📄 তাদের যারা কষ্ট দেয়, তাদের থেকে তিনি প্রতিশোধ নেন
ইমাম আহমাদ বিন হাম্বল-এর বিশিষ্ট ছাত্র ইমামুস সুন্নাহ আহমাদ বিন নাসর-এর সাথে যারা শত্রুতা করেছিল, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের থেকে বদলা নিয়েছেন। বিস্ময়কর উপায়ে তাদের থেকে প্রতিশোধ নিয়েছেন।
তা এভাবে যে, খলিফা ওয়াসিক বিল্লাহ আহমাদ বিন নাসরকে হত্যা করার পর থেকে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করতে লাগলেন। তখন আরেক হত্যাকারী মুহাম্মাদ বিন আব্দুল মালিক আজ-জাইয়াত তার কক্ষে প্রবেশ করল। ওয়াসিক তাকে বললেন, 'হে আব্দুল মালিকের ছেলে, আমি বুকের মধ্যে আহমাদ বিন নাসর হত্যাকাণ্ডের শাস্তি অনুভব করছি।' সে বলল, 'আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমাকে আগুনে পুড়িয়ে মারুক। আমিরুল মুমিনিন ওয়াসিক তো একজন কাফিরকেই হত্যা করেছেন।'
এরপর তার কাছে হারসামা প্রবেশ করল। তাকে বললেন, 'হারসামা, আমি বুকের মধ্যে আহমাদ বিন নাসর হত্যাকাণ্ডের শাস্তি অনুভব করছি।' হারসামা উত্তর দিল, 'আমিরুল মুমিনিন, আল্লাহ আমার শরীরকে টুকরো টুকরো করুক। আমিরুল মুমিনিন ওয়াসিক তো একজন কাফিরকেই হত্যা করেছেন।'
এরপর খলিফার কাছে আহমাদ বিন দাউদ আসলে তাকেও একই কথা বললেন। উত্তরে আহমাদ বিন দাউদ বলল, 'আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমাকে পক্ষাঘাতগ্রস্ত করুক। আমিরুল মুমিনিন ওয়াসিক তো একজন কাফিরকেই হত্যা করেছেন।'
খলিফা মুতাওয়াক্কিল বলেন, 'জাইয়াতকে আমি পুড়িয়ে মেরেছি। হারসামা পালিয়ে গিয়ে মরুবাসী হয়ে গিয়েছিল। একদিন খুজাআ কবিলার পাশ দিয়ে অতিক্রম করার সময় গ্রামের এক লোক তাকে চিনে ফেললেন। তখন লোকটি বলে উঠলেন, 'হে খুজাআ সম্প্রদায়, এ সেই ব্যক্তি, যে তোমাদের চাচাতো ভাই আহমাদ বিন নাসরকে হত্যা করেছে।' তখন লোকেরা তাকে কেটে টুকরো টুকরো করে ফেলল। ইবনে আবু দাউদের পরিণতিও তাদের মতো হয়েছিল—আল্লাহ তাআলা তাকে পক্ষাঘাতগ্রস্ত করে নিজ চামড়ার মাঝেই আটকে রেখেছিলেন।
টিকাঃ
৩৪. সুনানুত তিরমিজি: ২৩৪৭।
📄 তাদের হিফাজত করেন
বিশিষ্ট দায়ি মুহাম্মাদ দাসুকি আব্দুন নাসিরের কারাগারে বন্দী ছিলেন। আমাদের ধারণামতে, তিনি ছিলেন আল্লাহর অলি ও মুত্তাকি বান্দাদের অন্যতম। তাঁকে মরূদ্যানের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এই কারাগার ছিল মূলত শুষ্ক মরুভূমির মধ্যে বিক্ষিপ্ত কিছু তাঁবু। এই মরুভূমিতে তারিশা (Cerastes cerastes) নামের এক ধরনের বিষধর সাপের উপদ্রব আছে। এই সাপ অন্যান্য সাপের চেয়ে মারাত্মক। অন্যান্য সাপ তো চলার পথে গায়ের ছাপ রেখে যায়; কিন্তু এই সাপ নিজের পার্শ্বের ওপর ভর দিয়ে চলে বিধায় মাটিতে তার কোনো চিহ্ন থাকে না। পার্শ্বের ওপর ভর দিয়ে চলে বলে এই সাপকে লিবিয়াতে 'জান্নাবি' বলা হয়। ৭০ সেমি লম্বা এই সাপের মাথায় দুটি শিং থাকে। সে পুরো শরীর মাটির ভেতর লুকিয়ে রেখে কেবল শিংদুটি বের করে রাখে। এ জন্য সাপটিকে 'দাফিন'ও বলা হয়। এই সাপের একটি বৈশিষ্ট্য হলো, সে এক লাফে কয়েক মিটার যেতে পারে এবং তার কাছাকাছি শিকারকে খুব সহজে ধরে ফেলতে পারে। তার বিষ খুব ভয়াবহ এবং তার কোনো ভ্যাকসিনও নেই। তাই কোনো মানুষ এই সাপের দংশনের শিকার হলে কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। দংশনের পর বিষ ছড়িয়ে পড়ার পূর্বে আক্রান্ত অঙ্গ কেটে ফেলা ছাড়া তার কোনো চিকিৎসাও নেই।
এই কারাগারে স্থানান্তরিত হওয়ার পর ভাইয়েরা নিজ নিজ অসিয়তনামা লিখে ফেললেন এবং মালাকুল মাওতকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রইলেন। প্রথমদিন তারিশা একজন সৈনিকের ওপর আক্রমণ করল। চিকিৎসা দেওয়ার পূর্বেই সৈনিকটি মারা গেলেন। অতঃপর মৃত্যুবাহী সাপ সেনাছাউনির নিকটে চলে আসলো এবং বন্দীদের একদম কাছে চলে আসলো। পরেরদিন তারিশা কামড় বসিয়ে দিল মুহাম্মাদ দাসুকির পায়ে। সঙ্গীরা ভীত-সন্ত্রস্ত হয়ে আক্রান্ত পা দ্রুত কেটে ফেলার প্রস্তুতি নিলেন। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও ভাই মারা যাননি। এরচেয়েও আশ্চর্যজনক ঘটনা ঘটল, যা কেউ কল্পনাও করতে পারেনি। সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভাই বেঁচে গেলেন এবং দংশনকারী সাপ মারা গেল! হ্যাঁ, তারিশা মরে গিয়ে নিথর দেহ হয়ে পড়ে রইল!
এটা কি একজন নেককার বান্দার কারামাত? না আল্লাহ তাআলা তাঁর বন্ধুর হামলাকারী থেকে প্রতিশোধ নিয়েছেন? না সৎকর্মশীল বান্দাদের অন্তরসমূহকে সত্যের ওপর অবিচল রাখার জন্য এমনটি করেছেন? না সবকটিই?
আল্লাহ তাআলা তাঁর বন্ধুদের এভাবেই রক্ষা করেন এবং তাদের শত্রুদের থেকে এভাবেই প্রতিশোধ গ্রহণ করেন। তাই পশ্চিমা মুজাহিদ আব্দুল কারিম খাত্তাবি আল্লাহর একজন বন্ধুর হত্যাকাণ্ডের শাস্তির ব্যাপারে যে হুমকি দিয়েছেন, তা মোটেই অমূলক নয়। ইমাম বান্না-এর শাহাদাতের পর তাঁর শোকগাথায় তিনি লিখেছেন :
'আফসোস মিসর ও মিসরবাসীর জন্য! বান্নাকে হত্যা করার বিনিময়ে তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস! তারা আল্লাহর একজন বন্ধুকে হত্যা করেছে। বান্না যদি আল্লাহর বন্ধু না হন, তাহলে আল্লাহর কোনো বন্ধুই নেই।'
টিকাঃ
৩৫. তাহজিবুল কামাল ফি আসমাইর রিজাল: ১/৫১০-৫১১।
৩৬. হাজি আলি নোয়াইতো (ইখওয়ানুল মুসলিমিনের প্রথম সারির নেতা) এর অপ্রকাশিত ডায়েরি থেকে।
📄 আল্লাহর বন্ধুদের স্তরে পৌঁছানোর সেতু
আল্লাহর বন্ধুদের উপরিউক্ত মর্যাদা ও ফজিলতের বিবরণ শোনার পর মনের মধ্যে উক্ত স্তরে পৌঁছার এবং তাদের দলভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া স্বাভাবিক। কিন্তু কিছু পেতে হলে কিছু দিতে হয়। রূপবতী ও গুণবতী মেয়েকে স্ত্রী হিসেবে পেতে চাইলে মোহরানা প্রদানে কার্পণ্য করা যায় না। মৌমাছির হুলের আঘাত সহ্য করা ছাডা মধু সংগ্রহ করা যায় না। উচ্চ মর্যাদা চাইলে রাতদিন পরিশ্রম করতে হয়। কষ্ট ও মেহনতের পরিমাণ অনুযায়ী সফলতা ধরা দেয়। তেমনই আল্লাহর সাথে বন্ধুত্বের মর্যাদা লাভ করার জন্য মেহনত করতে হয়। অমানুষিক কোনো মেহনত নয়, কেবলমাত্র দুটি কাজ করতে হয়:
ফরজ ইবাদতসমূহ আঁকড়ে ধরা এবং নফলের প্রতি যত্নবান হওয়া।
কিয়ামতের দিন আমলসমূহ সংখ্যা ও পরিমাণের ভিত্তিতে গণনা করা হবে না। মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ওজন করা হবে। কারণ, হিসাব-নিকাশের জন্য দাড়িপাল্লা রাখা হবে, গণনাযন্ত্র নয়। মোটকথা, নেক আমলসমূহ ওজন করা হবে, গণনা করা হবে না। ফলে অনেক সময় একটি নেক আমল ফজিলত ও শ্রেষ্ঠত্বের গুণের কারণে হাজার হাজার নেক আমলের চেয়ে ভারী হবে। এতে কোনো সন্দেহ নেই যে, বান্দার নেক আমলসমূহের মধ্যে ফরজ ইবাদতগুলোই সবচেয়ে ভারী, ফরজ নফলের চেয়ে ভারী এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ও নিকটতর। বরং আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত নফল আমলসমূহ কবুল করেন না, যতক্ষণ না ফরজসমূহ আদায় করা হয়। ফরজই ইবাদতের মূলভিত্তি। আর বুদ্ধিমান ব্যক্তি সর্বপ্রথম ভিত্তির প্রতিই গুরুত্ব দেয়। কারণ, ভিত্তি নড়বড় হলে ধ্বংস অনিবার্য।
এ জন্যই ইবনে হুবাইরা বলেছেন, 'নফল আমলসমূহকে নফল (অতিরিক্ত) বলার কারণ হচ্ছে, তা ফরজের পরে অতিরিক্ত হিসেবে আদায় করা হয়। সুতরাং যদি ফরজ ভালোভাবে আদায় করা না হয়, নফলের সাওয়াব পাওয়া যাবে না।'
তবে ফরজ ইবাদতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। নির্ধারিত সময়ে আদায় করা হলেই আল্লাহর দরবারে তা গৃহীত হয়। এ জন্যই মৃত্যুর পূর্বমুহূর্তে আবু বকর উমর-কে ডেকে অসিয়ত করলেন :
'আল্লাহকে ভয় করুন, হে উমর। আর জেনে রাখুন, আল্লাহ তাআলার জন্য দিনে পালনীয় কিছু আমল আছে, সেগুলো রাতে আদায় করলে কবুল হবে না। কিছু আমল রাতে পালনীয়, দিনের বেলা তা কবুল হবে না।'
ফরজের ওপর নফলকে প্রাধান্য দেওয়াকে ইবনে আতা প্রবৃত্তির অনুসরণের মধ্যে গণ্য করেছেন। বলেছেন, 'প্রবৃত্তির অনুসরণের একটি নিদর্শন হলো, ঐচ্ছিক বিষয়াবলির প্রতি আগ্রহ এবং আবশ্যকীয় বিষয়াবলির প্রতি অনীহা।'
আবু হামিদ গাজালি এটাকে প্রতারিত ও বিভ্রান্তদের আলামত বলেছেন : 'ভালো কাজসমূহের ক্রমধারা ঠিক না থাকা (অর্থাৎ ফরজের আগে নফলকে গুরুত্ব দেওয়া) এক ধরনের বিভ্রান্তি। '
যে ব্যক্তি নফলের প্রতি খুব যত্নশীল, ফরজের প্রতি তার শিথিলতা ও অনীহা কখনো কাম্য নয়। সুতরাং যার ওপর মানুষের কর্জ আছে, কর্জ পরিশোধ না করে সদাকা করা তার উচিত নয়। যার নিজের শরীর আহত, অন্য আহতের চিকিৎসা করা তার জন্য অনুচিত। অনুরূপভাবে যার ফরজে ঘাটতি রয়ে গেছে, ফরজ পরিপূর্ণ না করে নফল নিয়ে পড়ে থাকা তার জন্য ঠিক নয়।
এ জন্যই আব্দুল্লাহ বিন মুবারক ফরজ ও নফলের যথাযথ পার্থক্য নিরূপণ করে প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা দেওয়াকে নিজের লক্ষ্য নির্ধারণ করে নিয়েছিলেন। ফলে শয়তান কখনো তাঁকে ধোঁকা দিতে পারেনি। কোনোভাবে প্ররোচিত করতে সক্ষম হয়নি। এ সম্পর্কিত তাঁর চমৎকার রায়টি শুনে দেখো :
'সন্দেহযুক্ত একটি দিরহাম ফিরিয়ে দেওয়া এক লক্ষ, দুই লক্ষ এমনকি ছয় লক্ষ দিরহাম সদাকা করার চেয়ে আমার নিকট পছন্দনীয়। '
সন্দেহযুক্ত দিরহামের ব্যাপারে এমন কথা! সেটা যদি হারাম দirham হয়, তাহলে কেমন হবে!?
এর কারণ হচ্ছে, হারাম দিরহাম থেকে বেঁচে থাকা ফরজ, যেখানে ছয় লক্ষ দিরহাম সদাকা করা নফল। আর নফলের ওপর ফরজ প্রাধান্যপ্রাপ্ত।
এ জন্যই হাসান বসরি অত্যাচারী দানশীলদের ওপর নিজের সকল রাগ ঝেড়ে দিয়ে বলেন:
'হে মিসকিনকে সদাকা দানকারী, সদাকা দেওয়ার পূর্বে ওই ব্যক্তির প্রতি দয়া করো, যার প্রতি তুমি জুলুম করেছ। '
তারপর ওয়াহাব বিন ওয়ারদ তোমাকে এই ফরজ (হালাল খাওয়া) নষ্ট করা থেকে সতর্ক করেছেন। খুব আন্তরিকতা নিয়ে তিনি বলেছেন:
'যদি তুমি এই খুঁটির মতো স্থির হয়ে ইবাদতে দাঁড়িয়ে থাকো, কিন্তু তোমার পেটে হালাল ঢুকছে নাকি হারাম তার কোনো পরোয়া নেই তোমার, তাহলে এই ইবাদত তোমার কোনো কাজে আসবে না। '
এ কারনেই আল্লাহর সৎকর্মশীল বান্দারা নফলের চেয়ে ফরজ ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিতেন। হিশাম বিন উরওয়া বর্ণনা করেন যে, তাঁর পিতা ফরজ নামাজে অধিক সময় ধরে দাঁড়াতেন। নফলে ফরজের মতো দীর্ঘ সময় দাঁড়াতেন না। এ সম্পর্কে তিনি বলতেন, 'ফরজ হচ্ছে মূলধন। '
এ জন্য সালাফগণ ফরজ নামাজের মধ্যে অধিকহারে দুআ করতেন। দীর্ঘ সময় নিয়ে দুআ করতেন। আওন বিন আব্দুল্লাহ তাঁর মূল্যবান উপদেশের মধ্যে বলেন:
টিকাঃ
৩৭. ফাতহুল বারি: ১১/৩৪৩।
৩৮. সিফাতুস সাফওয়াহ: ১/১০০।
৩৯. হুকমু ইবনি আতা।
৪০. আসনাফুল মাগরুরিন: ১/৫৯।
৪১. সিফাতুস সাফওয়াহ: ২/৩২৬।
৪২. আল-ইশরাফ ফি মানাজিলিল আশরাফ পৃ. ১৪৫।
৪৩. হিলইয়াতুল আওলিয়া: ৮/১৫৪।
৪৪. তারিখু বাগদাদ: ৮/২৫১।
📄 ফরজের দুই শাখা
'তোমাদের যেসব প্রয়োজন আছে, তা আল্লাহর কাছে ফরজ নামাজ পড়াকালীন চেয়ে নাও। কারণ, নফল নামাজের ওপর যে রকম ফরজ নামাজের ফজিলত রয়েছে, তেমনই ফরজ নামাজে যে দুআ করা হয়, তা নফল নামাজের দুআ অপেক্ষা অধিক ফজিলতপূর্ণ। '
ফরজ দুই প্রকার: আদেশসূচক ও নিষেধসূচক
আল্লাহ তাআলা যেসব বিষয়ের নির্দেশ দিয়েছেন, তা মেনে চলা এবং যেসব বিষয় থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য বাঞ্ছনীয়। উমর বিন আব্দুল আজিজ খুতবার মধ্যে বলতেন, 'সর্বোত্তম ইবাদত হলো, ফরজসমূহ আদায় করা এবং নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বেঁচে থাকা। '
বর্তমান সময়ে বহুল প্রচলিত কয়েকটি গুরুত্বপূর্ণ হারাম ও নিষিদ্ধ বিষয় হচ্ছে :
* জিহ্বার গুনাহ: মিথ্যা, পরচর্চা, পরনিন্দা, গালাগালি ইত্যাদি।
* কানের গুনাহ: যা শোনা হারাম তা শোনা।
* অন্তরের গুনাহ: অহংকার, আত্মম্ভরিতা, আমিত্ব, হিংসা, বিদ্বেষ ও প্রতারণা ইত্যাদি。
অন্তরের এই গুনাহসমূহের ভয়াবহতা সম্পর্কে একটি তুলনামূলক পর্যালোচনা জেনে নাও, যে পর্যালোচনায় এই গুনাহসমূহ থেকে বেঁচে থাকাকে সবচেয়ে বেশি জরুরি বলা হয়েছে। এবার তনুমন দিয়ে ইবনে তাইমিয়া -এর সেই পর্যালোচনাটি শোনো:
'অহংকার, আত্মম্ভরিতা ও লোকদেখানোর গুনাহ মদপান করার গুনাহের চেয়ে ভয়াবহ। যে ব্যক্তি মদপান করে, তবে অন্তরে আল্লাহর প্রতি ভয় লালন করে, সে ওই ব্যক্তির চেয়ে আল্লাহর রহমতের অধিক নিকটবর্তী, যে লোকদেখানোর জন্য রোজা রাখে এবং তা নিয়ে অহংকার ও অহমিকায় ভোগে। '
যে ব্যক্তি নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকে, সে 'সর্বাধিক ইবাদতকারী' উপাধি পাওয়ার যোগ্য। মর্যাদার এই মালা তার গলায় পরিয়েছেন খোদ রাসুল । ইরশাদ করেছেন:
اِتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ
'নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বেঁচে থাকো; মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হয়ে যাবে। '
এই হাদিসটি তুলনামূলক শ্রেষ্ঠ আমল নির্ণয়ের মূলনীতি, যেটাকে পরবর্তী হকপন্থী উলামায়ে কিরাম উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছেন। তাদের অন্যতম হলেন মুআবিয়া বিন কুররা মুজানি। তিনি সত্তর জন সাহাবির সান্নিধ্য পাওয়া একজন হকপন্থী আলিম। তাঁদের থেকে তিনি সেই বক্তব্য শিক্ষা করেছেন, যার সারসংক্ষেপ তিনি হাসান বসরি-এর একটি মজলিশে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'আমরা হাসান বসরি-এর নিকট উপবিষ্ট ছিলাম। সেখানে আমাদের মাঝে কোন আমল সর্বোত্তম এ সম্পর্কে আলোচনা হলো। সবাই একবাক্যে তাহাজ্জুদকেই সর্বোত্তম আমল বললেন। কিন্তু আমি বললাম, "নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকাই সর্বোত্তম আমল।” আমার কথা শুনে হাসান-এর ভুল ভাঙল। তিনি বলে উঠলেন, “হ্যাঁ, এটাই যথার্থ অভিমত।””
এ জন্য সালাফগণ ওয়াজ করার সময় নিষিদ্ধ ও বর্জনীয় বিষয়সমূহ থেকে বেঁচে থাকার প্রতি যে পরিমাণ গুরুত্ব দিতেন, আদিষ্ট ও পালনীয় বিষয়সমূহের প্রতি সে পরিমাণ গুরুত্ব দিতেন না। মালিক বিন দিনার উপদেশ দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করতেন। তিনি বলতেন, 'আমি তোমাদেরকে এমন আমলও করতে বলি, যা আমি করি না। কিন্তু যখন আমি তোমাদেরকে কোনো বিষয় থেকে নিষেধ করি, তা থেকে আমি অবশ্যই বিরত থাকি। কেননা, যদি আমি তা থেকে বিরত না থাকি, তাহলে কিয়ামতের দিন আমি মহামিথ্যুক হিসেবে গণ্য হব। উপদেশদানের জন্য সালাফগণের এমন পন্থা অবলম্বন মূলত নবি-এর হাদিসের অনুসরণ। হাদিসের মধ্যে তিনি প্রত্যেক মুসলিমের জন্য ফরজের দুই শাখা তথা পালনীয় ও বর্জনীয় বিষয়সমূহের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন। ইরশাদ করেছেন:
مَا نَهَيْتُكُمْ عَنْهُ، فَاجْتَنِبُوهُ وَمَا أَمَرْتُكُمْ بِهِ فَافْعَلُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ،
'আমি যেসব বিষয় থেকে তোমাদের নিষেধ করেছি, তা থেকে বেঁচে থাকো। আর যেসব বিষয় পালন করার নির্দেশ দিয়েছি, তোমাদের সাধ্য অনুযায়ী তা পালন করো।'
এই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে যে, হারাম ও নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার ক্ষেত্রে কোনো ধাপ ও কাটছাঁট নেই। কারণ, হারামের দরজা সামান্য খুলে দেওয়া হলেই শয়তান প্রবেশ করে কলবের কর্তৃত্ব নিয়ে নেবে। এ জন্য রাসুল সুদৃঢ় নির্দেশ দিয়েছেন : )فَاجْتَنِبُوهُ( তা থেকে বিরত থাকো।'
বান্দা হারাম ও নিষিদ্ধ বিষয়সমূহ থেকে নিরবচ্ছিন্নভাবে বেঁচে থাকার মাধ্যমে 'সিদ্দিক' স্তরে উপনীত হয়। এটা সাহল তুসতারি-এর অভিজ্ঞতাসমৃদ্ধ মন্তব্য। তিনি নেককার ও বদকার উভয় শ্রেণির লোকদের কাজকর্ম ও আচার- আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত জানিয়েছেন। হিলইয়াতুল আওলিয়া নামক কিতাবে তাঁর সেই যুগান্তকারী মন্তব্যটি এসেছে এভাবে:
'নেক আমল ভালো-খারাপ উভয় প্রকারের লোক করে থাকে; কিন্তু গুনাহ পরিত্যাগ করে কেবল 'সিদ্দিক' স্তরে উপনীত লোকেরাই।'
জান্নাতুল ফিরদাওসের জন্য প্রতিযোগিতাকারীদের প্রতি দারুণ একটি উপদেশ দিয়েছেন উম্মুল মুমিনিন আয়িশা যেন তারা প্রতিযোগিতার ময়দানে দৃঢ়পদ থাকতে পারে। কেমন যেন এর মাধ্যমে তিনি প্রতিযোগীদের হাত ধরে জান্নাতিদের প্রথম সারিতে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেন:
'যে (জান্নাত অর্জনের প্রতিযোগিতায়) অক্লান্ত আমলকারী ব্যক্তির চেয়ে আগে যেতে চায়, সে যেন গুনাহ থেকে বিরত থাকে। কারণ, অক্লান্ত আমলকারীরা যেসব আমল নিয়ে আল্লাহর সাথে মিলিত হবে, তার কোনোটাই গুনাহের স্বল্পতার চেয়ে উত্তম নয়।'
আমাদের এই সময়ে যেসব ফরজ বিধান মানুষের কাছে গুরুত্ব হারিয়েছে, তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে ন্যায়বিচার তথা প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার অধীনস্থদের প্রতি ইনসাফ করা। রাষ্ট্রপ্রধান, মন্ত্রী-আমলা ও মেম্বার-চেয়ারম্যানের ওপর যেমন জনগণের প্রতি সুবিচার করা ফরজ, তেমনই প্রত্যেক ব্যক্তির ওপর নিজ নিজ পরিবার ও অধীনস্থদের প্রতি ইনসাফ করা ফরজ। কিয়ামতের দিন ইনসাফ ও ন্যায়বিচার অনেকের ক্ষেত্রে আমল পরিমাপের মানদণ্ডে অন্য অনেক ইবাদতের চেয়ে ভারী ও কার্যকর প্রমাণিত হবে। ইবনুল কাইয়িম এ সম্পর্কে বলেন:
'দায়িত্বশীল ব্যক্তি-যাকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে বিচার-মীমাংসা করার জন্য নির্বাচিত করেছেন-জালিম থেকে মজলুমের হক আদায় করার উদ্দেশ্যে অথবা আল্লাহর বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে তার এক ঘণ্টার মজলিশ আরেকজন সাধারণ ব্যক্তির কয়েক বছর ইবাদতের চেয়ে উত্তম।'
টিকাঃ
৪৫. হিলইয়াতুল আওলিয়া: ৪/২৫৩।
৪৬. হিলইয়াতুল আওলিয়া: ৫/২৯৬।
৪৭. আর-রাদ্দু আলাশ শাজিলি: ১/৬৫।
৪৮. সুনানুত তিরমিজি: ২৩০৫।
৪৯. সিফাতুস সাফওয়াহ: ২/১৫১।
৫০. সহিহু মুসলিম: ১৩৩৭।
৫১. হিলইয়াতুল আওলিয়া: ১০/২১১।
৫২. কিতাবুজ জুহদ: ১/২২।
৫৩. উদ্দাতুস সাবিরিন ওয়া জাখিরাতুশ শাকিরিন: ১/১১৪-১১৫। ২ নং ফায়দা: ইবনুল কাইয়িম এ সম্পর্কে আরও কয়েকটি উদাহরণ দিয়েছেন: যে সম্পদশালী ব্যক্তির মন সদাকা করতে চায় না; কিন্তু সে মনের বিরোধিতা করে উদারহস্তে সদাকা করে, তার সদাকা রাতের নফল নামাজ এবং দিনের নফল রোজার চেয়ে উত্তম। একজন বাহাদুর ও জানবাজ মুজাহিদের জিহাদের ময়দানে এক ঘণ্টা অতিবাহিত করে আল্লাহর শত্রুদের মোকাবিলা করা হজ, রোজা, সদাকা ও অন্যান্য নফল ইবাদত অপেক্ষা উত্তম। একজন প্রকৃত আলিম, যে সুন্নাহ, হালাল-হারাম, ভালো-মন্দ সবকিছু ভালোভাবে জেনে মানুষের মাঝে বসবাস করে, তাদের দ্বীন শিক্ষা দেয় এবং উত্তম উপদেশ দেয়, তার এ কাজ তার একাকী নির্জনে বসে নফল নামাজ পড়া, তাসবিহ পাঠ করা ও কুরআন তিলাওয়াত করা অপেক্ষা উত্তম।