📄 একাধিক পুত্রবধূকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা
শাশুড়ি-মায়ের যদি একাধিক পুত্রবধূ থাকে, তবে খুব কমসংখ্যক শাশুড়ি আছেন, যারা বউ-মাদের মাঝে ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারেন। সহজ কথায়, সব বউ-মার জন্য একই রকম আদর বা শাসনের মানদণ্ড সামনে রাখতে পারেন হাতেগোনা কয়েকজন শাশুড়ি। কোনো-না-কোনো দিকে গাড়ি হেলে যায়। দেয়া-নেয়া, আদর-মহব্বত, শাসন, তরবিয়তে একেক বউ-মার জন্য একেক রকম স্ট্যান্ডার্ড ফলো করা শাশুড়ি-মায়ের একটা বড় ভুল।
আপনি আশেপাশে এমন অনেক শাশুড়ি-মা দেখতে পাবেন যারা দাদি-নানি হয়ে গেছেন, কিন্তু সব নাতি-নাতনির মাকে এক চোখে দেখেন না। আপনি হয়তো বলবেন, সবার আচরণ তো এক রকম হয় না, কোনো বউ-মার আচরণ বেশি আন্তরিক, কোনো বউ-মার আচরণে আন্তরিকতা কম; কেউ বেশি প্রকাশ করতে পারে, আবার কারও প্রকাশ ক্ষমতা কম। ঠিক, যে বেশি আন্তরিক তার প্রতি মনটা ঝুঁকে যাওয়া স্বাভাবিক। তাই বলে যে আন্তরিক আচরণ করতে পারছে না, তাকে সম্পত্তির ভাগবাঁটোয়ারায় কোনোভাবে বঞ্চিত করা কতটুকু যুক্তিসংগত?
অনেক পরিবারে এমন দেখা যায়, দুজন বউয়ের মধ্যে একজন তার শাশুড়ির কোনো খেদমত করছে না, তারপরও এতে শাশুড়ির মন খারাপ হচ্ছে না; বরং মনে মনে ভাবছে, ওর তো ওই সমস্যা, ও কীভাবে এটা করবে? আরেকজন অনেক কিছু করলেও তার কাজের মধ্যে ভুল ধরতে শাশুড়ি অস্থির। একজনের জন্য একধরনের প্রত্যাশা, আরেকজনের জন্য আরেক রকমের প্রত্যাশা—ব্যাপারটা কেমন না?
আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, পরিবারের মধ্যে কোনো এক ছেলে দিনরাত খেটে, পরিশ্রম করে বেশি টাকাপয়সা ইনকাম করে। আর একজন ছেলে অলসতা বা অযোগ্যতা বা যেকোনো কারণে কম টাকা-পয়সা ইনকাম করে। বউ-মা বা ছেলের দিনরাত পরিশ্রম এর দিকে না তাকিয়ে আরেক বউ-মা বা ছেলের দৈন্য অবস্থার প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল হওয়া, দুজনের অর্থনৈতিক অবস্থা এক রকম করার জন্য তুলনামূলক দুর্বলজনকে কিছুটা বেশি সুযোগ-সুবিধা ও সম্পদ দেয়াটা কেমন?
একেক বউ-মার প্রতি আন্তরিকতা একেক রকম হলেও তাদের প্রতি প্রত্যাশা বা তাদের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে ভারসাম্যহীনতা শাশুড়ি-মায়ের একটি সমস্যা। এ ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা ভীষণ জরুরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে নির্দেশনা দিয়েছেন, اتَّقُوا اللَّهَ، وَاعْدِلُوا فِي أَوْلَادِكُمْ 'তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো।'²⁰ এ বিষয়ে পবিত্র কুরআনে এসেছে,
وَ إِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَ لَوْ كَانَ ذَا قُرْبَى وَ بِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَقَّكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ 'যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য কথা বলবে—যদিও তা স্বজনদের সম্পর্কে হয়। আর আল্লাহ-প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।'²¹
টিকাঃ
১৯. সহীহ বুখারী, হাদীস নং ১২২২
২০. সহীহ মুসলিম, হাদীস নং ১৬২৩
২১. সূরা আনআম, (৬): ১৫২