📄 সন্তানের মৃত্যুতে শোকাহত হতেন
যদি কেউ তার সন্তানের মৃত্যুর মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়, তবে তার মনে রাখা উচিত, নবীজির জীবদ্দশাতেই ফাতিমা রাযি. ছাড়া তাঁর সব সন্তান ইন্তেকাল করেন। ফাতিমাও তাঁর মৃত্যুর কিছুকাল পরই ইন্তেকাল করেন। তাদের মৃত্যুতে নবীজি ﷺ কষ্ট পেতেন, তাঁর চোখ কান্নায় ভিজে যেত, কিন্তু তারপরও আল্লাহকে সন্তুষ্ট করে, এমন কথাই তিনি বারবার মুখে উচ্চারণ করতেন।
আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহর কন্যা উম্মে কুলসুম মারা যাওয়ার পর তিনি নবীজিকে তার কবরের পাশে বসে থাকতে দেখেছিলেন এবং সে-সময় তাঁর চোখ অশ্রুপূর্ণ ছিল। ২০৮ এগুলো আল্লাহর প্রতি হতাশায় বা ক্রোধে কান্না ছিল না, বরং মমতাময়ী পিতার কন্যাবিয়োগের কষ্ট ছিল তাঁর কান্নার কারণ।
আনাস ইবনে মালিক রাযি. আরও বলেন, “আমরা কামার আবু সাইফের ঘরে গেলাম। তার স্ত্রী নবীজির পুত্র ইবরাহীমকে দুধপান করাতো। নবীজি ইবরাহীমকে কোলে নিয়ে চুমো খেলেন এবং তার ঘ্রাণ নিলেন। পরে ইবরাহীমের মৃত্যুর সময় আমরা তাঁর সাথে ছিলাম। তিনি তখন কাঁদছিলেন।” ২০৯
এটি দেখে আব্দুর রাহমান ইবন আওফ রাযি. বললেন, 'আপনিও, আল্লাহর রাসূল!' শুনে তিনি জবাব দিলেন, “ইবনে আওফ, এ তো করুণার কান্না।” এরপর আরেকবার হলো (অর্থাৎ প্রথম কান্নার পর আবার কাঁদলেন)। এরপর তিনি বললেন, “চোখ দিয়ে অশ্রু ঝরে, অন্তর কষ্টে মুচড়ে ওঠে, কিন্তু আমরা রব্বকে সন্তুষ্ট করে এমন কথা ছাড়া আর কোনো কথা বলব না। ইবরাহীম, তোমার চলে যাওয়াতে তো আমরা কষ্ট পেয়েছি।” ২১০
আনাস ইবনে মালিক রাযি. বলেন, “আমি নবীজির চেয়ে সন্তানদের সাথে অধিকতর দয়ালু আর কাউকে দেখিনি।”
তিনি আরও বলেন, “মদীনার আওয়ালী নামক জায়গায় ইবরাহীম দুধপান করত। নবীজি তাকে দেখতে সে-বাসায় যেতেন। ধোঁয়ায় বাসাটি ভরে থাকত (যেহেতু বাসাটি ছিল একজন কামারের), তাই আমি দ্রুত আগে গিয়ে বলতাম, “আবু সাইফ নবীজি আসছেন, থামো!” নবীজি তারপর ইবরাহীমকে কোলে নিয়ে চুমো খেতেন, তারপর চলে যেতেন।”
টিকাঃ
২০৮. বুখারী (১২৮৫)।
২০৯. বুখারী (১২৮৫)।
২১০. বুখারী (১৩০৩)।