📄 যদি সে সবর করে, সেটাই হবে তার জন্য অধিক কল্যাণকর!
তাই তো তিনি একটি দারুণ উপমার মাধ্যমে বলেন:
'মাখলুকের কাছে মাখলুকের সাহায্য প্রার্থনা করা মানে এক ডুবন্তের কাছে আরেক ডুবন্তের সাহায্য চাওয়া।'
সালিহ ও সৎকর্মশীল বান্দাদের চিন্তাচেতনা প্রায় এক রকম। এ জন্যই হয়তো আবু আব্দুল্লাহ কারশি -ও একই কথা বলেছেন :
'মাখলুকের কাছে মাখলুকের সাহায্য প্রার্থনা করা মানে এক বন্দীর নিকট আরেক বন্দীর সাহায্য চাওয়া।'
এ জন্যই ইমাম আহমাদ প্রতি নামাজের শেষে বিশেষ একটি দুআ করতেন। দুআটি তাঁর অন্তরে ঐশ্বর্যের চারা রোপণ করেছিল। দুআটি আমরা নিয়মিত পড়লে আমাদের অন্তরেও ঐশ্বর্যের চারা রোপিত হওয়ার আশা করা যায়।
'হে আল্লাহ, আপনি আমার কপালকে যেভাবে আপনি ব্যতীত অন্য কারও জন্য মাটিতে ঠেকানো থেকে বিরত রেখেছেন, সেভাবে আপনি ব্যতীত অন্য কারও কাছে চাওয়া থেকেও বিরত রাখুন।'
যদি তুমি ধৈর্য না ধরো, তাহলে লাঞ্ছিত হবে। মানুষের কাছে চাওয়ার লাঞ্ছনা ও নীচতা কেমন, তা যদি তুমি জানতে চাও, তাহলে উরওয়া বিন আজিনার ঘটনাটি শোনো। উরওয়া মদিনার বিখ্যাত একজন কবি ছিলেন। ফকিহ ও মুহাদ্দিস হিসেবেও তাকে গণনা করা হতো। একদিন তার আর্থিক অবস্থা খুবই অসচ্ছল হয়ে পড়ল। তখন আশপাশের লোকেরা তাকে পরামর্শ দিল, 'হিশাম বিন আব্দুল মালিকের সাথে আপনার বন্ধুত্ব আছে। তাই আপনি তার কাছে যান এবং খিলাফতের পক্ষ থেকে কিছু অনুদান গ্রহণ করুন।' তাদের পরামর্শ অনুযায়ী ইবনে আজিনা রওনা হলেন বন্ধুর উদ্দেশে। উটের ওপর সওয়ার হয়ে তিনি পৌঁছে গেলেন সুদূর শামে। তারপর হিশামের সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে তার সাথে সাক্ষাৎ করলেন। হিশাম তার বন্ধুকে অভ্যর্থনা জানালেন এবং অবস্থা জিজ্ঞেস করলেন। উরওয়া জানালেন, তিনি অভাব-অনটনের মধ্যে আছেন। তখন তাকে উদ্দেশ্য করে হিশাম বললেন, 'একটি কবিতায় তুমিই তো বলেছিলে :
"আমি একজন জ্ঞানী মানুষ, অপচয়-অপব্যয় আমার স্বভাবের মধ্যে নেই। রিজিকের জন্য আমি অমানুষিক কষ্ট করি না। কারণ, যে রিজিক আমার জন্য বরাদ্দ, তা আমার নিকট পৌঁছাবেই। এখন তার জন্য যদি আমি চেষ্টা করি, তাহলে কষ্টের বিনিময়ে তা আমার কাছে আসবে। কিন্তু আমি যদি বসে থাকি, তাহলে কষ্ট ছাড়াই তা আমার কাছে এসে পৌঁছাবে।"
আমি তো তোমার কথা ও কাজে মিল দেখতে পাচ্ছি না। কেননা, তুমি রিজিকের তালাশে কষ্ট করে সুদূর মদিনা থেকে শামে চলে এসেছ!'
উরওয়া বললেন, 'তুমি আমাকে দারুণ এক উপদেশ দিয়েছ বন্ধু। তুমি আমাকে সেই কথা স্মরণ করিয়ে দিয়েছ, যা থেকে আমি অনেক দিন যাবৎ বিস্মৃত ছিলাম।' এই বলে তিনি তাৎক্ষণিক বাহনের ওপর সওয়ার হয়ে হিজাজে চলে আসলেন। সেদিন রাতে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর হিশামের উরওয়ার কথা মনে পড়ল। তখন মনে মনে বললেন, 'কুরাইশের একজন ব্যক্তি হিকমতের সাথে তোমার কাছে কিছু চাইতে আসলো, আর তুমি তার অভাব সত্ত্বেও তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছ! তা ছাড়া সে একজন কবি, কখন কী বলে বসে, তার নিশ্চয়তা নেই!'
পরদিন সকালে হিশাম উরওয়ার ব্যাপারে খোঁজ নিলে তাকে বলা হলো, তিনি চলে গেছেন। হিশাম বললেন, 'অসুবিধা নেই, এখন সে জানবে যে, তার রিজিক তার কাছে অচিরেই আসবে।' অতঃপর তিনি গোলামকে ডাকলেন এবং তাকে দুই হাজার দিনার দিয়ে বললেন, 'এখনই ইবনে আজিনার সাথে দেখা করে এগুলো তাকে দিয়ে আসো।'
গোলাম বলেন, আমি তার নিকট পৌঁছানোর পূর্বেই তিনি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। আমি তার দরজার কড়া নাড়লাম। তিনি বের হলে হিশামের দেওয়া দিনার তার হাতে তুলে দিলাম। সেগুলো হাতে নেওয়ার পর তিনি বললেন, 'আমিরুল মুমিনিনকে আমার কথাটি পৌঁছে দিয়ো:
"আমি রিজিকের জন্য কষ্ট করেছি, তাই আমাকে দেওয়া হয়নি। কিন্তু যখন আমি বাড়িতে ফিরে আসলাম, তখন আমার রিজিক আমার কাছে এসে গেছে!"
সুবহানাল্লাহ! তিনি আল্লাহ ব্যতীত অন্যের কাছে রিজিক চাইতে গিয়ে অপমানিত ও লাঞ্ছিত হলেন। যদি তিনি ধৈর্য ধরতেন এবং যা আছে তার ওপর পরিতুষ্ট থাকতেন, তাহলে একসময় রিজিক তার বাড়িতে চলে আসত। যেমনটি তিনি নিজ কবিতার মধ্যেই বলেছিলেন। কিন্তু তিনি তার নিজের কথার ওপর অটল থাকতে পারেননি। যদি তিনি উবাইদ বিন আবরাস যা শিখেছেন তা শিখতেন, তাহলে সেটাই তার জন্য কল্যাণকর হতো। উবাইদ বিন আবরাসের সেই শিক্ষাটি হলো :
'যে মানুষের কাছে চায়, মানুষ তাকে বঞ্চিত করে। কিন্তু যে আল্লাহর কাছে চায়, তাকে খালি হাতে ফিরতে হয় না।'
ইবনে রজব ঠিক এ কথাটিই বোঝাতে চেয়েছেন নিচের বাক্যে :
'যে মানুষের কাছ থেকে তাদের টাকা-পয়সা চায়, মানুষ তাকে অপছন্দ করে এবং তার প্রতি একপ্রকার ঘৃণা চলে আসে তাদের মনে। কারণ, টাকা-পয়সা বনি আদমের খুবই প্রিয় বস্তু। তাই কেউ তাদের প্রিয় বস্তু নিয়ে নিতে চাইলে খারাপ তো লাগবেই!'
টিকাঃ
১৭৬. ফাতাওয়া ইবনি তাইমিয়া: ১/৩৩০।
১৭৭. ফাতাওয়া ইবনি তাইমিয়া: ১/৪৮৪।
১৭৮. সিফাতুস সাফওয়াহ: ১/৪৮৪।
১৭৯. সামারাতুল আওরাক : ১/৮ (ঈষৎ পরিবর্তিত)।
১৮০. জামিউল উলুমি ওয়াল হিকাম : ২/২০৫।
📄 ইবাদতের উদ্দেশ্য সৃষ্টির দাসত্ব থেকে নিষ্কৃতিলাভ
আল্লাহ তাআলা বান্দাদের জন্য যেসব ইবাদত প্রবর্তন করেছেন, সবগুলোর পেছনে বিভিন্ন মহৎ উদ্দেশ্য রয়েছে। তন্মধ্যে একটি উদ্দেশ্য হলো, গাইরুল্লাহর দাসত্ব থেকে মুক্তিলাভ। একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হবে। রোজা সম্পর্কে মুনাবি বলেন:
'রোজা প্রবর্তিত হয়েছে প্রবৃত্তির চাহিদাকে দমানোর জন্য, পরাধীনতার উপকরণসমূহ এবং বস্তুর দাসত্ব থেকে মুক্তিদানের জন্য। কেননা, মানুষ মনের চাহিদা পূরণ করতে গিয়ে বস্তুর দাসে পরিণত হয় এবং আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে যায়। রোজা গাইরুল্লাহর সেই দাসত্বকে নিঃশেষ করে দেয় এবং আকাঙ্ক্ষিত বস্তুসমূহের দাসত্ব থেকে স্বাধীনতা দান করে। স্বাধীনতা মানে সম্পদের দাস বনে যাওয়া থেকে রক্ষা পাওয়া। আল্লাহ বলেন:
قَالَ أَغَيْرَ اللَّهِ أَبْغِيكُمْ إِلَهَا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ
“তিনি বললেন, তাহলে কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব; অথচ তিনিই তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন।”
প্রবৃত্তি একধরনের উপাস্য। রোজা সেই উপাস্যের দাসত্ব থেকে মানুষকে নিষ্কৃতি দেয়。
টিকাঃ
১৮১. সুরা আল-আরাফ, ৭: ১৪০।
১৮২. ফাইজুল কাদির: ৪/২১১।
📄 তৃতীয় অর্থ: আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা
এটাই আমাদের আলোচ্য বিষয় প্রকৃত ঐশ্বর্যের তৃতীয় অর্থ। যেমন কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন :
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
'তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর ধনী করেছেন।'
ফাতহুল বারি গ্রন্থে ইবনে হাজার এ আয়াতের তাফসিরে বলেন :
'আয়াতে ধনী করে দেওয়ার অর্থ হচ্ছে মনের ধনী করে দেওয়া। কারণ আয়াতটি মক্কায় অবতীর্ণ। এদিকে (মদিনায় গিয়েও) খাইবার ইত্যাদি বিজয়ের পূর্বে রাসুল-এর আর্থিক অসচ্ছলতার কথা তো সবার জানা।'
সুতরাং রাসুল-এর ঐশ্বর্য প্রতিদিনের প্রয়োজন অনুপাতে খাবারের চেয়ে অতিরিক্ত সম্পদ থাকা নয়, তার ঐশ্বর্য মনের ঐশ্বর্য এবং আল্লাহর প্রতি নিরঙ্কুশ ভরসা ও নির্ভরতা। এই ঐশ্বর্য তিনি লাভ করেছেন সেই পূর্ণাঙ্গ নিয়ামতের অংশ হিসেবে, যার কথা কুরআনে এসেছে :
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম।'
টিকাঃ
১৮৩. সুরা আদ-দুহা, ৯৩: ৮।
১৮৪. ফাতহুল বারি: ১১/২৭৩।
১৮৫. সুরা আল-মায়িদা, ৫: ৩।
📄 পূর্ণাঙ্গ নিয়ামত মানে কী?
পূর্ণাঙ্গ নিয়ামত মানে হচ্ছে, নিয়ামত দানের পর নিয়ামতদাতার সাথে সম্পর্ক ছিন্ন না হওয়া; বরং তার সাথে সম্পর্ক অটুট থাকা।
এই ঐশ্বর্য ও ধনাঢ্যতা একমাত্র আল্লাহর প্রতি মুখাপেক্ষিতার ফসল। ইবনুল কাইয়িম তাঁর তরিকুল হিজরাতাইন গ্রন্থে তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন:
'যে আল্লাহর প্রতি মুখাপেক্ষী, সে প্রকৃত ধনী। সে মানুষের প্রতি মুখাপেক্ষী, সে প্রকৃত ধনী নয়। যে আল্লাহর সামনে লাঞ্ছিত, সে মানুষের সামনে সম্মানিত। যে আল্লাহর সামনে দুর্বল, সে মানুষের মাঝে সবচেয়ে শক্তিশালী। যে আল্লাহর সামনে মূর্খ, সে মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী। যে নিজের প্রবৃত্তিকে অসন্তুষ্ট করে, সে আল্লাহকে সন্তুষ্ট করে। এসব দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা এবং ধনাঢ্যতা—এ দুটি এক ও অভিন্ন।'