📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত

📄 আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত


মুজাদ্দিদে আলফে সানী রহ. বলেন, আল্লাহ তাআলার সকল নেয়ামত আপন স্থানে বড়। তবে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হল, মুহাম্মদ এর অস্তিত্ব। এর দলিল হল, আল্লাহ বান্দাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন কিন্তু সরাসরি খোঁটা দেননি। পক্ষান্তরে নবীজি -কে পাঠিয়ে তিনি আমাদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ বলেন
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ
আল্লাহ ঈমানদারদের ওপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। এর দ্বারা বুঝা গেল, নবীজি -এর অস্তিত্বই আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত।

টিকাঃ
২. সূরা আলি ইমরান: ১৬৪

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 মহব্বত ও ইতাআ’ত

📄 মহব্বত ও ইতাআ’ত


নবীজি সম্পর্কে আমাদের মৌলিকভাবে দু'টি কাজ করতে হয়। এক. তাঁকে মহব্বত করতে হয় পরিপূর্ণ অন্তর দিয়ে। দুই. তাঁর ইতাআ'ত বা অনুসরণ করতে হয় পরিপূর্ণ শক্তি দিয়ে। এ দুই গুণ যে ব্যক্তি বা জাতির মাঝে থাকবে, দুনিয়া আখেরাতে সফলতা তার সামনে চোখ ধাঁধিয়ে ধরা দিবে।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 সাহাবায়ে কেরামের ইতিহাসের সার

📄 সাহাবায়ে কেরামের ইতিহাসের সার


সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন। তারা এক সময় ছিলেন আইয়্যামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগের নাগরিক। কিন্তু তাঁদের মাঝে উক্ত গুণ দু'টি চলে এসেছিল। তাঁরা হয়ে ওঠলেন মানবেতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ও সোনালি মানুষ।
এমনিতে সাহাবায়ে কেরামের গুণ-বৈভব ছিল আকাশচুম্বি। যার বিবরণ দিতে হলে লক্ষ-কোটি পৃষ্ঠার প্রয়োজন পড়বে। কিন্তু যদি এই লক্ষ-কোটি পৃষ্ঠার একটা শিরোনাম দেয়া হয় তাহলে শিরোনাম দাঁড়াবে এই
فلما أحبه القوم بكل قلوبهم أطاعوه بكل قواهم অর্থাৎ তাঁরা নবীজিকে মহব্বত করেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে তাই তাঁর ইতাআ'ত বা অনুসরণ করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 সাহাবাদের দোয়া

📄 সাহাবাদের দোয়া


আব্দুল্লাহ ইবনু মাসউদ রাযি. বলেন, এক রাতে আমি কয়েক রাকাত নফল নামায পড়লাম। নামায শেষে আল্লাহ তাআলার হামদ-সানা আদায় করলাম। নবী কারীম -এর প্রতি দরূদ পাঠ করলাম। এরপর দোয়া করা শুরু করলাম। তখন রাসূল আমার অগোচরে বলতে থাকেন, তুমি আল্লাহর কাছে চাও, তোমাকে দেওয়া হবে। তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে।
ইবনু মাসউদ রাযি. বলেন, আমি দোয়া করলাম। এরপর মসজিদ থেকে বাড়িতে চলে এলাম। ভোর হলে হযরত আবু বকর সিদ্দীক রাযি. আমার বাড়িতে আসেন এবং জিজ্ঞেস করেন, আপনি আজ রাতে কী দোয়া করেছেন? বললাম আমি এই দোয়া করেছি, 'হে আল্লাহ্! আমি আপনার নিকট এমন ঈমান চাই, যার পর কুফরের দিকে প্রত্যাবর্তন হবে না। এমন নেয়ামত চাই, যা কখনো ফুরাবে না। আর আমার পরম চাওয়া, চিরস্থায়ী জান্নাতে প্রাণপ্রিয় নবী এর সঙ্গলাভ।'

টিকাঃ
৩. মুসনাদে আহমাদ: ৪৩৪০

ফন্ট সাইজ
15px
17px