📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 প্রস্তুত হন - আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি

📄 প্রস্তুত হন - আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি


এই পদ্ধতিতে পথ চলতে এবং সে অনুযায়ী আমল করতে আমাদেরকে সাহায্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথার বাস্তবায়ন, তিনি বলেন-
কোনো মুসলিম যখন কোনো বিষয়ে অসিয়ত করতে চায়, তবে সেই অসিয়ত তার কাছে লিখে রাখা ব্যতীত দুই রাত অতিবাহিত করার অধিকারও তার নেই।১১০
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের প্রত্যেককে অসিয়ত লিখে রাখার আদেশ দিয়েছেন। কেননা, মৃত্যু যেকোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই অসিয়ত লিখে রাখার কাজটা কেবল অসুস্থ এবং মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিদের মাঝেই সীমাবদ্ধ নয়। হাদিসে দুই রাতের কথা বলা হয়েছে, যাতে করে অতি ব্যস্ততার দরুন না লিখে রাখার বাহানা দেওয়া না যায়। দুই রাত পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। এজন্য লিখিত অসিয়ত সঙ্গে থাকা ছাড়া আব্দুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহু আনহুএর একটি রাতও কাটত না। সার্বক্ষণিক মৃত্যুর প্রস্তুতি এবং সবার হক আদায়ের জন্যই তিনি এমনটি করতেন।
প্রস্তুত হন
একদিন আমার বাবা তার এক বন্ধুর কাছ থেকে কিছু সদকার টাকা পেলেন। তখন তিনি একটি সাদা পৃষ্ঠায় 'সদকা' শব্দটি লিখলেন। সংরক্ষিত স্থানে টাকাগুলো রাখার আগে সেই কাগজটি দিয়ে মুড়িয়ে নিলেন। অতঃপর আমাকে বললেন, তোমার নিজস্ব সম্পদ ছাড়া বাকী সব ক্ষেত্রেই এমন করবে। কেননা, তুমি হঠাৎ করেই মারা যেতে পারো। তুমি যদি এই সম্পদগুলোর ব্যাপারে জানিয়ে না যাও, তাহলে তোমার ওয়ারিশরা এগুলোকে তোমার সম্পদ ভেবে নিজেদের মাঝে ভাগ করে নেবে। এদিকে অন্যের সম্পদ খাওয়ার কারণে কবরে বসে তোমার কাছে হিসাব চাওয়া হবে।
এই হলো মৃত্যুর অতর্কিত আক্রমণ এবং কবরের সাক্ষাতের জন্য সার্বক্ষণিক প্রস্তুতি এবং সচেতন অপেক্ষা। এজন্যই আমার বাবা সর্বদা এই সাক্ষাত, হিসাব প্রদান এবং চিরস্থায়ী নিবাসের পথে নিশ্চিত যাত্রায় মৃত্যুদূত ফেরেশতার সঙ্গী হওয়ার সতর্কতামূলক প্রস্তুতি নিয়েই থাকতেন।
আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি
• অথচ আল্লাহ তাআলা বলেছেন—
وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِلْأَبْرَارِ.
আল্লাহর কাছে যা আছে তা সৎকর্মশীলদের জন্য কল্যাণকর।১১১
আর আল্লাহর তাআলার কাছে যা আছে তা মৃত্যু ছাড়া অর্জন করা যাবে না।
• অন্যথায় আমরা যদি দুনিয়া আবাদ করে আখিরাতকেই ধ্বংস করে ফেলি, তাহলে আমাদের অট্টালিকা থেকে ধ্বংসস্তূপে পতিত হওয়ার ভয় করতেই হবে। নেককার সালামা ইবনু দীনার রাহিমাহুল্লাহু খলিফা সুলাইমান ইবনু আব্দুল মালিককে যেমনটি বলেছিলেন।
• অথবা আমাদের মধ্য হতে কেউ যদি ইনসাফের গন্ডি থেকে অপরাধীর মতো পালিয়ে বেড়ায়, তবে তাকে প্রতিমুহূর্তে প্রাণনাশের ভয় পেতে হবেই। এভাবেই বিচারক তাকে নিজের সামনে দাঁড় করিয়ে তার অপরাধগুলোতে নজর বুলাবেন।
• অথচ মৃত্যুতে আছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবাগণের সাক্ষাৎ লাভের সুযোগ, তাদের সাথে একই বাড়িতে থাকার সৌভাগ্য, সকাল-সন্ধ্যা তাদের সাথে উঠাবসার সু-ব্যবস্থা।
• তাছাড়া মৃত্যু হলো হুরদের সাথে মিলিত হওয়া এবং সুখ-শান্তিতে পূর্ণ চিরস্থায়ী অট্টালিকায় বসবাসের একমাত্র সেতু। এছাড়াও তা হলো দীর্ঘ প্রতিক্ষার পর সমাপ্ত হওয়া ক্ষমাশীল স্নেহপরায়ণ প্রভুর পক্ষ থেকে সৎকর্মশীলগণের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুত সময়।

টিকাঃ
১১০ হাদিসের মান : সহিহ, ইমাম বুখারি, ইমাম মালিক এবং আহমাদ আবদুল্লাহ ইবনু উমর রা.-এর সূত্রে বর্ণনা করেছেন সহিহুল জামে : ৫৬১৪ নং হাদিস
১১১ সূরা আল-ইমরান: ১৯৮

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 কবর - দৃষ্টি বাড়ি-ওপরে ও নীচে

📄 কবর - দৃষ্টি বাড়ি-ওপরে ও নীচে


কবর
কবর জিয়ারতের মতো উদ্যমতা সৃষ্টিকারী এবং অলসতাকে পরাভূতকারী অন্য কোনো কাজ নেই। এজন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও ছিলেন এর প্রতি আগ্রহী এবং তাঁর উম্মতকেও জানিয়েছেন আহ্বান।
বারা ইবনু আযিব রাজিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে ছিলাম। তিনি একটি দলকে দেখতে পেয়ে বললেন—
তারা কেন একত্র হয়েছে? বলা হলো, তারা একটি কবর খুঁড়ছে। বারা রাজিয়াল্লাহু আনহু বলেন, একথা শুনে তিনি বিচলিত হয়ে পড়লেন এবং সাহাবায়ে কেরামের মাঝ দিয়ে দ্রুত হেঁটে কবরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি কী করেন তা দেখার জন্য আমি সামনে গেলাম। দেখলাম, তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন। এমনকি তাঁর চোখের পানিতে মাটি ভিজে যায়। অতঃপর তিনি আমাদের দিকে তাকিয়ে বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, এই দিনের মতো করে প্রস্তুতি নাও। ১১২
এই প্রস্তুতিই মূলত প্রকৃত উদ্যমতা এবং সাহসিকতা। আবু নাসর বিশর ইবনু হারেস এই প্রস্তুতির যথার্থতা বুঝেছেন। তাঁর কাছে মৃত্যুর কথা উল্লেখ করা হলে তিনি বলতেন—
যে জানে যে, সে অবশ্যই মারা যাবে তাকে সেই ব্যক্তির মতো হওয়া উচিত, যে তার সফরের পাথেয় জমা করে বাহনে। রেখেছে। সফরে যা কিছুর প্রয়োজন হতে পারে কিছুই নিতে বাদ রাখে।১১৩
তারা মৃত্যুর জন্য পাথেয় প্রস্তুত করেছে এবং নিজেরাও প্রস্তুতি নিয়েছে। তাই তারা মৃত্যুকে করেননি ভয় এবং মৃত্যু পরবর্তী হিসাবের জটিলতায় হন নি শংকিত। কাকা ইবনু হাকিতার পাথেয় সংগ্রহ এবং এই সফরের প্রস্তুতির কথা এভাবে ব্যক্ত করেন-
আমি ত্রিশ বছর ধরে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। যদি তা আমার কাছে চলে আসে, তাহলে আমি এক মুহূর্তের বিলম্বও পছন্দ করব না।১১৪
হ্যাঁ। তারা কবরস্থানের দিকে এমনভাবে তাকাতেন, যেন এর মাধ্যমে সাহসিকতার প্রেরণা এবং সংকল্পের প্রখরতা লাভ হতো। কবরের গর্ভে কতই না বেদনা! কত কবরে জিয়ারত করা হয়, অথচ তার বাসিন্দা জাহান্নামি। ভালো করেই জানে যে, তাদের পরীক্ষাকেন্দ্র এখন চলমান। অল্প কিছুদিনের কষ্ট যদি শত বছরের শান্তি বয়ে আনতে পারে, তবে প্রত্যেক বুদ্ধিমানেরই উচিত সেদিকে দৌড়ে যাওয়া এবং অলসতাকে তিন তালাক দিয়ে হাজার মাইল দূরে সরিয়ে রাখা, যেন তা আর কখনো ফিরে আসতে না পারে। তাই চিন্তা করে দেখেন, চিরস্থায়ী নেয়ামত লাভ করতে হলে কতটা কষ্ট সাধনার প্রয়োজন?
প্রিয় ভাই, শিঙ্গায় ফুৎকারের সময় আসা পর্যন্ত আপনি কবরেই আটকে থাকবেন। এরপর আপনি হয়তো হবেন বাহনের আরোহী কিংবা শিকলবন্দী চালিত, ভারাক্রান্ত কিংবা আনন্দিত। এসবই হবে আপনার উদ্যমতা এবং অলসতা অনুপাতে। সুতরাং, আপনি কী চান, তা নিজেই বেছে নেন, স্থায়ী শান্তি বয়ে আনা কষ্ট নাকি স্থায়ী কষ্ট বয়ে আনা শান্তি?
আপনার চোখে কি আবরণ পড়ে আছে? মোহগ্রস্তরা কি এই বাড়ির শেষপ্রান্ত দেখছে না? তাহলে ভালোদের সাথে যুক্ত হওয়ার সেই চেষ্টা সাধনা কোথায়? নাকি তাদের অবস্থা কবির এই কবিতার মতোই—
মানুষ উদাসীন অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে তারা মৃত্যুকে ছাড়িয়ে যেতে পারবে না, একসময় জীবন ফুরিয়ে আসবে তারা নিজেদের সাথীদের জড়ো করার পিছনে ছুটছে তাদের রেখে আসা কবরের দিকেও তাকাচ্ছে তবুও তারা উদাসীনতার স্বপ্নেই ফিরে আসে যেন তারা কিছুই দেখে নি, কিছুই চোখে পড়ে নি।
দুটি বাড়ি-ওপরে ও নীচে
কীভাবে আপনি দুনিয়ার জন্য এতটা আগ্রহী হয়ে আছেন, যে দুনিয়া পরিশেষে একদিন আপনার প্রতি অনাগ্রহ দেখাবে? অথচ আপনার পরকাল হবে চিরস্থায়ী এবং চিরউন্নত।
কীভাবে আপনি উদাসীনতা করছেন এমন এক ব্যাপারে, যাতে চিরস্থায়ী মুক্তি কিংবা ধ্বংস উভয় পথই আছে? অথচ অস্থায়ী বাড়ীর কারুকার্যে আপনাকে অলস হতে দেখা যায় না।
শোনেন তাহলে, আব্দুল্লাহ ইবনু আইজার আপনাকে সতর্ক করে ডাকছেন। তিনি আপনার বর্তমান ও অত্যাসন্ন বাড়ীর মাঝে চমৎকার তুলনা করে বলেন—
আদম-সন্তানের দুটি বাড়ি। একটি বাড়ি জমিনের উপরে, আরেকটি জমিনের নীচে। সে জমিনের উপরের বাড়ির জন্য কাজ করে যায়। একে কারুকার্যমণ্ডিত করে। সাজিয়ে গুছিয়ে রাখে। এর উত্তর-দক্ষিণে নানা রঙের দরজা বানায়। গ্রীষ্ম ও শীতে যা যা উপকারী সবই করে। এরপর চলে যায় জমিনের নীচে থাকা বাড়িতে; কিন্তু সে তা বরবাদ করে রেখেছে। তখন একজন আগন্তুক এসে তাকে বলে, যে বাড়ি তুমি এতভাবে সাজালে এতে তুমি কতদিন থাকবে?
সে বলে, আমি জানি না।
আগন্তুক বলে, আর যে বাড়ি তুমি বরবাদ করে ফেলেছ সেখানে কতদিন থাকবে?
সে বলে, সেটাই আমার আসল বাড়ি।
আগন্তুক বলে—এ কথা তুমি নিজেই স্বীকার করে নিচ্ছ! তুমি কী বুদ্ধিমান মানুষ! ১১৫
যদি আপনার জ্ঞানে পূর্ণতা আসে এবং পেয়ে থাকেন সু-পথের দিশা, তবে আপনার সকল দৌড়ঝাপ এবং মূল পরিশ্রম হবে আপনার দ্বিতীয় বাড়ি এবং সর্বশেষ নিবাসের নির্মাণকাজে। ফলে তা হয়ে উঠবে আপনার দুনিয়ায় বানানো সকল প্রাসাদের চেয়ে উঁচু এক মনোরম প্রাসাদ। কেনইবা হবে না? আপনার পরিশ্রমের কল্যাণে জান্নাতের একটি এলাকা এবং এক টুকরো শান্তির নিবাস গড়ে উঠেছে!

টিকাঃ
১১২ হাদিসের মান : হাসান ইমাম আহমাদ এবং ইবনু মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন আলবানি রহ. হাদিসটিকে হাসান আখ্যা দিয়েছেন আস-সিলসিলাতুলস সহিহাহ, ১৭৫১ নং হাদিস
১১৩ আত-তাবসিরা, ইবনুল জাওজি: ২২৯, দারুল কুতুবিল ইলমিয়্যাহ
১১৪ কসরুল আমাল: ৭০
১১৫ আহওয়ালুল কুবুর: ১৫৬, ইবনু রজব হাম্বলি দারুল গদীল-জাদীদ, আল-মানসুরাহ, মিসর

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 মৃত্যু-পরবর্তী দুনিয়াবিমুখ ব্যক্তিদের কথা - দরজায় দাঁড়ানো অতিথি

📄 মৃত্যু-পরবর্তী দুনিয়াবিমুখ ব্যক্তিদের কথা - দরজায় দাঁড়ানো অতিথি


পরিশ্রমীদের মতো চেষ্টা করেন। ছুঁড়ে ফেলে দিন ঘৃণ্য অলসতার পোশাক। আসল বাড়িতে যাওয়ার আগেই যথাসম্ভব তা প্রস্তুত করে নেন। যেন সেখানে যাওয়ার পর তা মনোরম অবস্থাতেই দেখতে পান। এমনটি করতে পারলে সুসংবাদ গ্রহণ করেন সেই কল্যাণের, যা আপনার চক্ষু কখনো দেখেনি। যেমন বিশর ইবনু হারেস বলেছেন—
আল্লাহর অনুগত ব্যক্তির জন্য কবরের বাড়ী কতই না উত্তম! ১১৬
প্রিয় ভাই, আপনি যদি কোনোদিন মন দিয়ে কোনো বাণী পাঠ করেন, তবে তা যেন হয় এই বাণীটি—
কবরে বসবাসের আগেই তা আবাদ করেন। কারণ, সেই বাড়িতে আপনার বসবাস কল্পনাতীত দীর্ঘ।
আর যারা অবাধ্য হয়েছে (অবাধ্যের জন্য ধ্বংস অনিবার্য) এবং প্রত্যাবর্তনস্থলের কথা ভুলে গিয়ে পরিশেষে নিজেদের উপহার দিয়েছে লাঞ্ছনা। অলসতাই ছিল যাদের জীবনের শুরু এবং শেষ। তাদের মৃত্যু হলে তারা প্রত্যেক মুমিনের সহানুভূতি এবং প্রত্যেক বুদ্ধিমানের অশ্রু প্রাপ্য হবে।
এমন বুদ্ধিমান মুমিনদের একজন ফজল আর-রুকাশি, তিনি একদিন কবরের দিকে তাকিয়ে বললেন—
হায়! আফসোস তাদের জন্য, যাদের মাঝে এবং আল্লাহর মাঝে নানা বাহানা ছিল। তারা যদি উত্তম প্রতিদান সম্পর্কে জানার পর আমলের পথ খুঁজে পেত; তবে তারা এই কবরে খুব তাড়াতাড়ি আসতে চাইত!
অতঃপর তিনি কাঁদতে কাঁদতে বলেন—
প্রিয় ভাইয়েরা, আজ তোমাদের কামনা আর তোমাদের মাঝে কেবলই শূন্যতা ছেয়ে আছে। তাই শূন্যতাই তোমাদের সঙ্গী হয়ে আছে। (জীবিতরা) শোনো, মৃত্যু ও তোমাদের আমলের . . .
বিচ্ছিন্নতার জন্য দ্রুত প্রস্তুতি নাও। কেননা, তোমরা কেউই জানো না, রাতে বা দিনে কখন তার সাথে দেখা হয়ে যাবে। ১১৭
প্রিয় ভাই, জানাজার দৃশ্যের মাধ্যমে আপনার চক্ষুকে তৃপ্তি দেন। মৃতের সাথে হেঁটে যান তাঁর কবর পর্যন্ত। এতে করে আপনার অন্তরে উচ্চ মনোবলের বীজ রোপণ করতে পারবেন; যা প্রতি মুহূর্তে আপনার তুচ্ছতার কথা মনে করিয়ে দেবে এবং সময়কে মূল্যায়ন করতে শেখাবে। সুতরাং নেক আমল অগ্রবর্তী করতে থাকেন। এতে আপনার দাড়িপাল্লা ভারী হবে এবং শয়তান অপমাণিত হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ থেকে শিক্ষা নেন। তিনি এক জানাজায় গিয়ে জনৈক গাফেলকে অবিস্মরণীয় এক শিক্ষা দিয়েছিলেন।
সেই ব্যক্তি জানাজায় তাঁর পাশেই দাঁড়িয়েছিল। মৃত্যুর শোকে যখন চারপাশ ছেয়ে আছে, এমতাবস্থায় লোকটি সে তাঁকে এক গুরুত্বহীন বিষয়ে জিজ্ঞাসা করে বসল। তখন তিনি তাকে বললেন—
ওহে নির্বোধ, তাসবীহ পড়ো! কেননা, খাটিয়ায় থাকা লোকটি চাইলেও আর তাসবীহ পড়তে পারবে না। ১১৮
আজকের পর থেকে একটি মুহূর্তকেও ছোট করে দেখবেন না। হতে পারে এই মুহূর্তটিই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তাই সেই মুহূর্তটি কাজে লাগিয়ে স্থায়ী সফলতা লাভ করেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন—
আপনার প্রতিটি মুহূর্তই হীরকখণ্ড। এর মাধ্যমে আপনি একক সত্তার পাশে স্থায়ী বাড়ি কিনতে পারবেন।
মৃত্যু-পরবর্তী দুনিয়াবিমুখ ব্যক্তিদের কথা
কোনো এক সালাফ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন—
আমরা যেসবে আগ্রহী, তারা সেসব থেকে উদাসীন হয়ে গেছে। ১১৯
নশ্বর দুনিয়ার তুচ্ছ খড়কুটো থেকে বিমুখতা প্রদর্শন করে মৃতরা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়; কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর তাদের এই বিলম্বিত দুনিয়াবিমুখতা কি কোনো কাজে আসবে? হায়! আল্লাহর কসম, আপনি যদি নিজ চোখে আপনার মৃত প্রতিবেশীদের পরিণতি দেখতে পেতেন, তাহলে আপনার উদাসীনতার কথা চিন্তা করে নিশ্চিত জ্ঞান হারাতেন।
দরজায় দাঁড়ানো অতিথি
তাছাড়া মৃত্যু আমাদের জুতার ফিতার চেয়েও বেশি কাছে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র গ্রন্থে আমাদের হিসাবকে কাছে এনে দিয়েছেন এবং আমল ও তাঁর মাঝে সংযোগ স্থাপন করে বলেছেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ.
ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকেই যেন লক্ষ্য করে আগামীকালের জন্য কী পাঠাচ্ছে। ১২০
কাতাদা রাহিমাহুল্লাহ বলেন—
আল্লাহ তাআলা কিয়ামতকে সবসময় কাছেই রাখছেন। এমনকি তা আগামীকালের মতো করে রেখেছেন। ১২১

টিকাঃ
১১৬ আল-কুবুর : ১৩০, ইবনু আবিদ দুনিয়া, দারু মাকতাবাতিল গুরাবায়িল আসারিয়্যাহ।
১১৭ আহওয়ালুল কুবুর : ৩৮
১১৮ আহওয়ালুল কুবুর: ৩৮
১১৯ আল-কুবুর : ১৪৫
১২০ হাশর : ১৮
১২১ জামিউল বায়ান ফী তাওয়ীলিল কুরআন : ২২/১৯৯, আবু জা'ফর আত-তবারী

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 কীভাবে - মৃত্যুর চতুর্ভুজ

📄 কীভাবে - মৃত্যুর চতুর্ভুজ


যতক্ষণ আপনার ঠিকানা অজানা, ততদিন আপনার শ্রম দিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই এবং দু চোখে ঘুম আসারও কথা নয়। কেউ একজন যথার্থই বলেছেন—
চোখ কীভাবে পরিতৃপ্ত হয়ে ঘুমায়
অথচ সে জানে না, দুই বাড়ীর কোনটিতে তার ঠাই হবে!’
*অসুস্থতা
বান্দার ওপর অসুস্থতা সওয়ার হয়ে তাকে মনে করিয়ে দেয় অত্যাসন্ন সফরের কথা। খুলে দেয় পরকাল নিয়ে ভাবার দরজা। কত স্বাভাবিক অসুস্থতায় মানুষ আক্রান্ত হয়! কত তীব্র অসুস্থতা বান্দাকে কবরে নিয়ে যায়! নিশ্চয়ই অসুস্থতা মৃত্যুর হুশিয়ারি। অসুস্থতা আর মৃত্যুর মাঝে সামান্য এক চুলের তফাৎ। এজন্যই কোনো এক সালাফ বলেছেন—
কোনো বান্দা দুইবার অসুস্থ হওয়ার পরও যখন তাওবা করে না, তখন মৃত্যুর ফেরেশতা তাকে বলে, ওহে উদাসীন! আমার পক্ষ থেকে তোমার কাছে পর পর দুবার বার্তাবাহক এল। তবুও তুমি তাওবা করলে না! ১২২
কীভাবে প্রকাশ্যে ও গোপনে আমল না করে থাকেন? অথচ সবার মতো আপনার বেলাতেও দিন-রাতের কোনো আমলের সময়ই থেমে থাকছে না?
দিনের পর দিন আপনি নিজের কবরের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রতিদিনই আপনার এই ক্ষণস্থায়ী ঠিকানা থেকে দূরে সরে যাচ্ছেন, পরকাল যতই আপনাকে কাছে টানছে কবর তত বেশি নিকটবর্তী হচ্ছে আর আপনার অলসতাও বাড়ছে
মৃত্যু নিকটবর্তী হচ্ছে আর উদ্যমতা প্রশমিত হচ্ছে
আপনার ব্যস্ততা কেবলই হিসাব আর চেক নিয়ে
আপনার মন এখনো আটকে আছে সেই টাকা আর চেকের মধ্যেই।
মৃত্যুর চতুর্ভুজ
আব্দুল্লাহ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-
একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন এবং তার মাঝে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্রম করে বাহিরে চলে গেছে। অতঃপর মধ্য রেখাটির উভয় পার্শ্বে অনেকগুলো ছোট ছোট রেখা টেনে বললেন, (মনে করো) মধ্য রেখাটি একটি মানুষ। আর এই চতুর্ভুজ তার বয়সের সীমানা; যা তাকে ঘিরে রেখেছে। আর ওই রেখার বাহিরের অংশটি তার আকাঙ্ক্ষা। এই ছোট রেখাগুলো তার বিপদাপদ। যদি সে একটি বিপদ থেকে রক্ষা পায় তাহলে পরবর্তী বিপদে আক্রান্ত হয়। যদি সেটা থেকেও রক্ষা পায় তবে এর পরেরটাতে আক্রান্ত হয়। ১২০
এই হাদিসের গুরুত্বপূর্ণ পাঠ :
• মানুষের আশা সবসময় তার জীবনের চেয়ে দীর্ঘ হয়।
• আমল কখনো দীর্ঘ হয় তবে তা স্বল্পমেয়াদী। কখনো বিস্তৃত হয় কিন্তু তা সীমিত। এমনকি অপরাধীরা কেয়ামতের মাঠে কসম করে বলবে, তারা কেবল সামান্য সময়ই দুনিয়ায় থেকেছে।
• কারণ অনেক তবে মৃত্যু একটিই। সুতরাং, মৃত্যুর ফেরেশতার সাথে আপনার সাক্ষাতের সময় আগে থেকেই নির্ধারিত। তবে মৃত্যুর পদ্ধতিতে ব্যক্তিভেদে ব্যবধান হয়।
• আশা সবচেয়ে নিকৃষ্ট প্রতারক। কেননা, এই আশা নিশ্চিত মৃত্যুর ব্যাপারে অমনোযোগী করে রাখে।
• মৃত্যুর পাকড়াও অনিবার্য। এ থেকে পালাবার কোনো পথ নেই। সুতরাং, কবরপথে আপনার যাত্রা এক মুহূর্তের ব্যাপার মাত্র।
• প্রায়ই আশাময় আয়েশের মাঝপথে মৃত্যু হানা দেয়। ফলে অধিকাংশ আশা বাস্তবায়িত না হতেই মৃত্যুর ডাক এসে যায়। যেমন কবি বলেছেন:
আমরা সকাল সন্ধ্যা ঘুরে বেড়াই নিজেদের প্রয়োজন পূরণে
যেন আমরা অফুরন্ত জীবনের উপকরণ খুঁজে বেড়াচ্ছি
তবে মানুষের সাথে সাথে তার সকল প্রয়োজনগুলোরও মরণ হয়
আর ফেলে যাওয়া প্রয়োজনগুলো এভাবেই পড়ে রয়।

টিকাঃ
১২২ ইহইয়াউ উলুমিদ্দীন, ৪/২৮৯, আবু হামিদ মুহাম্মদ ইবনু মুহাম্মদ আল-গাযালী আত-তওসী, দারুল মা'রিফা, বৈরুত
১২০ হাদিসের মান: হাসান, আহমাদ, ইবনু মাজাহ্আসসিলসিলাতুস সহিহাহ: ১৭৫১ নং

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00