📄 হিসাব-নিকাশের ফল-২ - অলসতার উৎস
হিসাব-নিকাশের ফল-২
অলসতার উৎস
ভবিষ্যত অগ্রযাত্রাকে বিশুদ্ধ করতে অলসতার উৎস ও কারণ সম্পর্কে জানা থাকা আবশ্যক। যথা-
📄 অপচয় - ক্লান্তি
• অপচয়
অলসতার একটি উৎস হলো মুবাহ ৭৬ কাজে ডুবে থাকা। তৃপ্তিদায়ক খাবার মাত্রাতিরিক্ত আহার করা মুবাহর অন্তর্ভুক্ত। আর এই মাত্রাতিরিক্ত আহার ঘুমের বার্তাবাহক এবং অলসতার মিত্র। আবু আব্দুর রহমান আস-সুলামি বলেন—
অলসতা হচ্ছে তৃপ্তি ভরে আহারের উত্তরাধীকারী। ৭৭
অলসতার কাদামাটি গায়ে মেখে কীভাবে ইলমের সম্মান লাভ করা যায়! এজন্যই সিহনুন বলেছেন—
যে পেটপুরে আহার করে সে কখনো ইলম অর্জন করতে পারে না। ৭৮
• ক্লান্তি
ক্লান্তি অলসতার সর্বপ্রথম রাস্তা। আনুগত্যের কাজ করে গেলে বিভিন্নভাবে আপনার ক্লান্তি দূর হবে। যখনই আপনার আনুগত্যের মাত্রা বেড়ে যাবে তখনই ক্লান্তি দৌড়ে পালাবে এবং অলসতা দূরে সরে যাবে। একই ইবাদতে একঘেয়েমি মনোভাবের সুযোগ নিয়ে ক্লান্তি যদি আপনাকে ঘায়েল করতে চায় তবে অন্য ইবাদতে মনোনিবেশ করেন। ইবাদতে সর্বদা লেগে থাকেন। নৈকট্য ও নেককাজের রঙেরই জীবন কাটিয়ে দেন।
বান্দার উচিত অলসতা আগমনের গন্ধ পেলেই তার সবচে প্রিয় আমলের শরণাপন্ন হয়ে যায়। যে ইবাদত সে বেশি বেশি করে এবং যাতে সবচেয়ে বেশি মনোযোগ আসে। যেন এর মাধ্যমে দুর্বলতার হামলাকে প্রতিহত করা যায়।
টিকাঃ
৭৬ মুবাহ: যা হারাম নয়, তবে করাও কোনো সওয়াবের কাজ না চাইলে করার অনুমতি আছে তবে তা তাকওয়া পরিপন্থী
৭৭ উয়ুবুন নাফস: ১৪, আবু আব্দুর রহমান আস-সুলামী, মাকতাবাতুস সাহাবা।
৭৮ কিমাতুজ জমানি ইনদাল উলামা: ১১০
📄 বাড়াবাড়ি - হিসাব-নিকাশের ফল-৩
ক্লান্তিকে জেঁকে বসার সুযোগ করে দেওয়া যাবে না এবং শয়তানকে আশকারা দেওয়া চলবে না।
• বাড়াবাড়ি
যে বেশি কঠোরতা করে, তার ওপর কঠোরতা চাপিয়ে দেওয়া হয়। যে নিজের ওপর অসাধ্য বোঝা চাপিয়ে নেয় সে ভেঙে পড়ে এবং মাঝপথেই আটকে যাওয়াকে আবশ্যক করে নেয়। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন-
- আব্দুল্লাহ, আমি খবর পেলাম, তুমি দিনে রোজা রাখো আর রাতে সালাতেই দাঁড়িয়ে থাকো?
- ইয়া রাসুলাল্লাহ, ঠিকই শুনেছেন।
- এমন করো না। রোজা রেখো, আবার ভেঙেও ফেলো। সালাত আদায় করো, তবে কিছু সময় ঘুমিয়েও নিয়ো। কেননা, তোমার ওপর তোমার শরীরের হক আছে। তোমার দুই চোখের হক আছে। তোমার স্ত্রীর হক আছে। তোমার শক্তিরও তোমার ওপরে হক আছে। প্রতি মাসে তিনটি রোজাই তোমার জন্য যথেষ্ঠ। কেননা, তুমি প্রত্যেক রোজায় দশগুণ পাবে। এতে করে সারা বছর রোজা রাখার সওয়াবই পেয়ে যাবে।
আব্দুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহু আনহু নিজ থেকে বলেন-
- আমি আরও চাপাচাপি করলাম। ফলে আমার উপরেও চাপিয়ে দেওয়া হলো। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ, আমি আরও রোজা রাখতে সক্ষম।
তিনি বললেন-
- তাহলে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। এরচেয়ে বেশি করতে যেয়ো না। ৭৯
আমি জিজ্ঞেস করলাম—
- দাউদ আলাইহিস সালাম এর রোজা কেমন?
- বছরের অর্ধেক।
আব্দুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহু আনহু বৃদ্ধ হওয়ার পর আফসোস করে বলতেন—হায়! আমি যদি নবীজির দেওয়া ছাড় গ্রহণ করে নিতাম!
এ ছিল রোজার ক্ষেত্রে নিজের ওপর বাড়াবাড়ি করার অবস্থা। আর রাতের সালাতের ক্ষেত্রেও ‘বাড়াবাড়ি’ করা ছাড়াছাড়িতে বাধ্য করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহু আনহুকে সতর্ক করে দিয়ে বলেন—
আব্দুল্লাহ, সেই ব্যক্তির মতো হয়ো না, যে একসময় রাতে খুব সালাত আদায় করত, এরপর তাকে সেই সালাত পুরোপুরি ছাড়তে হয়েছে। ৮০
হিসাব-নিকাশের ফল-৩
কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধারাবাহিকতা রক্ষা
টিকাঃ
৭৯ হাদিসের মান: সহিহ; ইবনু আমর রা. থেকে বুখারি, মুসলিম, নাসায়িতে বর্ণিত হয়েছে; সহিহুল জামে : ৭৯৪২
৮০ হাদিসের মান: সহিহ, ইবনু আমর রা. থেকে বুখারি, মুসলিম, আহমদ, নাসায়িতে বর্ণিত; সহিহুল জামে : ৭৯৪৫।
📄 কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধারাবাহিকতা রক্ষা - কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধারাবাহিকতা রক্ষা
• কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধারাবাহিকতা রক্ষা
হিসাব-নিকাশের মাধ্যমে মানুষ আপন সক্ষমতার মূল রহস্য জানতে পারে। ফলে দ্বিতীয়বার নিজের সফল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কাজকে আরও সামনে এগিয়ে নিতে পারে। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সঠিক পদক্ষেপের ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। আর এর আগে-পরে পুরোটা সময়ই থাকে আল্লাহর ওপর ভরসা এবং তাঁর প্রতি সুধারণা। এতে সে দারুণভাবে অনুপ্রাণিত হয়ে ওঠে এবং বিস্ময়কর প্রাণশক্তি অনুভব করে। যা আরও অধিকতর উদ্যমতায় রূপ নিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। পূর্ববর্তী সকল সাফল্যের রেকর্ড ভেঙে নতুন কিছু হবে; তবে এবার তা হবে আরও প্রতিক্রিয়াশীল, আরও অধিক সংখ্যায়।