📄 প্রিয়তমকে জয় করবই
আমাদের অবস্থা যেন এমন হয়- মাহবুবকে পাওয়ার জন্য, নবীজি পর্যন্ত পৌঁছার জন্য প্রয়োজনে নিজের মনকে শাসন করবো, ইচ্ছাকে ত্যাগ করবো, বিলাসিতা বিসর্জন দিব, অলসতাকে দূরে ঠেলে দিব, গাফলতির চাদর খুলে ফেলব, ট্রেন্ড গুঁড়িয়ে দিব; মানুষের কথায় কান দিব না, সমাজের প্রথায় মন দিব না, চোখ রাঙ্গানিকে ভয় করবো না, বন্ধুদের ডাকে সাড়া দিব না; তবু আমাদের প্রকৃত মাহবুবকে জয় করবোই এবং যে সকল ক্ষেত্রে নবীজি বলেছেন لَيْسَ مِنًا অর্থাৎ এটা আমাদের রাস্তা নয়, لَيْسَ مِنى অর্থাৎ কেউ যদি এ পথে চলে তাহলে সে আমাকে মহব্বতকারী নয়- সে সকল কাজ বা স্বভাব যে কোনো মূল্যে ত্যাগ করবোই। হে আল্লাহ! আপনি একমাত্র তাওফীকদাতা।
যাই হোক এ সম্পর্কিত হাদীসগুলো এখন পেশ করা হচ্ছে, আমরা শোনার জন্য, বুঝার জন্য এবং আমল করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি।
📄 ৭. যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে
রাসূলুল্লাহ বলেন
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِالْيَهُودِ، وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الْإِشَارَةُ بِالْأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الْإِشَارَةُ بِالْأَكُفِّ
যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহুদী ও খৃস্টানদের সঙ্গে সদৃশ অবলম্বন করো না। কারণ ইহুদীদের অভিবাদন হল, আঙ্গুল দ্বারা ইশারা করা আর খৃস্টানদের অভিবাদন হল হাতের তালু দিয়ে ইশারা করা।
টিকাঃ
২৩. তিরমিযী: ২৬৩৮
📄 ৮. যে নারী পুরুষের এবং যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে
এই মর্মে আরেকটি হাদীস আছে, বিশেষ করে যুবসমাজের উদ্দেশ্যে পেশ করা হচ্ছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِالرِّجَالِ مِنَ النِّسَاءِ، وَلَا مَنْ تَشَبَّهَ بِالنِّسَاءِ مِنَ الرِّجَالِ যে সব নারী পুরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যে সব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
টিকাঃ
২৪. মুসনাদে আহমদ: ২/৬৫৮০
📄 ৯. যে ব্যক্তি প্রতারণা করে
রাসূলুল্লাহ ﷺ একদিন স্তুপ করে রাখা খাদ্যশস্যের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতর হাত প্রবেশ করালে আঙ্গুলগুলো ভিজে গেল। স্তূপের মালিককে জিজ্ঞেসা করলেন, ব্যাপার কী? মালিক উত্তর দিল, ইয়া রাসূলাল্লাহ! বৃষ্টির পানিতে তা ভিজে গিয়েছিল। নবী করীম ﷺ বললেন, তবে তা উপরে রাখলে না কেন, যেন মানুষ তা দেখতে পায়?
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।
টিকাঃ
২৫. মুসলিম: ১০১