📄 রাশিফল বের করার নামে ভাগ্য নির্ণয়
আরবে পাখি উড়িয়ে, তীর দ্বারা বিশেষ পদ্ধতিতে ভাগ্য গণনা করা হত। আমাদের সমাজেও রাশিফল বের করার নামে ভাগ্য নির্ণয় করার বেশ কিছু পদ্ধতি চালু আছে। জ্যোতিষী, গণক, টিয়া পাখি, বানর, সাপুড়িয়ার সাপ, সোলেমানিয়া তাবিজের কিতাব ইত্যাদির মাধ্যমে রাশিফল নির্ণয় করা হয়। কিছু পত্রিকায় তো রাশিফল নামে একটা পাতাই বরাদ্দ করে রাখে। প্রথম আলো পত্রিকা তো এ জাতীয় যত শয়তানি আছে, সবগুলোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকে। রাশিফল নামে তারা বিশেষ সংখ্যা বের করে। এ সবই হারাম, কবিরা গোনাহ। এদের কথা বিশ্বাস করাও কবিরা গোনাহ। এমনকি হাদীসে এটাকে শিরকও বলা হয়েছে। শিরক বলতে এখানে ছোট শিরক উদ্দেশ্য। যার দ্বারা মুশরিক হয় না, তবে এটা শক্ত কবিরা গোনাহ এবং এটা মানুষকে ধীরে ধীরে বড় শিরকের দিকে নিয়ে যেতে পারে।
📄 শিরকের কাফফারা
হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন কুলক্ষণ বা দুর্ভাগ্যের ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এর কাফফারা কী? উত্তরে তিনি বললেন, তোমরা এ দোয়া পড়বে
اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ হে আল্লাহ! আপনার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই। আপনার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এ গোনাহ থেকেও বেঁচে থাকার তাওফীক দান করুন আমীন।
টিকাঃ
২১. আহমদ: ৭০৪৫