📘 অন্তিম মুহূর্ত > 📄 একটি সত্য উক্তি

📄 একটি সত্য উক্তি


হাসান বসরি রহ. বলতেন,
'হে আদম সন্তান, তুমি তো একাকী মৃত্যুবরণ করবে। পুনরুত্থিত হবে একাই। একাই তুমি তোমার হিসাবের সম্মুখীন হবে।
হে আদম সন্তান, যদি সকল মানুষ আল্লাহর আনুগত্য করে আর তুমি একা অবাধ্যতায় লিপ্ত হও, তবে তাদের আনুগত্য তোমার কোনো কাজে আসবে না। আর যদি তারা সকলেই আল্লাহর অবাধ্য হয় আর তুমি একজনই তাঁর আনুগত্যের ওপর অটল থাকো, তবে তাদের অবাধ্যতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
আদম সন্তান, তোমার পাপ তোমার ঘাড়েই চাপবে। দ্বীন অনুযায়ী চলা-ই রক্ত-মাংসে গড়া তোমার এ শরীরের জন্য নিরাপদ। অন্যথা নিশ্চিত ভোগ করতে হবে অনন্ত অগ্নির শাস্তি, অবিরত ভয়ংকর শাস্তির পরিক্রমায় যন্ত্রণা ভোগ করতে থাকবে এ শরীর, এভাবে অনন্তকাল শাস্তি আস্বাদন করতে থাকবে এ পাপী প্রাণ, কখনো এ প্রাণের মৃত্যু আসবে না; বরং শাস্তিই পেতে থাকবে অবিরত।"¹

টিকাঃ
১. আল-হাসান আল-বসরি: ১০১

📘 অন্তিম মুহূর্ত > 📄 অবতরণিকা

📄 অবতরণিকা


الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد :
সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। রহমত ও শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুলের ওপর।
আল্লাহ তাআলা এ দুনিয়াকে অবস্থানের আবাস বানাননি। দুনিয়াকে বানিয়েছেন সফর বা অতিক্রমের জায়গা। এরপরেই তিনি হিসাব নেবেন। তারপর প্রতিদান দেবেন। এ দুনিয়ায় আমাদের সর্বশেষ নিশ্বাসগুলো নেওয়ার সময়টিই আমাদের অন্তিম মুহূর্ত। অন্তিম মুহূর্তে মৃত্যুমুখে পতিত ব্যক্তির ওপর নেমে আসে নানান কঠিন ও ভয়াবহ বিপদ। বস্তুত, তাকেই তো সত্যিকারের বিচক্ষণ বলা যায়, যে অন্যের অন্তিম মুহূর্তের অবস্থা দেখে নিজেকে সংশোধন করে নেয়। তো এমন কঠিন সময় মৃত্যুমুখে পতিত ব্যক্তির প্রিয়জনদের কী করণীয় হবে? কী আমলে ব্যস্ত থাকবে, যাতে করে মুমূর্ষু ব্যক্তি নিজেকে প্রস্তুত করতে পারে, প্রতীক্ষায় থাকতে পারে মৃত্যুর সাক্ষাতের?
প্রিয় পাঠকের জন্য সেসব অবস্থার বিভিন্ন দিক চয়ন করেই সাজিয়েছি এ পুস্তিকাটি। এর শুরুভাগেই রয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর অন্তিম মুহূর্তের বর্ণন। এরপর একে একে এসেছে এ সম্পর্কে সাহাবিগণ ও সালাফের বিভিন্ন ঘটনা-বিবরণ; যাতে করে পাঠক একটু সচেতন হতে পারে, দেখেশুনে কদম ফেলে, সাবধান থাকে অন্তিম মুহূর্তে। এসব ঘটনা এক একটি ভয় ও শঙ্কার চিত্র। এখানে রয়েছে উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ। উদাসীনদের জন্য জাগরণী বার্তা। এ أين نحن من هؤلاء؟ - সিরিজের বারোতম বই। আমার অন্য আরেকটি বই لحظات ساكنة -এর ওপরে এ পুস্তিকাটি আধারিত।
আল্লাহর কাছে একান্ত প্রার্থনা, 'লা ইলাহা ইল্লাল্লাহ' যেন হয় দুনিয়ার জীবনে আমাদের শেষ বাক্য। আপনার আনুগত্যে আমাদের অটল-অবিচল রাখুন। আমাদের সর্বশেষ দিনগুলোকে আমাদের জন্য সর্বোত্তম করুন। আমাদের সর্বশেষ আমলকে কবুল করুন সর্বাধিক উত্তম আমল হিসেবে। মৃত্যুযন্ত্রণার বিপদকে বানান আমাদের পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির মাধ্যমরূপে এবং জীবনের অন্তিম মুহূর্তে আমাদের আপনি আগলে রাখুন আপনার পরম মায়ায়।
- আব্দুল মালিক ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম

📘 অন্তিম মুহূর্ত > 📄 হৃদয়ের আকুতি

📄 হৃদয়ের আকুতি


আমার প্রিয় ভাই,
প্রতিটি মুহূর্তই তুমি সফর করে চলছ। অন্যদের অভিজ্ঞতা যাচাই করছ। পর্যবেক্ষণ করছ পূর্ববর্তীদের পথচিহ্ন। এসো, পাঁচ কি দশ মিনিট সময় সফর করবে আমাদের সাথেও। চলো, তাহলে একটি স্টেশন দেখে আসি, যে স্টেশন তোমাকে অতিক্রম করতে হবে একান্ত একাকী। হ্যাঁ, সেখানে তোমাকে একাই অবস্থান করতে হবে। তুমি চাও বা না-ই চাও— সে স্টেশন, সে মুহূর্ত অবশ্যম্ভাবী। সে মুহূর্তটি তোমার জীবনে নিশ্চিত আসবেই।
সেটি এমন এক স্টেশন, যা মুমিন-কাফির, নেককার-পাপী, নারী-পুরুষ, ছোট-বড় সকলকেই অতিক্রম করতে হবে। এমনকি নবি-রাসুলদেরকেও সে ভয়ানক স্টেশন ও বিপজ্জনক মুহূর্তগুলো অতিক্রম করতে হয়েছে।
সে অন্তিম মুহূর্তটি আমার ও তোমার দিকে ক্রমেই ধেয়ে আসছে। এ স্থান, এ মুহূর্তটি আমাদের পূর্বে অনেকে অতিক্রম করেছেন। তারা স্বচক্ষে একে অবলোকন করেছেন। একে জেনেছেন তার স্বরূপে। তারা এর স্বাদ আস্বাদন করেছেন। তাদের পান করতে হয়েছে এ যন্ত্রণার পেয়ালা। এসো, আমরা আজ তাদের চোখে একে দেখি, তাদের কানে একে শুনি, সে মুহূর্তগুলো যাপন করে আসি তাদের মতোই।

📘 অন্তিম মুহূর্ত > 📄 সামনের ঠিকানা

📄 সামনের ঠিকানা


তুমি অবশ্য বিচক্ষণ-জ্ঞানী। চলছ অন্যদের দৃষ্টিসীমায়, তাদের অভিজ্ঞতা জানার অভিপ্রায়ে। আর বই-পুস্তক ঘাঁটাঘাঁটি করছ পূর্ববর্তীদের ইতিহাস সম্পর্কে জ্ঞাত হবে বলে। এসো, দেখো—তাদের জীবনের সমাপ্তি, কেমন তাদের অন্তিম মুহূর্তটি। মানি, তুমি অনেক পড়েছ, অনেক শুনেছ। তারপরও আমার দুটি কথা শোনার আশায় একটু কান পেতে দাও। আঁখিযুগল নিবদ্ধ করো। আমার সঙ্গে সফর করো কিতাবের পরতে পরতে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00