📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 পরিবার কখন কারাগারে পরিণত হয়

📄 পরিবার কখন কারাগারে পরিণত হয়


এটা তো জানা কথা যে, যে পরিবারের মধ্যে দীনদারি থাকে সে পরিবারের রং অন্যরকম হয়। সুখ ও শান্তি সেখানের সাধারণ চিত্র হয়। বিপরীতে যে পরিবারে দীন থাকে না, ওই পরিবার 'পরিবার' হয় না; বরং কারাগার হয়। অশান্তি ও ঝগড়াঝাঁটি সেখানের সাধারণ চিত্র হয়।

আবার এটাও বাস্তবতা যে, পরিবার মানেই কিছু খুনসুটি থাকবে, কিছু মান-অভিমান থাকবে। যদি কোনো পরিবারে এগুলো না থাকে তাহলে তো ওই পরিবার দুনিয়াতে নেই; বরং জান্নাতে আছে! দুনিয়াতে বসবাস করছে- এর অর্থই হল, কিছু লড়াই থাকবে, কিছু মান-অভিমান থাকবে।

বিষয়টিকে বোঝানোর জন্য আমাদের বড়রা বলেন, মনে করুন, স্বামী যদি হাসান বসরী হয় আর স্ত্রী যদি রাবেয়া বসরী হয় তাহলেও দুজনার মাঝে কিছু মান-অভিমান থাকাটা স্বাভাবিক।

যদি সুখী পরিবার পেতে চাই তাহলে আমাদের কাজ হল, এই স্বাভাবিক বিষয়কে স্বাভাবিক পর্যায়ে রাখা। এটাকে বাড়তে না দেওয়া। সুষ্ঠু সমাধানের পথ বের করে শান্তির ঠিকানায় জায়গা করে নেওয়া। যাকে বলা হয়, ইনজয় করা, নেয়ামত উপভোগ করা। অন্যথায় নেয়ামত আযাব হয়ে যাবে। পরিবার কারাগার হয়ে যাবে।

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 বর্তমানের ফ্যাশন শয়তানকে আকৃষ্ট করার নীরব প্রতিযোগিতা

📄 বর্তমানের ফ্যাশন শয়তানকে আকৃষ্ট করার নীরব প্রতিযোগিতা


অনুরূপভাবে ফ্যাশনের পিছনে সময় নষ্ট করা মা-বোনদের একটি বিশ্রী অভ্যাস। জরিপে দেখা গেছে, অনলাইন মার্কেটিং পুরুষদের চেয়ে মেয়েরা বেশি করে। একটা সিরিয়ালে একটা পোশাক দেখলে কিংবা কোনো ভাবীর কাছে নতুন কিছু দেখলে এবার সেটা খোজাখুঁজি শুরু করে প্রথমে অনলাইনে। আলিবাবা, দারাজ, অ্যামাজন, ফেসবুকের বিভিন্ন পেজসহ কত জায়গায় যে ভার্চুয়ালিভাবে ঘুরে বেড়ায়! এতে প্রচুর সময় নষ্ট হয়।

কোনো জায়গায় বেড়াতে গেলে তো আর কথাই নেই। শুরু হয় ড্রেসিং টেবিলের সামনে ফ্যাশন শো। অথচ স্বামীর সামনে সাজবে না। এখনকার মেকআপ, ড্রেসাপ হল, কে কত বেশি আঁটসাঁট পোশাক পরবে, কে কত বেশি আটা-ময়দা মাখবে এবং এর মাধ্যমে কে কত বেশি শয়তানকে আকৃষ্ট করতে পারবে, এর নীরব প্রতিযোগিতা। এখনকার কোনো মেকআপই পারফিউম ছাড়া নেই। স্ট্রবেরি ফ্লেভার, লেমন ফ্লেভার, চকলেট ফ্লেভার আরও কত ফ্লেভার যে আছে! আর এসব মেখে যখন নারীরা ঘর থেকে বের হয়, হাদীসে আছে, শয়তান তার দিকে আকৃষ্ট হয়। বিশেষ মনোযোগ দেয়। নবীজী বলেছেন

فَإِذَا خَرَجَتْ إِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ

যখন সে এভাবে বের হয়ে তখন শয়তান তার উপর ভর করে। ৫ হাদীসে উল্লিখিত শব্দ إِسْتَشْرَفَ এর আরেক অর্থ হচ্ছে, উঁকি দিয়ে দেখা, চোখ তুলে তাকানো অর্থাৎ শয়তান তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়। তার ফলোয়ার হিসেবে তার প্রতি বিশেষ মনোযোগী হয়। ফলে সে তখন নিজের নিয়ন্ত্রণে থাকে না; বরং তাকে ড্রাইভ করে শয়তান। শয়তান তাকে পরিচালনা করে।

টিকাঃ
৫ তিরমিযী: ১১৭৩

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 পরিবারের মাঝে দ্বীনি কিছু Common activity থাকা

📄 পরিবারের মাঝে দ্বীনি কিছু Common activity থাকা


এ জন্য এ সুবাদে প্রথমেই যে পরামর্শ দিব তা হল, প্রতিটি পরিবারের মাঝে কিছু দীনী Common activity থাকা চাই। যেমন প্রতিটি ঘরেই তালীমের ব্যবস্থা করা যেতে পারে, যেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকবে। এর জন্য এমন একটা সময় নির্ধারণ করে নেওয়া, যেন ওই সময়ে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকতে পারে। যেন নারী এবং শিশুরা দীনি মেজাজে গড়ে ওঠতে পারে।

সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি. বলেন, আমরা আমাদের সন্তানদের রাসূলের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম, যেমনিভাবে তাদেরকে আমরা কুরআনের সূরা শিক্ষা দিতাম। ৬

অথবা এমনও হতে পারে যে, মাঝে মাঝে একজন আমলধারী আলেমকে দাওয়াত দিলেন। সেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকল। আর তিনি সকলের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন।

অথবা এর সুরত এমন হতে পারে যে, পরিবারের সকল সদস্য মিলে ফজরের পরে একসঙ্গে বসে কুরআন তেলাওয়াত করলেন।

অথবা এমনও হতে পারে যে, সকলে মিলে একটা নির্দিষ্ট সময়ে বসে একসঙ্গে কিছু জিকির করলেন, দোয়া করলেন।

অথবা এমনও হতে পারে যে, সপ্তাহে একদিন যেমন সোম কিংবা বৃহস্পতিবার সকলে মিলে রোজা রাখলেন। তারপর সকলে মিলে একসঙ্গে ইফতার করলেন। ইফতারের আগে দোয়া কবুল হয়। ওই সময় সকলে মিলে একসঙ্গে দোয়া করলেন।

পরিবারের মাঝে এ জাতীয় দীনি Common activity পরিবারের সদস্যদের মাঝে Bonding তথা বন্ধন বৃদ্ধি করবে। একে অপরের অনুভূতি বোঝা সহজ হবে।

শিক্ষক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা আছে যে, যে ছেলেটা বেয়াড়া টাইপের হয়, খোঁজ নিলে দেখা যায়, এর বড় কারণ হল পরিবারের মধ্যে দীন চর্চা না থাকা। ধর্মীয় মূল্যবোধ না থাকা।

টিকাঃ
৬ তারবিয়াতুল আওলাদ ফিল ইসলাম: ৩১৮

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 শাশুড়িকে বলছি

📄 শাশুড়িকে বলছি


মূলত শাশুড়ি ও বৌমা তখনই দূরে সরে যায় যখন তাদের সম্পর্ক সেরেফ বউ শাশুড়ির মতো থাকে। এ জন্য আবারও বলছি, বৌমাকে মেয়ের মত করে দেখতে হবে। অনেক শাশুড়ি আশা করেন, তার বৌমা ঘরে পা দিয়েই পাকা গৃহিণীর মত সব কিছু সামলাবে। কিন্তু এভাবে ভাবলে চলবে না। আপনার বৌমা আপনার চেয়ে অনেক ছোট- বয়সে এবং অভিজ্ঞতায়। সুতরাং বৌমাকে স্নেহ এবং মমতা দিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তার সাধ্যের বাইরে কোনো কাজের জন্য তাকে কষ্ট দেয়া যাবে না। সতর্ক থাকতে হবে, মেয়ে হলে এমন করে বলতে পারতেন বা করতে পারতেন? বৌমায়ের পক্ষ থেকে এই ধরনের কথার তলে কখনই পড়া যাবে না। বরং ধৈর্য্য ধরে তার সঙ্গে নরম আচরণ করুন। নবীজী বলেছেন

مَنْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ ، فقدْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الخِيرِ ، وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ ، فَقَدْ حُرِمَ حَظَّهُ مِنَ الخيرِ

যাকে নমনীয়তার অংশ দেয়া হয়েছে তাকে কল্যাণের অংশ দেয়া হয়েছে। নমনীয়তার অংশ হতে যাকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণের অংশ হতে বঞ্চিত করা হয়েছে। ৮

টিকাঃ
৮ তিরমিযী: ২০১৩ • মুসলিম: ২৫৮৮

ফন্ট সাইজ
15px
17px