📄 তাকওয়া অর্জন ও ভালো ব্যবহার করতে বলতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, একবার নবীজি তাকে বললেন, “আয়িশা, সব সময় আল্লাহর ব্যাপারে সচেতন থাকো এবং দয়ার আচরণ করো। কারণ, দয়া যখন কোনো কিছুতে যুক্ত হয়, তখন তা সেটিকে সৌন্দর্যমণ্ডিত করে; আর কোনো কিছুতে দয়া না থাকলে তা বিকৃত (ও ত্রুটিপূর্ণ) হয়ে যায়।” ১৩০
'আসিম আবাদী বলেন, “এখানে সৌন্দর্যমণ্ডিত করে”-এর অর্থ হলো পূর্ণতা দেয়।” ১৩১
টিকাঃ
১৩০. আহমদ (২৩৭৮৬)। এ হাদীসের একটি সংক্ষিপ্ত সংস্করণ মুসলিম (২৫৯৪) হয়েছে।
১৩১. 'আওন আল-মাবুদ (১১৩/১৩)।
📄 সহনশীলতা, উদারতা ও ক্ষমা করতে শেখাতেন
আয়িশা রাযি. থেকে বর্ণিত, নবীজি তাকে বলেছেন, “আয়িশা, সব সময় মানুষকে দয়া করো। আল্লাহ যখন কোনো ঘরের মঙ্গল চান, তিনি তার মাঝে দয়ার প্রসার করে দেন।” ১৩২
টিকাঃ
১৩২. আহমাদ (২৩৯০৬)।
📄 ভালো কথা বলতে উৎসাহ দিতেন এবং অসার কথাবার্তা থেকে দূরে থাকার নির্দেশ দিতেন
আয়িশা রাযি. বর্ণিত, “কিছু ইহুদী নবীজির কাছে এসে বলল, 'আস-সামু আলাইকুম” (যার মানে হলো—তোমাদের মৃত্যু হোক)। নবীজি বলেন, 'ওয়া 'আলাইকুম' (মানে তোমাদেরও অনুরূপ হোক)। আয়িশা রাযি. (তাদের) বলে উঠলেন, 'তোমাদের মৃত্যু হোক, তোমাদের ওপর আল্লাহর অভিশাপ ও গজব পড়ুক!' নবীজি বলেন, 'শান্ত হও, আয়িশা! তোমার আচরণ নরম করো। খারাপ আর রূঢ় কথা বলা থেকে সাবধান থাকো।' তিনি নবীজিকে বললেন, 'তারা (ইহুদীরা) আপনাকে কী বলেছে শোনেননি?' তিনি বলেন, 'তুমি শোনোনি আমি তাদের কী বলেছি? আমি তাদের কথাই তাদেরকে বলেছি। তাদের বিরুদ্ধে আমার দুআ কবুল করা হবে, কিন্তু আমার ব্যাপারে তাদের কথা কবুল করা হবে না।” ১৩৩
টিকাঃ
১৩৩. বুখারী (২৯৩৫) ও মুসলিম (২১৬৫)।
📄 স্ত্রীদের আকীদা সম্পর্কে শেখাতেন
আল্লাহর রাসূল তাঁর স্ত্রীদের আল্লাহকে যথাযথভাবে ভয় করার ব্যাপারে শেখাতেন। যখনই আকাশ মেঘে ছেয়ে যেত বা ঝড় উঠত, তখনই তিনি বারবার ঘরের ভেতরে-বাইরে যাওয়া আসা করতেন এবং তাঁর চেহারার রঙ বদলে যেত。
আয়িশা রাযি. থেকে বর্ণিত, “অন্ধকার মেঘ বা ঝড় দেখলেই নবীজির চেহারায় ভয়ের চিহ্ন ফুটে উঠত। আমি তাকে জিজ্ঞেস করলাম, 'আল্লাহর রাসূল, মানুষ তো বৃষ্টি আসবে ভেবে কালো মেঘ দেখে খুশি হয়। কিন্তু আমি আপনার চেহারায় অনেক ভয় দেখতে পাচ্ছি।' তিনি বলেন, 'আয়িশা, আমার ভয় হয় (মেঘে করে) আমাদের জন্য শাস্তি আসছে, যেভাবে (পূর্ববর্তী) জাতির জন্য শাস্তি আসত; আর তারা তা দেখে বলত, 'এটি তো আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে, এমন এক মেঘ!” (আল কুরআন, ৪৬ : ২৪) ১৩৪
টিকাঃ
১৩৪. বুখারী (৪৮২৯) ও মুসলিম (৮৯৯)।