📄 নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে অবগাহনকারী ব্যক্তি তাঁকে পাবে অকৃপণ ঝরনার বহমানতায়; মানবমহত্ত্বের সর্বপ্রকারের জন্য যিনি অনুপেক্ষ সমৃদ্ধ এক উৎস। আর এমন হবেই না-বা কেন! তাঁকে তো আল্লাহ তাআলা সমগ্র বনি আদমের মধ্য থেকে নির্বাচন করেছেন, তাঁর মাধ্যমে মোহর এঁটে দিয়েছেন নিজের নবি এবং রাসুলদের আগমন-ধারাবাহিকতায়। তাঁর জীবন ছিল সবচেয়ে বেশি জ্যোতির্ময়। মানবতা নিজের সূচনাতেই, সৃষ্টির প্রথম সকালেই তাঁকে চিনে নিয়েছিল; নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে হয়েছেন আল্লাহর এই বাণীর অধিকারী-
وَ إِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। [সুরা কলাম, আয়াত : ৪]
তাঁর উত্তম চরিত্র ছিল তাঁর নবুওয়্যাতের প্রমাণ; ফলে দেখা গেছে, স্বচক্ষে তাঁর মহান চরিত্র প্রত্যক্ষ করার পর বা তাঁর তিরোধানের পর তাঁর মহান চরিত্রের বিষয়টি অধ্যয়ন করে কিংবা শুনে অগণিত মানুষ ঈমান গ্রহণ করেছে। তাঁর চরিত্র ছিল বাস্তবানুগ—উত্তম চরিত্রের প্রতিটি অধ্যায়ে যা জ্যোতির্ময় হয়ে ফুঠে উঠেছে।
সামনের আলোচনাগুলোতে আমরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্বের কিছু দিক জানতে পারব, ইনশাআল্লাহ।
📄 নবিজির সততা
একজন মানুষ যেসব উন্নত চরিত্রগুণে গুণান্বিত হয়ে শ্রেষ্ঠ ও মহৎ হয়, এর মধ্যে সততা অন্যতম। সততা তাই স্বাভাবিকতই কুরআন কারিমের গুরুত্বের অন্যতম কেন্দ্রবিন্দু; আল্লাহ তাআলাকে রব বিশ্বাসকারী প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন—
يَآ أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَ كُوْنُوْا مَعَ الصَّدِقِيْنَ
হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। [সুরা তাওবা, আয়াত: ১১৯]
আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকার নির্দেশ প্রদান করেছেন, এ কথা বোঝানোর জন্য, সমগ্র মুসলিম জাতিকে অবশ্যই সততার মহৎ গুণে গুণান্বিত হতে হবে। সততা প্রতিটি কল্যাণের চাবি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার গুণে ছিলেন অনন্য, অন্যতম, প্রধান উপমা। নবুওয়্যাতপ্রাপ্তির পূর্বেই কুরাইশদের পক্ষ থেকে তাঁকে উপাধি দেওয়া হয়েছিল—সাদিক বা সত্যবাদী সম্বোধনে, আমিন বা বিশ্বস্ত উপাধিতে। তারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের জরুরি বিষয়গুলো আমানত রেখে নিজেদের বস্তু ও গোপন বিষয়গুলোর ব্যাপারে নিশ্চিন্ত থাকত। যখনই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নবুওয়্যাত পেলেন, সাথে সাথে তাঁর বংশের লোকজনসহ আত্মীয়স্বজন প্রায় সকলেই শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা, যুদ্ধংদেহি ভাব প্রকাশ করতে আরম্ভ করল। এই সঙ্গিন পরিস্থিতিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মহান চরিত্রে ইস্পাতদৃঢ়ভাবে অবিচল থাকলেন; এমনকি সেসব আমানত ফিরিয়ে দিয়ে তাঁর সততার বহিঃপ্রকাশ ঘটালেন—সবচেয়ে বড় শত্রুরা যেগুলো তাঁর কাছে আমানت রেখেছিল। [১১২]
আল্লাহ তাআলা যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন- নিজের নিকটাত্মীয়দেরকে (পরকালের শান্তি সম্পর্কে) ভীতি প্রদর্শন করো, তিনি সাফা পর্বতে আরোহণপূর্বক বললেন-
أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ أَكُنْتُمْ مُصَدِّقِ؟ قَالُوا نَعَمْ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا قَالَ فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ .
আমি যদি তোমাদের সংবাদ দিই, উপত্যকার পাদদেশে একটি অশ্বারোহী বাহিনী ওত পেতে রয়েছে, তারা যেকোনো মুহূর্তে তোমাদের ওপর হামলে পড়তে পারে, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল- হ্যাঁ। আমরা তোমার ব্যাপারে কেবল সততার অভিজ্ঞতাই লালন করি। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-আমি তোমাদের অত্যাসন্ন কঠিন আজাব সম্পর্কে ভীতি প্রদর্শন করছি।[১১৩]
নবিজির সবচেয়ে বড় শত্রু-নজর ইবনু হারিসও তাঁর সততার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলেন। সে কুরাইশের নেতৃস্থানীয় লোকদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা দেয়—
يا معشر قريش، إنه والله لقد نزل بكم أمر ما أتيتم له بحيلة بعد، قد كان محمد فيكم غلاما حدثا، أرضاكم فيكم وأصدقكم حديثا، وأعظمكم أمانة حتى إذا رأيتم في صدغيه الشيب، وجاءكم بما جاءكم به قلتم: ساحر. لا والله ما هو بساحر؛ لقد رأينا السحرة ونفثهم وعقدهم، وقلتم : كاهن. لا والله ما هو بكاهن؛ قد رأينا الكهنة وتخالجهم، وسمعنا سجعهم. وقلتم: شاعر. لا والله ما هو بشاعر؛ قد رأينا الشعر وسمعنا أصنافه كلها؛ هزجه ورجزه، وقلتم: مجنون. لا والله ما هو بمجنون لقد رأينا الجنون فما هو بخنقه ولا وسوسته ولا تخليطه ، يا معشر قريش، فانظروا في شأنكم ، فإنه والله لقد نزل بكم أمر عظيم .
হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর কসম, তোমাদের ওপর এমন কঠিন বিপদ আপতিত হয়েছে, যেরকম বিপদ প্রতিরোধের কোনো কৌশল তোমাদের এখনো হস্তগত হয়নি। মুহাম্মদ ছিল তোমাদের মাঝে তরুণ-যুবক, তোমাদের মাঝে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বড় আমানতদার। যখন তোমরা তার দুই জুলফিতে শুভ্রতা দেখলে-সে পদার্পণ করল প্রৌঢ়ত্বে, তোমাদের কাছে যা নিয়ে আসার তা নিয়ে এলো, তখন তোমরা তাকে বললে-জাদুকর। আল্লাহর কসম, তিনি জাদুকর নন। আমরা তো জাদু দেখেছি, দেখেছি জাদুর ফুঁৎকার ও গ্রন্থি। তোমরা বললে-সে জ্যোতিষী। আল্লাহর কসম, তিনি জ্যোতিষী নন। আমরা তো জ্যোতিষী ও তাদের অবস্থা দেখেছি, তাদের তুকতাক শুনেছি। তোমরা বললে-সে কবি। আল্লাহর কসম, তিনি কবি নন। আমরা কবিতা দেখেছি, কবিতার সমস্ত প্রকার শুনেছি, কবিতার ঝংকার-তরঙ্গ দেখেছি। তোমরা বললে-সে পাগল। আল্লাহর কসম, তিনি পাগল নন। আমরা পাগল দেখেছি। পাগলের কথায় যে জড়তা, আবোলতাবোল ও অমূলক বক্তব্য থাকে, তা তাঁর কথাবার্তায় অনুপস্থিত। তোমরা নিজেদের অবস্থান দেখো। আল্লাহর কসম, তোমরা এমন বিপদে কখনো নিপতিত হওনি।[১১৪]
এসবের চেয়ে বড় বিষয় হলো—তাঁর সততার ব্যাপারে আল্লাহ তাআলার সাক্ষ্যপ্রদান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
وَ الَّذِي جَاءَ بِالصِّدْقِ وَ صَدَّقَ بِهِ أُولِّيكَ هُمُ الْمُتَّقُوْنَ .
যিনি সত্যসহ এসেছেন এবং যাঁরা তাঁকে সত্যায়ন করেছেন, তাঁরা মুক্তাকি। [সুরা জুমার, আয়াত: ৩৩]
যিনি সত্যসহ আগমন করেছেন, তিনি আমাদের নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি তাঁর প্রতি সপ্তাকাশের ওপার থেকে অবতীর্ণ কুরআন কারিমের বিষয়বস্তুকে সত্যায়ন করেছেন, তিনি আল্লাহ তাআলা। এই আয়াতের সাথে সংযুক্ত করে ইমাম ইবনু আশুর বলেছেন-সত্যসহ আগমনকারী হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সত্যটি হলো আল-কুরআন।[১১৫]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা-সর্বদা মুসলিমদেরকে তাঁদের কথা- কাজে সত্যপথে চলতে উৎসাহিত করতেন। তিনি বলতেন-
عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.
তোমাদের জন্য সত্য অপরিহার্য। কারণ, সত্য নেকির পথে পরিচালিত করে, আর নেকি জান্নাতের পথে পরিচালিত করে। মানুষ যখন সত্যপথে চলতে থাকে, সত্য অন্বেষণ করতে থাকে, তাকে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে নথিভুক্ত করা হয়।
তোমরা মিথ্যাকে পরিহার করে চলবে। কারণ, মিথ্যা পাপাচারের পথে পরিচালিত করে, আর পাপাচার জাহান্নামের পথে নিয়ে যায়। মানুষ যখন অবিরত মিথ্যা বলে, মিথ্যাকে খোঁজে, তাকে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে নথিভুক্ত করা হয়। [১১৬]
এমনকি অনেক সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করে ইরশাদ করতেন-
اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ .
তোমরা নিজেদের মধ্য থেকে আমার জন্য ছয়টি বস্তুর দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। সেগুলো হলো :- কথা বললে সত্য বলো, প্রতিজ্ঞা করলে পূর্ণ করো, আমানত রাখা হলে তা প্রদান করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাদের চোখকে নিচু রাখো এবং তোমাদের হাতকে (অপরাধ থেকে) বিরত রাখো। [১১৭]
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার আরেকটি দিক হলো-তিনি নিজের পরবর্তী প্রজন্ম ও মুসলিমদের মাঝে সত্যকে ভালোবাসার শিক্ষা প্রোথিত করেছেন। এর সবচেয়ে বড় দলিল-আবুল হাওরা আস-সায়াদি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি হাসান ইবনু আলি রাদিয়াল্লাহু আনহুমাকে বললাম, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন বিষয়টি সংরক্ষণ করেছেন? তিনি বললেন-
حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ فَإِنَّ الصَّدْقَ طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيبَةُ .
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি— সন্দেহপূর্ণ বিষয় ছাড়ো, নিশ্চিত বিষয় ধরো। কারণ, সত্য হলো তৃপ্ততা আর মিথ্যা হলো সংশয়তা। [১১৮]
এই ভালোবাসা এমনিতেই সৃষ্টি হয়নি; এর মূল রহস্য—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রতিটি কথা ও কাজে এই গুণে গুণান্বিত ছিলেন; এমনকি ঠাট্টা ও মশকরার সময়, যখন মানুষ মিথ্যাকে বৈধ মনে করে, তখনো তিনি সত্যবাদিতার গুণে অবিচল থাকতেন। হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِي قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَلْ تَلِدُ الْإِيلَ إِلَّا النُّوقُ .
জনৈক ব্যক্তি তাঁর কাছে এসে বলল—হে আল্লাহর রাসুল, আমাকে আরোহণের জন্য কোনো জন্তু দিন। জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-আমি তোমাকে উটের বাচ্চায় আরোহণ করাব। লোকটি বলল-হে আল্লাহর রাসুল, আমি উটের বাচ্চা দিয়ে কী করব? জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—উটনি তো বাচ্চাই জন্ম দেয়। [১১৯]
একজন সাধারণ মুসলিমের সাথে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রসিকতা ছিল হৃদ্যতা ও ভালোবাসা বৃদ্ধির জন্য। কিন্তু সেখানেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য শব্দই ব্যবহার করেছেন।
যুদ্ধের সময়ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এর ব্যতিক্রম হতো না। বাকি যতটুকু মিথ্যা বলার অনুমতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রেক্ষাপটে দিয়েছেন, তা ছিল শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাদের পক্ষ থেকে আশঙ্কাপূর্ণ ক্ষতিকে প্রতিরোধ করার জন্য; [১২০] কিন্তু সেখানেও তিনি সত্যই বলেছেন।
আমরা বদর যুদ্ধপূর্ববর্তী তাঁর অবস্থান দেখব, যেখানে কুরাইশরা মুসলিমদেরকে সমূলে উৎপাটন করার জন্য যুদ্ধযাত্রা করেছিল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তাঁর সাথে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উদ্দেশ্য ছিল—আরবের জনৈক বৃদ্ধের কাছ থেকে কুরাইশদের সংবাদ অবগত হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরাইশদের সম্পর্কে, মুহাম্মদ ও তাঁর সাথিদেরকে সম্পর্কে, যা জানে, সে বিষয়ে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ বলল—তোমাদের দুজনের পরিচয় না দিলে আমি তোমাদের কিছুই বলব না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—তুমি বললে আমরাও বলব। বৃদ্ধ বলল—তাহলে কি বিনিময় হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-হ্যাঁ। এবার বৃদ্ধ বলল—আমি জানতে পেরেছি, মুহাম্মদ ও তাঁর সাথিরা অমুক অমুক দিন বের হয়েছেন। যদি আমাকে সংবাদদাতা সঠিক বলে থাকে, তাহলে তাঁরা অমুক স্থানে আছেন। (বাস্তবেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছিলেন।) আর কুরাইশদের ব্যাপারে জানতে পেরেছি, তারা অমুক দিন যুদ্ধযাত্রা করেছে। যদি সাংবাদিক আমাকে সঠিক তথ্য দিয়ে থাকে, তাহলে তারা আজকে অমুক স্থানে অবস্থান করছে। (বাস্তবেও কুরাইশরা সেখানে অবস্থান করছিল।) কথা শেষ করে বৃদ্ধ জিজ্ঞেস করল—তোমরা কারা, এবার বলো? জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
نحن من ماء
আমরা পানি হতে সৃষ্টি।
তারপর সেখান থেকে চলে গেলেন। বৃদ্ধ জিজ্ঞেস করল-‘কীসের পানি থেকে? ইরাকের পানি থেকে কি?[১২১]
আমরা খুব সুন্দর একটি ঘটনার মাধ্যমে এই আলোচনাটি শেষ করতে চাচ্ছি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাওয়াজিনের প্রতিনিধিদলের মাঝে সংঘটিত হয়েছিল; ইসলাম গ্রহণের প্রথম দিনেই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্যবাদিতার গুরুত্ব শিক্ষা দিয়েছিলেন। তাদেরকে বলেছিলেন—
أَحَبُّ الْحَدِيثِ إِلَيَّ أَصْدَقُهُ
আমার কাছে সবচেয়ে প্রিয় বাণী হলো—সত্য কথা।[১২২]
এমনটিই ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যেখানে প্রতিটি বস্তু সত্যের শুভ্রতায় আলোকময় ছিল। কারলাইল[১২৩] তাই বলতে বাধ্য হয়েছেন— ...তোমরা কি মনে কর, একজন মিথ্যাবাদী মানুষ জনপ্রিয় একটি ধর্ম আবিষ্কার করতে পারে? সে তো একটি ইটের ঘরও নির্মাণ করতে পারে না। যখন লোকে চুন, চুনকাম, মাটি ও গৃহনির্মাণ-প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে না জানে, তার দ্বারা বাড়ি নির্মাণ অসম্ভবপর। সে তো গড়বে ধ্বংসস্তুপের পাহাড় আর অনেক উপকরণের মিশেলে তৈরি বালুর চর! এমন ব্যক্তির নির্মিত ধর্মের দুইশ মিলিয়নেরও অধিক অনুসারীদের [১২৪] যুগও কি টিকে থাকার কথা! তারা তো বরং এমনভাবে ধ্বংস হয়ে পড়ার কথা, যাদের নামনিশানা পর্যন্ত থাকবে না। আমি খুব ভালোভাবেই জানি, এমন মানুষের জন্য প্রতিটি বিষয়ে স্বভাবগত নিয়মের অনুগামী হয়ে চলতে হয়, নতুবা তার আহ্বান প্রত্যাখ্যান হয়। ওই কাফিররা ইসলামের নবির বিরুদ্ধে যা ছড়িয়েছে, তা মিথ্যা। এ মিথ্যা প্রচারণার কারণে মানুষেরা সে মিথ্যাকে সত্য ভাবতে আরম্ভ করেছে...
দুর্ভাগ্য, তাদের এ বিভ্রান্তিমূলক অপপ্রচারের কারণে গোষ্ঠীর পর গোষ্ঠী প্রতারিত হয়েছে!...[১২৫]
টিকাঃ
[১১২] সুনানুল কুবরা, বাইহাকি: হাদিস: ১২৪৭৭; আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনু কাসির, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২১৮-২১৯; তারিখুল উমাম ওয়াল মুলুক, তাবারি, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৬৯।
[১১৩] সহিহুল বুখারি, হাদিস: ৪৭৭০; সহিহ মুসলিম, হাদিস: ৫০৭১।
[১১৪] সিরাতে ইবনু হিশাম খণ্ড: ১, পৃষ্ঠা: ২৯৯-৩০০; আর-রওজুল উনুফ, আস-সুহাইলি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৬৮; উয়নুল আসার, ইবনু সায়্যিদিন নাস, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪২৭。
[১১৫] আত-তাহরির ওয়াত তানবির, ইবনু আশুর, খণ্ড: ২৪, পৃষ্ঠা : ৮৬।
[১১৬] সহিহ মুসলিম, হাদিস : ২৬০৭, সুনানু আবি দাউদ, হাদিস: ৪৯৮৯, সুনানুত তিরিমিজি, হাদিস: ১৯৭১, ইবনু মাজাহ, হাদিস: ৩৮৪৯。
[১১৭] মুসনাদু আহমাদ, হাদিস: ২২৮০৯। আল্লামা শুয়াইব বলেছেন-হাদিসটি হাসান লিগাইরিহি এবং বর্ণনাটির রাবিগণ নির্ভরযোগ্য; ইবনু হিব্বান: হাদিস: ২৭১; হাকিম, হাদিস: ৮০৬৬, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, তবে বুখারি ও মুসলিম হাদিসটি বর্ণনা করেননি।
[১১৮] সুনানুত তিরমিজি, হাদিস: ২৫১৮, মুসনাদু আহমাদ, হাদিস: ১৭২৩。
[১১৯] সুনানু আবি দাউদ, হাদিস: ৪৯৯৮; মুসনাদু আহমাদ, হাদিস: ১৩৮৪৪।
[১২০] রিয়াদুস সালিহিন, ইমাম নববি, পৃষ্ঠা: ৫৬৫-৫৬৬。
[১২১] উয়নুল আসার, খণ্ড : ১, পৃষ্ঠা: ৩২৯; সিরাতুন নববিয়্যাহ, ইবনু কাসির, খণ্ড : ২, পৃষ্ঠা: ৩৯৬; আর-রওজুল উনুফ, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৭৩; সিরাতে ইবনু হিশাম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬১৫।
[১২২] সহিহুল বুখারি, হাদিস: ২৩০৭; সুনানু আবি দাউদ, হাদিস: ২৬৯৩, মুসনাদু আহমাদ, হাদিস: ১৮৯৩৪。
[১২৩] টমাস কার্লাইল (১৭৯৫-১৮৮১ খ্রিষ্টাব্দ) একজন প্রসিদ্ধ ইংরেজ লেখক। তার প্রসিদ্ধ গ্রন্থ আল-আবতালে তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি চমৎকার অধ্যায় রচনা করেছেন।
[১২৪] এই সংখ্যাটা ছিল কারলাইলের গ্রন্থ আল-আবতাল প্রকাশের সময়। কিন্তু ২০০৮ সালে মুসলিমদের সংখ্যা ১.৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে। (সূত্র: আশ-শারকুল আউসাত পত্রিকা) বর্তমান মুসলিম জনসংখ্যা ১.৯ বিলিয়ন ছাড়িয়েছে। সূত্র: উইকিপিডিয়া-নিরীক্ষক。
[১২৫] আল-আবতাল, কারলাইল, পৃষ্ঠা: ৪৩।
📄 নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষের অধিকার
ইসলাম মানুষের প্রতি সম্মান-মর্যাদাসহ মহত্ত্বের দৃষ্টিতে তাকায়। যেমন : আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْتُهُمْ فِي الْبَرِّ وَ الْبَحْرِ وَ رَزَقْتُهُمْ مِّنَ الطَّيِّبُتِ وَفَضَّلْتُهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا .
নিশ্চয় আমি আদম-সন্তানকে মর্যাদা দান করেছি; আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং অনেক সৃষ্ট বস্তুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। [সুরা বনি ইসরাইল : ৭০]
মানুষের অধিকারের প্রতি ইসলামের এই সুদৃষ্টি তাঁকে বিশেষ ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য প্রদান করেছে। এর অন্যতম হলো—সকল অধিকারের ব্যাপকতা। যেমন: রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আদর্শিক অধিকার। এই অধিকার মানুষের প্রত্যেকটি শ্রেণিকেই পরিব্যাপ্ত করবে-হোক সে মুসলিম বা অমুসলিম; বর্ণ, জাতি, ভাষা ও দ্বীনের মাঝে কোনো প্রকার ফারাক ছাড়াই এ অধিকার কার্যকরী। কোনো প্রকার বাড়াবাড়ি ও পরিবর্তনের অবকাশ এতে নেই। এগুলো রাব্বুল আলামিনের শিক্ষার মাধ্যমে প্রয়োগ হবে।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ এর উৎকৃষ্ট প্রমাণ। নবিজির শেষ খুতবাটি মানুষের অধিকারের বর্ণনায় সমৃদ্ধ ও পরিব্যাপ্ত ছিল; সেখানে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ .
তোমাদের রক্ত এবং সম্পদ তোমাদের ওপর হারাম, যেমন আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত তোমাদের এই দিনটি হারাম, এই মাসটি হারাম এবং এই শহরটি হারাম। [১২৬]
নবিজির এই খুতবাটি সামগ্রিকভাবে সকলের অধিকারকে শক্তিশালী করেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী-রক্ত, সম্পদ ও অস্থাবর সম্পত্তি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে মানুষের মর্যাদাকে বড় করে দেখেছেন, তাদের সবচেয়ে বড় অধিকার-জীবনের অধিকার সংরক্ষণ করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি জবাবে বললেন-
الْكَبَائِرُ الْإِشْرَاكُ بِاللهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَالْيَمِينُ الْغَمُوسُ .
কবিরা গুনাহ হলো-আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, পিতা-মাতার অবাধ্যতা করা, কোনো প্রাণকে (অন্যায়ভাবে) হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া। [১২৭]
হাদিসে প্রাণ হত্যার কথা বলা হয়েছে। অন্যায়ভাবে যেকোনো শ্রেণির প্রাণ হত্যাই এর অন্তর্ভুক্ত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবজীবনের হিতৈষণার কথা আলোচনা করেছেন, তখন আরও বেশি গুরুত্বারোপ করেছেন। একপর্যায়ে তিনি আত্মহত্যাকেও হারাম ঘোষণা করেছেন। ইরশাদ করেছেন-
مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمَّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا .
যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল, সে জাহান্নামে প্রবেশ করবে; চিরকাল সেখানে নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করতে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করল, সে জাহান্নামে প্রবেশ করবে; তার হাতে বিষ থাকবে, সে চিরকাল সেখানে বিষপানে আত্মহত্যা করতে থাকবে। যে ব্যক্তি লৌহ-পদার্থ দ্বারা আত্মহত্যা করল, সে জাহান্নামে প্রবেশ করবে; তার হাতে লৌহ-পদার্থ থাকবে, সে চিরকাল এর দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে। [১২৮]
জীবনের অধিকারকে সংকুচিত করতে পারে, এমন প্রতিটি কাজকে ইসলাম হারাম করেছে-সে কাজটি হোক ভীতিকর, লাঞ্ছনাকর বা ক্ষতিকর।
হজরত হিশাম ইবনু হাকিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি-
إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا
নিশ্চয় আল্লাহ তাআলা সেসব মানুষকে আজাব দেবেন, যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দেয়। [১২৯]
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবজাতির মাঝে সাম্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছেন-ব্যক্তির মাঝে, দলের মাঝে, জাতি ও গোষ্ঠীর মাঝে, বিচারক ও বিচারপ্রার্থীর মাঝে, শাসক ও জনতার মাঝে; এগুলোর মাঝে কোনো শর্ত ও ব্যতিক্রম নেই; আরবি ও আজমির মাঝে কোনো তফাত নেই; সাদা ও কালোর মাঝে কোনো বিভেদ নেই; শাসক ও শাসিতের মাঝে কোনো ফারাক নেই। মানুষের মাঝে বেশকম হবে তাকওয়ার ভিত্তিতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِي عَلَى أَعْجَمِيٌّ وَلَا لِعَجَمِيٌّ عَلَى عَرَبِيَّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى .
হে মানবজাতি, তোমাদের রব এক, তোমাদের পিতা একজন। সাবধান, অনারবের ওপর আরবের, আরবের ওপর অনারবের, কৃষ্ণের ওপর লালের, লালের ওপর কৃষ্ণের-তাকওয়া ছাড়া মর্যাদার কোনো সূত্র নেই। [১৩০]
+++ আমরা সাম্যনীতির ক্ষেত্রে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও শিষ্টাচার দেখার চেষ্টা করব, যেন তাঁর মহানুভবতা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি।
হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন-হজরত আবু জর রাদিয়াল্লাহু আনহু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মায়ের দিকে সম্বন্ধিত করে তিরস্কার করলেন, বললেন-হে কালো নারীর পুত্র, হজরত বেলাল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন। নবিজি ক্ষুব্ধ হয়ে উঠলেন। পরবর্তী সময়ে হজরত আবু জর নবিজির কাছে এলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেই মুখ ঘুরিয়ে নিলেন। হজরত আবু জর জানতে চাইলেন- আল্লাহর রাসুল, আমার ব্যাপারে এমন কোন সংবাদ পেয়েছেন, যার কারণে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন-
أنت الذي تعير بلالا بأمه قال النبي صلى الله عليه وسلم : والذي أنزل الكتاب على محمد - أو ما شاء الله أن يحلف - ما لأحد علي فضل إلا بعمل ، إن أنتم إلا كطف الصاع .
তুমি বেলালকে ওর মায়ের প্রতি সম্বোধন করে তিরস্কার করেছ! নবিজি আরও বললেন-ওই সত্তার শপথ, যিনি মুহাম্মদের ওপর কিতাব অবতীর্ণ করেছেন, অথবা অন্য কোনো শপথ করে বললেন-কেউ কেবল আমলের দ্বারা মর্যাদা লাভ করতে পারে। তোমাদের আমল তো সা (একটি পরিমাপ) পরিমাণ (সাধারণ ব্যাপার)।[১৩১]
সাম্যের অধিকারের সাথে আরেকটি অধিকার সংযুক্ত; তা হলো-ইনসাফ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তাঁর সাহাবা কিরাম এবং উম্মাহকে শিখিয়েছেন। ইরশাদ হয়েছে-
الْقُضَاهُ ثَلَاثَةُ وَاحِدُ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلُ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ .
বিচারক তিন শ্রেণির। তাদের এক শ্রেণি হবে জান্নাতি, আর দুই শ্রেণি হবে জাহান্নামি। জান্নাতি হলো সে বিচারক, যে সত্যকে বুঝে সে অনুযায়ী ফয়সালা করে। আর যে বিচারক সত্যকে বুঝে নিপীড়নমূলক ফয়সালা করল, সে জাহান্নামি। অনুরূপভাবে যে ব্যক্তি না বুঝে মানুষের মাঝে ফয়সালা করল, সেও জাহান্নামি। [১৩২]
ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির আত্মসমর্থনমূলক বক্তব্য উপস্থাপনের অধিকার হরণ করতে নিষেধ করতেন। নবিজি বলতেন-
فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا
অধিকারীর কথা বলার অধিকার রয়েছে।[১৩৩]
যে ব্যক্তি মানুষের বিচার ও ফয়সালার পদে আসীন, তাকে উদ্দেশ্য করে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
فَإِذَا جَلَسَ بَيْنَ يَدَيْكَ الْخَصْمَانِ فَلَا تَقْضِيَنَّ حَتَّى تَسْمَعَ مِنْ الْآخَرِ كَمَا سَمِعْتَ مِنْ الْأَوَّلِ فَإِنَّهُ أَحْرَى أَنْ يَتَبَيَّنَ لَكَ الْقَضَاءُ .
যখন তোমার সামনে বিবদমান দু পক্ষ হাজির-প্রথমপক্ষ হতে যেভাবে শুনেছ, দ্বিতীয় পক্ষ থেকেও সেভাবে শ্রবণ করার আগ পর্যন্ত কখনো ফয়সালা করবে না। সঠিক সিদ্ধান্তে পৌঁছুবার জন্য এটিই সতর্কপূর্ণ পদ্ধতি। [১৩৪]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আকিদা ও বিশ্বাসের স্বাধীনতাও মানুষের অধিকারের শামিল। প্রমাণ-আল্লাহ তাআলার কালাম—
لَا إِكْرَاهَ فِي الدِّيْنِ
ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই। [সুরা বাকারা, আয়াত : ২৫৬]
নির্ধারিত কোনো একটি আকিদা-বিশ্বাস গ্রহণ করতে কাউকে চাপ প্রয়োগ করা যাবে না। সংগত কারণেই মক্কা বিজয়ের প্রাক্কালে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ইসলাম গ্রহণে বাধ্য করেননি। অথচ তিনি তখন পূর্ণ নিয়ন্ত্রণ ও বিজয়ের অধিকারী ছিলেন। তারপরও তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কুরাইশদের বললেন-
اذْهَبُوا فَأَنْتُمْ الطَّلَقَاءُ
চলে যাও, তোমরা মুক্ত-স্বাধীন।[১৩৫]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষের অধিকারের তালিকা আরও প্রলম্বিত। যেমন মানুষের চিন্তা-চেতনা এবং ভাব ও স্বভাবের স্বাধীনতাও এখানে অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতামতকে সম্মান করতেন, মতামত প্রদানে উৎসাহ দিতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মত প্রদান করতেন, বিপরীতে অন্য কেউ ভিন্নমত প্রদান করত এবং সে মতের মাঝে যদি কল্যাণ নিহিত থাকত, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মত প্রত্যাহার করে ভিন্নমতকে গ্রহণ করতেন।
উহুদ যুদ্ধের প্রাক্কালে সংঘটিত ইতিহাসটি এর উৎকৃষ্ট প্রমাণ। সে সময় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতকে প্রত্যাহার করে সংখ্যাগরিষ্ঠ যুবকদের মতকে বরণ করে নিয়েছিলেন; তারা মদিনার বাইরে গিয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করাকে প্রাধান্য দিয়েছিল; অথচ এটা ছিল নবিজির মতের বিপরীত।[১৩৬]
মানব-অধিকারের দাবি হিসেবে ব্যক্তিজীবনের অনন্য অধিকার শুধু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-প্রণীত বিধানের মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে, তা হলো-পর্যাপ্ত খোরপোষের অধিকার। এ ক্ষেত্রে সমস্ত মানবরচিত পদ্ধতি ও মানব-অধিকার সনদ নীরব।
পর্যাপ্ত খোরপোষের অধিকারের মর্ম হলো—প্রতিটি ব্যক্তি ইসলামি সালতানাতের নিয়ন্ত্রণে থেকে জীবনের যাবতীয় প্রয়োজনীয় উপায়-উপকরণ পর্যাপ্ত পরিমাণে অর্জন করতে পারবে; লাভ করতে পারবে মর্যাদাপূর্ণ জীবন, তার জন্য নিশ্চিত হবে যাপনযোগ্য জীবন। মূলত এই অধিকার মানবরচিত বিধানপ্রবর্তিত 'জীবিকা নির্বাহের ন্যূনতম অধিকারের' সম্পূর্ণ বিপরীত-যেটি মানুষের জীবনের ন্যূনতম সীমার প্রতি লক্ষ রাখে।[১৩৭]
পর্যাপ্ত খোরপোষের অধিকার আমলের মাধ্যমে বাস্তবায়ন হয়। যখন কোনো মানুষ অক্ষম হয়ে যায়, তখন জাকাত এই রুদ্ধতাকে দূর করে দেয়। জাকাতও যখন মুখাপেক্ষীর পর্যাপ্ত প্রয়োজন পূরণ করতে পারে না, তখন রাষ্ট্রযন্ত্র এই প্রয়োজন পূরণ করার ব্যবস্থা গ্রহণ করবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারকে সমর্থন করে বলেছেন—
مَا آمَنَ بِي مَنْ بَاتَ شَبْعَانًا وَجَارُهُ جَائِعُ إِلَى جَنْبِهِ وَهُوَ يَعْلَمُ بِهِ.
ওই ব্যক্তি আমার প্রতি ঈমান আনেনি, যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে ঘুমাল, অথচ অন্যদিকে তার প্রতিবেশী ক্ষুধার্ত; আর সে বিষয়টি জানে।[১৩৮]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেছেন—
إِنَّ الْأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبِ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ .
আশয়ারিরা যখন যুদ্ধে আত্মনিয়োগ করে কিংবা মদিনায় তাদের প্রতিবেশীদের খাবার হ্রাস পায়, তখন তাদের নিকটে-থাকা সামান একটি কাপড়ে জমা করে; তারপর সেগুলো তাদের মাঝে সমানভাবে বণ্টন করে দেয়। তারা আমার দলভুক্ত, আমি তাদের অন্তর্ভুক্ত।[১৩৯]
এভাবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার আদায়ে ছিলেন সবচেয়ে অগ্রগণ্য এবং এর মহান রক্ষক। তিনি মানবজাতির প্রতি যে রিসালাত নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তা ছিল ইনসানিয়াতের রিসালাত। এই রিসালাত এমন সমস্ত অধিকারের রক্ষক ছিল, যা প্রকৃত অর্থেই মানবতার সাথে সম্পৃক্ত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসানিয়াত ছিল সর্বোচ্চ পর্যায়ের ইনসানিয়াত-মহান মানবতা!
টিকাঃ
[১২৬] সহিহুল বুখারি, হাদিস: ৪৪০৬, ৪৬৬২; সহিহ মুসলিম, হাদিস: ১৬৭৯; সুনানু আবি দাউদ, হাদিস: ১৯৪৭; মুসনাদু আহমাদ, হাদিস: ১৯৮৭৩。
[১২৭] সহিহুল বুখারি, হাদিস: ২৬৫৩, সুনানুন নাসায়ি, হাদিস: ৪০০৯; মুসনাদু আহমাদ, হাদিস: ৬৮৮৪。
[১২৮] সহিহুল বুখারি, হাদিস: ৫৭৭৮; সহিহু মুসলিম, হাদিস: ১০৯。
[১২৯] সহিহু মুসলিম, হাদিস : ২৬১৩; সুনানু আবি দাউদ, হাদিস: ৩০৪৫; মুসনাদু আহমাদ, হাদিস: ১৫৩৬৬。
[১৩০] মুসনাদু আহমাদ, হাদিস: ২৩৫৩৬; আল-মুজামুল কাবির, তাবারানি, হাদিস: ১৪৪৪১
[১৩১] শুয়াবুল ঈমান, বাইহাকি, হাদিস: ৫১৩৫。
[১৩২] সুনানু আবি দাউদ, হাদিস: ৩৫৭৩; সুনানুত তিরমিজি, হাদিস: ১৩২২; ইবনু মাজাহ, হাদিস: ২৩১৫。
[১৩৩] সহিহুল বুখারি, হাদিস: ২৩০৬, ২৩৯০; সহিহ মুসলিম, হাদিস: ১৬০১。
[১৩৪] সুনানু আবি দাউদ, হাদিস: ৩৫৮২; সুনানুত তিরমিজি, হাদিস: ১৩৩১; মুসনাদু আহমাদ, হাদিস: ৮৮২。
[১৩৫] সিরাতে ইবনু হিশাম: ২/৪১১; তারিখুল উমামি ওয়াল মুলুক: ২/৫৫; আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনু কাসির: ৪/৩০১。
[১৩৬] আস-সুনানুল কুবরা, বাইহাকি : হাদিস : ১৩০৬১; আর-রওজুল উনুফ: ৫/২৪৫-২৪৬; উয়ুনুল আসার ইবনু সাইয়্যিদিন নাস: ১/৪১২; সিরাতুন নববিয়্যাহ-ইবনু কাসির: ৩/২৪
[১৩৭] মাওসুআতু হুকুকিল ইনসানি ফিল ইসলাম, খাদিজাতুন নাবরাবি: ৫০৫-৫০৯
[১৩৮] আল-মুজামুল কাবির, তাবারানি, হাদিস: ৭৫০; আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৭৩০৭; শুআবুল ইমান, বাইহাকি, হাদিস: ৩২৩৮。
[১৩৯] সহিহুল বুখারি, হাদিস: ২৪৮৬; সহিহ মুসলিম, হাদিস: ২৫০০।
📄 নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নারীর অধিকার
ইসলাম নারীকে যত্ন ও অনুগ্রহের বেষ্টনীতে ঘিরে রেখেছে; তাকে উঁচু করেছে, তাকে সম্মানিত করেছে। কন্যা ও স্ত্রী হিসেবে, বোন ও মা হিসেবে ইসলাম নারীকে বিশেষ মর্যাদা ও সদাচরণের অধিকারী করেছে। ইসলামই প্রথম এই সিদ্ধান্ত প্রদান করেছে- নারী ও পুরুষের সৃষ্টিমূল একই। সংগত কারণেই মানবিক অধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ সমান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
يأَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَاحِدَةٍ وَ خَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءٌ ةَ وَ اتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ هُ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا .
হে মানবসমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনিই তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো এবং আত্মীয়-জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। [সুরা নিসা, আয়াত: ১]
এ বিষয়ে আরও অনেক আয়াত রয়েছে, যেগুলো নারী-পুরুষের সমন্বিত মানবতার মধ্যকার উদ্ভূত বৈষম্যকে তিরোহিত করে ইসলামের ফয়সালা বর্ণনা করেছে। ইসলামের এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, বর্বর যুগের নীতিমালা ও পূর্ববর্তী জাতিগুলোর কৃষ্টিকে অস্বীকার করে—যেগুলোতে নারীদেরকে নিচু করে উপস্থাপন করা হয়েছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছেন এবং নারীর জন্য এমন নির্ঝঞ্ঝাট অবস্থান গ্রহণ করেছেন, যেখানে অতীতের দর্শনগুলো পৌঁছুতে পারেনি; এমনকি ভবিষ্যতেও কোনো জাতি সে পর্যন্ত পৌঁছুতে পারবে না। ইসলাম নারীর জন্য মা, বোন, বিবি এবং কন্যার মতো আদর, স্নেহ ও ভালোবাসাময় অধিকার নির্ধারণ করেছে। এখন পর্যন্ত চৌদ্দ শতাব্দী যাবৎ পশ্চিমা নারীরা তাদের অধিকার আদায় করার জন্য আন্দোলন করেই যাচ্ছে; কিন্তু হায়, এখনো তা সম্ভব হয়নি!
মৌলিকভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ নীতির জন্য উঁচু স্তরের মূলনীতি নির্ধারণ করেছেন। সেটা হলো-মর্যাদা ও অবস্থানগতভাবে নারীরা পুরুষের সমান। কেবল নারী হওয়ার কারণে তাদের মর্যাদা ও অবস্থান কখনো নিচু হবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
إِنَّ النِّسَاءَ شَقَائِقُ الرِّجَالِ
নিশ্চয় নারীরা পুরুষের অংশ-বোন।[140]
অর্থাৎ নারীরা পুরুষের সাথে পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত-তিনি সর্বদা নারীদের জন্য অসিয়ত করতেন এবং সাহাবা কিরামকে বলতেন-
اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا
নারীদের জন্য কল্যাণের অসিয়ত গ্রহণ করো।[১৪১]
বিদায় হজের ভাষণের প্রাক্কালে লক্ষ লক্ষ উম্মতের সামনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতগুলো বারংবার উল্লেখ করেছেন।
আমরা যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-প্রদত্ত নারীর উচ্চতা ও মর্যাদা- বিষয়ক প্রবর্তিত বিষয়গুলো বর্ণনা করতে চাই, তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-নারীদের প্রাচীন ও আধুনিক বর্বরতার পাল্লায় রাখা, যেন আমরা প্রকৃত অন্ধকারের স্বরূপ এবং এর চলমান অবস্থা অবলোকন করতে পারি; যাতে করে আমাদের সামনে ইসলামের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ছায়ায় নারীর প্রকৃত মর্যাদা ও অবস্থান পরিষ্কার হয়ে যায়।
জাহালাতের যুগে আরবের প্রথা ছিল-কন্যা-সন্তানকে জীবিত প্রোথিত করা। পক্ষান্তরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজকে মহা অপরাধ ও হারাম ঘোষণা করেছেন; জাহেলি যুগের বর্বর মানুষরূপী পশুগুলো কন্যা-সন্তানকে জীবিত প্রোথিত করা ও এ নির্মম অপরাধকে তুচ্ছ মনে করার ব্যাপারে যে কুরআন কারিমের তিরস্কার ঘোষিত হয়েছে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ভিত্তি করেই একে মহা অপরাধ ও হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
وَإِذَا الْمَوْءُ ودَةُ سُئِلَتْ، بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
(স্মরণ করো সে-সময়কে) যখন জীবন্ত প্রোথিত কন্যা-সন্তানকে জিজ্ঞেস করা হবে-তাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? [সুরা তাকবির, আয়াত: ৮-৯]
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অপরাধকে অন্যতম বড় অপরাধ বলে গণ্য করেছেন। হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-
أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمُ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ .
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম-আল্লাহর কাছে কোন গুনাহ সবচেয়ে বড়? নবিজি বললেন—আল্লাহর সাথে শরিক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম-অবশ্যই এটা বড় গুনাহ। তারপর কোন গুনাহটি বড়? নবিজি বললেন-তোমার সাথে আহার করবে-এই ভয়ে নিজ সন্তানকে হত্যা করা। আমি আবার জানতে চাইলাম-তারপর কোন গুনাহটি সবচেয়ে বড়? নবিজি বললেন—প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। [১৪২]
নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্ষান্ত থাকেননি, বরং তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শিশু-কন্যাদের প্রতি অনুগ্রহের প্রতিও উৎসাহিত করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ
যে ব্যক্তি কন্যা-শিশুর (লালন-পালন, শিক্ষা-দীক্ষা ও বিয়ের) ঝামেলায় পতিত হয় এবং তাদের প্রতি অনুগ্রহ করে, এই কন্যা শিশুরাই তার ও জাহান্নামের মাঝে অন্তরায় হবে।[১৪৩]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা-শিশুদের শিক্ষার ব্যাপারে নির্দেশ প্রদানপূর্বক ইরশাদ করেছেন—
أَيُّمَا رَجُلٍ كَانَتْ عِنْدَهُ وَلِيدَةً فَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا وَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ .
যার একটি কন্যা-সন্তান আছে আর সে ব্যক্তি কন্যাটির সুন্দর শিক্ষাদীক্ষার ব্যবস্থা করল, অতঃপর তাকে স্বাধীন করল ও বিয়ের ব্যবস্থা করল, সে দ্বিগুন নেকি পাবে।[১৪৪]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি ওয়াজ-নসিহত করার জন্য একটি দিন বরাদ্দ রেখেছিলেন—সেখানে তাদের আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি তিনি নির্দেশ প্রদান করতেন।
যখন কন্যা যৌবনে পদার্পণ করে, পরিণত যুবতী হয়ে যায়, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব গ্রহণ ও বর্জন করার অধিকার প্রদান করেন। তার ইচ্ছার বাইরে কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারে তাকে জবরদস্তি করাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেননি। এ ব্যাপারে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْذَنُ فِي نَفْسِهَا وَإِذْنُهَا صُمَاتُهَا
প্রাপ্তবয়স্কা নারী নিজের বিয়ের ব্যাপারে নিজ অভিভাবকের চেয়ে বেশি হকদার। কুমারী নারীর কাছ থেকে তার নিজের ব্যাপারে অনুমতি গ্রহণ করা হবে, আর চুপ থাকা তার স্বীকৃতি বলে স্বীকৃত।[১৪৫]
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন-
لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ
প্রাপ্তবয়স্কা নারীর নির্দেশ ছাড়া এবং কুমারী নারীর অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না।
সাহাবা কিরাম আরজ করলেন, হে আল্লাহর রাসুল, কুমারীর অনুমতি কী? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
أَنْ تَسْكُتَ
চুপ থাকা।[১৪৬]
আর যখন সে কন্যা কারও স্ত্রীরূপে সংসারে প্রবেশ করবে, তার সাথে সদাচরণ ও সুসম্পর্ক গড়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুপ্রেরণা রয়েছে। তিনি এ কথা পরিষ্কারভাবে বলতেন-স্ত্রীদের সাথে সদাচরণ করা পুরুষের ব্যক্তিগত আভিজাত্য ও স্বভাবগত সভ্যতার প্রমাণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে উৎসাহ প্রদান করে বলেছেন-
إِنَّ الرَّجُلَ إِذَا سَقَى امْرَأَتَهُ مِنْ الْمَاءِ أُجِرَ
পুরুষ যখন স্ত্রীকে পানি পান করায়, তাকে প্রতিদান প্রদান করা হয়।[১৪৭]
আরও ইরশাদ হয়েছে-
اللَّهُمَّ إِنِّي أُحَرِّجُ حَقَّ الضَّعِيفَيْنِ الْيَتِيمِ وَالْمَرْأَةِ
হে আল্লাহ, আমি দুজন দুর্বলের অধিকারের ব্যাপারে কষ্ট করি-এতিম এবং নারী।[১৪৮]
স্ত্রী যখন স্বামীকে অপছন্দ করতে আরম্ভ করে, তার সাথে সংসার করাকে সহ্য করতে পারে না, তার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ-বিচ্ছেদের বিধান রেখেছেন। এর পদ্ধতি হবে-খোলা।[১৪৯]
হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন- সাবিত ইবনু কাইসের স্ত্রী নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন-হে আল্লাহর রাসুল, আমি সাবিতের ধর্ম ও চরিত্র কোনোটির ওপরই বীতশ্রদ্ধ নই; তবে তার সাথে সংসার করলে আমি কুফরির ভয় করছি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ
তুমি কি তার বাগানটা (মোহর হিসেবে প্রাপ্ত) তাকে ফিরিয়ে দেবে? সে বলল-হ্যাঁ। সে স্বামীকে তার বাগানটা ফিরিয়ে দিলো। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে তাদের বিবাহ-বিচ্ছেদ করে দিলেন। [১৫০]
যেহেতু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য পুরুষের মতো স্বতন্ত্র অর্থনৈতিক অধিকার প্রমাণ করেছেন, সুতরাং তাদের জন্য ক্রয়-বিক্রয়, ভাড়া দেওয়া- নেওয়া, উকিল নিয়োগ করা এবং উপহার-উপঢৌকন দেওয়াসহ সবকিছুর অধিকার সাব্যস্ত রয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনো নারী বুদ্ধিমতী ও বোধসম্পন্ন থাকবে, তার এসব অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
فَإِنْ أَنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ
অতঃপর যদি তাদের মধ্যে বুদ্ধি-বিবেচনার উন্মেষ আঁচ করতে পার, তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করো। [সুরা নিসা, আয়াত : ৬]
হজরত উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা যখন দুজন মুশরিককে আশ্রয় দিলেন, তার ভাই হজরত আলি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করতে চাইলেন। এই ঘটনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ছিল এমন-
قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِي
হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ, আমরাও তাকে আশ্রয় দিয়েছি। [১৫১]
এ ফয়সালার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধকালীন ও স্বাভাবিক সময়ে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার ও প্রতিবেশী বানানোর অধিকার প্রদান করেছেন।
এভাবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ছায়ায় মুসলিম নারী সম্মানজনক, আভিজাত্যপূর্ণ, অভিভাবকসুলভ জীবনযাপন করত।
টিকাঃ
[১৪০] সুনানুত তিরমিজি, হাদিস: ১১৩; সুনানু আবি দাউদ, হাদিস: ২৩৬; মুসনাদু আহমাদ, হাদিস: ২৬২৩৮。
[১৪১] সহিহুল বুখারি, হাদিস: ৩৩৩১; সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৮。
[১৪২] সহিহুল বুখারি, হাদিস : ২০০১; সুনানুত তিরমিজি, হাদিস: ৩১৮২; মুসনাদু আহমাদ, হাদিস: ৪১৩১。
[১৪৩] সহিহুল বুখারি, হাদিস: ৫৯৯৫; সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯。
[১৪৪] সহিহুল বুখারি, হাদিস: ৪৭৯৫。
[১৪৫] সহিহু মুসলিম, হাদিস: ১৪২১。
[১৪৬] সহিহুল বুখারি, হাদিস: ৫১৩৬。
[১৪৭] মুসনাদু আহমাদ, হাদিস: ১৭১৯৫。
[১৪৮] সুনানু ইবনু মাজাহ, হাদিস: ৩৬৭৮; মুসনাদু আহমাদ, হাদিস: ৯৬৬৪。
[১৪৯] অর্থাৎ স্ত্রী কোনোভাবে স্বামীকে রাজি করিয়ে তার কাছ থেকে তালাক নিয়ে নেবে। -অনুবাদক
[১৫০] সহিহুল বুখারি, হাদিস: ৫২৭৬。
[১৫১] সহিহুল বুখারি, হাদিস: ৩১৭০; সহিহু মুসলিম, হাদিস: ২৩৬।