📄 সন্তান ভীরুতা ও কৃপণতার কারণ
ইয়ালা আল-আমিরী থেকে বর্ণিত, হাসান ও হুসাইন নবীজির ﷺ দিকে দৌড়ে এলো। তিনি তাদের দুজনকে জড়িয়ে ধরলেন। তারপর বলে উঠলেন, “(মানুষের জন্য) সন্তান ভীরুতা ও কৃপণতার কারণ।” ২৩৮
আস-সিন্দি রাহ. বলেন, “এর অর্থ হলো, সন্তানের জন্য অধিক ভালোবাসার কারণে মানুষ দান করতে কৃপণতা দেখায় এবং তাদের জন্য মৃত্যুকে ভয় পায় এবং ভীরু হয়।” ২৩৯
টিকাঃ
২৩৮. ইবনে মাজাহ (৩৬৫৬)।
২৩৯. হাসিয়াত আস-সিন্দি (৭২/৭)।
📄 উপসংহার
নবীজি মুহাম্মদ ﷺ নিজের সন্তান ও নাতি-নাতনিদের গভীর ভালোবাসা ও মমতায় বড় করে তুলেছেন, ঈমান ও সৎকর্মের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। তিনি তাদের আখিরাতের ব্যাপারে সতর্ক করেছেন, আখিরাতের জন্য গড়ে তুলেছেন। সন্তানদের প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে কখনো তিনি তাদের হারামের ব্যাপারে ছাড় দেননি। বরং ছোটবেলা থেকেই ইসলামের বিধিনিষেধ সম্পর্কে তাদের শিক্ষা দিয়েছেন।
সবার সামনে বাচ্চাদের প্রতি ভালোবাসা প্রকাশে নবীজি কখনোই লজ্জা পেতেন না। নিজের মেয়ে-নাতনিদের কোলে করে আদর করতেন। তৎকালীন আরব-সমাজে এমন দৃষ্টান্ত বিরল ছিল, বরং নবজাতক বা বাচ্চা মেয়েদের কবর দিয়ে মেরে ফেলাই সে-সময়ের প্রথা ছিল।
নবীজির ﷺ সন্তানদের প্রতি ভালোবাসা ও মমতা আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। পরিবারের বন্ধন দৃঢ় রাখতে এর কোনো বিকল্প নেই।