📄 একে অপরের প্রতি শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা বজায় রাখুন
হাদীসে এসেছে
كان رسول الله ﷺ يُلاعب أهله ، ويُقبلها
রাসূলুল্লাহ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। ১৭ তাছাড়া স্বামী-স্ত্রীর শারীরিক ঘনিষ্ঠতা অন্তরের খারাপ চিন্তা দূর করে দেয়। হাদীসে এসেছে
فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي নَفْسِهِ
এটি মন্দ পরিকল্পনা দূর করে দিবে। ১৮
টিকাঃ
১৭ যাদুল মাআদ: ৪/২৫৩
১৮ মুসলিম: ৩৪৭৩
📄 একে অপরকে সিক্রেট নামে ডাকুন
একে অপরের জন্য এমন কোনো নাম ঠিক করুন, যেটা হবে সুইট, রোমান্টিক এবং সিক্রেট। যে নাম সঙ্গীর কানে গেলে রাগের সময়েও অন্তরে ভালোবাসার ঝংকার সৃষ্টি করতে সক্ষম হবে। আয়েশা রাযি. বলেন, রাসূলুল্লাহ ভালোবেসে কখনও কখনও আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। ১৯ তবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের এই একান্ত বিষয়টা যেন অন্যদের সামনে প্রকাশ না পায়। কারণ তখন এই সুন্দর বিষয়টাই হয়ে যাবে নির্লজ্জতা।
টিকাঃ
১৯ ইবনু মাজাহ: ২৪৭৪
📄 একে অপরকে বিশ্বাস রাখুন
সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস খুবই জরুরি একটি বিষয়। এটা না থাকলে দুজনের মধ্যে বোঝাপড়া সুখময় হয় না। যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের আশা করা বৃথা। কাতাদাহ রহ. বলেন
لَا تَقُلْ رَأَيْتُ وَلَمْ تَرَ وَسَمِعْتُ وَلَمْ تُسْمِعْ وَعَلِمْتُ وَلَمْ تَعْلَمْ فَإِنَّ اللَّهَ سَائِلُكَ عَنْ ذَلِكَ كُلِّهِ
না দেখে দেখেছি বলো না। না শুনে শুনেছি বলো না। না জেনে জেনেছি বলো না। কেননা এসব বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ২০ ইবনুল কাইয়্যিম রহ. বলেন
سُوءُ الظَّنِّ يورِثُ الإنسان الأخلاق السَّيِّئَةَ
অহেতুক ধারণা বিভিন্ন অসৎ চরিত্র সৃষ্টি করে। ২১
টিকাঃ
২০ ইবনু কাসীর: ৫/৭৫
২১ কিতাবুর রূহ: ১/২৩৭
📄 তৃতীয় পক্ষকে নাক গলানোর সুযোগ দিবেন না
আমাদের বড়রা বলেন, অধিকাংশ সময় স্বামী-স্ত্রীর ঝগড়া হয় তৃতীয় পক্ষের কারণে। আর যদি এই ঝগড়ার মাঝে আপনি নিজের ভাই বোন প্রমুখদের টেনে আনেন, তাহলে ঝামেলা গুরুতর আকার নিবে। যদি বন্ধুবান্ধবকে টানেন, তাহলে সম্পর্কের 'ইন্নালিল্লাহ' হয়ে যাবে। তাছাড়া একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম, আপনাদের দাম্পত্যজীবনে আপনার বোনের কিংবা আপনার মায়ের মাধ্যমে আপনার স্ত্রীর বিচারক হয়ে উঠতে পারে আপনার ভগ্নীপতি। এটা কক্ষনো হতে দিবেন না। মনে রাখবেন, যারা অন্যের প্রাইভেট জীবন নিয়ে নাক গলায় এদের দৃষ্টান্ত রাস্তায় চলা বেয়াড়া ট্রাকের মত। ট্রাকের পিছনে যেমনিভাবে লেখা থাকে, ১০০ গজ দূরে থাকুন। অনুরূপভাবে এ জাতীয় লোক থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।