📄 মানুষের আকীদাসংক্রান্ত ভুলগুলো সম্পর্কে সতর্ক করতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, “একবার নবীজি ﷺ অসুস্থ ছিলেন। (তাঁর সামনে) তাঁর স্ত্রীরা ইথিওপিয়ায়-দেখা মারিয়া নামের এক গির্জা নিয়ে গল্প করছিল। উম্মে সালামা ও উম্মে হাবীবা ইথিওপিয়ায় গিয়েছিলেন। তারা উভয়ে সেটির (গির্জা) সৌন্দর্য ও ছবিগুলোর প্রশংসা করছিলেন। নবীজি ﷺ তাঁর মাথা তুলে বললেন, “তারা তো সে-সব লোক, যাদের কোনো ধর্মপ্রাণ মানুষ মারা গেলে তার কবরকে ইবাদাতস্থল বানাত এবং সেগুলোতে ছবি আঁকাত। তারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম সৃষ্টি।” ১৩৫ অসুস্থতা সত্ত্বেও নবীজি লোকগুলোর ভুলের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নীরব থাকেননি, বরং তিনি তাঁর স্ত্রীদের এ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে সাবধান করেছেন।
টিকাঃ
১৩৫. বুখারী (৪২৭) ও মুসলিম (৫২৮)।
📄 তাঁর ঘরে কোনো পাপ না ঘটার ব্যাপারে সজাগ থাকতেন
পরিবারের কর্তার একটি বড় দায়িত্ব হলো পরিবারকে সকল অনিষ্ট থেকে রক্ষার চেষ্টা করা। আল্লাহ বলেন, "তোমরা যারা বিশ্বাস এনেছ (শোনো), নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।” (আল কুরআন, ৬৬:৬)
আয়িশা রাযি. থেকে বর্ণিত, "নবীজি আমার ঘরে ঢুকে দেখলেন (পশুর) ছবি-সম্বলিত পর্দা ঝোলানো। তাঁর চেহারা রাগে লাল হয়ে গেল, তিনি সাথে সাথে পর্দা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে বললেন, “যারা এরকম চিত্রাঙ্কন করে, তারা কিয়ামতের দিন কঠিনতম শাস্তি পাবে।” ১৩৬
টিকাঃ
১৩৬. বুখারী (৬১০৯)।
📄 মন্দ ব্যবহার করতে নিষেধ করতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, “আমি এক ব্যক্তির সামনে তার অনুকরণ করছিলাম (মজা করার জন্য)। তিনি বলেন, "আমি কখনোই কারও অনুকরণ করা পছন্দ করি না, এজন্য আমাকে যা-ই দেওয়া হোক না কেন।” ১৩৭
আল-আসিম আবাদী রাহ. বলেন, “আমি কখনোই কারও অনুকরণ করা পছন্দ করি না” দ্বারা তিনি বুঝিয়েছেন, তিনি কারও কথা, কথা বলার ঢং বা কাজ অনুকরণ করত তাকে পরিহাস করে তিনি আনন্দ পান না। “এজন্য আমাকে যা-ই দেওয়া হোক না কেন” অর্থ তাকে এজন্য প্রচুর দুনিয়াবি সম্পদ দেওয়া হলেও (তিনি তা করবেন না)।” ১৩৮
মুবারাকপুরী রাহ. বলেন, “নববী রাহ. বলেন, অন্যদের অনুকরণ করা গিবতেরই একটি ধরন, যা করা নিষিদ্ধ।” ১৩৯
টিকাঃ
১৩৭. আবু দাউদ (৪৮৭৫) এবং তিরমিযী (২৫০২) কর্তৃক।
১৩৮. 'আওন আল-মাবুদ (১৫১/১৩)।
১৩৯. তুহফাতুল আওযায়ী (১৭৬/৭)।
📄 ছোট ছোট পাপের ব্যাপারেও স্ত্রীদের সাবধান করতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, “আয়িশা, সগীরা গুনাহের ব্যাপারে সাবধান থাকো। আল্লাহ সেগুলো লিখে রাখার জন্যেও একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন।” ১৪০
আস-সিন্দি রাহ. বলেন, “সগীরা গুনাহ এমন পাপ, যেগুলো মানুষ অনেক তুচ্ছ ভাবে এবং সহজেই করে বসে। আল্লাহর নিকট সে-সব গুনাহ অনেক বড়, তাই সেগুলো লিখে রাখার জন্যেও একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন।” ১৪১
টিকাঃ
১৪০. ইবনে মাজাহ (৪২৪৩)।
১৪১. ইবনে মাজাহর গ্রন্থের (৫৯/৮) ব্যাখ্যায় আস-সিন্দি (রাহ.)।