📄 সোলেমানিয়া তাবিজের কিতাব
আমাদের দেশে তাবিজের কিতাব হিসেবে সবচেয়ে প্রসিদ্ধ বইয়ের নাম হল, সোলেমানিয়া তাবিজের কিতাব। সুলাইমান আলাইহিস সালামের দিকে নিসবত করে এর নাম রাখা হয়েছে। বইটির বিকৃত বানান বা উচ্চারণের মধ্যেই একজন নবীর সঙ্গে জঘন্য বেয়াদবি প্রকাশ পায়। উপরন্তু বইটিতে কুফরী ও শিরকি কথার অভাব নেই। অবশ্য কিছু সহিহ কথাও আছে। যাই হোক, যারা আমল করতে পারেন তাদের জন্য হল আমল। এক্ষেত্রে এটাই মূল সুন্নত। আর যারা আমল করতে সক্ষম নয় যেমন, শিশুরা আমল করতে পারে না, তাদের জন্য হল তাবিজ বা শরীয়তসম্মত ঝাড়-ফুঁক করা যেতে পারে। তবে তা হতে হবে অবশ্যই কোনো দীনদার আলেম থেকে। সোলেমানিয়া তাবিজের কিতাব-জাতীয় কিতাব থেকে নয়। কিংবা কোনো অমুসলিম বা ফাসেক ব্যক্তি থেকেও নয়।
📄 অমুসলিমদের থেকে তাবিজ গ্রহণ
হিন্দু, বৌদ্ধ, মগ, চাকমা, টিপরা, কামরুকামাক্ষা এসব অমুসলিমদের থেকে তাবিজ গ্রহণ করা মানেই ছোট শিরকে জড়িয়ে পড়া। আর তা যদি হয় আরেকজনের ক্ষতির উদ্দেশ্য তাহলে এটা তো চুরির ওপর সীনাজুরি। নবীজী ﷺ এর ভাষায় لَيْسَ مِنَا এরা আমাদের মধ্য থেকে নয়।
📄 যাদুটোনা করার শাস্তি
অনেক সময় তো মানুষকে প্রাণে মেরে ফেলার জন্যও যাদুটোনা করা হয়। এটা কাউকে সরাসরি মেরে ফেলার মতই আরও জঘন্য অপরাধ। এমনকি ইসলামী খেলাফত থাকলে এই অপরাধের শাস্তি হত মৃত্যুদণ্ড। হাদীসে এসেছে
حَدُّ السَّاحِرِ ضَرْبَةُ بِالسَّيْفِ
যাদুকরের শাস্তি হচ্ছে তলোয়ারের আঘাতে গর্দান উড়িয়ে দেয়া। ইমাম আযম আবু হানিফা রহ.ও এরকম ফতওয়া দিতেন যে, যাদুকর যদি তার যাদুটোনা দ্বারা কাউকে মরে ফেলে তাহলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড।
মুহতারাম হাজেরীন! রাসূলুল্লাহ যে সকল হাদীসে لَيْسَ مِنَّا কিংবা لَيْسَ مِنّي বলে আমাদের সতর্ক করেছেন যে, এটা আমার রাস্তা নয়, এরা আমাদের দলভুক্ত নয়, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমাকে মহব্বতকারী নয়; সে সকল হাদীস আপনাদের সামনে পেশ করা হচ্ছে।
আরও কিছু হাদীস আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে আমি নোট করে নিয়ে এসেছিলাম। কিন্তু আলোচনা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে বিধায় এ মর্মে এখান থেকে কিছু হাদীস এবং শুধু তরজমা পেশ করা হচ্ছে। হাদীসের আজমতের প্রতি খেয়াল রেখে আমরা পরিপূর্ণ মনোযোগটা এদিকে ধরে রাখার চেষ্টা করি এবং আল্লাহর কাছে পানাহ চাই যে, তিনি যেন আমাদের এ শ্রেণির অন্তর্ভুক্ত না করেন আমীন।
টিকাঃ
২২. তিরমিযী: ১৪৬০