📘 পাপ তার শাস্তি ও মুক্তির উপায় > 📄 প্রাকৃতিক দুর্যোগ আনয়নে পাপের প্রভাব

📄 প্রাকৃতিক দুর্যোগ আনয়নে পাপের প্রভাব


'যে করে পাপ, সে সাত বেটার বাপ।' পার্থিব দৃষ্টিভঙ্গিতে এ কথা ধ্রুব সত্য। এ জন্যই তো "দুনিয়া মুমিনদের পক্ষে কারাগার এবং কাফেরদের জন্য (গুলজার) বেহেশ্ স্বরূপ।" (মুসলিম, আহমদ, তিরমিযী প্রমুখ, সহীহুল জামে' ৩৪১২ নং) কিন্তু পাপী দুনিয়াতে 'সাত বেটার বাপ' হলেও আখেরাতে সে নিহাতই নিঃস্ব ও মিসকীন। পক্ষান্তরে একথাও সত্য যে, 'যখন তখন করে পাপ সময় বুঝে ফলে।'
সুতরাং কিছু পাপ আছে যার সাজা দুনিয়াতেই পাওয়া যায়। নচেৎ পাপের শাস্তি ভোগ করার কঠিনতম ও ভয়ঙ্কর মহাকাল হল পরকাল।
আল্লাহ তাআলা বলেন,
وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَلْ لَّهُمْ مَوْعِدٌ لَّنْ يَجِدُوا مِنْ دُونِهِ مَوْثِلاً )
অর্থাৎ, আর তোমার প্রতিপালক ক্ষমাশীল দয়াবান। ওদের কৃতকর্মের ফলে তিনি ওদেরকে শাস্তি দিতে চাইলে ওদের শাস্তি ত্বরান্বিত করতেন; কিন্তু ওদের জন্য এক প্রতিশ্রুত মুহূর্ত রয়েছে, যা থেকে ওদের কোন পরিত্রাণ নেই। (কাহাফঃ ৫৮ আয়াত)

তিনি আরো বলেন, لَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمَّى ، فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا )
অর্থাৎ, আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তাহলে ভূ-পৃষ্ঠে চলমান কোন জীবকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তাদের সে নির্দিষ্ট মেয়াদ এসে গেলে আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে। (তখন তিনি তাদেরকে শাস্তি অথবা পুরস্কার দেবেন।) (সূরা ফাত্বির ৪৫ আয়াত)

আবার তিনি বলেন, ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ )
অর্থাৎ, মানুষের কর্মদোষে জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা (সৎপথে) ফিরে আসে। (সূরা রুম ৪১ আয়াত)

তিনি অন্যত্র বলেন, وَمَا أَصَابَكُمْ مِّنْ مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا عَنْ كَثِير
অর্থাৎ, তোমাদের উপর যে সব বিপদ-আপদ আসে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল। আর তোমাদের বহু অপরাধ তিনি ক্ষমা করে দেন। (শূরাঃ ৩০)

আর ত্বরান্বিত শাস্তির ফলেই ধ্বংস হয়েছে বহু উম্মত। কুরআন ও সুন্নায় এ কথার ভূরি ভূরি নজীর বর্তমান।
মহান আল্লাহ বলেছেন, {فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَّنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضِ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ } (٤٠) سورة العنكبوت
"সুতরাং ওদের প্রত্যেককেই নিজ নিজ অপরাধের জন্য পাকড়াও করলাম; ওদের কারও প্রতি প্রেরণ করলাম পাথর বর্ষণকারী ঝড়, কাকেও আঘাত করল মহাগর্জন, কাকেও আমি মাটির নিচে ধসিয়ে দিলাম এবং কাকেও মারলাম ডুবিয়ে। আল্লাহ তাদের প্রতি কোন যুলুম করেননি; আসলে তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।" (আনকাবুতঃ ৪০)

পাপের কারেন্ট শাস্তি স্বরূপ আসে প্রাকৃতিক নানা দুর্যোগ। অনেকে তাকে 'প্রকৃতির তান্ডব' বলে থাকে। কিন্তু আসলে মহান সৃষ্টিকর্তা প্রতিশোধ গ্রহণকারী। মানুষের কোন কোন পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করেন।
পূর্ববর্তী বহু জাতিকে তাদের পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করা হয়েছে। এ উম্মতের মাঝেও সে দুর্যোগ আসছে ও আসতে পারে, যদি পাপাচরণে পূর্ববর্তীদের পথ অবলম্বন করে। মহানবী বলেছেন,
((لَيَكُونَنَّ فِي هَذِهِ الْأُمَّةِ خَسْفٌ وَقَدْفٌ وَمَسْخٌ وَذَلِكَ إِذَا شَرِبُوا الخُمُورَ وَاتَّخَذُوا الْقَيْنَاتِ وَضَرَبُوا بالمعازف)).
"অবশ্যই আমার উম্মতের মাঝে (কিছু লোককে) মাটি ধসিয়ে, পাথর বর্ষণ করে এবং আকার বিকৃত করে (ধ্বংস করা) হবে। আর এ শাস্তি তখন আসবে, যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে।" (ইবনে আবিদ দুনয়া, সহীহুল জামে' ৫৪৬৭নং)

لَيَشْرَبَنَّ أُنَاسٌ مِنْ أُمَّتِي الخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا وَيُضْرَبُ عَلَى رُؤُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْقَيْنَاتِ يَخْسِفُ الله بهِمُ الأَرْضِ وَيَجْعَلُ مِنْهُمْ قِرَدَةً وَخَنَازِينَ).
"অবশ্যই আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজানো হবে এবং নর্তকী নাচবে। আল্লাহ তাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন এবং বানর ও শূকরে পরিণত করবেন!" (ইবনে মাজাহ ৪০২০, ইবনে হিব্বান ৬৭৫৮, তাবারানী ৩৩৪২, বাইহাকী ১৭ ১৬০, সহীহুল জামে' ৫৪৫৪ নং)

ভেবে দেখার বিষয় যে, এই যুগ কি সেই নৃত্য-বাদ্যের যুগ নয়? সে যুগের নৃত্য- বাদ্য স্বস্থানে সীমাবদ্ধ ছিল। কিন্তু আধুনিক যুগে তা সারা বিশ্বে সম্প্রচারিত হচ্ছে। সংস্কৃতির নামে অপসংস্কৃতির ছোবল আজ ঘরে-ঘরে হানা দিচ্ছে। এ যুগ কি সেই যুগ নয়, যে যুগে ঝড়-তুফান বেশি হচ্ছে, বজ্রপাত বেড়ে চলেছে, ভূমিকম্প ও ভূমিধস মানুষকে শায়েস্তা করছে? মহান আল্লাহ বলেছেন,
{أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللهُ بِهِمُ الأَرْضِ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لا يَشْعُرُونَ (٤٥) أَوْ يَأْخُدُهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ (٤٦) أَوْ يَأْخُدُهُمْ عَلَى تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ} (٤٧) سورة النحل
"যারা জঘন্য ষড়যন্ত্র করে, তারা কি এ বিষয়ে নিশ্চিত আছে যে, আল্লাহ তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেবেন না অথবা এমন দিক হতে শাস্তি আসবে না, যার তারা টেরও পাবে না? অথবা চলাফেরা করতে থাকাকালে তিনি তাদেরকে পাকড়াও করবেন না; অতঃপর তারা তা ব্যর্থ করতে পারবে না? অথবা তাদেরকে তিনি ভীত-সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না? তোমাদের প্রতিপালক তো অবশ্যই অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু।" (নাহলঃ ৪৫-৪৭)

কেউ নিশ্চিত নয়। অকস্মাৎ আযাব এসে ধ্বংস ক'রে যেতে পারে। খেলায় রত থাকা অবস্থায় অতর্কিতে শাস্তি আসতে পারে। সমুদ্র-সৈকতে নগ্নাবস্থায় সূর্য-স্নান করার সময় অথবা কোন পানশালায় নৃত্যগীতে মশগুল থাকার সময় অথবা কোন প্রমোদ-বিহারে মত্ত থাকার সময় নিমেষে প্রকৃতির আক্রমণ সকল খেলা সাঙ্গ করতে পারে। একই সাথে লক্ষ-লক্ষ মানুষ, অসংখ্য জীব-জন্তু, শত-সহস্র ঘর- বাড়ি, কোটি-কোটি টাকার ধন-সম্পদ, ফল-ফসল ইত্যাদি ধ্বংস করতে পারে। প্রকৃতির নিয়মের নিয়ামক আল্লাহ তাদের প্রতি কোন যুলুম করেন না; আসলে তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম ক'রে থাকে। স্বকৃত বহু পাপের কিছু শাস্তি তারা ইহকালে ভোগ ক'রে থাকে।

📘 পাপ তার শাস্তি ও মুক্তির উপায় > 📄 পাপ পাপীকে আল্লাহর কাছে হেয় করে

📄 পাপ পাপীকে আল্লাহর কাছে হেয় করে


আল্লাহর অবাধ্যাচরণ ক'রে পাপ করলে নিশ্চয় পাপী আল্লাহর কাছে হেয় ও ঘৃণ্য হবে। আর
{وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاء} (十八) سورة الحج
"আল্লাহ যাকে হেয় করেন, তার সম্মানদাতা কেউই নেই; নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তা করেন।" (হাজ্জঃ ১৮) তিনি যাকে সম্মান দেন, তাকে অপমানকারী কেউ নেই। আমরা বিতরের কুনুতে দুআ ক'রে থাকি, '(হে আল্লাহ!) নিশ্চয় প্রিয়জন লাঞ্ছিত হয় না এবং তোমার শত্রু সম্মানিত হয় না।" (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, আহমাদ, বাইহাকী, ইবনে মাজাহ, ইরওয়াউল গলীল ২/১৭২)

তাঁর বিরুদ্ধাচরণ ও শত্রুতা করলে অবশ্যই মানুষ লাঞ্ছিত, পদদলিত ও অবহেলিত হবে। তিনি তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন মানুষ দ্বারা, লাঞ্ছিত করবেন নানা বিপদ-আপদ ও শাস্তি দ্বারা। আর আখেরাতেও লাঞ্ছিত করবেন জাহান্নামের শাস্তি দ্বারা।
মহান আল্লাহর কাছে বর্ণবৈষম্য নেই। বংশ-মর্যাদা ও রূপ-সৌন্দর্য নিক্তি নয় তাঁর। তিনি কারো বাহ্যিক রূপ ও আকার-আকৃতি, দেশ বা ভাষা দেখে ভালো- মন্দের বিচার করেন না। তিনি মানুষের হৃদয় ও আমল দেখেন। সুতরাং যার তাক্বওয়া বেশি হয়, সেই হয় তাঁর নিকট মর্যাদাবান ও সম্মানের পাত্র এবং যে যত বড় পাপী হয়, সে তত বড় অপদার্থ ও তাঁর ঘৃণার পাত্র হয়।

মহান আল্লাহ বলেছেন, {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ} (۱۳) سورة الحجرات
"হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরেরর সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক আল্লাহ-ভীরু। আল্লাহ সবকিছু জানেন, সব কিছুর খবর রাখেন।" (হুজুরাতঃ ১৩)

মহানবী বলেছেন, لينتهين أقوام يفتخرون بآبائهم الذين مَاتُوا ، إِنَّمَا هم فحم جَهَنَّمَ ، أَو لَيَكُونَن أَهْون على الله من الجعل الذي يدهده الخرء بأنفه ، إن الله قد أذهب عَنْكُم عَبيَّةِ الْجَاهِلِيَّة وَفَخْرِهَا بِالْآبَاءِ ، إِنَّمَا هُوَ مُؤْمِن تَقِيّ أو فاجر شقي ، [النَّاس كلهم بنو آدم ، وآدم خلق من تراب)).
"লোকেরা যেন মৃত বাপ-দাদাদের নিয়ে ফখর করা অবশ্যই ত্যাগ করে। তারা তো জাহান্নামের কয়লা মাত্র। তা ত্যাগ না করলে তারা সেই গোবুরে পোকার চেয়েও নিকৃষ্ট হবে যে নিজ নাক দ্বারা মল ঠেলে নিয়ে যায়। অবশ্যই আল্লাহ তোমাদের নিকট থেকে জাহেলিয়াতের গর্ব ও ফখর দূর করে দিয়েছেন। (মুসলিম) তো মুত্তাকী (সংযমশীল) মুমিন অথবা পাপাচারী বদমায়াশ। মানুষ সকলেই আদমের সন্তান এবং আদম মাটি হতে সৃষ্ট।" (তিরমিযী ৩৯৫৫, আহমাদ, আবু দাউদ, বাইহাক্বী, সহীহুল জামে' ৫৪৮-২নং)

অন্য এক বর্ণনায় আছে, فَالنَّاسُ رَجُلانِ : بَر تَقِيُّ كَرِيمٌ عَلَى اللهِ ، وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللَّهِ».
"সকল মানুষ হল দুটি মানুষের মতো; সৎশীল, সংযমী এবং আল্লাহর নিকট মর্যাদাবান আর পাপাচারী বদমাশ এবং আল্লাহর নিকট অপদার্থ।" (তিরমিযী ২২৭০নং)

*****

📘 পাপ তার শাস্তি ও মুক্তির উপায় > 📄 পাপ পাপীর সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে

📄 পাপ পাপীর সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে


পাপী যখন সৃষ্টিকর্তার অবাধ্যাচরণ করে, তখন সে যেন নিজেকে স্বাধীন ভাবে। পাপ ক'রে প্রতিপালকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাঁর সাথে যোগাযোগ ছিন্ন ক'রে নিজেকে স্বেচ্ছামতো পরিচালনা করে। আর তাতে ফল কী হয়? ঘুড়ি যদি লাটাই থেকে বিচ্ছিন্ন হয়ে সুতো ছিঁড়ে আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতে চায়, প্লেন যদি রাডারের সাথে যোগাযোগ ছিন্ন ক'রে আকাশ পথে স্বাচ্ছন্দ্যে নিজের মনোমতো উড়তে চায়, তাহলে তার ফলাফল কী দাঁড়ায়? নিশ্চয়ই পতন ও ধ্বংস।

মানুষ নিজ প্রতিপালকের মুখাপেক্ষী এবং সদা-সর্বদা মুখাপেক্ষী। ক্ষণিকের জন্য অমুখাপেক্ষী হলে এবং তাঁর করুণা থেকে কিঞ্চিৎ সরে এলে ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। পাপাচরণের মাধ্যমে তাঁকে অসন্তুষ্ট ক'রে তাঁর রহমত থেকে বৈমুখ হলে ধ্বংস অনিবার্য।

মহান প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন হলে সকল প্রকার কল্যাণের পথ রুদ্ধ হয়, সকল মঙ্গলের দ্বার বন্ধ হয়ে যায়। আর উন্মুক্ত হয়ে যায় সকল অকল্যাণ ও অমঙ্গলের পথ ও দুয়ার। প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন ক'রে নিজ শত্রু শয়তানের সাথে সম্পর্ক কায়েম করে পাপী। পরিণামে সাময়িক স্বাধীনতা লাভ ক'রে এক সময় সে অবাঞ্ছিত গন্তব্যে গিয়ে উপস্থিত হয়। মহান আল্লাহ বলেছেন,
{وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَّرِيدٍ (۳) كُتِبَ عَلَيْهِ أَنَّهُ مَن تَوَلَّاهُ فَأَنَّهُ يُضِلُّهُ وَيَهْدِيهِ إِلَى عَذَابِ السَّعِير} (٤) سورة الحج
"মানুষের মধ্যে কতক আছে যারা অজ্ঞানতাবশতঃ আল্লাহ সম্বন্ধে বিতন্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। তার সম্বন্ধে এই নিয়ম করে দেওয়া হয়েছে যে, যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্জ্বলিত অগ্নির শাস্তির দিকে।" (হাজ্জঃ ৩-৪)

কেউই মহান প্রতিপালকের প্রতি অমুখাপেক্ষী নয়। না ফিরিস্তাগণ, না নবী-রসূলগণ। কেউই তাঁর দাসত্বে অহংকার প্রদর্শন করে না। কিন্তু পাপী নিজ প্রতিপালক থেকে দূরে সরে যায় এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ ধারণা করে, তাই তার অবাধ্যাচরণ করে। আর তার নিশ্চিত ফল এই দাঁড়ায় যে, সে তাঁর করুণা থেকে বঞ্চিত হয় এবং তাকে উপস্থিত করা হয় কঠিন আযাবের আগুনে। মহান আল্লাহ বলেছেন,
{ لَّن يَسْتَنكِفَ الْمَسِيحُ أَن يَكُونَ عَبْداً لِّلّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرُ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا (۱۷۲) فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا} (۱۷۳) النساء
"মসীহ আল্লাহর দাস হবে, তাতে সে কোন মতেই উন্নাসিকতা প্রদর্শন করে না এবং নৈকট্যপ্রাপ্ত ফিরিস্তাগণও নয়, বস্তুতঃ যারা তাঁর দাসত্ব (ইবাদত) করতে উন্নাসিকতা প্রদর্শন করে ও অহংকার করে, তিনি তাদের সকলকে অচিরেই তাঁর নিকট একত্র করবেন। যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তিনি তাদেরকে পূর্ণ পুরস্কার দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশী দেবেন, কিন্তু যারা উন্নাসিকতা প্রদর্শন করে ও অহঙ্কার করে তাদেরকে তিনি মর্মন্তুদ শাস্তি প্রদান করবেন এবং আল্লাহ ছাড়া তাদের জন্য তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।" (নিসাঃ ১৭২-১৭৩)

📘 পাপ তার শাস্তি ও মুক্তির উপায় > 📄 পাপ পাপীকে আত্মভোলা করে

📄 পাপ পাপীকে আত্মভোলা করে


পাপী পাপ করতে থাকলে আত্মভোলা হয়। নিজের আত্মার উন্নতি ও পরিত্রাণের কথা বিস্মৃত হয়। আর আত্মবিস্মৃত হলে পাপী আত্মার প্রতি অবহেলা করে এবং ধীরে ধীরে তাকে নষ্ট ক'রে ফেলে। আর এটা এমন ধ্বংসের পথ, যাতে মুক্তির কোন উপায় অবশিষ্ট থাকে না।

মহান আল্লাহ বলেছেন, {وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ أَوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ} (۱۹)
"আর তাদের মত হয়ো না, যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাই তো পাপাচারী।" (হাশরঃ ১৯)
অর্থাৎ, আল্লাহ শাস্তিস্বরূপ তাদেরকে এমন করে দিলেন যে, তারা এমন সব কাজ করা থেকে উদাসীন হয়ে গেল যাতে ছিল তাদের উপকার এবং যার দ্বারা তারা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারত। এইভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায়। তার জ্ঞান-বুদ্ধি তাকে সঠিক দিক-নির্দেশনা করে না। চোখ দু'টি তাকে সঠিক পথ দেখায় না এবং তার কান সত্য কথা শুনতে বধির হয়ে যায়। ফলে তার দ্বারা এমন কাজ হয়ে যায়, যাতে থাকে তার নিজেরই ধ্বংস ও বিনাশ। (আহসানুল বায়ান)

নিশ্চয় এটা এক প্রকার শাস্তি মহান প্রতিপালকের পক্ষ থেকে। যেমন তিনি মুনাফিকদের ব্যাপারে বলেছেন,
الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ {وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ} (٦٧) سورة التوبة
"আল্লাহ মুনাফিক্ব পুরুষ, মুনাফিক্ব নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।" (তাওবাহঃ ৬৮)

সুতরাং যে ব্যক্তি নিজ প্রতিপালককে বিস্মৃত হয়, সে দুটি শাস্তি প্রাপ্ত হয়:
এক: মহান প্রতিপালক তাকে ভুলে যান।
দুইঃ তাকে তিনি আত্মভোলা ক'রে দেন।
মহান আল্লাহর বান্দাকে ভুলে যাওয়ার অর্থ হল, তিনি তাকে বর্জন ও উপেক্ষা করেন, ফলে সে হিফাযত বহির্ভূত হয়ে ধ্বংসের পথে অগ্রসর হয়। আর নিশ্চয় তা বান্দার জন্য দুনিয়া ও আখেরাতে বড় দুর্ভাগ্যজনক।

পক্ষান্তরে আত্মবিস্মৃত করার অর্থ হল, বান্দার নিজের আত্মার কল্যাণ ও তার সুখ, পরিত্রাণ ও সংশুদ্ধির কথা তার স্মৃতি থেকে মুছে ফেলা। যেমন কারো জমিতে ফসল আছে, অথবা বাগানে গাছ আছে, কিন্তু সে ভুলে গিয়ে অন্য কাজে ব্যস্ত থাকে। সে তা সিঞ্চন করে না, দেখাশোনা করে না, ঘেরা-বেড়া দেয় না। সুতরাং তার সে ফল-ফসল নষ্ট হতে বাধ্য।
অথবা কারো পশু আছে। কিন্তু অন্য কিছু নিয়ে মশগুল হওয়ার ফলে সে তার দেখাশোনা করে না, খেতে দেয় না। তাও নষ্ট হতে বাধ্য।
অথবা কারো ধন-সম্পদ আছে। কিন্তু অন্য কোন বিষয়ে ব্যাপৃত হওয়ার ফলে সে তার হিফাযত করে না, অবহেলায় সঠিক সংরক্ষণ করে না, তালা দিয়ে বা পাহারা দিয়ে রাখে না। নিশ্চয় সে সম্পদ চুরি হয়ে অথবা নষ্ট হয়ে যাবে।

আল্লাহভোলা তথা আত্মভোলা বান্দা আত্মার ব্যাধি সম্বন্ধে সচেতন থাকে না। ফলে তা ব্যাধিগ্রস্ত হওয়ার পরেও তার চিকিৎসা করতে প্রয়াস পায় না। যে রোগ আত্মকে ধ্বংসের পথে নিয়ে যাবে, সে রোগের কোন উপসর্গও তার কাছে ধরা পড়ে না। সুতরাং এ হল মহাশাস্তি। যে শাস্তির ফলে বান্দা নিজের সুখ-দুঃখের কথা ভুলে যায়। নিজের সাফল্য ও পরিত্রাণের কথা বিস্মৃত হয়। নিজ হৃদয়ের রোগ ও তার চিকিৎসা সম্বন্ধে উদাসীন থাকে। ভুলে যায় পরকালের চিরস্থায়ী সুখ-দুঃখের কথা।

আপনি ভেবে দেখলে দেখতে পাবেন, দুনিয়ার অধিকাংশ মানুষই আত্মভোলা। আত্মার উন্নতি ও কল্যাণের কথা চিন্তাই করে না। রঙিন বর্তমান পেয়ে ভবিষ্যৎকে ভুলে থাকে। সাময়িক সুখের ব্যস্ততায় প্রকৃত সুখের কথা বিস্মৃত হয়। লাভজনক ব্যবসা উপেক্ষা ক'রে ক্ষতিকর ব্যবসায় নিরত হয়। সুতরাং কত বড় সে ভুল, যে ভুলে মানুষ নিজেকে ভুলে যায়! (আষারুয যুনুব ৪৮-পৃঃ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00