📘 পার্থিব জীবনে জান্নাতি সুখ > 📄 আমি আল্লাহর জান্নাতে বাস করি

📄 আমি আল্লাহর জান্নাতে বাস করি


ডেল কার্নেগি তার প্রসিদ্ধ বই How to Stop Worrying and Start Living-এ প্রখ্যাত পশ্চিমা লেখক রোনাল্ড ভিক্টর কোর্টনি বডলির একটি চমৎকার প্রবন্ধ উদ্ধৃত করেছেন। যেখানে বডলি লিখেছেন :
১৯১৮ খ্রিষ্টাব্দে আমি আমার পরিচিত পৃথিবী থেকে ফিরে এসে উত্তর-পশ্চিম আফ্রিকায় চলে গেলাম। সেখানে মরুভূমিতে বেদুইন লোকদের সাথে সাত বছর কাটালাম। এ সময়ে বেদুইনদের ভাষা-সংস্কৃতি ও আচার-আচরণ খুব ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছিলাম। তাদের মতো করে পোশাক পরিধান করতাম। তারা যা খায় আমিও তা-ই খেতাম। বেশভূষায়ও সম্পূর্ণরূপে তাদের মতো হয়ে গিয়েছিলাম। এভাবে আমি তাদেরই একজন হয়ে উঠেছিলাম। তাদের মতো আমারও ছাগলের পাল ছিল। তাদের মতো আমিও তাঁবুতে ঘুমাতাম। সে সময় আমি ইসলামকে নিবিড়ভাবে অধ্যয়ন করলাম এবং ইসলামের নবি মুহাম্মাদকে নিয়ে 'রাসুল' নামে একটি বইও লিখলাম।

তাদের সাথে কাটানো সাতটি বছর ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সময়। শান্তি, প্রশান্তি ও নিশ্চিন্তময় ছিল প্রতিটি ক্ষণ।

সে সময় মরুবাসী আরবদের থেকে আমি শিখেছি কীভাবে দুশ্চিন্তাকে জয় করতে হয়। তারা ইসলামধর্মের অনুসারী। আল্লাহর সিদ্ধান্ত ও তাকদিরের ওপর আছে তাদের অটল বিশ্বাস। এই বিশ্বাস তাদের নিশ্চিন্ত জীবনযাপন করতে সহায়তা করে এবং এই বিশ্বাসের ফলেই জীবনকে তারা খুব সহজভাবে নেয়। কোনো বিষয়ে তারা তাড়াহুড়ো করে না এবং নিজেদের অপ্রয়োজনীয় চিন্তার বেড়াজালে আবদ্ধ করে রাখে না। তারা বিশ্বাস করে, তাকদিরে যার জন্য যা-ই লিখা আছে, তার সাথে তা-ই হবে। তবে এর অর্থ তারা এটা বোঝে না যে, তাদের কোনো কাজ করতে হবে না; হাত গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকলেই হবে।

এরপর তিনি বলেন:
একটি উদাহরণ দিলে তাদের অবস্থা আরও ভালোভাবে বুঝতে পারবেন। একদিন তীব্র ঝড়ো হাওয়া বইল। এই ঝড়ে সাহারা মরুভূমির বালি উড়ে গিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে একদম ফ্রান্সের রাউন উপত্যকায় পৌঁছে যায়। এই ঝড় ছিল প্রচণ্ড রকমের গরম। এমনকি আমি অনুভব করছিলাম যে, গরমের তীব্র তাপে আমার মাথার চুলগুলো কাঁপতে শুরু করেছে। তীব্র গরমের কারণে আমার মনে হয়েছিল, যেন আমাকে কোনো গরম চুল্লির মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে।

কিন্তু আরব বেদুইনদের এ ব্যাপারে কোনো অভিযোগ নেই। সবার মুখে চিরাচরিত সেই উক্তি : 'আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।' তবে ঝড় যখন আরও তীব্র হলো, তখন তারা কাজের গতি বাড়িয়ে দিল। গরম হাওয়ায় ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে তাদের দুর্বল পশুগুলো জবাই করে দিল। অতঃপর বাকি পশুগুলোকে দক্ষিণ দিকে পানির কাছে নিয়ে গেল। এসব তারা করল বিস্ময়কর নীরবতা ও স্থিরতার সাথে। কারও মুখে অভিযোগের কোনো শব্দ নেই।

গোত্রপ্রধান বললেন, 'আমাদের বড় ধরনের কোনো কিছু হারাতে হয়নি। অথচ আমরা সবকিছু হারানোর জন্যই সৃষ্টি হয়েছি। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রায় ৪০% গবাদি পশু সুরক্ষিত আছে। এ জন্য তাঁর প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া। ইনশাআল্লাহ, আমরা প্রচেষ্টার মাধ্যমে সবকিছু আবার নতুনভাবে শুরু করব।'

বডলি বলেন:
আরেকদিনের ঘটনা। একদিন আমি গাড়ি দিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিলাম। তখন মাঝপথে হঠাৎ করে গাড়ির একটি টায়ার ফেটে গেল। ড্রাইভার গাড়িতে রিজার্ভ টায়ারও রাখেনি। এতে আমার ভীষণ রাগ হলো এবং চরম দুশ্চিন্তা চারিদিক থেকে আমাকে ঘিরে ধরল। আমি রাগতস্বরে বেদুইন সহযাত্রীদের বললাম, 'এখন আমাদের কী করা উচিত?'

তারা বলল, ‘রাগ করে তো কোনো উপকার হবে না। রাগ মানুষকে বোকামি ও সিদ্ধান্তহীনতায় ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না।’

উপায়ান্তর না দেখে আমাদের নিয়ে গাড়ি চলতে শুরু করল তিন চাকার ওপরেই। তবে বেশিদূর যেতে পারেনি। কিছুদূর যাওয়ার পরেই পেট্রল ফুরিয়ে গেল।

এখানেও আশ্চর্য হয়ে লক্ষ করলাম, আমার বেদুইন সহযাত্রীদের কেউই উত্তেজিত হয়নি। তারা বাকি পথ সম্পূর্ণ স্থির ও শান্তভাবে হেঁটে হেঁটে পাড়ি দিল।

বডলি মরুবাসী আরবদের সাথে থাকার অভিজ্ঞতা বর্ণনা করার পর বলেন:
বেদুইনদের সাথে কাটানো সাতটি বছর আমাকে অনুভব করিয়েছে যে, যেসব মানসিক রোগী ও মাদকাসক্ত লোকে আমেরিকা-ইউরোপ ভরে গেছে, তারা সভ্যতার বলি ছাড়া কিছুই নয়, যে সভ্যতা দ্রুততা ও অস্থিরতাকে নিজের ভিত্তি বানিয়ে নিয়েছে। যতদিন আমি মরুভূমিতে ছিলাম, হতাশা ও দুশ্চিন্তা আমাকে স্পর্শ করেনি। বরং সেখানে আমি আল্লাহর জান্নাতে ছিলাম এবং শান্তি, প্রশান্তি, তৃপ্তি ও সন্তুষ্টির মাঝে জীবন অতিবাহিত করেছি।

একদম শেষের দিকে তিনি বলেন: সারকথা হলো, আমি মরুভূমি থেকে চলে এসেছি আজ সতেরো বছর অতিবাহিত হলো। কিন্তু এখনো আমি আল্লাহর যেকোনো সিদ্ধান্ত ও ফয়সালার ব্যাপারে আরবদের অবস্থানকেই ফলো করি। ফলে আমার সকল দুঃখ-দুর্দশা ও বিপদাপদকে আমি স্থিরতার সহিত শান্তভাবে মোকাবিলা করি।

এই যে স্বভাব, যা আমি আরবদের থেকে অর্জন করেছি, তা আমার স্নায়ুকে স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে এতটাই কাজ করে, যা হাজার হাজার ডাক্তারি ওষুধ করতে পারে না。

টিকাঃ
১৩৮. দায়িল কালকা ওয়াবদায়িল হায়াত: পৃ. ২৯০-২৯২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00