📄 দেবর মৃত্যুতুল্য হওয়ার কয়েকটি অর্থ
الحمو الموت (দেবর মৃত্যুতুল্য) হওয়ার কয়েকটি অর্থ হতে পারে :
- দেবরের সাথে নির্জনে মিলিত হওয়া স্ত্রীলোকের জন্য কখনো কখনো দ্বীন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, যদি উভয়ের মধ্যে খারাপ কিছু হয়ে যায়।
- দেবরের প্রবেশের ফলে যদি তাদের মধ্যে জিনা-ব্যভিচার সংঘটিত হয়, তাহলে স্ত্রীলোকের ওপর রজম ওয়াজিব হয়।৫ তাই এ নির্জনে মিলিত হওয়াটাই কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
- যদি স্বামীর মধ্যে আত্মমর্যাদাবোধ জেগে ওঠে এবং সে স্ত্রীকে (এহেন অপরাধের কারণে) তালাক দিয়ে দেয়; তাহলে এটা স্ত্রীর জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
- উল্লিখিত হাদিসাংশ দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে, তোমরা মৃত্যুর ব্যাপারে যেমন সতর্ক থাকো, গাইরে-মাহরামের সাথে নির্জনে সাক্ষাৎ করার ব্যাপারেও তেমনই সতর্ক থাকো।
- অথবা মৃত্যু যেমন কষ্টের কারণ ও মানুষের নিকট যেমন এটি অপছন্দনীয়; তেমনই গাইরে মাহরামের সাথে নির্জনে সাক্ষাৎ হওয়াও অপছন্দনীয় বা ঘৃণিত।
টিকাঃ
৫. এ ক্ষেত্রে দেবর বিবাহিত হলে তারও একই শাস্তি। অন্যথায় তাকে ১০০ বেত্রাঘাত করা হবে। [অনুবাদক]
📄 সংযোজন : একটি ঘটনা
এই কিতাবটি লেখার সময় একটি ঘটনা জানতে পেলাম। সংক্ষেপে বলছি, এক লোক বিয়ে করে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসলো। স্ত্রীর সাথে বেশ সুখ-শান্তিতেই তার জীবন কাটছিল। কিন্তু তার অনুপস্থিতিতে তারই ছোট ভাই একান্তে তার স্ত্রীর কাছে আসা-যাওয়া শুরু করল। তাদের মধ্যে বিভিন্ন ধরনের আবেগময় কথাবার্তা চলছিল। একসময় তাদের মধ্যকার সম্পর্ক ডালপালা গজিয়ে রূপ নিল প্রেম-প্রণয়ে। তারপর সদ্য বিবাহিত সুখ-শান্তির এ পরিবারে সৃষ্টি হলো দুটি মারাত্মক সমস্যা :
১. স্বামীর প্রতি স্ত্রীর প্রচণ্ড ঘৃণা।
২. দেবরের সাথে স্ত্রীলোকটির মধুর সম্পর্ক।
এখন স্ত্রী না পারছে নিজের স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে, আর না পারছে দেবরের সাথে যা-ইচ্ছে তাই করতে। এভাবে সুখের একটি পরিবারে জ্বলে উঠল জাহান্নামের আগুন। এ ঘটনা থেকে সহজে অনুমান করা যায়, পর্দাহীনতার অন্যায় ও অনিষ্টতা কত মারাত্মক! কিন্তু এটাতেই শেষ নয়; এমন সম্পর্কের পরের ধাপেই আসে—জিনা-ব্যভিচার, এরপর হারাম বা জারজ সন্তান।