📘 নতুন পৃথিবীর জন্ম দিবস > 📄 এ যুগে আলোচ্য বিষয়টির প্রয়োজনীয়তা

📄 এ যুগে আলোচ্য বিষয়টির প্রয়োজনীয়তা


আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি বড় বড় বিজ্ঞানাগার, ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো, ইল্ল্মী সমিতিগুলো, জাতিসংঘ ও এর বিশ্ব সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইউনেস্কো তথা সর্বত্রই এই আলোচ্য বিষয়ের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছে। কারণ সৌভাগ্য, শান্তি ও সুখ-স্বাচ্ছন্দ্যের যাবতীয় উপকরণ থাকা সত্ত্বেও মানবতার আজ চরম দুর্গতি দেখা দিয়েছে এবং আধুনিক সভ্যতার দুর্ভাগ্য এই, এ সভ্যতার যারা ধারক ও বাহক তারা নবুয়ত ও নবীদের (আ.) শিক্ষার চরম বিদ্রোহী সেজেছে। তারা জীবন ও সভ্যতার নীলনকশা নবুয়তের আদর্শের বহির্ভূত পথে পরিচালিত করতে চাচ্ছে। আর পোষণ করছে আল্লাহর অবদানের প্রতি অহংকার ও অনীহা, যা প্রদত্ত হয়েছিল উম্মী নবীকে, ভাব-ভঙ্গিতে তারা অতীত বর্বর সমাজগুলোর সে অহংকারাত্মক উক্তিটারই পুনরাবৃত্তি করছে, কুরআনে পাকের ভাষায় বিবৃত হয়েছে: আবশারুন ইয়াহদুনানা “আমাদেরই মত মানুষ কি আমাদেরকে হিদায়াত দিতে চলেছে?” এমন একজন উম্মী আমাদেরকে কি জ্ঞান শেখাবে? এরূপ একজন নিঃস্ব ফকীর আমাদেরকে কি সুখী স্বাচ্ছন্দ্যময় করে তুলবে? আমাদেরকে কি সুসভ্য করে গড়ে ওঠাবে মরুভূমির এ যাযাবরটি?

কিন্তু দুর্ভাগ্যবশত কিংবা প্রতিকূল অবস্থার প্রেক্ষিতে যদি আমরা এসব জিনিস ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোতে তুলে ধরতে সক্ষম না হই, তাহলে কি কখনো সম্ভব হবে না, কমপক্ষে মদীনার এই বিশ্ববিদ্যালয়ে সেটিকে আলোচ্য বিষয়ে পরিণত করা? আর কেনই বা হবে না? এতো সেই মদীনা মুনাওয়ারা, যা সব সময়ে আধ্যাত্মিকতার ও নেহায়েত সুদক্ষদের বীজ বপনের উর্বর ক্ষেত্র এবং মুবারক সংরক্ষিত ভূমি যা তাদের জন্য যুগে যুগে সুফলা সাব্যস্ত হয়ে এসেছে। যে নগরী আল্লাহ্পাকের নিম্নোক্ত বাণীরই সত্যিকার বাস্তবায়ন:

“এবং (লক্ষ্য কর) যমীন খুবই উর্বরা, এ এর প্রতিপালকের নির্দেশক্রমে উত্তম ফলনই দিচ্ছে।” [সূরা আ'রাফ: ৫৮]

এখানে যা আলোচিত হয়েছে সারা বিশ্বে তার প্রতিধ্বনি শোনা গেছে।

📘 নতুন পৃথিবীর জন্ম দিবস > 📄 কুরআনে কারীমের আলোকে নবুয়ত ও আম্বিয়া-ই-কিরাম

📄 কুরআনে কারীমের আলোকে নবুয়ত ও আম্বিয়া-ই-কিরাম


মুতাকাল্লিম বা কালামশাস্ত্রবিদগণের আত্মা থেকে নিষ্কৃতি প্রার্থনার মাধ্যমে আমি এ মন্তব্যটুকু করতে বাধ্য হচ্ছি, মূলত 'ইলমে কালাম ও 'আকাঈদের কিতাবাদি নবুয়ত ও আম্বিয়া-ই-কিরামের ব্যাপারে নিতান্তই সংকীর্ণ ও সীমিত দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। এ সীমিত দৃষ্টিভঙ্গি নবুয়তকে একদিকে এমন গতিহীন ও প্রাচীরাবদ্ধ ভাবধারা হিসেবে চিহ্নিত করেছে, যা আকাঈদের নির্দিষ্ট সীমারেখার বাইরে জীবনের অন্যান্য দিকের সাথে কোন সম্পর্ক ছিল না। অবশ্য কালামশাস্ত্রের তদানীন্তন বাধ্যবাধকতা ও সীমিত পাঠ্য পদ্ধতি অবলম্বনের একটা সুনির্ধারিত পাঠ্য পরিক্রমার আবশ্যকতাও যে ছিল সেটা অস্বীকার করার কোন উপায় নেই। এ কারণেই আমরা নবুয়ত ও আম্বিয়া বিষয়দ্বয়কে কুরআনের আলোকে ও কুরআনের দৃষ্টিতে দেখা বাঞ্ছনীয় মনে করি। এ প্রজ্ঞাময় কিতাবেরই নির্দেশিত লক্ষ্যে নবুয়তের সম্ভাব্যতা, নিগূঢ় তথ্য, এর সুপরিসর দিগন্ত ও গভীরতা সম্পর্কে ভেবে দেখা একান্ত প্রয়োজন মনে করি। আজ চিন্তা করার দরকার হয়ে পড়েছে জীবনের ওপর নবুয়তের মাধ্যমে নাযিলকৃত মৌলিক বিষয়গুলো এবং হৃদয় ও দৃষ্টি, চরিত্র ও অভিরুচির ওপর এটার প্রভাব ও প্রতিফলন নিয়ে। আজ গবেষণা করা অপরিহার্য হয়ে পড়েছে সমাজ ও সভ্যতার একটা নীল নকশা নিয়ে, এমন কি এই কুরআনের গঠনমূলক অবস্থানগুলোকে নিয়ে বর্বরতার পাশাপাশি একটি অনুপম ও অনন্য সভ্যতার ভিত্তি রাখার উদ্দেশ্যে।

📘 নতুন পৃথিবীর জন্ম দিবস > 📄 অনুপ্রেরণাদায়ক ও প্রিয় আলোচ্য বিষয়

📄 অনুপ্রেরণাদায়ক ও প্রিয় আলোচ্য বিষয়


আমরা যখন যে উদ্দেশ্য নিয়ে কুরআন তিলাওয়াত করি, তখন সাহিত্য ও দর্শন, বিজ্ঞান, প্রকৌশল ও ঐতিহাসিক ব্যক্তিবর্গের সমন্বয়ে এমন কিছু দৃশ্য ও রাজকীয় রূপরেখা মানসপটে উদ্ভাসিত হয়ে ওঠে, যার সমতুল্য আকর্ষণীয় সৃষ্টি দ্বিতীয়টি নেই বললে অত্যুক্তি হবে না। নবী (আ.)-গণের আলোচনায় কুরআন গবেষণা করলে দেখা যায় তাঁদেরই জীবন প্রণালী, তাঁদেরই খুশি ও সুসংবাদ এবং তাঁদেরেই ভালবাসা দিয়ে এই কুরআন পরিপূর্ণ। মনে হয় যেন এই কুরআন প্রেমাস্পদের হৃদয়গ্রাহী ঘটনা ও সুমধুর আলোচনা গ্রন্থ! এতে যত দীর্ঘ ও গাম্ভীর্যপূর্ণ আলোচনা হোক না কেন এবং যত রঙ-বেরঙ ও শাখা-প্রশাখাই টানা হোক না কেন, খুবই কম মনে হয়।

লাযীয বুদ হিকায়ত দারায তার গুফতাম -

“যা উপস্থাপিত করেছি, আসল মূল ঘটনাটি তার চেয়ে অধিক দীর্ঘ ও চিত্তাকর্ষক ছিল।"

আমার দৃঢ় বিশ্বাস, যিনি বিবেক, সঠিক রুচি ও ভালবাসার ন্যূনতম অধিকারী হবেন, তিনি এ আলোচনায় প্রাণভরা আনন্দ পাবেন, অনুধাবন করবেন এক অপূর্ব তৃপ্তি।

এবারে শুনুন, হযরত ইবরাহীম (আ.)-এর আলোচনা কেমন ভালবাসা ও মাধুর্যের সাথে করা হচ্ছে:

"নিশ্চয়ই ইবরাহীম মানুষদের পথিকৃৎ এবং আল্লাহর অনুগত ছিলেন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ্ পাক তাঁকে নবী হিসেবে মনোনীত করে পরিচালিত করেছিলেন সরল পথে। আমি তাঁকে যেমন ইহলোকে দান করেছি সৌন্দর্য তেমনি পরকালেও তিনি অন্তর্ভুক্ত থাকবেন সত্যবাদীদের। অতঃপর আমি আপনার নিকট ওহী প্রেরণ করলাম, আপনি ইবরাহীমের নিখুঁত দীনের অনুসরণ করুন। ইবরাহীম মুশরিকদের কাতারভুক্ত নন।” [সূরা নাহল: ১২০-১২৩]

অনুরূপ আল্লাহ্ তা'আলার এই ইরশাদ পাঠ করুন:

“এবং এটা আমার যুক্তি, যা দিয়েছিলাম ইবরাহীমকে তাঁর সমাজের মুকাবিলায়। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। অবশ্যই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, মহাজ্ঞানী এবং তাঁকে দান করলাম ইসহাক ও ইয়াকুব। তাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করলাম এবং এর পূর্বে নূহকেও সঠিক পথে চালিয়েছিলাম। এবং তার বংশধর দাউদ, সুলায়মান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। অনুরূপই আমি নিষ্ঠাবানদেরকে তাদের কর্মের সুফল দিয়ে থাকি। এবং যাকারিয়া, ইয়াহ্ইয়া, ঈসা ও ইলিয়াসকেও। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত এবং ইসমাঈল, আল-ইসায়া, ইউনুস ও নূহকেও। তাঁদের প্রত্যেককেই আমি নিখিল বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং তাদের কতিপয়ের পিতৃপুরুষ, সন্তান-সন্ততি ও ভ্রাতৃবৃন্দকেও দিয়েছি সে শ্রেষ্ঠত্ব। তাদেরকে নবী হিসেবে মনোনীত করে সঠিক ও সরল পথের দিকে পরিচালিত করেছি। এটাই মহান আল্লাহর প্রদর্শিত পথ। তিনি তাঁর বান্দাদের যাকে চান এর মাধ্যমে হিদায়ত দান করেন। যদি তারা শিরক করত তাদের কৃতকর্মের প্রতিদান বরবাদ হতো। এরাই তারা যাদেরকে প্রদান করেছি আসমানী কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত। সুতরাং মক্কাবাসিগণ যদি এগুলোর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে, আমি সেক্ষেত্রে এমন এক সম্প্রদায়কে নিযুক্ত করেছি যারা এগুলোকে অস্বীকৃতি জ্ঞাপন করে না।” [সূরা আল-আন'আম : ৮৩-৮৯]

📘 নতুন পৃথিবীর জন্ম দিবস > 📄 নির্বাচিত সৃষ্টি ও মানবতার নিষ্কলুষ আদর্শ

📄 নির্বাচিত সৃষ্টি ও মানবতার নিষ্কলুষ আদর্শ


কুরআন মজীদ আম্বিয়া-ই-কিরামকে কখনো কখনো স্মরণ করেছে ইস্তিফা (মনোনয়ন), ইজতিবা (চয়ন), মহব্বত ও সন্তুষ্টির শব্দ দ্বারা, আবার কখনো কখনো তাঁদেরকে উন্নত প্রশংসাবলী, যৌক্তিক, চারিত্রিক ও আমালী যোগ্যতার যথাযথ বাহক হিসেবে চিহ্নিত করেছে। এসব দ্বারা একথাই প্রমাণিত হয়, নবীগণই সৃষ্টির নির্যাস, মানবতার নিষ্কলঙ্ক আদর্শ ও আল্লাহ্ পাকের বার্তা বহন ও দীনের দাওয়াতের ক্ষেত্রে সর্বাধিক যোগ্য ও নৈপুণ্যের অধিকারী ব্যক্তিবর্গই হয়ে থাকেন।

আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। "রিসালাতের দায়িত্ব কোথায় রাখা যায়, এ সম্পর্কে আল্লাহই সর্বাধিক জ্ঞানী।" [সূরা আল-আন'আম : ১২৪]

হযরত ইবরাহীম (আ.) সম্পর্কে ইরশাদ হচ্ছেঃ "আমি তো এর পূর্বে ইবরাহীমকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত।" [সূরা আম্বিয়া : ৫১]

আরো বলা হয়েছে : "এবং আল্লাহ্ তা'আলা ইবরাহীমকে বন্ধু করে নিয়েছিলেন।" [সূরা আন-নিসা : ১২৫]

“এবং আমি পরবর্তীদের মাঝে ইবরাহীমের পুণ্য স্মৃতি টিকিয়ে রেখেছি, ইবরাহীমের ওপর শান্তি বর্ষিত হোক! পুণ্যবানদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। তিনি আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীদেরই একজন ছিলেন।" [সূরা আস-সাফফাত : ১০৮-১১১]

এবং হযরত ইবরাহীম (আ.) সম্পর্কেই বলা হয়েছে: "অবশ্যই ইবরাহীম নিতান্ত ধৈর্যশীল, কোমল-প্রাণ ও আল্লাহঅভিমুখী ছিলেন।" [সূরা হুদ : ৭৫]

এদিকে হযরত ইসমাঈল (আ.)-এর স্মরণে বলা হয়েছে: "তিনি তাঁর প্রতিপালকের কাছে অতীব প্রিয় ছিলেন।” [সূরা মারইয়াম: ৫৫]

হযরত মূসা (আ.)-এর স্মরণে বলা হয়েছে: "আর আমি তোমাকে আমার কাজের জন্য তৈরি করেছি।" [সূরা ত্বহা : ৪১]

আরো বলা হয়েছে: "এবং মূসা! আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালবাসা সঞ্চারিত করেছি। (তোমার সাথে মানুষ সদাচরণের জন্য) যেন তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও।" [সূরা তাহা : ৩৯]

তাঁর সম্পর্কে আরো ইরশাদ হচ্ছে: "আমি তোমাকে আমার বাণী ও বাক্যালাপ দ্বারা লোকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি।” [সূরা আ'রাফ: ১৪৪]

হযরত দাউদ (আ.)-এর স্মরণে বলা হয়েছে: "এবং আমার বান্দাহ শক্তিধর দাউদকে স্মরণ করুন। অবশ্যই তিনি (আল্লাহর দিকে) প্রত্যাবর্তনকারীদেরই একজন ছিলেন।" [সূরা সাদ : ১৭]

তাঁরই যোগ্য উত্তরসুরি সন্তান হযরত সুলায়মান (আ.)-এর স্মরণে বলা হয়েছে: “সুলায়মান নেহায়েত উত্তম বান্দা ছিলেন। নিশ্চয়ই তিনি প্রত্যাবর্তনকারীদের একজন ছিলেন।" [সূরা সাদ : ৩০]

অনুরূপ হযরত আইয়ুব (আ.)-এর মর্যাদাসম্পন্ন এক জামাত নবী (আ.)-এর প্রতি ভালবাসা, সম্মান প্রদর্শন ও তাঁদের উচ্চাঙ্গের গুণাবলী বিশেষ ভঙ্গিতে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে: "এবং আমার কতিপয় ক্ষমতাবান ও বিচক্ষণ বান্দা, যেমন ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করুন। আমি তাঁদেরকে পরপারের ইয়াদের এক বৈশিষ্ট্যপূর্ণ গুণ দিয়ে অলংকৃত করেছি। এবং তাঁরা আমার নিকট মনোনীত ও নিষ্ঠাবানদের অন্তর্ভুক্ত ছিলেন।” [সূরা সাদ : ৪৫-৪৭]

এ অনুভূতি থাকা সত্ত্বেও যে আপনারা কুরআন পাকের তাত্ত্বিক গবেষণা করে থাকেন এবং আমার আলোচনা আপনাদের কাছে অভিনব কিংবা নতুন কিছু যে উপস্থাপন করবে এমন কিছু নয়, তথাপি এ মনোরম ও আনন্দদায়ক আলোচনা মঞ্চে আমার বক্তব্যটা দীর্ঘায়িত করার কারণ হচ্ছে এই, আল্লাহ্ পাকের কাছে নবী (আ.)-দের সম্মান, মর্যাদা ও তাঁদের সম্পর্কে কুরআনের ভাষায় উচ্চারিত উচ্চাঙ্গের প্রশংসাবলী ও গুণাবলী আপনাদের হৃদয় সমীপে তুলে ধরা। কুরআন তাঁদেরকে আদর্শ চরিত্র, উত্তম ও উন্নত গুণাবলীর দিশারী বলে ঘোষণা করেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00