📘 নজরের হেফাজত সফলতার হাতিয়ার > 📄 হাদিসে বর্ণিত দলিলসমূহ

📄 হাদিসে বর্ণিত দলিলসমূহ


দৃষ্টিসংযম নিয়ে কুরআনের মতো হাদিস থেকেও অনেকগুলো দলিল উল্লেখ করা যায়। এখানে আমরা অল্প কয়েকটি তুলে ধরছি।
প্রথম দলিল : হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
إياكم والجلوس في الطرقات. قالوا: يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها. فقال رسول الله صلى الله عليه وسلم : فإذا أبيتم إلا المجلس، فأعطوا الطريق حقه قالوا: وما حق الطريق يا رسول الله؟ قال: غض البصر، وكف الأذى، ورد السلام، والأمر المعروف والنهي عن المنكر .
তোমরা পথেঘাটে বসে থেকো না। তখন সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল, আমাদের তো তা ছাড়া বসে কথা বলার মতো জায়গা নেই। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের বসতেই হয়, তাহলে রাস্তার হকও আদায় করবে। তারা জিজ্ঞেস করেন, রাস্তার হক কী, হে আল্লাহর রাসুল? নবিজি বলেন, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের জবাব দেওয়া এবং সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করা। [৯]
লক্ষণীয় বিষয় হলো, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক বর্ণনা করতে গিয়ে শুরুতেই উল্লেখ করেছেন পরনারী থেকে দৃষ্টি অবনত রাখার বিষয়টি। কিন্তু আফসোস আমাদের যুবকদের জন্য, যারা নারী-দর্শনের উদ্দেশ্যে রাস্তার মোড়ে মোড়ে, পাড়ার ওলিতে-গলিতে দাঁড়িয়ে সময় নষ্ট করে। হায়, যদি তারা এই হাদিসটি নিয়ে ভাবত! তারা যদি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ-নিষেধ মেনে চলত!
দ্বিতীয় দলিল : হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَى مُدْرِكَ ذَلِكَ لا مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذْنَانِ زِنَاهُمَا الاِسْتِمَاعُ وَالنِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ
বনি আদমের জন্য জিনার যে অংশ নির্ধারিত রয়েছে, তাতে সে জড়িত হবেই। চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো বলা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হাঁটা; আর অন্তর কামনা-বাসনা করতে থাকে; যৌনাঙ্গ তা সত্য অথবা মিথ্যা প্রমাণ করে। [১০]
উল্লেখিত হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাষায় হারাম জিনিসের দিকে দৃষ্টিপাতকে চোখের জিনা আখ্যায়িত করেছেন। বরং এটিকে নবিজি অন্যান্য অঙ্গের জিনার 'উপকরণ' সাব্যস্ত করেছেন। কারণ, মানুষের চোখ তার হৃদয়ের আয়না। তাই হৃদয়ের সকল আকাঙ্ক্ষার পেছনে চোখের ভূমিকা থাকে।
তৃতীয় দলিল : হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
لا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبِ وَاحِدٍ وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ.
কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর সতরের দিকে তাকাবে না; কোনো পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না এবং কোনো মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না।[১১]
একজন পুরুষের জন্য যদি তার মতো আরেকজন পুরুষের সতর দেখা বৈধ না হয়, তাহলে তার জন্য পরনারীর দিকে তাকানো কি বৈধ হতে পারে!?
চতুর্থ দলিল : হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন—
قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ نَظْرَةِ الْفَجْأَةِ فَقَالَ: اصْرِفْ بَصَرَكَ
আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ-দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি তোমার চোখ ফিরিয়ে নেবে।'[১২]
'হঠাৎ-দৃষ্টি' হলো পথ চলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো নারীর দিকে চোখ পড়ে যাওয়া। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী এমন হলে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিতে হবে।
পঞ্চম দলিল : হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে বলেন—
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجُ . فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءُ.
হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহ করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে ফেলে। কেননা, তা চোখ ও যৌনাঙ্গ সংযত রাখার ক্ষেত্রে অধিক কার্যকরী। আর যে সক্ষমতা না রাখে, সে যেন রোজা রাখে। কেননা, তা-ই তার যৌনত্তেজনা দমিয়ে রাখবে। [১৩]
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবসমাজকে বিয়ের প্রতি উৎসাহিত করেছেন। কারণ, বিয়ে নজর ও যৌনাঙ্গ হেফাজতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক। আর এ-দুটি নিয়ন্ত্রণে রাখতে পারলেই ইবাদত-বন্দেগি, ইলম অন্বেষণ এবং দাওয়াত ও তাবলিগের কাজে মনোযোগ দেওয়া সহজ হয়।
ষষ্ঠ দলিল : হজরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
يَا عَلِيُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ.
হে আলি, (কোনো নারীর দিকে) পরপর দুইবার তাকাবে না। কেননা, প্রথমবার তোমার জন্য বৈধ হলেও দ্বিতীয়বার তোমার জন্য বৈধ নয়।'[১৪]
প্রথম দৃষ্টি সম্পর্কে নবিজির আরও একটি নির্দেশনা চতুর্থ দলিলে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে।
সপ্তম দলিল : হজরত উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
اضْمَنُوا لِي سِئًا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ : اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ.
তোমরা আমাকে ছয়টি ব্যাপারে নিশ্চয়তা দিলে আমি তোমাদের জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেবো : কথা বললে সত্য বলবে, প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে, আমানত রাখলে ফেরত দেবে, যৌনাঙ্গের হেফাজত করবে, দৃষ্টি সংযত রাখবে এবং তোমাদের হাত সংবরণ করবে (তথা, ক্ষমতার অপব্যবহার করবে না, জুলুম করবে না।)।

টিকাঃ
[৯] সহিহুল বুখারি, হাদিস নং ২৪৬৫
[১০] সহিহু মুসলিম, হাদিস নং ৬৬৪
[১১] সহিহু মুসলিম, হাদিস নং ৬৫৫।
[১২] সুনানু আবি দাউদ, হাদিস নং ২১৪৮।
[১৩] সহিহুল বুখারি, হাদিস নং ৫০৬৬।
[১৪] সুনানু আবি দাউদ, হাদিস নং ২১৪৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00