত হচ্ছে, দান করতে হবে পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে। যাচাই করার জন্য কিংবা সংশয় নিয়ে দান করলে সে দানের পুরস্কার পাওয়া যাবে না। হাইওয়া বিন শুরাইহ পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে দান করতেন। প্রতিবছর তিনি ষাট দিনার দান করতেন। সেগুলোর সম্পূর্ণটুকু সদাকা করার পরই তিনি বাড়িতে আসতেন। বাড়িতে ফিরে এসে উক্ত ষাট দিনার বিছানার নিচে পেয়ে যেতেন! তার এক চাচাতো ভাই এ খবর পেয়ে নিজের সমুদয় সম্পত্তি সদাকা করে দিলেন। অতঃপর বাড়িতে ফিরে এসে দেখলেন, বিছানার নিচে কিছুই নেই! বেচারা দুকূল হারিয়ে অভিযোগ নিয়ে গেলেন হাইওয়ার নিকট। হাইওয়া বললেন, 'আমি পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আমার রবের জন্য দান করি। তুমি তো দান করেছ পরীক্ষা করার জন্য। '

টিকাঃ
২১০. সুরা আল-বাকারা, ২: ২৪৫।
২১১. তরিকুল হিজরাতাইন : পৃ. ৫৩৮-৫৩৯।
২১২. ২১ নং ফায়দা: আয়িশা -এর দানের বরকত ও প্রভাব সম্পর্কে মুনকাদির বিন আব্দুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন: একদিন তিনি আয়িশা -এর কাছে গিয়ে বললেন, 'উম্মুল মুমিনিন, আমার খুব ক্ষুধা লেগেছে।' তিনি বললেন, 'আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। যদি আমার কাছে দশ হাজার দিরহামও থাকত, আমি সবগুলো তোমাকে দিয়ে দিতাম।' অতঃপর তিনি যখন আয়িশা -এর নিকট থেকে বের হলেন, তখনই তাঁর নিকট খালিদ বিন উসাইদের পক্ষ থেকে দশ হাজার দিরহাম হাদিয়া আসলো। তিনি তৎক্ষণাৎ তা মুনকাদিরের কাছে পাঠিয়ে দিলেন। অতঃপর মুনকাদির সেখান থেকে এক হাজার দিরহাম দিয়ে একটি দাসী ক্রয় করলেন। সে দাসী থেকে তার তিনটি সন্তান হলো। পরবর্তী সময়ে মুনকাদিরের সেই তিন সন্তান হয়ে উঠলেন মদিনার শ্রেষ্ঠ ইবাদতগুজার। (সিরাজুল মুলুক: পৃ. ৩৭৭)
২১৩. মুয়াত্তা মালিক: ১৮১৯।
২১৪. আস-সিয়ার: ৬/৪০৪।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন

📄 তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন


উত্তম ও সুন্দর ইবাদত পেশ করো। তা তোমাদের আখিরাতের সঞ্চয় হবে এবং সকল ধরনের বিপদ থেকে তোমাদের আড়াল করে রাখবে। কোনোমতে শাস্তি থেকে বাঁচার জন্য ইবাদত করলে সে ইবাদত তেমন কাজে আসবে না।

মাখরাজ মানে বের হওয়ার পথ। বিপদ ও সংকট থেকে বের হওয়ার পথ। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের জন্য বিপদ থেকে বের হওয়ার পথ করে দেন। যেমন তিনি গুহায় আটকে পড়া তিন ব্যক্তিকে বের হওয়ার পথ করে দিয়েছিলেন। গল্পটি সবার জানা:
তিন ব্যক্তি একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে একটি বিশাল আকৃতির পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। তারা নিজ নিজ পুণ্যকর্মের অসিলা দিয়ে আল্লাহর কাছে দুআ করলেন। একজন মাতাপিতার সাথে সদাচরণের অসিলা দিয়ে দুআ করলেন। আরেকজন অসিলা হিসেবে ব্যবহার করলেন নিজের আমানতদারিকে। অপরজন অশ্লীলতা থেকে বেঁচে থাকাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে দুআ করলেন। ফলে আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দিলেন। তাদের নেক আমলসমূহের বিনিময়ে গুহার মুখ থেকে পাথর সরিয়ে তাদের বের হওয়ার পথ করে দিলেন। উক্ত ঘটনার মাধ্যমে এই তিনজন লোক আমাদের একটি বার্তা দিয়ে গেছেন :
'উত্তম ও সুন্দর ইবাদত পেশ করো। তা তোমাদের আখিরাতের সঞ্চয় হবে এবং সকল ধরনের বিপদ থেকে তোমাদের আড়াল করে রাখবে।'

অনুরূপভাবে তিনি উত্তরণের পথ তৈরি করে দিয়েছিলেন আওফ বিন মালিক আশজায়ি-কে। যখন মুশরিকরা তাঁর ছেলেকে বন্দী করে নিয়ে গেল, তখন তিনি রাসুল-এর কাছে অভিযোগ নিয়ে গেলেন। রাসুল তাঁকে ও তাঁর স্ত্রীকে অধিকহারে )لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ( পাঠ করতে বললেন। তাঁর স্ত্রী বললেন, 'রাসুল তোমাকে অত্যন্ত সুন্দর উপদেশ দিয়েছেন।' দুজনেই রাসুল-এর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। ফলে মুশরিকরা তাদের ছেলের ব্যাপারে উদাসীন হয়ে পড়ল। এ সুযোগে তাদের ছেলে পালিয়ে চলে আসলো এবং সাথে মুশরিকদের চারশ বকরিও নিয়ে আসলো। এ ঘটনার প্রেক্ষিতেই কুরআনের নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হলো :
وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
'যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।'

অনুরূপভাবে তিনি উত্তরণের পথ তৈরি করে দিয়েছিলেন যুগশ্রেষ্ঠ সাধকপুরুষ বিশিষ্ট তাবিয়ি আবু মুসলিম খাওলানি-এর জন্য। ঘটনাটি হলো: একদিন তাঁর স্ত্রী এসে তাঁকে বললেন, 'ঘরে আটা নেই।' তিনি বললেন, 'তোমার নিকট (আটা ক্রয় করে আনার মতো) কিছু আছে?' স্ত্রী বললেন, 'একটি দিরহাম আছে, যা আমি সুতা বিক্রি করে পেয়েছি।' তিনি বললেন, 'তা আমাকে দাও এবং থলেটি নিয়ে আসো।' অতঃপর তিনি বাজারে গেলেন। সেখানে এক ভিক্ষুক নাচোড়বান্দার মতো তাঁর কাছে ভিক্ষা চাইলে তিনি তাকে দিরহামটি দিয়ে দিলেন। এখন পড়ে গেলেন বিপাকে। আটা নিয়ে যেতে না পারলে তো স্ত্রীর ঝাড়ি খেতে হবে! তাই তিনি থলের ভেতর বালি ও কাঠের গুঁড়া ভরে বাড়িতে ফিরে গেলেন এবং স্ত্রীর হাতে থলেটি তুলে দিয়ে আস্তে করে সরে পড়লেন। স্ত্রী থলের মুখ খুলে দেখলেন, ভেতরে আটা! তিনি যথারীতি আটা মেখে রুটি বানালেন। আবু মুসলিম খাওলানি রাতে বাড়িতে এসে রুটি দেখতে পেয়ে আশ্চর্যান্বিত হয়ে বললেন, 'রুটি কোথায় পেয়েছ?' স্ত্রী বললেন, 'কেন, আপনিই তো আটা এনে দিলেন!' স্ত্রীর কথা শুনে তিনি কেঁদে ফেললেন。

একইভাবে তিনি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দিয়েছিলেন শাইখ বুনান আল-হাম্মাল-এর জন্য। এক ব্যক্তি শাইখুল ইসলাম আবুল হাসান বুনান আল-হাম্মাল-এর নিকট আসলো। লোকটির একজন থেকে একশ দিনার পাওনা ছিল। ঋণগ্রহীতার কাছে ঋণ চাইতে গেলে সে ঋণের চুক্তিপত্র চেয়ে বসল। লোকটি চুক্তিপত্র খুঁজতে গিয়ে দেখল, সেটি হারিয়ে গেছে! উপায়ান্তর না দেখে সে বুনান আল-হাম্মাল-এর নিকট দুআ চাওয়ার জন্য আসলো। বুনান তাকে বললেন, 'আমি বুড়ো মানুষ, হালুয়া খেতে একটু বেশিই ভালোবাসি। তাই অমুকের দোকান থেকে আমার জন্য এক বোতল হালুয়া নিয়ে আসো। তবেই আমি তোমার জন্য দুআ করব।' লোকটি তা-ই করল। হালুয়া নিয়ে আসার পর বুনান লোকটিকে বললেন, 'হালুয়ার ওপর পেঁচিয়ে দেওয়া কাগজটি খুলে ফেলো।' লোকটি কাগজ খুলে দেখল, সেটি তারই ঋণের চুক্তিপত্র!' এরপর বুনান বললেন, 'এটা নাও এবং (এর মাধ্যমে পাওনা বুঝে নিয়ে) তোমার সন্তানদের হালুয়া খাওয়াও।'

টিকাঃ
২১৫. ২২ নং ফায়দা : আয়াতে মাখরাজ বা উত্তরণের পথ থেকে কী উদ্দেশ্য, সে ব্যাপারে আটটি মত আছে। এক. দুনিয়ার সন্দেহ-সংশয়, মৃত্যুকালীন কষ্ট এবং কিয়ামতের ভয়াবহতা থেকে উত্তরণের পথ। এটি কাতাদা -এর অভিমত। দুই. অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সব ধরনের দুঃখ-দুর্দশা থেকে রক্ষা করবেন। এ মতটি ইবনে আব্বাস-এর। তিন. মানুষকে কষ্ট দেয় এমন প্রতিটি বিষয় থেকে উত্তরণের পথ। ইবনে খাইসাম এ মতের প্রবক্তা। চার, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার উপায়। এটি হাসান -এর মত। পাঁচ শান্তি থেকে বাঁচার উপায়। হুসাইন বিন ফাজল এ মন্তব্য করেছেন। ছয়. তাকে অল্পতুষ্টি দান করবেন। এটি আলি বিন সালিহ-এর অভিমত। সাত. জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের উপায়। এটা কালবি বলেছেন। আট, বাতিল থেকে হকের পথে আসা এবং সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে ফিরে আসার উপায়। এটি ইবনে জুরাইজের অভিমত। (আদ-দুররুল মানসুর: ৬/৩১)
২১৬. ২৩ নং ফায়দা: আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে অনুগ্রহমূলক আচরণ করেন, যা ন্যায়মূলক আচরণের চেয়ে ঊর্ধ্বে। তিনি আমাদের সাথে তাঁর শান উপযোগী আচরণ করেন, আমাদের শান উপযোগী নয়। এ জন্যই জনৈক আল্লাহওয়ালা ব্যক্তির নিকট যখন এ আয়াত তিলাওয়াত করা হলো:
وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
'যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।' (সুরা আত-তালাক, ৬৫: ৩-২) তখন তিনি বললেন,'ওয়াল্লাহি, তিনি আমাদের জন্য উত্তরণের পথ তৈরি করে দিয়েছেন; অথচ আমরা যথাযথরূপে তাকওয়া অবলম্বন করতে পারিনি। আমরা তিনি যেভাবে চান, সেভাবে তাঁকে ভয় করতে পারি না; তবুও তিনি আমাদের রিজিক দান করেন। তাই আমরা যথাযথরূপে তাকওয়া অবলম্বন করতে না পারলেও, অন্তত আমাদের সাধ্য অনুযায়ী তাকওয়া অবলম্বন করে তৃতীয় আরেকটি অনুগ্রহ তাঁর থেকে আশা করতে পারি। সেটা হচ্ছে:
وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا
'আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তাকে মহা প্রতিদান দান করেন।' (সুরা আত-তালাক, ৬৫ : ৫)-হিলইয়াতুল আওলিয়া: ২৪৮/৪।
২১৭. জাদুল মাসির: ৪/২৭৮।
২১৮. সুরা আত-তালাক, ৬৫: ২-৩।
২১৯. সিফাতুস সাফওয়াহ : ২/৩৭১।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য নেই

📄 স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য নেই


তবে আল্লাহ তাআলা তাদের জন্যই বিপদ থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, যারা আল্লাহর সন্তুষ্টিকে সকল কিছুর ওপর প্রাধান্য দেয় এবং স্রষ্টার আনুগত্যকে সৃষ্টির আনুগত্যের ওপর অগ্রাধিকার দেয়। তবেই আল্লাহ তাআলা মানুষের শাস্তি থেকে তাদের রক্ষা করেন—চাই সে মানুষ যতই শক্তিশালী হোক। অবশ্য এর আগে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এ ব্যাপারে বিশিষ্ট সাহাবি হাকাম বিন আমর গিফারি-এর উপদেশটি শুনতে পারো:
তিনি খোরাসানের গভর্নর ছিলেন। একদিন জিয়াদ তাঁর নিকট পত্র মারফত সংবাদ পাঠালেন : আমিরুল মুমিনিন স্বর্ণ ও রৌপ্যকে বাছাই করে তার জন্য পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। তাই স্বর্ণ ও রৌপ্য জনগণের মধ্যে বণ্টন করা যাবে না।

এর উত্তরে তিনি জিয়াদের উদ্দেশে লিখলেন: আপনার বার্তা আমি পেয়েছি। তবে আমিরুল মুমিনিনের বার্তার আগেই আল্লাহর বার্তা (প্রজাদের সাথে ইনসাফ করার বার্তা) এসেছে আমার নিকট। (তাই আমি আল্লাহর নির্দেশই পালন করব। এর জন্য আমার ওপর যতই বিপদ আসুক, আমি পরোয়া করি না। কেননা) আল্লাহর কসম, যদি আসমান ও জমিন একত্রিত হয়ে কোনো বান্দার পথ বন্ধ করে দেয়, সে বান্দা যদি তাকওয়াবান হয়, তাহলে আল্লাহ তাআলা তার বের হওয়ার পথ করে দেবেন। ওয়াস-সালামু আলাইক।

এরপর তিনি জনগণের উদ্দেশে বললেন, 'সকালে সবাই মাল সংগ্রহ করতে এসো।' অতঃপর তিনি জনগণের মাঝে মাল বণ্টন করে দিলেন。

এ জন্যই আয়িশা মুআবিয়া-কে চিঠির মাধ্যমে উপদেশ দিয়েছিলেন যে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, এর কারণে মানুষ অসন্তুষ্ট হলেও। চিঠির ভাষা নিম্নরূপ :
'আমি আপনাকে আল্লাহভীতির উপদেশ দিচ্ছি। কেননা, যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে মানুষের (রাগ ও অনিষ্ট) থেকে আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবেন। কিন্তু যদি আপনি মানুষকে ভয় করেন, তাহলে তাদের কেউই আল্লাহর (ক্রোধ ও শান্তি) থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।'

টিকাঃ
২২০. আল-মুনতাজাম ফি তারিখিল উমামি ওয়াল মুলুক: ১৩/২৭৪।
২২১. আদ-দুররুল মানসুর: ৮/১৯৯-২০০।
২২২. আদ-দুররুল মানসুর: ৮/২০০।

📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 রুটির হাতিয়ার

📄 রুটির হাতিয়ার


কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে ভালো কাজ করতে থাকে, সে ভালো কাজ তাকে বিপদাপদ থেকে মুক্ত রাখার জন্য অস্ত্রের মতো কাজ করে। আমাদের কাছে অপরিচিত অথচ আল্লাহর কাছে পরিচিত এক লেখকের সাথে বাস্তবেই এ ধরনের একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো: একদিন উজির আলি বিন মুহাম্মাদ বিন ফুরাত জনৈক লেখককে ডেকে পাঠালেন এবং বললেন, 'আচ্ছা, আপনি একটা কথা বলুন তো! আপনার ব্যাপারে আমার খারাপ ধারণা আছে। তাই সব সময় আমি আপনাকে গ্রেফতার করার চিন্তা করতাম। কিন্তু একদিন স্বপ্নে দেখলাম, আপনি আমাকে একটি রুটি দিয়ে প্রতিহত করছেন। স্বপ্নটি কয়েক রাত দেখেছি আমি। স্বপ্নে বারবার আমি আপনাকে গ্রেফতার করতে চেয়েছি; কিন্তু বারবার আপনি আমাকে প্রতিহত করেছেন। অতঃপর আমি সৈন্যদলকে আপনার সাথে যুদ্ধ করার নির্দেশ দিলাম। তাদের নিক্ষিপ্ত প্রতিটি তির আপনি মাত্র একটি রুটি দিয়ে প্রতিহত করেছেন! একটি তিরও আপনাকে বিদ্ধ করতে পারেনি। এখন আমাকে বলুন, রুটির রহস্য কী?

লেখক বললেন, 'উজির মহোদয়, আমার ছোটবেলা থেকে আমার মাতা প্রতি রাতে আমার বালিশের নিচে একটি রুটি রাখতেন। পরদিন সকালে আমার পক্ষ থেকে রুটিটি সদাকা করে দিতেন। মৃত্যু পর্যন্ত প্রতি রাতে তিনি এ কাজটি করতেন। তার মৃত্যুর পরে কাজটি আমি অব্যাহত রাখি। আমিও তার মতো প্রতি রাতে বালিশের নিচে একটি রুটি রাখি এবং সকালে উঠে তা সদাকা করে দিই।'

ঘটনা শুনে উজির খুব আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, 'আল্লাহর কসম, আজকের পর থেকে কোনোদিন আমার তরফ থেকে আপনার কোনো ক্ষতি হবে না।'

আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) কেমন যেন আমাদের উল্লিখিত সকল ঘটনা মনোযোগ দিয়ে পড়েছেন! অতঃপর চূড়ান্ত পর্যায়ের দৃঢ়তা সহকারে বললেন :
'যে ভালো কাজ করে, যে বিপদে পড়ে না, পড়লেও তা থেকে উত্তরণের উপায় পেয়ে যায়। '

একই কারণে আলি বিন আবু তালিব (রাঃ) ভালো কাজের প্রতি ভালোভাবে উৎসাহ দেওয়ার জন্য কসম করে বলেছেন :
'সেই সত্তার শপথ-যাঁর শ্রবণশক্তি সকল শব্দ শুনতে পায়, কোনো ব্যক্তি যদি কারও অন্তরে খুশির সঞ্চার করে, আল্লাহ তাআলা সে খুশির বিনিময়ে একটি দয়া সৃষ্টি করেন। অতঃপর কোনো সময় যদি তার ওপর বিপদ আসে, তখন সে দয়া তার দিকে স্রোতের পানির মতো এগিয়ে আসে এবং তার বিপদকে উটের খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। '

আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হলো সৃষ্টির উপকার করা এবং তাদের প্রতি অনুগ্রহ করা। এ জন্য তিনি ওই লোকদের বেশি ভালোবাসেন, যারা তাঁর বান্দাদের উপকার করতে সচেষ্ট থাকে। সুতরাং তুমি যদি বান্দাদের উপকার করাকে নিজের কাজ বানিয়ে নাও এবং তাদের জন্য তোমার দান-দক্ষিণা ও উদারতার দুয়ার খুলে দাও, তাহলে আল্লাহর রহমতের শাহি ফটক তোমার জন্য খুলে যাবে। সংক্ষেপে বলতে গেলে, আল্লাহর অনুগ্রহের দুয়ার খুলতে হলে প্রথমে তোমাকে নিজের অনুগ্রহের দুয়ার খুলতে হবে। এ সম্পর্কে সালিহ মিররি বলেন:
যদি তুমি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ কামনা করো, তাহলে তাঁর মাখলুকের প্রতি অনুগ্রহ করো। তখন তোমার সকল বিষয়ে আল্লাহর দয়া ও অনুগ্রহ তোমার সাথে থাকবে। '

এর সমর্থনে রাসুল -এর একাধিক হাদিসও আছে :
• যে ব্যক্তি কোনো মুমিনকে পোশাক পরিধান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন。
• যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফলমূল খাইয়ে পরিতৃপ্ত করবেন。
• যে ব্যক্তি কোনো পিপাসার্তকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানি করাবেন。
• যে ব্যক্তি কোনো গোলাম আজাদ করবে, আল্লাহ তাআলা উক্ত গোলামের একেকটি অঙ্গের বিনিময়ে তার একেকটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন。
• যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব (সাহায্যের মাধ্যমে) সহজ করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে (তার বিষয়গুলো) তার জন্য সহজ করবেন。
• যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা তার থেকে কিয়ামতের কঠিন কষ্ট দূর করে দেবেন।

উল্লিখিত প্রতিটি হাদিস জান্নাত-প্রত্যাশীদের মনে দান, খয়রাত ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার জন্য চরমভাবে উৎসাহিত করে।

টিকাঃ
২২৩. আল-বিদায়া ওয়ান নিহায়া: ১১/১৫১-১৫২।
২২৪. উয়ুনুল আখবার: ৩/১৯৬।
২২৫. আল-মুসতাতরিফ ফি কুল্লি ফাননিন মুসতাজরিফ: ১/১২৬।
২২৬. হিলইয়াতুল আওলিয়া: ৬/১৭১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00