📄 লোভ সংবরণ করুন
আশার আশায় মানুষ বাঁচে। কিন্তু অতিরিক্ত আশা করে বলে মানুষ দুঃখ পায়। অতিরিক্ত সুখ সম্ভোগের লোভ তাকে পাপে লিপ্ত করে। আপনার আদর্শ যদি এই বাণী হয়,
(( مَا لِي وَلِلدُّنْيَا ؟ مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبِ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا)).
"দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? আমি তো (এ) জগতে ঐ সওয়ারের মত যে (ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য) গাছের ছায়ায় থামল। পুনরায় সে চলতে আরম্ভ করল এবং ঐ গাছটি ছেড়ে দিল।" (আহমাদ ২৭৪৪, তিরমিযী ২৩৭৭, ইবনে মাজাহ ৪১০৯, মিশকাত ৫১৮৮ নং)
তাহলে আপনার দ্বারা পাপ ঘটতে পারে না। পক্ষান্তরে এই বাণী যদি আপনার বাস্তব জীবন হয়,
(( لَا يَزَالُ قَلْبُ الْكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الْأَمَل)).
"দুটি জিনিসের জন্য বৃদ্ধের হৃদয় সদা যুবকের মতো থাকে; দুনিয়ার মহব্বত এবং সুদীর্ঘ আশা।" (বুখারী ৬৪২০নং)
তাহলে পাপ থেকে বাঁচা কঠিন আছে।
📄 ভালো বন্ধু নির্বাচন করুন
এমনও হতে পারে যে, আপনার পাপের কারণ হল অসৎ সঙ্গী, অবৈধ বন্ধু অথবা পাপাচারী সহপাঠী বা সহকর্মী। তাই তাদেরকে বর্জন ক'রে আপনি ভালো ও বৈধ বন্ধু গ্রহণ করুন।
নিশ্চয়ই বন্ধুত্বের প্রভাব আছে। ভালো-মন্দ উভয় দিক থেকে বন্ধুদের সহযোগিতা থাকে। এই বন্ধুত্বের উদাহরণ দিয়ে মহানবী বলেছেন,
(( إِنَّمَا مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَجَلِيسِ السُّوءِ ، كَحَامِلِ المِسْكِ، وَنَافِحُ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ : إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ ريحاً طَيِّبَةً ، وَنَافِخُ الكير : إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ ريحاً مُنْتِنَةً )). مُتَّفَقٌ عَلَيْهِ
"সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল, কস্তুরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।" (বুখারী ৫৫৩৪, মুসলিম ৬৮৬০নং)
এটাই বাস্তব যে, 'সঙ্গ দোষে লোহা ভাসে' এবং 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ'। আর তার জন্যই মহানবী বলেছেন,
(( الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ ، فَلِيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ)).
"মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।" (আহমাদ ৮০২৮, আবু দাউদ ৪৮৩৫, তিরমিযী ২৩৭৮নং)
অতএব পাপের কারণ যদি বন্ধু, সঙ্গী বা স্বামী-স্ত্রী হয়, তাহলে তা পরিবর্তন করে দেখুন, আপনি পাপ থেকে বাঁচতে পারছেন।
📄 চক্ষু অবনত করুন
এ নির্দেশ মহান প্রতিপালকের। তিনি বলেছেন,
{ قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (۳۰) وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ}
"বিশ্বাসী পুরুষদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। বিশ্বাসী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে।" (নূরঃ৩০-৩১)
যেহেতু অবৈধ দর্শন এমন এক পাপ, যা ধীরে ধীরে মহাপাপের দিকে টেনে নিয়ে যায়। এই ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকে শুরু হয় মহা অগ্নিকান্ডের।
আর জেনে রাখবেন, যা সরাসরি দেখা পাপ, তার ছবি দেখাও পাপ।
📄 অপরাধীর অবস্থা দেখে শিক্ষা নিন
অপরাধীদের দুর্দশা দেখে শিক্ষা নিন। এমন না হয়, আপনার মতো অপরাধ ক'রে অমুকের যে দশা হয়েছে, তেমনি আপনারও হতে পারে। এ ক্ষেত্রে আপনি নিজেকে স্বতন্ত্র ভাববেন না।
অমুক জুয়ারী তার সর্বস্ব হারিয়েছে। আপনি জুয়া খেললে আপনারও তাই হতে পারে।
অমুক মাতাল সবশেষে বিষ কিনে খেয়ে আত্মহত্যা করেছে। আপনারও একই দশা হতে পারে।
অমুক খুনীকে খুনের বদলে খুন করা হয়েছে, ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। আপনি খুন করলে সেই হাল আপনারও হতে পারে।
অমুক ব্যভিচারী বা লম্পটের এস হয়েছে, তাকে সমাজচ্যুত করা হয়েছে। আপনি ব্যভিচার বা বেশ্যাগমন করলে আপনারও অবস্থা তাই হতে পারে।
অমুক প্রেমিক-প্রেমিকা চোরের মতো পালিয়ে বিয়ে ক'রে ঘর-ছাড়া হয়েছে, সমাজচ্যুত ও লাঞ্ছিত হয়েছে। আপনি অবৈধ প্রেম করলে আপনারও একই দশা হতে পারে।
এইভাবে প্রত্যেক পাপের ব্যাপারে আপনি অন্য পাপীকে দেখে শিক্ষা নিতে পারলে পাপ থেকে বাঁচতে পারবেন। জ্ঞানীর কাজ হল পরের দেখে শিক্ষা নেওয়া। মহান আল্লাহ বলেছেন,
{فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَار (٢) سورة الحشر
"অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।" (হাশ্রঃ ২)
তিনি পূর্বযুগের এক অপরাধীদের কাহিনী বর্ণনা ক'রে বলেছেন,
{إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَى} (٢٦) سورة النازعات
"যে (আল্লাহকে) ভয় করে, তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।" (না-যিআতঃ২৬)
তিনি আমভাবে ইতিহাসের কাহিনী থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারে বলেছেন,
{لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُوْلِي الألْبَابِ} (۱۱۱) سورة يوسف
"তাদের কাহিনীতে জ্ঞানী ব্যক্তিদের জন্য আছে শিক্ষা।" (ইউসুফঃ ১১১)