📄 সাফা পাহাড়ের উপকন্ঠে
একদা রাসূলুল্লাহ (সা.) ঊষালগ্নে সাফা পাহাড়ে তশরীফ আনলেন। এটি মক্কারই সন্নিকটে অবস্থিত ছিল। এখানে আগমন করে তিনি উচ্চ স্বরে আওয়ায দিলেন, "ইয়া সাবাহাহ্", "ইয়া সাবাহাহ্।" মরুবাসীদের মনে একথা চিরন্তন সত্য হিসেবে গাঁথা ছিল, এই আওয়ায উচ্চারিত হয় যথাস্থলে ও বিপদসংকুল পরিবেশে। আর সাধারণত এতে মিথ্যা, প্রতারণা অথবা হাসি-তামাশার লেশটুকুও থাকে না। মক্কাবাসীদের এ সুবিদিত আওয়ায এমন এক ব্যক্তিত্বের কণ্ঠ থেকে আজ বের হচ্ছিল, যিনি ছিলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা সত্যবাদী। তাঁকে তারা সাদিক (সত্যবাদী) ও বিশ্বস্ত উপাধিতে বিভূষিত করেছিল পূর্বেই। সে আওয়াযের রহস্য তারা খুবই জানত। কারণ অভিজ্ঞতা ও ঘটনা প্রবাহের একটা সুদীর্ঘ ইতিহাস তাদেরই সামনে উপস্থিত ছিল। তারা সে আওয়াযের দিকে অগ্রসর হতে একটুও কুণ্ঠাবোধ না করে সমবেত হয়ে গেল। কেউ নিজেই এল আবার কেউ প্রতিনিধি প্রেরণ করল। ১
সবাই একত্র হলে রাসূল (সা.) তাদেরকে সম্বোধন করে বললেন, “হে বনী 'আব্দুল মুত্তালিব। হে বনী ফিত্র! হে বনী কা'ব! তোমাদের অভিপ্রায় কি? আমি তোমাদের সামনে যদি এই ঘোষণা দিই, এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সেনা লুক্কায়িত আছে এবং তোমাদের অজান্তে তারা তোমাদের ওপর আক্রমণের প্রহর গুণছে, তোমরা আমার এ ঘোষণায় আস্থা রাখবে কি? রাসূলে আরবী (সা.) যাদেরকে সম্বোধন করেছিলেন এবং যাদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা 'অশিক্ষিত' ও 'অনুন্নত' ছিল। তারা ফালসাফা ও তর্কশাস্ত্র অধ্যয়ন করেনি এবং তারা কোন বিষয়কে পুঙ্খানুপুঙ্খ যাচাই করায় অভ্যস্ত ছিল না, বরঞ্চ (আমি পূর্বেই বলেছি) তারা ছিল বস্তুনিষ্ঠ ও কর্মঠ। আল্লাহ্ পাক বিবেক ও মুক্তবুদ্ধি (Common sense)-এর এক বিরাট অঙ্গ তাদেরকে দান করেছিলেন। তারা তাই অবস্থান ও পরিবেশটি পর্যবেক্ষণ করল। ভাষণদাতা যেই স্থানটিতে দণ্ডায়মান ছিলেন, সেটার প্রকৃতিগত অবস্থা অবলোকন করল।
তারা ভাবল এমন একজন ব্যক্তিত্ব যাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততা, একনিষ্ঠা ও শুভকামিতা পরীক্ষিত হয়েছে একাধিকবার, এখন তিনি একটা ছোট পর্বতশৃঙ্গে উপবিষ্ট, তিনি সামনে তো দেখতে পাচ্ছেনই, তাঁর শ্রোতৃমণ্ডলী রয়েছে, সাথে সাথে এ পর্বতের পাদদেশে সে প্রান্তটিও দেখতে পাচ্ছেন, এখানের শ্রোতাদের দৃষ্টি যেখানে পৌঁছতে অক্ষম। তারা তখন কোন প্রকার দ্বিধা-সংশয়ের পক্ষপাত না করে উপলব্ধি করতে পেরেছে, যার মর্যাদা এমন হবে, তার অধিকার আছে পাহাড়ের পাদদেশে লুক্কায়িত শত্রু কিংবা বিপদ সম্পর্কে সতর্ক-সংকেত পেশ করার। আর যাদের সামনে পাহাড়টি প্রতিবন্ধক, তাদের এ অধিকার থাকতে পারে না বা তাঁকে মিথ্যে বলে আখ্যায়িত করার ও তাঁর দেয়া খবরটি এ বলে প্রত্যাখ্যান করে দেয়ার যে, তারা সংকেতদাতার সাথে তা প্রত্যক্ষ করায় শরীক রয়নি। প্রকারান্তরে বিরাজমান অন্তরায় সৃষ্টিকারী পাহাড়টিই তাদের অবস্থা ও ভাষণদাতার অবস্থার মাঝখানে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। আর পাহাড়ের চূড়ায় দণ্ডায়মান ভাষণদাতাকে অন্যদিকে দৃষ্টি দান ও সাক্ষ্য প্রদানের একক সুযোগ দিয়ে দিয়েছে।
আরববাসিগণ নিরপেক্ষমনা ছিল। তারা ছিল সুনিপুণ ও সত্যপ্রিয়। প্রতিউত্তরে তারা বলল, “হ্যাঁ! আমরা এ জাতীয় ঘোষণা করতে পারি না। আমাদের তা মেনে নিতেই হবে।"
টিকাঃ
১. আল-বিদায়াহ ওয়ান নিহায়া, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৩৮।
📄 নবুয়তের দর্শনগত রূপ
নবী (সা.) নবুয়তের এ বিরল আল্লাহপ্রদত্ত হিকমত, আরবী ভাষা ও সাহিত্যে অনন্য প্রতিভা দ্বারা নবীগণ নবুয়তের অনুপম মাহাত্ম্য ও অতুলনীয় মর্যাদার রূপরেখা অংকন করে আরববাসীদের সামনে উপস্থাপন করলেন। নবীগণের শ্রেষ্ঠত্ব তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেন। এই তথ্যটির দিকে তিনি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে প্রয়াস পেয়েছিলেন-নবীগণ অবলোকন করেন এমন এক জগৎ, যা তাঁদের সমসাময়িক আর কেউ পারেন না। তাঁরা এমন ঘটনাবলী সম্পর্কে সংবাদ দিতে সক্ষম, অন্যান্য নায়ক ও সংস্কারকগণ যার স্বাক্ষর পেশ করতে পুরোপুরি ব্যর্থ। আর তা এজন্য, তাঁরা নবুয়তের উচ্চ শিখরে আরোহণ করে আছেন। মানুষ হিসেবে অনুভূতির পবিত্রতা ও স্বভাবগত শালীনতার কারণে দৃষ্ট বিশ্বকে তাঁরা সুস্থ বুদ্ধি ও সুষ্ঠু চিন্তার মানুষের মতই দেখে থাকেন। অধিকন্তু আল্লাহপ্রদত্ত নবুয়ত (আল্লাহর খুশি অনুযায়ী) যেহেতু অদৃশ্য জগতের সাথে সম্পর্ক রাখে তাই তাঁরা এক ধাপ এগিয়ে গিয়ে নবুয়তের জগতের অদৃশ্য রহস্যাবলীও অবলোকন করার সুযোগ পেয়ে থাকেন।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া - "বলুন, আমি তো তোমাদের মত একজন মানুষই, (তবে) আমার প্রতি প্রত্যাদেশ হয়।" [সূরা কাহফঃ ১১০]
একজন মানুষ যত বড় মেধাসম্পন্ন বিজ্ঞ কিংবা বিশেষজ্ঞই হন না কেন, তার জন্য এটা সম্ভব হবে না, নবীগণ মিথ্যারোপ করবে অথবা তাঁদের প্রত্যক্ষ দৃষ্ট বিষয়াদিকে প্রত্যাখ্যান করবে। কেননা তারা নবীগণের পর্যবেক্ষণে অংশীদার ছিল না। যেসব জিনিস আম্বিয়া-ই-কিরাম দেখতে পান, এরা তা দেখে না। যেমনি পাহাড়ের নিম্নদেশে দণ্ডায়মান কারো জন্য কোন অবস্থাতেই সমীচীন হবে না পর্বতশৃঙ্গে আরোহীর উক্তিতে আপত্তি উত্থাপন করার এবং পর্বতের পেছনের খবরাদি ও পর্বতের পাদদেশে সংঘটিত ঘটনাবলীকে উপেক্ষা করার।
তাইতো বাহ্যিক ইন্দ্রিয়রাজির গোলকধাঁধায় আক্রান্ত কেউ যদি এঁদের বিরুদ্ধে মেতে ওঠে এবং প্রমাণ পেশ করার পেছনে লেগে যায়, তখনি তাঁরা অবাক চিত্তে সার্বিক শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠেনঃ
আ তুহাজ্জুননি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদানি - "তোমরা কি আল্লাহ্ সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন।” [সূরা আন'আম : ৮১]
নবুয়তের প্রথম যুগের সব নিরক্ষর আরববাসী সেসব দার্শনিক ও পণ্ডিতবর্গ অপেক্ষা অধিকতর বিচক্ষণ সাব্যস্ত হয়েছে, যারা আম্বিয়া ও রাসূলগণের খবরগুলো ও তথ্যরাজি একমাত্র এজন্যই উপেক্ষা করে দেয়ার চেষ্টা করছে, তারা কেন তা দেখবে না? সেসব জিনিস তাদের অজান্তে থাকবে কেন?
বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়ালাম্মা ইয়া'তিহিম তা'উইলুহু - "আসল কথা হলো, যে বিষয়ের জ্ঞান তারা আয়ত্ত করেনি তা অস্বীকার করে এবং এখনও এর রহস্য তাদের নিকট অনুদ্ঘাটিত।” [সূরা ইউনুস : ৩৯]
এ প্রকৃতিগত, যুক্তিগত ও অনিবার্য স্বরগুলো অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা.) একান্ত নিশ্চয়তা ও দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হলেন। সর্বশেষ স্তরে উপবিষ্ট হয়ে তিনি ঘোষণা দিলেন:
ফাইন্নি ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ - "আমি তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র।”
মহানবী (সা.) তাদেরকে সে বাস্তব ও স্থায়ী বিপদ সম্পর্কে সতর্ক করলেন, যা বিরাজমান ছিল তাদের দৈনিক কর্ম পদ্ধতিতে, যার অনুসরণে কাটছিল তাদের জীবনধারা। তিনি তাদেরকে সতর্ক করলেন সেসব ভ্রান্ত ও অনর্থক ধ্যান-ধারণা সম্পর্কেও, যেগুলো তাদের মন-মানসিকতায় বদ্ধমূল হয়ে বসেছিল। সেসব প্রতিমা সম্পর্কেও তাদেরকে সজাগ করলেন, যেগুলোর তারা অন্ধ ভক্ত হয়ে পড়েছিল। যেসব বিধ্বংসী চরিত্র ও রীতিনীতি তারা আঁকড়ে ধরেছিল, সেগুলো সম্পর্কেও তিনি দিলেন এক নতুন অনুভূতি। এক কথায় তারা তখন এক চরম মূর্খতার ভেতর দিয়ে কাল যাপন করে আসছিল। শিক্ষা ও ঈমানবিমুখ ছিল তাদের মানসিকতা ও স্বভাব। ইনসাফ যে কি বা আল্লাহ্-ভীতি কাকে বলে, তা তো বুঝতই না তারা, যদ্দরুন সমাজ জীবনে বয়ে এসেছিল তখন ব্যাপক হাহাকার, সংকীর্ণতা, ব্যাকুলতা, মানসিক অস্থিরতা ও অভ্যন্তরীণ ভয়াবহতা।
“মানুষের কৃতকর্মের দরুন সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদেরকে তাদের কোন কোন কর্মফল তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।" [সূরা রুম: ৪১]
"গুরু শাস্তির পূর্বে তাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে।" [সূরা আস-সাজদাহ: ২১]
"অথচ এ জীবনের পর রয়েছে আর একটি শাস্তির জীবন। সে শাস্তির তুলনায় ইহলৌকিক শাস্তি ও কষ্টদায়ক জিনিস একেবারেই তুচ্ছ ও সামান্য।”
"এবং পরকালের শাস্তি তো কঠোর!" [সূরা আর-রাদ: ৩৪]
"পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিকতর স্থায়ী।" [সূরা তাহা: ১২৭]
"পরকালের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক।" [সূরা হা-মীম-আস-সাজদা : ১৬]
সুধী ও বিজ্ঞ সমাজ ঐসব ক্রিয়া ও গুণ সম্বন্ধে জানতে প্রয়াস পেয়েছেন। বিভিন্ন বস্তুর স্বভাব ও গুপ্ত সম্পর্কে অবহিত হয়ে তারা পরিজ্ঞাত বিষয়াদির এক মূল্যবান কোষাগার রচনা করে দিয়েছেন। ফলে উত্তরসুরিদের এতে বহু উপকার হয়েছে। এ মহান কাজ যাঁরা সম্পাদন করেছেন, তাঁদের পরিশ্রম, তাঁদের ত্যাগ ও সাধনা, সফলতা ও সম্মানের যথেষ্ট কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়। পরিশোধ করা হয় তাদের জয়ধ্বনির পাওনাটুকু, অথচ আল্লাহ্ পাকের অস্তিত্ব, গুণাবলী, আদেশ-নিষেধ, তাঁর সন্তুষ্টি, আকীদা ও বিধি-নিষেধের বৈশিষ্ট্য ও শুদ্ধাশুদ্ধি, ভাল ও মন্দ চরিত্রের ফলাফলের দীক্ষা, আখিরাতের প্রতিদান, শান্তি ও অশান্তি এবং জান্নাত ও জাহান্নামের যথাযথ পরিচিতি প্রদানের জন্য নবীগণকে আল্লাহ্ পাক স্বীয় ইচ্ছা অনুযায়ী মনোনীত করেছেন। এই নশ্বর জীবনের পরের অবস্থানসমূহ ও তখন যা ঘটবে, যেমন হাশর, নশর, পুরস্কার ও শাস্তি প্রদান, সুফল ও প্রতিশোধের জ্ঞান অর্জন করার জন্য আম্বিয়া-ই-কিরামই হচ্ছেন একক মাধ্যম।
"তিনিই অদৃশ্যের জ্ঞানাধার, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না তাঁর মনোনীত রাসূল ব্যতীত!” [সূরা জ্বিন : ২৬-২৭]
আম্বিয়া-ই-কিরাম (দরুদ ও সালাম তাঁদের ওপর) নবুয়তের পাহাড়ে আরোহণ করেন। তাঁরা দেখেন এই জগতকে। সাথে সাথে দেখে থাকেন অদেখা এক জগতকেও। আর মানবতা, মানব সভ্যতা ও সংস্কৃতির পথে অদূর ভবিষ্যতে কিংবা সুদূর ভবিষ্যতে গেরিলা হামলা সম্পর্কে সতর্ক সংকেত তাঁরাই দিয়ে থাকেন। ঢাকা পড়া ধ্বংসাত্মক পরমাণু ও ক্ষতিকর জিনিসগুলোকেও ধরিয়ে দেন তাঁরাই। ভীতি প্রদর্শন করেন তাঁরা আপন সমাজকে নেহায়েত হৃদ্যতা, প্রেম, দয়া ও একনিষ্ঠতার সাথে। এদিকে যখন কেউ তাদের এই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত অধিকার খর্ব করতে অপচেষ্টা করে এবং এহেন সুস্পষ্ট বিষয়টাতে দ্বিধান্বিত হয়ে পড়ে এবং তাদের মাহাত্ম্য ও বিশ্বস্ততাকে চ্যালেঞ্জ করে বসে, তখন তাঁরা সৌহার্দ্য ও একনিষ্ঠতা নিয়ে পরিতাপ ও বেদনাদায়ক কণ্ঠে বলে ওঠেন:
“বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি: তোমরা আল্লাহর উদ্দেশে দু-দু'জন অথবা এক-একজন করে দাঁড়াও, অতঃপর তোমরা চিন্তা করে দেখ-তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নন। তিনি তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র।” [সূরা সাবা : ৪৬]
📄 হিদায়াতের একমাত্র মাধ্যম
এরই প্রেক্ষাপটে কুরআন একাধিকবার তাগিদ দিচ্ছে আল্লাহর অস্তিত্ব ও তাঁর মৌল গুণাবলীর যথাযথ চিহ্নিতকরণে মনোনীত হয়েছেন একমাত্র নবীগণ। আল্লাহর সঠিক মা'রিফাত, যা অজ্ঞতা ও পথভ্রষ্টতার নাগাল থেকে পূত-পবিত্র, ভুল ধারণা কিংবা সঙ্গতিহীন ব্যাখ্যা থেকে মুক্ত, আর তা অর্জনের একক মাধ্যম তাঁরা-ই। তাঁদের অনুসৃত পদ্ধতিগুলো অনুসরণ বিনে অন্য কোন সূত্র দ্বারা সে মা'রিফাত লাভ করা সম্পূর্ণ দুরূহ। শুধু যুক্তি-জ্ঞান এর কিঞ্চিৎ দিশা দিতেও অপারক এবং ধী-শক্তি ও মেধা এক্ষেত্রে অচল। তা চারিত্রিক ভারসাম্যের ব্যবস্থাও হতে পারে না। বুদ্ধিমত্তার তীব্রতা এ ব্যাপারে সম্পূর্ণ অকেজো। জ্ঞান ও বুদ্ধির অনুসন্ধান যেমনি সে পর্যন্ত পৌঁছতে ব্যর্থ, অভিজ্ঞতার কোষাগারও তেমনি সেক্ষেত্রে একেবারেই শূন্য। আল্লাহপাক জান্নাতবাসী কতিপয় সত্যবাদী অভিজ্ঞ মনীষীর ভাগ্য দ্বারা এ তথ্যটির বিশ্লেষণ দিচ্ছেন-যেখানে মিথ্যা বর্ণনা ও অতিরঞ্জিত কিছুর কোন প্রকার স্থান নেই।
"প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এর পথ দেখিয়েছেন। আমাদেরকে আল্লাহ্ পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না।” [সূরা আ'রাফ: ৪৩] কুরআন সুস্পষ্টভাবে এ বর্ণনা দিয়ে যাচ্ছে, নবীগণই সঠিক মা'রিফাত অর্জনের একমাত্র মাধ্যম এবং তাঁরাই আল্লাহর পরিচিতি লাভের দিশারী ছিলেন। সেই গন্তব্যস্থলে নিয়ে পৌঁছিয়ে দিতে অনেকটা সক্ষম তাঁরাই।
"আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্য বাণী এনেছিল।" [সূরা আ'রাফ: ৪৩]
এসব কথা দ্বারা প্রতীয়মান হলো, আম্বিয়া-ই-কিরামের আবির্ভাবের ফলেই এটি সহজ হতে পেরেছে। এজন্য আল্লাহর মা'রিফাত অর্জন করা, তাঁর সন্তুষ্টি ও বিধি-বিধান সম্পর্কে পরিজ্ঞাত হওয়া আর সে মুতাবিক নিজেদেরকে সুশোভিত করা সম্ভব হয়েছে। এরই ফলশ্রুতিতে জান্নাতের প্রবেশপত্র নেয়া সম্ভব হয়েছে।
বুদ্ধি ও অনুভূতির ঊর্ধ্বের তথ্যাবলীর অনুসন্ধানে মানুষের বিবেক ও অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো যে কতটুকু নিষ্ক্রিয়, ক্ষীণ, সীমিত ও আস্থা স্থাপনের অনুপযোগী এ সম্পর্কে কতিপয় বাহ্যিক শীর্ষস্থানীয় ও আধ্যাত্মিক তথ্যবিশারদের উক্তি ও পর্যালোচনা পরিবেশন করা সমীচীন মনে করি।
হযরত শায়খ আহমদ সরহিন্দী-মুজাদ্দিদে আলফে সানী (র.) [মৃ. ১০৩৪ হিজরী] স্বীয় তত্ত্ববহুল মাকতুবাতে (রচনাবলী) এ প্রসঙ্গটি একাধিকবার টেনেছেন, মানুষের বুদ্ধি-বিবেক নবীগণ (আ.)-এর সহযোগিতা ও পথপ্রদর্শন ছাড়াও বিশ্বস্রষ্টার অস্তিত্ব নির্ণয় করতে পারে, তাঁর অস্তিত্ব যে একান্ত জরুরী ও আবশ্যক-এ অনুভূতিও যোগাতে পারে বটে, কিন্তু আল্লাহর অস্তিত্বের সাথে তাঁর মৌলিক গুণাবলীর সঠিক পরিচিতি, তাঁর পবিত্রতা, নিষ্কলুষতা, নিখুঁত একত্ববাদ ইত্যাকার বিষয়ে অবগত হওয়া কস্মিনকালেও সম্ভব নয়। মুজাদ্দিদ সাহেব তাঁর রচনালিপিতে বলেন:
সারকথা: এই বুদ্ধিশক্তি সে অমূল্য দৌলতের দ্বারোদ্ঘাটনে সম্পূর্ণ ব্যর্থ এবং মহান আম্বিয়া-ই-কিরামের হিদায়াত ছাড়া সে রত্নাগারের দিশা পেতে বুদ্ধিশক্তি একেবারেই অক্ষম।” ১ পাশ্চাত্য দর্শন ও ধর্মবিশ্বাসের ইতিহাসও একথারই জ্বলন্ত স্বাক্ষর বহন করে, শুধু বিবেক ও যুক্তি-প্রমাণ কিংবা পাশ্চাত্য দর্শনের ওপর নির্ভরশীলগণ আল্লাহর মা'রিফাত ও তার মৌলিক গুণাবলী সাব্যস্তকরণ ও উত্তম কর্মগুলো চিহ্নিত করতে গিয়ে কতই না হোঁচট খেয়েছে! আর লিপ্ত হয়েছে তারা অবর্ণনীয় গোমরাহী ও মূর্খতায়। ২ মুজাদ্দিদ সাহেব স্বীয় রচনাবলীতে প্রমাণ করেছেন, যেমনিভাবে বুদ্ধির স্তর ইন্দ্রিয়রাজির ঊর্ধ্বে, তেমনিভাবে নবুয়তের স্তরও বিবেকের ঊর্ধ্বে, অথচ কোন জিনিস যুক্তির পরিপন্থী হওয়া এবং যুক্তি ঊর্ধ্বে হওয়া এক কথা নয় কিছুতেই। আল্লাহর পবিত্রতা ও পরিশুদ্ধতা সম্পর্কে ওয়াকিফ হওয়া নবুয়তের মধ্যে সীমিত এবং আম্বিয়াদের অবহিত ও তা'লমি দানের ওপর তা পুরোপুরি নির্ভরশীল। তাঁরা মা'রিফাতে ইলাহীর ক্ষেত্রে গ্রীক দার্শনিকদের মূর্খতার নিদর্শনগুলো চোখে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দিয়েছেন যদ্দরুন মানব বিবেক-শক্তি অনুশোচনা না করে পারে না। অনুরূপ তিনি পাশ্চাত্য দার্শনিক ও তথাকথিত সংস্কারকগণের বিস্ময়কর অজ্ঞতার শিক্ষণীয় চিত্র তুলে ধরেছেন। ৩
অনুরূপ তিনি খাজা বাকী বিল্লাহর দু'জন গৌরবোজ্জ্বল সন্তান খাজা আবদুল্লাহ ও খাজা 'উবায়দুল্লার নামে প্রেরিত অন্য আরেকটি মাকতূব তথা রচনালিপি ২৬৬/১-এর মধ্যে অত্যন্ত বিশ্লেষণের সাথে প্রমাণ করেছেন, নবীগণের আবির্ভাব আল্লাহর অস্তিত্ব, গুণাবলী ও বিধি-নিষেধের যথোচিত পরিচিতি প্রদানের একক ও অনিবার্য উপায়। তিনি এও সাব্যস্ত করেছেন, বুদ্ধি ও কাশফ্ উভয়টির নির্মলতা ও নিষ্কলুষতা অসম্ভব। এ দু'টি জিনিস জড়দেহের প্রভাব, মনস্তাত্ত্বিকতা, চারিত্রিক কলুষতা ও সৃষ্টিজনিত ত্রুটি-বিচ্যুতি থেকে সার্বিক মুক্ত ও স্বাধীন হতে পারে না। বিবেক-বুদ্ধি ও কাশফের মধ্যস্থতা এবং এগুলো থেকে গৃহীত সিদ্ধান্তগুলো, বিধি-বিধান ও জ্ঞান-বিজ্ঞান সেসব দুর্বলতার রঙ্গে রঙ্গীন হয়ে এবং সেগুলোর প্রভাবে প্রভাবান্বিত হয়ে প্রকাশ পায়। অধিকাংশ ক্ষেত্রে সেসব সিদ্ধান্তই পরিচালিকা শক্তি হিসাবে কাজ করে, যা তাদের নিকট বিদিত হয়ে আসছে যা বাহ্যিক অথচ তা একেবারেই বাস্তবতার পরিপন্থী ও স্বীকৃত মাত্র। তাদের নিজস্ব সমর্থনের দরুন অনেকক্ষেত্রেই শুদ্ধ ও অশুদ্ধের মাঝখানে তারতম্য করা সম্ভব হয়ে ওঠে না। মুজাদ্দিদে আলফে সানী (র.)-এর রচনাবলী এ জাতীয় তত্ত্ব ও দর্শনে পরিপূর্ণ। এই প্রসঙ্গে সেসব রচনা অধ্যয়ন করা একান্তই কর্তব্য এবং ঈমানের জ্যোতি বৃদ্ধিকারক।
আল্লাহ্ পাক কুরআনের এক শানদার 'সূরা আস্-সাফফাত' (মুশরিকদের পথভ্রষ্টতাসমূহ, ভ্রান্ত ধারণা ও আল্লাহর সঙ্গে অশোভনীয় ব্যাপারে সম্পৃক্ততা খণ্ডন করা হয়েছে সূরাটিতে)-কে এরই বর্ণনায় সমাপ্ত করেছেন:
"তারা যা আরোপ করে তা হতে মহান ও পবিত্র আপনার প্রতিপালক, শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি এবং প্রশংসা সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য।" [সূরা সাফফাত : ১৮০-১৮২]
উপরিউক্ত তিনটি আয়াত যেন সুসংবদ্ধ শিকলের কড়া, যা পরস্পর একত্রে গাঁথা। কেননা আল্লাহ্ পাক স্বীয় অস্তিত্বকে মুশরিকদের অবাঞ্ছিত ও অমার্জিত উক্তি থেকে পবিত্র ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নি শুধু, বরঞ্চ এর সাথে সাথে আম্বিয়া-ই-কিরাম সম্পর্কেও আলোচনা টেনেছেন। কারণ তাঁরা আল্লাহ্ পাকের পূর্ণ পবিত্রতা ও মহত্ত্বকে সঠিকভাবে অভিব্যক্ত করেছেন। বিবৃত করেছেন তাঁরা তাঁর অনুপম বৈশিষ্ট্যাবলীকে একটা একটা করে। আল্লাহ্ পাক এজন্য সপ্রশংস সালাম পাঠালেন তাঁদের উদ্দেশে। স্রষ্টার সঠিক পরিচিতি সৃষ্টি সমীপে উপস্থাপন ও তাঁর মৌলিক গুণাবলী সমুজ্জ্বল করার অনিবার্য বাহনই হচ্ছে নবীগণের কণ্ঠ। তাঁদের আবির্ভাব বয়ে এনেছে সৃষ্টিকুলের জন্য অফুরন্ত কল্যাণ, বিশেষ করে তা হচ্ছে মানব জাতির অসীম ইহসান। এটি আল্লাহর রবুবিয়াত, রহমত ও হিকমতেরও এক জ্বলন্ত নিদর্শন।
এজন্যই নিম্নোক্ত আয়াত দ্বারা তিনি ইতি টানলেন:
"সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য শোভনীয়, যিনি সমস্ত জাহানের প্রতিপালক।” [সূরা সাফফাত : ১৮২]
হযরত মুজাদ্দিদে আলফে সানী (র.) সে তত্ত্ব পরিব্যাপ্ত করতে গিয়ে তাঁর এক রচনায় লিখেছেন, "আম্বিয়া-ই-কিরাম হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। তাঁদেরকে সোপর্দ করা হয়েছে এক মহাদৌলত। আওলিয়াদের বিচরণ যেখানে ক্ষান্ত, আম্বিয়া-ই-কিরামের বিচরণ সেখান থেকে মাত্র শুরু। এর ব্যতিক্রম নয় মোটেই। নবুয়তের অনুসরণে ফরযসমূহ দ্বারা নৈকট্য হাসিল হয়। সাগরের তুলনায় একটা ফোঁটার অস্তিত্ব যেমন, বিলায়াতের গুণাবলী নবুয়তের বৈশিষ্ট্যের তুলনায় তেমনও নয়। ১ আম্বিয়া-ই-কিরাম ও নবুয়তের মর্যাদা সম্বন্ধে মুজাদ্দিদ সাহেবের ও তাঁর এক পূর্বসূরী প্রগাঢ় অন্তর্দৃষ্টিসম্পন্ন মাখদুমুল মালিক শায়খ শরফুদ্দীন য়াহয়া মুনীরী (র.) তাঁদের রচনাবলীতে অতীব সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য ও তত্ত্ব তুলে ধরেছেন। মুজাদ্দিদ সাহেব লেখেন, "ওয়ালীগণ তাঁদের লক্ষ্যস্থল সংকীর্ণ হওয়ার দরুন সৃষ্টির দিকে পুরোপুরি লক্ষ্য রাখতে পারেন না (বিধায় নবীগণের মত তাঁদের দ্বারা সর্বব্যাপী খিদমত ও হিদায়াতের কাজ নেয়া যেতে পারে না)। নবুয়তের বিষয়টি এর ব্যতিক্রম। নবীগণ তাঁদের অন্তরের প্রসারতা ও দৃষ্টির উদারতার ফলে স্রষ্টার দিকে যখন লক্ষ্য রাখতে যান, সৃষ্টির দিকেও লক্ষ্য রাখতে কোন প্রকার বাধার সম্মুখীন হন না। তদ্রূপ তাঁদের আবার সৃষ্টির দিকে লক্ষ্য করতে গিয়ে স্রষ্টার ধ্যানে কোন কণ্টক দেখা দেয় না।” ২
মাখদুম সাহেব বলেন, "আম্বিয়া-ই-কিরাম (আ.)-এর একটা নিশ্বাস মাত্র আউলিয়াগণের সমস্ত জীবনের চেয়েও উৎকৃষ্ট। আম্বিয়া-ই-কিরাম (আ.)-এর শুধু মাটির দেহটিও পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে আউলিয়া-ই-কিরামের অন্তর ভেদজ্ঞান ও আরাধনার সমতুল্য। অন্যরা সাধনা করে যেখানে গিয়ে পৌঁছতে পারেন না, আম্বিয়া-ই-কিরামের মাটির দেহটি অনায়াসেই সেখানে পৌঁছে যায়।" ৩
টিকাঃ
১. মাকতুবাত: প্রথম খণ্ড, পৃষ্ঠা ৮৭-৮৮; প্রথম খণ্ড, পৃষ্ঠা ১২৩।
২. মাকতুবাত: প্রথম খণ্ড, পৃষ্ঠা ১১২।
৩. মাকতুব: বিংশতম খণ্ড।
📄 গ্রীক দর্শনে ব্যর্থতার কারণ
এরই ফলশ্রুতিতে যে কেউ আম্বিয়া-ই-কিরাম (আ.)-এর অনুসৃত আদর্শ-বহির্ভূত অন্য কোন পন্থায় যখনি কেউ আল্লাহর অস্তিত্ব, গুণাবলী ও মহিমান্বিত নামসমূহের পরিচিতি হাসিল করতে চায় এবং এ ধরার সাথে আল্লাহর সম্পর্কের অবস্থা, আল্লাহর ক্ষমতা, তাঁর অনুশাসন ও বিধি-বিধান সংক্রান্ত বিষয় সমাধানের অপচেষ্টা চালায় তার প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হবে। ঠিক তেমনি ব্যর্থ হবে, সে যদি তার স্বীয় বুদ্ধিমত্তা, জ্ঞান, গবেষণা, প্রতিভা ও মেধা কিংবা কোন বিশেষ বিষয়ে পারদর্শিতা দ্বারা এ ক্ষেত্রে সফলতা অর্জনের অহমিকায় অবতীর্ণ হয়। পক্ষান্তরে তাতে তার অর্জন হবে ধৃষ্টতা আর পথভ্রষ্টতা। আল্লাহ্ পাকের নিম্নোক্ত বাণীরই জ্বলন্ত নমুনা তারাই:
“দেখ, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে, তোমরাই তো সে বিষয়ে তর্ক করেছ, তবে যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নেই, সে বিষয়ে কেন তর্ক করছ? আল্লাহ্ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও।" [সূরা আলে-ইমরান : ৬৬]
গ্রীকদের প্রাচীন স্রষ্টা-দর্শন ও এর উদ্ভাবক ও বিশেষজ্ঞদের অকৃতকার্যতা ও ব্যর্থতার মূল কারণ এটাই। তাদের নজিরবিহীন মেধা ও প্রতিভা, ইল্ম ও সাহিত্যিক অগ্রযাত্রা, তাদের কৃতিত্বপূর্ণ কাব্য চর্চা, সমর-নৈপুণ্যের অমর কাহিনী, অংকশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যামিতি, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও সৌর বিজ্ঞানের অব্যর্থ দক্ষতা নিক্ষেপ করেছে তাদেরকে মস্ত বড় গোলকধাঁধায়। তাদের ধারণা, এভাবেই আত্মিক তত্ত্ব ও স্রষ্টা-দর্শনের বিষয়েও তাদের অগ্রণী ভূমিকা থাকবে। তাই তো তারা তাদের নিজস্ব সীমা ডিঙ্গিয়ে স্রষ্টা-দর্শনের বিভিন্ন দিক এবং আল্লাহর অস্তিত্ব ও তাঁর গুণাবলীর রহস্যোদ্ঘাটনের দিকেও মনোনিবেশ করেছে।
কিন্তু এহেন সাধনার যে ফসল তারা দুনিয়াবাসীদের সামনে উপস্থাপন করেছে তা অত্যাশ্চর্যের এক দাস্তান, শিক্ষার নামে মূর্খতার ছড়াছড়ি ও পারস্পরিক বিপরীত ধর্ম ও বিভিন্নমুখী উক্তি ও মতামত এবং কল্পনা ও দাবির জগাখিচুড়ি মাত্র।
হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী (র.) এ বিষয়ে একটি তথ্যবহুল পর্যালোচনা রেখেছেন:
"এতে রয়েছে ভাঁজে ভাঁজে অন্ধকার আর অন্ধকার। যদি কেউ এ জাতীয় কথাকে স্বপ্ন হিসেবেও বর্ণনা করতে যায়, তখন তাকে মস্তিষ্ক বিকৃত বলে আখ্যায়িত করা হবে।” ১
অন্যত্র তিনি লেখেন:
"আমার বুঝে আসে না, এ জাতীয় বিষয়াদি দ্বারা একটা পাগলও কি স্বস্তি লাভ করতে পারে? যারা কেবল বস্তুতত্ত্ব পুঙ্খানুপুঙ্খ করে বিশ্লেষণ করে বেড়ায় তারা আবার কিসের বুদ্ধিজীবী ও যুক্তিবিদ?” ২
এমনিভাবে শায়খুল ইসলাম ইব্ন তায়মিয়াহ (র.) দার্শনিক ও বৈজ্ঞানিকদের উক্তি বারংবার নিরীক্ষণের পর বলেন:
"বিবেকবানদের একটু ভেবে দেখা দরকার সে সব ব্যক্তির উক্তিগুলো, যারা নিজেদের পেশকৃত উক্তি দ্বারা খুবই গর্ববোধ করছে এবং আম্বিয়া-ই-কিরামের নির্দেশিত আদর্শকে প্রত্যাখ্যান করতে পেরেছে বলে তৃপ্তি লাভ করছে।” এদের দর্শনের উচ্চ পর্যায়েও পরিলক্ষিত হচ্ছে মাতালের উক্তির মত শত উক্তি। স্থিরীকৃত ও বিদিত সত্যকে স্বীয় কারচুপি ও প্রবঞ্চনা দিয়ে ধামাচাপা দেয়ার অপচেষ্টা করে তারা। এদিকে স্পষ্ট ও অনস্বীকার্য বাতিলকে তারা আবার গ্রহণ করে নেয়। ৩
ইমাম ইব্ তায়মিয়াহ (র.) অন্য একখানে লেখেন:
"ইলাহীয়াত দর্শনের প্রথম গুরু এরিস্টটলের উক্তি ও যুক্তিগুলোকে নিয়ে যখন চিন্তা করা হয়, পর্যবেক্ষণ করে যদি কোন একজন অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষ, তখন সে এ সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে, গ্রীক দার্শনিকদের ন্যায় আল্লাহ্ রাব্বুল 'আলামীনের মা'রিফাতবিমুখ অন্য কেউ ছিল না। আশ্চর্যান্বিত না হয়ে সে পারবে না। কাউকে যখন দেখা যায় নবীগণের ইলম ও তা'লিমের সাথে গ্রীক দর্শন দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন বিস্ময়ে অভিভূত হতে হয়! এ যেন একজন কামার ফেরেস্তার সাথে কিংবা একজন গেঁয়ো জমিদার সম্রাটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। ৪
মুজাদ্দিদে আলফে সানী হযরত শায়খ আহমদ ফারুকী (র.) এক রচনায় লিখেছেন:
"যুক্তি-জ্ঞানই যদি এ বিষয়ে যথেষ্ট হতো, তাহলে যুক্তিকেই পথ-প্রদর্শকরূপ গ্রহণকারী গ্রীক দার্শনিকগণ পথভ্রষ্টতার তমসাচ্ছন্ন পাথারে এভাবে আর হাবুডুবু খেতে থাকত না। অন্যদের অপেক্ষা আল্লাহ্ পাককে বেশি চিনে তারাই, অথচ আল্লাহ্ পাকের অস্তিত্ব ও গুণাবলী সংক্রান্ত বিষয়টিতে সর্বাপেক্ষা অধিক বোকা ও অজ্ঞ এরাই। তারা কি মহান আল্লাহ্ পাককে নিষ্ক্রিয় ও বেকার জ্ঞান করে বসেছে?"
অতঃপর মুজাদ্দিদে আলফে সানী (র.) তাদের অনভিপ্রেত বিস্ময়কর উক্তিগুলো উল্লেখ করে লিখেছেন:
"আমি বিস্মিত হচ্ছি, এক সম্প্রদায় সেসব আত্মকদের (গ্রীক দার্শনিকগণ)-কে দার্শনিক আখ্যা দিচ্ছে। দর্শনশাস্ত্রের উদ্ভাবক নাকি তারা, অথচ এর (দর্শনের) সিংহভাগই অবান্তর ও ভিত্তিহীন সাব্যস্ত হয়েছে, বিশেষ করে ইলাহিয়াতের (যা তাদের এই বিষয়ের আসল লক্ষ্য) পর্বটি। প্রায় সবটুকুই এর কুরআন ও সুন্নাহর পরিপন্থী। অতএব, যাদের পুঁজি একমাত্র অজ্ঞতা তাদেরকে দার্শনিক আখ্যা দেয় কিভাবে? হ্যাঁ, দেয়া যেতে পারে, যদি অবজ্ঞাভরে কিংবা ব্যঙ্গ করে হয়, যেমন একজন অন্ধকে পদ্মলোচন নাম দেয়া হয়।” ১ আল্লাহ্ পাকের নিম্নোক্ত বাণীর জ্বলন্ত নমুনা তারাই:
"এদের সৃষ্টি কি এরা প্রত্যক্ষ করেছিল? তাদের উক্তি লিপিবদ্ধ করা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে।" [সূরা আল-যুখরুফ: ১৯]
"আকাশমণ্ডলীর ও পৃথিবীর সৃষ্টিকালে আমি তাদেরকে ডাকিনি। এবং তাদের সৃজনকালেও নয়, আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করার নই।” [সূরা আল-কাফ্ফ: ৫১]
টিকাঃ
১. তাহাফুতুল ফালাসিফা, পৃষ্ঠা ৩০।
২. তাহাফুতুল ফালাসিফা, পৃষ্ঠা ৩২।
৩. মাওয়াফিকাহ সারাইহুল মা'কূল।
৪. 'আররদ্দ 'আলাল মানতিকীয়্যীন', পৃষ্ঠা ৩৯৫।
৫. মাকতুব: ২৩/৩।