📄 এখন বয়স্বাল, এখনই কি ইবাদতের সময় হয়েছে?
নফছ ও শয়তান: এখন বয়স্কাল, এখনই কি ইবাদতের সময় হয়েছে? তুমি কি বৃদ্ধ হয়ে গেছ নাকি?
আব্দুল্লাহ: বৃদ্ধ হওয়ার আগে কি ইবাদত ফরয নয়? ইবাদত তো বালেগ হওয়ার পর থেকেই ফরয হয়ে যায়।
নফছ ও শয়তান: হাঁ ইবাদত তো করতেই হবে। কিন্তু এখন বয়স্কাল, এখন একটু ফুর্তি-ফার্তি করো। ইবাদত করার তো সময় ঢের পড়ে আছে। শেষ বয়সে খুব ইবাদত করো। তখন তো ফুর্তি-ফার্তির বয়স থাকবে না, তখন আল্লাহ-বিল্লাহ ছাড়া আর কাজ কি? তখন সারাক্ষণ মসজিদে পড়ে থাকবে, আল্লাহর কাছে অতীতের জন্য কান্নাকাটি করে মাফ চাবে, আল্লাহ দয়ালু মাফ করে দিবেন।
আব্দুল্লাহ: আমার যে সময় আছে, তখন খুব ইবাদত করতে পারব- তার গ্যারান্টি দাও। আরও বয়স পাব তার গ্যারান্টি দাও।
নফছ ও শয়তান: তোমার এখন কিইবা আর বয়স। স্বাভাবিকভাবেই তো অনেক মানুষ এর চেয়ে বেশি বয়স পায়। তুমিও পাবে।
আব্দুল্লাহ: আমার বয়সী অনেক লোকও তো মারা যায়। আমি যে মারা যাব না, আমি যে আরও বয়স পাব তার গ্যারান্টি দাও।
📄 ধর্ম-কর্ম করতে গেলে জীবনে কোন রোমান্স থাকে না
নফছ ও শয়তান: ইবাদত-বন্দেগী ও ধর্ম-কর্ম করতে গেলে জীবনে কোন রোমান্স থাকে না! জীবনটা একেবারে রসকষহীন হয়ে যায়, জীবনে কোন মজা থাকে না।
আব্দুল্লাহ: কে বলেছে, ইবাদত করলে জীবনে রোমান্স থাকে না? কে বলেছে ইবাদত করলে জীবনে স্বাদ বা মজা থাকে না। বুযুর্গানে দ্বীন তো বলেন, আমরা যে মজায় আছি তা যদি রাজা-বাদশারা টের পেত তাহলে আমাদের এই মজা ছিনিয়ে নেয়ার জন্য তারা আমাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হত।
নফছ ও শয়তান: আরে ঐ রোমান্স না, মানে এখনই ইবাদত-বন্দেগীতে লিপ্ত হয়ে হুজুর সেজে বসলে মেয়েদের সঙ্গে একটু ইয়ে সিয়ে সব রোমান্সই তো শেষ হয়ে যাবে। গান-বাদ্য, নাচ, রং ঢং কতকিছু থেকে বঞ্চিত হতে হবে!
আব্দুল্লাহ: মুরব্বীদের থেকে শুনেছি, তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন, "বয়স্কালে মেয়েদের সঙ্গে অবৈধভাবে ইয়ে সিয়ে করলে, গান-বাদ্য নাচ-ড্যান্সে লিপ্ত হয়ে মনকে অপবিত্র করলে সাময়িক মজা হয় বটে কিন্তু শেষ জীবনে এর জন্য এত অনুশোচনা জাগে, এত মানসিক কষ্ট হয় যে, তখন মনে হয় জীবনে এসব না করলেই বরং এখন খুব মানসিক শান্তিতে থাকতাম। পূত-পবিত্র অনুভূতিতে হৃদয়-মন ফুরফুর করত।” তাই আমি সাময়িক লাভের চিন্তায় ভবিষ্যৎকে ধ্বংস করার মত অবুদ্ধিমত্তার কাজ করব না। আমি তোমার কথায় আমার ভবিষ্যতের পায়ে কুড়াল মারব না।
📄 ধর্ম-কর্ম হল অন্ধ বিশ্বাস
নফছ ও শয়তান: ধর্ম-কর্ম হল অন্ধ বিশ্বাস। আল্লাহকে দেখেছ কি? জান্নাত জাহান্নাম দেখেছ কি? এসব না দেখে বিশ্বাস করে তার জন্য ইবাদত করা- একেই তো বলে অন্ধ বিশ্বাস।
আব্দুল্লাহ: এগুলো সম্বন্ধে আগেও অনেক কথা হয়েছে। আল্লাহ আছেন তারও যুক্তি আছে, জান্নাত জাহান্নাম আছে তারও যুক্তি আছে, এগুলো আমরা কেউ না দেখলেও আমাদের রসূল দেখেছেন। অর্থাৎ, এমন একজন দেখে এসে বলেছেন যার একার দেখাই একশ। এগুলো নিয়ে পূর্বে তোমার সঙ্গে অনেক বাহাছ হয়েছে। আবার এগুলো নিয়ে আলোচনা করে সময় ক্ষেপন করতে চাই না। আমি ইবাদত শুরু করতে চাই। আমি তোমাকে তাড়ানোর জন্য পড়ছি- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।