📄 মনোমুগ্ধকর আওয়াজ
[৫২] আবদাহ ইবনু আবি লুবাবা রাহিমাহুল্লাহ বলেন—জান্নাতে একটি বৃক্ষ আছে, যার ফল হবে নীল ও পদ্মরাগমণি, যমরূদ ও মণিমুক্তার। অতঃপর আল্লাহ তাআলা একটি বাতাস প্রেরণ করবেন, তাতে এক ধরণের আওয়াজ সৃষ্টি হবে। সে আওয়াজ এতই মুগ্ধকর ও শ্রুতিমধুর হবে, যা ইতিপূর্বে কেউ কখনো কোনোদিন শোনেনি।
[৫৩] আব্দুল্লাহ ইবনু আবি হুযাইল রাহিমাহুল্লাহু বলেন—আমরা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে শাম অথবা আম্মানে ছিলাম। আমরা পরস্পর জান্নাতের আলোচনা করলে তিনি বললেন, জান্নাতের আঙ্গুর অথবা অন্যান্য ফলের একটি গুচ্ছ হবে মদিনা থেকে সানআ (একটি জায়গার নাম) পর্যন্ত।
টিকাঃ
[**] আদ দুররুল মানসুর, সুয়ূতী: ৬/১৫৭।
📄 জান্নাতের গাছগুলো হবে স্বর্ণের
[৫৪] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ দ্বারা নির্মিত।
[৫৫] আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন-জান্নাতের খেজুর বৃক্ষগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে। জান্নাতের বাগানের ফলগুলো বড় বড় মটকার ন্যায় হবে। বাগানের তলদেশ দিয়ে নহর বয়ে যাবে। সে বৃক্ষের একটি গুচ্ছর পরিমাণ হবে দশ গজ লম্বা।
টিকাঃ
[*] আস সুনান, ইমাম তিরমিযি: ২৫২৫।
📄 জান্নাতে খেজুর বৃক্ষ
[৫৬] আতা ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহু বলেন-জান্নাতে একটি স্বর্ণের খেজুর বৃক্ষ রয়েছে, তার কাণ্ডগুলো হবে স্বর্ণের। কাঁচা খেজুরের ছড়া ও তার কাঁদিগুলো শুকনো ও স্বর্ণের হবে। ফলগুলো বড় মটকার ন্যায় হবে; রং হবে দুধ ও রূপার চেয়েও অধিক শুভ্র। তার ঘ্রাণ মিশকের সুঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধযুক্ত হবে। তার স্বাদ চিনির চেয়েও মিষ্ট এবং মাখন ও ঘির চেয়েও অধিকতর নরম হবে।
[৫৭] আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন—জান্নাতে খেজুর বৃক্ষের কাণ্ডগুলো হবে সবুজ মণি-মুক্তার, তার কাঁদি হবে লাল স্বর্ণের। তার ফল হবে বড় মটকা অথবা বড় বালতির ন্যায়। তার ফলগুলো দুধের চেয়েও অধিক শুভ্র হবে; মধুর চেয়েও হবে অধিক মিষ্ট। মাখনের চেয়েও হবে অধিক নরম। তাতে কোন আটি থাকবে না।
টিকাঃ
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ২২৯১।
📄 জান্নাতের ফলের বর্ণনা
[৫৮] মুজাহিদ রাহিমাহুল্লাহু বলেন-জান্নাতের জমিন হবে রূপার। মাটি হবে মিশকের; গাছসমূহের শিকড়গুলো হবে স্বর্ণের; পাতা-পল্লবগুলো হবে ইয়াকুত ও মণি-মুক্তার। তার ফলগুলো হবে অনেক মিষ্টি। জান্নাতীরা দাঁড়িয়ে, বসে যেভাবে ইচ্ছে ফল খেতে পারবে। যে দাঁড়িয়ে খেতে চাইবে, তারও কোনো কষ্ট হবে না। আর যে বসে খেতে চাইবে, তারও কোন কষ্ট হবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
[৫৯] আল্লাহ তাআলার বাণী: قُطُوفُهَا دَانِيَةٌ তার ফলসমূহ অবনমিত থাকবে। বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন—জান্নাতীদের কেউ কেউ জান্নাতের ফলকে ঘুমন্ত অবস্থায়ও ধরবে।
টিকাঃ
[*] সুরা আল-ইনসান: ১৪।
[*] সুরা আল-হাক্ক: ২৩।
[**] আয যুহদ, হান্নাদ: ১১।