📄 অবসর দূর করুন
বেকারত্ব দূর করুন। দ্বীন বা দুনিয়ার কোন না কোন কাজ করুন। বেকার হয়ে বসে থাকার চাইতে বেগাড় গিয়ে পরের কাজ করা ভালো। এতে কম-সে-কম আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আরবী কবি বলেছেন,
إن الشباب والفراغ والجدة ... مفسدة للمرء أي مفسدة
অর্থাৎ, নিশ্চয় যৌবন, অবসর ও ধনবত্তা মানুষের জন্য এক প্রকার বিপত্তি।
সুতরাং ব্রেনটাকে শূন্য রাখলে তাতে নানা কুচিন্তা আসবে, শয়তান নানা কুমন্ত্রণা দেবে, নানা পাপচিন্তায় মন আচ্ছন্ন হবে। আর তার পরে পাপ ঘটে যাওয়া স্বাভাবিক।
বলা বাহুল্য, কাজ নিয়ে ব্যস্ত থাকুন, পাপ থেকে দূরে থাকবেন।
📄 সঠিকভাবে নামাযী হন
'আঠ কী, খাট কী, তিনশ' ষাট কী' নয়, বরং পাঁচ অক্তের সঠিক নামাযী হন। তাহলে আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন। যেহেতু মহান আল্লাহর ওয়াদা, যা অন্যথা হতে পারে না। তিনি বলেছেন,
{وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ} (٤٥) سورة العنكبوت
"যথাযথভাবে নামায পড়। নিশ্চয় নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর, আল্লাহ তা জানেন।” (আনকাবুতঃ ৪৫)
অতএব সঠিকভাবে নিয়মিত নামায পড়লে এবং আপনার নামায কবুল হলে নিঃসন্দেহে আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন।
টিকাঃ
(২) আঠ কী নামায কেবল জুমআর নামায, খাট কী নামায, জানাযার নামায এবং ৩৬০ কী নামায ঈদের নামায।
📄 আত্মসম্মানবোধ জাগরূক রাখুন
যে মানুষের মান নেই, তার অপমানবোধ হতে পারে না। আপনার নিজের আত্মসম্মানবোধ থাকলে নিশ্চয় আপনি পাপ করতে পারেন না। এমন কাউকে পাপ ঘটাতে দিতে পারেন না, যার কারণে আপনার ও আপনার বংশের মান-মর্যাদা ক্ষুণ্ণ হয়।
সুতরাং আর পাঁচটা মানুষ থেকে আপনি ভালো, লোকে অধম হলেও আপনি উত্তম, আপনার মান-সম্মান আছে এবং তা বজায় রাখতে হবে। এই শ্রেণীর বোধ আপনার মনে জাগরুক রাখলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন।
📄 লোভ সংবরণ করুন
আশার আশায় মানুষ বাঁচে। কিন্তু অতিরিক্ত আশা করে বলে মানুষ দুঃখ পায়। অতিরিক্ত সুখ সম্ভোগের লোভ তাকে পাপে লিপ্ত করে। আপনার আদর্শ যদি এই বাণী হয়,
(( مَا لِي وَلِلدُّنْيَا ؟ مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبِ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا)).
"দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? আমি তো (এ) জগতে ঐ সওয়ারের মত যে (ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য) গাছের ছায়ায় থামল। পুনরায় সে চলতে আরম্ভ করল এবং ঐ গাছটি ছেড়ে দিল।" (আহমাদ ২৭৪৪, তিরমিযী ২৩৭৭, ইবনে মাজাহ ৪১০৯, মিশকাত ৫১৮৮ নং)
তাহলে আপনার দ্বারা পাপ ঘটতে পারে না। পক্ষান্তরে এই বাণী যদি আপনার বাস্তব জীবন হয়,
(( لَا يَزَالُ قَلْبُ الْكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الْأَمَل)).
"দুটি জিনিসের জন্য বৃদ্ধের হৃদয় সদা যুবকের মতো থাকে; দুনিয়ার মহব্বত এবং সুদীর্ঘ আশা।" (বুখারী ৬৪২০নং)
তাহলে পাপ থেকে বাঁচা কঠিন আছে।