📄 জান্নাতীদের আহারের ব্যাপারে একজন ইহুদির প্রশ্ন
[১৩১] যায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ইহুদি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আবুল কাসিম! বলুন তো জান্নাতবাসীরা জান্নাতে পানাহার করবে? সে সাহাবাগণকেও বলল, যদি তিনি এটা আমার সাথে স্বীকার করে, তবে আমি তাঁর সাথে বিতর্কে যাবো। অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-অবশ্যই, ঐ সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ! জান্নাতের প্রতি একজনকেই পানীয় খাদ্যে উত্তেজনায় ও মিলনে একশত জনের শক্তি দেয়া হবে।
📄 জান্নাতের ফলমূলের অবস্থা
[১৩২] আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলেন, তখন পাথেয় হিসাবে জান্নাতের ফলমূল দিয়ে দিলেন। বর্তমান তোমাদের এ ফলমূল জান্নাতের ফলমূল থেকেই। দুনিয়ার ফলসমূহে পরিবর্তন সাধিত হয়, কিন্তু জান্নাতের ফলসমূহে কোন পরিবর্তন নেই।
[১৩৩] খালিদ ইবনু মাদান রাহিমাহুল্লাহু বলেন-জামির ও আনার জান্নাতের ফলসমূহ থেকে দু'টি ফল। জান্নাতী ব্যক্তি সেখান থেকে জামির ও আনার যত ইচ্ছা আহার করবে।
📄 বৃক্ষগুলো জান্নাতীদের নিকট ঝুঁকে থাকবে
[১৩৪] আল্লাহ তাআলার বাণী: وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। এ আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহিমাহুল্লাহু বলেন-যখন দাঁড়াবে তা উঁচু হয়ে যাবে, যখন বসবে তা এতটুকু ঝুঁকে যাবে যে, জান্নাতীরা তা ধরতে পারবে। যখন শয়ন করবে সেটাও ঝুঁকে যাবে। এটাই সেই তাযলিল, অর্থাৎ তখন তাও অবনত হবে।
[১৩৫] আল্লাহ তাআলার বাণী: وَدَانِيَةٌ عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। এ আয়াতের ব্যাখ্যায় বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন— জান্নাতবাসীগণ জান্নাত বৃক্ষের ফলসমূহ বসে শয়ন করে দাঁড়িয়ে যেভাবেই ইচ্ছা সেভাবেই ভক্ষণ করতে পারবে।
[১৩৬] আল্লাহ তাআলার বাণী: وَجَنَى الْجَنَّتَيْنِ دَانِ উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। এ আয়াতের ব্যাখ্যায় দাহহাক রাহিমাহুল্লাহু বলেন—জান্নাতের ফলগুলো ঝুলে তাদের নিকটেই থাকবে। তারা সেখান থেকে যত ইচ্ছে ফলমূল আহার করতে পারবে।
টিকাঃ
[১০০] সুরা ইনসান: ১৪।
[১৩৬] সুরা ইনসান: ১৪।
[১৩৭] আত তাফসির, মুজাহিদ: ২/৭১২।
[১৩৮] সুরা আর রহমান: ৫৪।
[১৩৯] আত তাফসির, তাবারানি: ২৭/১৫০।
📄 জান্নাতীদের আহারের অবস্থা
[১৩৭] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন-আমি একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, এমন সময় একজন ইহুদি ধর্মযাজক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল-হে মুহাম্মাদ, জান্নাতীগণ যেদিন জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে কোন জিনিষ দ্বারা আহার করানো হবে?
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-মাছের কলিজার টুকরো দিয়ে।
সে বলল-এর পরবর্তী খাবার কি হবে?
তিনি বললেন-তাদের জন্য জান্নাতের ষাঁড় যবেহ করা হবে, যা জান্নাতের আশ-পাশে চড়ে বেড়িয়েছে।
সে বলল-এরপর তাদের পানীয় কি হবে?
তিনি বললেন-জান্নাতের একটি ঝর্ণা থেকে পান করবে, যার নাম সালসাবিল।
সে বলল-আপনি সত্য বলেছেন।
[১৩৮] মুকাতিল ইবনু হায়্যান রাহিমাহুল্লাহু বলেন—জান্নাতবাসীদেরকে যখন খাবার আহারের জন্য আহ্বান করা হবে, তখন তারা বলবে- 'সুবহানাকাল্লাহুম্মা' পবিত্র তোমার সত্তা হে আল্লাহ!'
বর্ণনাকারী বলেন, প্রতিজনের দায়িত্বে দশ হাজার খাদেম নিয়োজিত থাকবে, প্রতি খাদেমের সাথেই স্বর্ণের পাত্র থাকবে। প্রত্যেক পাত্রে বিভিন্ন রকমের খাবার থাকবে।
টিকাঃ
[১৪০] সহিহ মুসলিম: ২৫২।